উপনির্বাচনের এক দিন আগে মির্জাপুর থানার ওসি প্রত্যাহার

0
139

টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় শূন্য আসনের উপনির্বাচনের এক দিন আগে নির্বাচন কমিশন (সিইসির) নির্দেশে টাঙ্গাইলের মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিজাউল হক শেখ দিপুকে প্রত্যাহার করা হয়েছে। নতুন অফিসার ইনচার্জ হিসেবে নাগরপুর থানার (ওসি) মো. আলম চাঁদকে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তা ও টাঙ্গাইল-৭ মির্জাপুর শূন্য আসনের উপনির্বাচনের রিটার্নিং অফিসার মো. শাহেদুন্নবী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মির্জাপুর থানা সূত্র জানায়, ২০২১ সালের ৬ জানুয়ারি মোহাম্মদ রিজাউল হক শেখ দিপু মির্জাপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। তিনি যোগদান করার পর মির্জাপুর থানার আমুল পরিবর্তন এবং থানা প্রাঙ্গণের চার পাশে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মসজিদের বেশ উন্নয়ন করেছেন। এছাড়া বিভিন্ন এলাকায় গরীব, অসহায়দের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। হঠাৎ করে কি কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে এ বিষয়টি তারা অবগত নন। তবে গতকাল শুক্রবার বিকেলে পূর্বের ওসি মোহাম্মদ রিজাউল হক শেখ দিপু নতুন (নবাগত) ওসি মো. আলম চাঁদকে দায়িত্ব ভার বুঝিয়ে দিয়ে চলে গেছেন।

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্বাচন কমিশনের (সিইসির) নির্দেশনায় তাকে প্রত্যাহার করা হয়েছে। টাঙ্গাইলের নাগরপুর থানার ওসি মো. আলম চাঁদ মির্জাপুর থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here