এনটিভির কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক জালাল উদ্দিন (৫১) ইন্তেকাল করেছেন।
বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি–রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তিনি নগরীর মোগলটুলী এলাকার মরহুম অধ্যাপক আবদুল মান্নানের জ্যেষ্ঠপুত্র। তাঁর স্ত্রী এডভোকেট নিগার সুলতানা জানান, গত সোমবার সন্ধ্যায় মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে নগরীর একটি প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে পরদিন মঙ্গলবার তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।
তাঁর মৃত্যুতে কুমিল্লার সাংবাদিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ। এছাড়া কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

