গানের সঙ্গে এতগুলো বছরের পথচলা কিন্তু তবুও যেন নতুন করে একটা পথে যাওয়া হয়ে উঠেনি জনপ্রিয় ব্যান্ড পার্থিবের ভোকাল এবং গিটারিস্ট রুমনের। বিংশ শতাব্দীর প্রথমটায় ব্যান্ড মিউজিকের স্বর্ণযুগে বাউণ্ডুলে, নিঝুম রাতে, একার মতো একাধিক জনপ্রিয় গান উপহার দেয় ব্যান্ডটি; যার সবটির নেপথ্যেই ছিলেন রুমন।
তবে ব্যস্ততা যেন তাকেও ছাড় দেয় না। ফুলটাইম চাকরি, কনসার্ট, ব্যান্ড, পরিবার সব কিছু নিয়ে ব্যস্ত থেকেও কি যেন করা হয়ে উঠছিল না তার। এত কাজের মাঝেও প্রতিদিন নিজের বেডরুম স্টুডিওতে গান বানিয়ে গিয়েছেন, তার কোনোটাই প্রকাশ করা হয়নি। এরই মধ্যে গীতকবি বন্ধু রাসেলের দেয়া ‘ভাঙছে পাজর’ নামে লেখা গান নিয়ে বসার পর হঠাৎ একটা সুরে যেন পুরো গানটি বসে গেল। পরে গানটিতে কণ্ঠ দিয়ে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন রুমন।
প্রথমবার এককভাবে গান প্রকাশ করা নিয়ে রুমন বলেন, সবময়ই ইচ্ছে ছিল নিজের গান নিয়ে কিছু করার কিন্তু হয়ে উঠছিলান। আসিফ ইকবাল ভাইকে ধন্যবাদ এবার সুযোগটা করে দেয়ার জন্য।
গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেন ইমরান কবির হিমেল। নান্দনিক সিনেমাটোগ্রাফি আর সাধারণ প্রেজেন্টেশনে গানটিকে করে তুলেছে অসাধারণ। ১১ নভেম্বর গানটি গানচিলের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হয়। এছাড়া গানটি পাওয়া যাবে স্বাধীন মিউজিক, প্ল্যাশ, ভাইব এবং জিপি মিউজিকের অ্যাপ থেকে।


