ব্রিজের অভাবে ৮ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুর্ভোগের শেষ নেই

0
237

চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ার ৯নং ওয়ার্ডের ধলিবিলা-আঁধারমানিক সংযোগ সড়কে হাঙ্গরখালে একটি ব্রিজের অভাবে এলাকাবাসী ও ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের দুর্ভোগের শেষ নেই। ব্রিজ না থাকায় তাদের প্রতিদিন ঝুঁকিপূর্ণ নড়বড়ে সাঁকো দিয়ে যাতায়াত করতে হয়।

হাঙ্গরখালের উত্তরপাড়ে ধলিবিলা মঈনুল উলুম রহমানিয়া ইবতেদায়ি মাদ্রাসা, ধলিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্দরবান সদরের আলী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর দক্ষিণ পাড়ের আঁধারমানিক পি.ডি.সি উচ্চ বিদ্যালয়, আঁধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, আঁধারমানিক বিদ্যা কানন একাডেমি, শাহ মজিদিয়া মদিনাতুল উলুম হেফজখানা ও এতিমখানা এবং শাহ মজিদিয়া ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে।

খালের দুই পাশের এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২ হাজার ছাত্রছাত্রী এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে প্রতিদিন যাতায়াত করে। এছাড়াও খালের উত্তর পাড়ের ধলিবিলা এলাকার হাফেজার বর পাড়া, মধ্যম ধলিবিলা, চৌধুরী পাড়া, হানিফার চর, সেনার চর, মালিচাঁন পাড়া, চাঁন্দার পাড়া ও হাঙ্গর খালের দক্ষিণ পাড়ের বিবিজান বিবির পাড়া, আশা বিবির পাড়া, নুরজাহান বিবির পাড়া, আলী বিবির পাড়া, সাতঘর পাড়া, শীল পাড়া, পাল পাড়া, আওয়াল পাড়া, দীঘির পাড়ার প্রায় ২০ হাজার মানুষের যাতায়াতের পথ এই নড়বড়ে সাঁকো। আঁধারমানিক পিডিসি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের অর্থায়নে এ সাঁকো প্রতিবছর নির্মাণ করা হয়।

এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবি এই স্থানে একটি ব্রিজ নির্মাণ করলে তাদের দুর্ভোগ দূর হবে।

আঁধারমানিক পিডিসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মর্জিনা আক্তার, তানিয়া সুলতানা, আয়েশা বেগম ও সপ্তম শ্রেণির ছাত্র মো. মিনহাজ জানান, বর্ষাকালে খালে পানি বৃদ্ধি পেলে হাঙ্গর খালের ওপর নির্মিত সাঁকোটি পানিতে ডুবে যায়। তাই চার কিলোমিটার দূরে মাঝের দোকান হয়ে তাদের স্কুলে যেতে হয়। এখানে একটি ব্রিজ হলে তাদের স্কুলে আসা-যাওয়া করতে সহজ হয়।

আঁধারমানিক বিদ্যাকানন একাডেমির শিক্ষক মোহাম্মদ জাহেদ জানান, সাঁকোটি দিয়ে প্রতিদিন সহস্রাধিক স্কুল মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী চলাচল করে। তাদের দীর্ঘদিনের দাবি আঁধারমানিক ধলিবিলা সংযোগ সড়কে হাঙ্গর খালের ওপর একটি ব্রিজ নির্মাণের। এখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে যাতায়াতে কষ্ট দূর হবে।

কৃষক আহমদ উল্লাহ জানান, ব্রিজ না থাকায় হাঙ্গর খালের দুই পাশে উৎপাদিত নানা কৃষিপণ্য আনা-নেওয়া কষ্টকর হয়ে পড়েছে। তাছাড়াও বর্ষাকালে সাঁতরে খাল পার হতে গিয়ে প্রায় প্রতি বছর কেউ না কেউ ভেসে গিয়ে মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর জানান, ওই স্থানে হাঙ্গর খালের উপর একটি ব্রিজ নির্মাণ করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর দৃষ্টি আকর্ষণ করেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মুহাম্মদ ইফরাদ বিন মুনির জানান, এলাকাবাসী লিখিত আবেদন করলে ব্রিজের প্রয়োজনীয়তা যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু বলেন, আঁধারমানিক-ধলিবিলা সংযোগ সড়কে হাঙ্গর খালের ওপর ব্রিজ নির্মাণ খুবই জরুরি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here