অভিমান ভুলে অবশেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে রাজি হয়েছেন কামরান আকমল।
পাকিস্তান দলে সাবেক হয়ে যাওয়া এই তারকা উইকেটকিপার ব্যাটসম্যান বলেন, বিষয়টা কখনো আর্থিক ছিল না। তেমন হলে বহুদিন আগেই আমি জালমি ছেড়ে দিতাম। আমি কোনোদিনও ওদের ছাড়ার কথা ওই হিসেবে ভাবিনি। আমার পরিবারের মতো জালমি।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে আকমল বলেন, ক্রিকেট বোর্ড কীভাবে সিনিয়র ক্রিকেটারদের অসম্মান করে, এটা দেখে আমি অবাক হয়েছি। আমি এখনো ফুরিয়ে যাইনি। আন্তর্জাতিক স্তরে আর আমি খেলতে পারব না জানি, তবে পিএসএলে এখনো আমার অনেক কিছু দেওয়ার আছে। জালমি আমার গর্ব এবং আমি ওদের হয়েই খেলব।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলাম হয়ে গেল রোববার। নিলামে ড্রাফটের তালিকায় শীর্ষ ক্যাটাগরি ‘প্লাটিনাম’ শ্রেণিতে ছিলেন কামরান আকমল। সেখান থেকে প্রথমে তাকে নামিয়ে দেওয়া হয় ‘গোল্ড’ শ্রেণিতে। এরপর তাকে নামিয়ে দেওয়া হয় ‘সিলভার’ শ্রেণি তথা সবচেয়ে নিচের শ্রেণিতে।
এই সিলভার ক্যাটাগরিতেই তাকে দলে রেখে দিয়েছে তার আগের দল পেশোয়ার জালমি।
নিলামে এভাবে অপমান করায় ক্ষোভ প্রকাশ করে কামরান আকমল বলেছেন, সত্যিই ব্রিবতকর ব্যাপার। একজন খেলোয়াড়ের সঙ্গে এরকম ব্যবহারের কোনো মানে হয় না। লিগে আমি যত রান করেছি, এরপর আমার এ রকম অপমান প্রাপ্য নয়।
পিএসএলের রেকর্ডের পাতায় কামরান আকমলের নাম জ্বলজ্বল করছে। টি-টোয়েন্টি এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের রেকর্ড সবচেয়ে বেশি ম্যাচ খেলেন কামরান আকমল। টুর্নামেন্টে ৬৯ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৮২০ রান সংগ্রহ করেন তিনি। স্ট্রাইক রেটও বেশ ভালো ১৩৬.৮৪। উইকেটকিপারদের মধ্যে রেকর্ড সর্বোচ্চ ৬০টি ডিসমিসাল দার। টুর্নামেন্টে সবচেয়ে বেশি তিনটি সেঞ্চুরি হাঁকান তিনি। এমন রেকর্ডের পরও অপমান করায় সহ্য করতে পারছেন না কামরান আকমল।
পেশোয়ার জালমির কোচ ও পাকিস্তানের কিংবদন্তি ফাস্টবোলার ওয়াসিম আকরাম বলেন, কামরানের জন্য আমাদের ভালোবাসা সব সময়ই একই রকমের। ও শুধু পাকিস্তান জাতীয় দলকেই সেবা দেয়নি, গত ছয় বছরে পিএসএলের ভক্তদেরও বিনোদন দিয়েছে। ওর সঙ্গে আগে একবার আমার কথা হয়েছে। ওকে জানিয়েছিলাম যে আমরা যদি ওকে সিলভার শ্রেণি থেকেও দলে নেই, তবু ওকে দলের পরামর্শক বানিয়ে গোল্ড শ্রেণির অর্থই দেওয়া হবে।


