হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৯৯৯-এ ফোন পেয়ে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে উদ্ধার করে সেবাযত্ন ও চিকিৎসা করল পুলিশ।
শনিবার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের নছরতপুর এলাকায় একজন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন দেন স্থানীয় এক ব্যক্তি।
পরে ৯৯৯ থেকে ফোন পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের এসআই সনজিত ওই ব্যক্তিকে উদ্ধার করেন। শুধু উদ্ধারই নয়, তিনি ওই মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের নখ কেটে দেন নিজ হাতে। পরে নরসুন্দর ডেকে চুল কেটে সাবান দিয়ে গোসল করান।
তার পর নতুন পাঞ্জাবি-পায়জামা পরিয়ে ওই বৃদ্ধের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করেন তিনি। একজন পুলিশ কর্মকর্তার এমন মানবিকতায় নতুন উদাহারণ সৃষ্টি করল শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সেবাযত্ন কাজে নিয়োজিত শায়েস্তাগঞ্জ থানার এসআই সনজিত চন্দ্র নাথকে প্রশংসায় ভাসিয়েছেন। তারা বলছেন— মানুষ মানুষের জন্য, তাই এসআইয়ের এমন কর্মকাণ্ড সত্যিই প্রশংসার দাবিদার।
উপজেলা নুরপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) তানভীর হোসেন শফিক বলেন, আইনশৃঙ্খলার পাশাপাশি পুলিশের এমন মানবিক কাজ সত্যিই মহৎ। তা দেখে পুলিশের অন্যান্য সদস্য এমন মানবিক কাজে উৎসাহিত হবেন।
এসআই সনজিত চন্দ্র নাথ বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে গোসল দিয়ে নতুন জামাকাপড় পরাই। এর পর উনার নক কেটে দিই। সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে উদ্ধার করে তার সেবাযত্ন করা হয়েছে। এরই সঙ্গে নতুন পায়জামা-পাঞ্জাবিও দেওয়া হয়েছে। পুলিশ অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত।


