ওমিক্রনের উপধরন বিএফ. ৭ এর সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে চেকপোস্টে যাত্রীদের হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিশেষ করে ভারত থেকে আসা যাত্রীদের থার্মাল স্ক্যানার ও ইনফারেড থার্মোমিটার দিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন যাত্রীর র্যাপিড এন্টিজেন টেস্টের ব্যবস্থা রয়েছে। দুপুর ১টা পর্যন্ত ৬ ভারতীয় নাগরিকের র্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়। তবে ৬ জনের রিপোর্টই নেগেটিভ আসে।
হেলথ স্ক্রিনিং বুথের কর্তব্যরত চিকিৎসক ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. জহির উদ্দিন জানান, করোনা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত থেকে আসা সব যাত্রীর স্বাস্থ্যগত তথ্যগুলো নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করা হচ্ছে। কাউকে সন্দেহ হলে চেকপোস্টেই র্যাপিড এন্টিজেন টেস্ট করা হচ্ছে। যদি কেউ পজিটিভ হন, তাহলে কোয়ারেন্টাইনে রাখা হবে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মুহাম্মদ একরাম উল্লাহ বলেন, হেলথ স্ক্রিনিং কার্যক্রম আরও জোরদার করার জন্য রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নির্দেশনা আসে। এর পরিপ্রেক্ষিতে করোনা সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।


