দেশি-বিদেশি সব সিনেমার শুরুতেই দর্শকদের উদ্দেশে সতর্কবার্তা থাকে যে, মদপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু তারপরও গোপনে এবং প্রকাশ্যে চলতে থাকে মদ্যপান।
তবে এবার ভারতের বিহারে পুলিশ মহাপরিচালক (ডিজিপি) এসকে সিংহল পুলিশ সদর দফতরে সহকর্মীদের সামনে রীতিমতো শপথ করেছেন সারা জীবনে আর মদ না ছোঁয়ার। এ সময় রাজ্যে মদ নিষিদ্ধের জন্য কঠোর নীতিমালা আরোপেরও প্রতিশ্রুতি দেন তিনি।
বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে বিহারের মুখমন্ত্রী নীতিশ কুমারও রাজ্যের সব কর্মীদের নিয়ে একই শপথ নিয়েছিলেন।
কোনো ধরনের বাছবিচার না করে রাজ্যজুড়ে মদ্যপান নিষিদ্ধকরণ আইন প্রয়োগ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানিয়েছেন নীতিশ।
এ সময় মদ্যপানের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টি তুলে ধরেন নীতিশ। কয়েকদিন আগে দীপাবলী উৎসবের সময় বিহারের বিভিন্ন জেলায় বিষাক্ত মদ্যপানে অন্তত ৫০ জনের মৃত্যুর পর রাজ্য সরকার এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।


