নাটোরের সিংড়ায় ব্রিজের রেলিং থেকে পড়ে সাগর আলী (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় নাটোর-বগুড়া মহাসড়কের জোলার বাতা ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর সিংড়া বাসস্ট্যান্ডের সাগর সুপার মার্কেটের মালিক আব্দুল মান্নানের ছেলে।
সিংড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুস সালাম ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাবার মোটরসাইকেলের পিছনে বসে বেড়াতে যায় সাগর। পথে জোলারবাতা ব্রিজের উপর মোটরসাইকেলটি নষ্ট হয়। এ সময় বাবা আব্দুল মান্নান মোটরসাইকেলটি মেরামত করছিলেন।
পিছন থেকে সাগর ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ওই যুবক শারীরিক প্রতিবন্ধী ছিল।


