ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
‘প্রাণের আখাউড়া’ নামক একটি ফেসবুক গ্রুপের উদ্যোগে শনিবার সকালে শহরের খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাণের আখাউড়া গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যাডমিন মেহেদী রহমান মোল্লা।
সাবেক প্রধান শিক্ষক মো. রকিব উদ্দিন খাদেমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. ছায়েদুল ইসলাম খান, অস্ট্রেলিয়া প্রবাসী শিক্ষক মো. আরিফুর রহমান খাদেম, সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান, পৌর কাউন্সিলর মো. সফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মো. নাজির হোসেন, সিনিয়র শিক্ষক বিল্লাল আহমেদ, দেওয়ান সাজিদুল হক, প্রধান শিক্ষক মাহমুদা আখতার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হান্নান খাদেম প্রমুখ।
বক্তারা জিপিএ-৫ পাওয়ায় ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন, জীবনে ভালো কিছু করার জন্য স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন সফল করতে সব সময় চেষ্টা করতে হবে। সামনে আরও কঠিন পথ বাকি। ভালোভাবে পড়ালেখা করতে হবে।
পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ইংরেজি বিষয়ক একটি বই উপহার দেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আল আমিন সিকান্দার।


