বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি পর্তুগালে চার দিনের রাষ্ট্রীয় সফর করছেন। একটি অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সাথে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, যেহেতু পর্তুগালের জনসংখ্যার বৃদ্ধি ঋণাত্বক, সেহেতু এ বিষয়টিকে কাজে লাগিয়ে অভিবাসন বিষয়ে পরবর্তী আলাপ-আলোচনায় গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে রাখতে হবে।
তার এ সফরে তিনি দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়সহ অভিবাসন, শিক্ষার্থীদের ভিসা জটিলতার অবসান এবং বাংলাদেশ পর্তুগিজ দূতাবাস বা কনস্যুলার সেবা চালু করাসহ দেশের বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।
গত ২৭ মে শুক্রবার রাজধানী লিসবনের মাকাউ কালচারাল সেন্টারে সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ফ্রান্সিস্কো আন্ড্রে, পর্তুগালে বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতি পর্তুগিজ গবেষক জোসেফ মাপরিল, পর্তুগালে নিযুক্ত রাষ্ট্রদূত জনাব তারিক আহসানসহ পর্তুগালের বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতাদের অংশগ্রহণে দ্বিপাক্ষিক একটি সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত সেমিনারে পর্তুগিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং এশিয়া বিষয়ক পরিচালক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ সফরকে একটি মাইলফলক এবং গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন এবং পর্তুগিজ সরকারের ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের অর্জন সকলের সামনে তুলে ধরেন একই সাথে দু’দেশের অর্থনৈতিক উন্নয়ন সহকারে সামাজিক সাংস্কৃতিক উন্নয়নে কাজ করার বিষয়ে বাংলাদেশ সরকারের ইতিবাচক মনোভাব উপস্থাপন করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, পর্তুগাল সরকার বাংলাদেশের উন্নতি প্রত্যক্ষভাবে খেয়াল করছে এবং এই বিষয়টি আমাদের বিভিন্ন বৈঠকে তারা আমাদেরকে জানিয়েছেন এবং আজকের সেমিনারে আপনারা পর্তুগালের পররাষ্ট্র সচিবের বক্তব্য থেকে তা জানতে পেরেছেন। আমাদের ঐতিহাসিক সম্পর্কের বিষয়গুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, পর্তুগিজ সরকারের পক্ষ থেকে খুবই ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে এবং সম্পর্ক উন্নয়নে তারা খুবই আগ্রহী এখন আমাদের বিভিন্ন পর্যায়ে আলোচনা করে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট মূল বিষয়গুলো সমাধান করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
উল্লেখ্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত ২৫ মে রাষ্ট্রীয় সফরে পর্তুগালে আগমন করেন । এটি পর্তুগাল এবং বাংলাদেশের সরকারের মধ্যে শীর্ষপর্যায়ের প্রথম রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক সফর। তিনি জানান আগামী ৩০ মে পর্তুগিজ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের নেতাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে; উক্ত বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।


