মানবদেহের হৃদযন্ত্রের জন্য ওমেগা-৩ ফ্যাটি আসিড জরুরি একটি উপাদান। সাধারণত সামুদ্রিক মাছে এ ফ্যাটি অ্যাসিডটি অধিকমাত্রায় পাওয়া যায়।
এবার ব্রয়লার মুরগির মাংসে ও লেয়ার মুরগির ডিমে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধকরণে সাফল্য পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল সাবেক শিক্ষার্থী।
তাদের ‘আপিজ সেইফ ফুড এগ্রো লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। সেখানে দুই বছর ধরে ব্রয়লার মুরগির মাংস ও লেয়ার মুরগির ডিমের ওপর গবেষণা করে তারা এ সাফল্য পান।
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ‘সেইফ ওমেগা-৩ ব্রয়লার’ ও ‘সেইফ ওমেগা-৩ এগ’ নামে দুটি পণ্য শিগগিরই বাজারজাত করবে প্রতিষ্ঠানটি।
শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আপিজ সেইফ ফুড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ জিকরুল হাকিম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক কৃষিবিদ মো. আহসান হাবীব।
এ সময় তারা জানান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ল্যাবরেটরি পরীক্ষায় তাদের লেয়ার মুরগির ডিমের ক্ষেত্রে প্রতি ১০০ গ্রামে ৩৭৪ দশমিক ২৯ মিলিগ্রাম ও ব্রয়লার মুরগির মাংসের ক্ষেত্রে প্রতি ১০০ গ্রামে ১৮৭ দশমিক ১৫ মিলিগ্রাম ওমেগা-৩ ফ্যাটি আসিড পাওয়া গেছে; যা ওমেগা-৩ সমৃদ্ধ হওয়ার জন্য প্রয়োজনীয় মাত্রা থেকে বেশি। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রসূতি মা ও সন্তানের ব্রেইন ভালো রাখতে সহায়তা করে, হৃদরোগের ঝুঁকি কমায়, ক্যানসার প্রতিরোধে সহায়তা করে, চোখ ও ত্বকের স্বাস্থ্য উন্নয়নে ভূমিকা রাখে।
গবেষণার বিষয়ে কৃষিবিদ জিকরুল হাকিম জানান, গবেষণা প্রকল্পটি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে ২০২২ সালের এপ্রিল মাসে শেষ হয়। প্রকল্পটিতে মুরগির খাদ্যাভাস ও খাদ্য গ্রহণে পরিবর্তন আনা হয়। এ সময় মুরগিকে প্রতিদিনের খাদ্যের সঙ্গে কড লিভার অয়েল, ফ্ল্যাক্স সিড অয়েল, ফিশ অয়েল ইত্যাদি ওমেগা-৩ সমৃদ্ধ উপাদান সরবরাহ করা হয়।
পণ্যগুলোর দাম সম্পর্কে কৃষিবিদ মো. আহসান হাবীব জানান, ওমেগা-৩ সমৃদ্ধ ড্রেসিং ব্রয়লার মুরগির মাংসের দাম কেজিপ্রতি ৫৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে ওমেগা-৩ সমৃদ্ধ ডিমের দাম প্রতি ডজন ২২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী সপ্তাহ থেকেই ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বিভিন্ন সুপারশপে পণ্যগুলো পাওয়া যাবে।
উল্লেখ্য, ২০১৬ সালে বাকৃবির চারজন তরুণ শিক্ষার্থীর উদ্যোগে আপিজ সেইফ ফুড এগ্রো লিমিটেড যাত্রা শুরু করে। নিরাপদ ও পুষ্টিকর খাবারের জোগান দেওয়া ও দেশের মেধাবী ও পরিশ্রমী জনশক্তিকে কাজে লাগিয়ে কৃষিক্ষেত্রে সমৃদ্ধি আনা সংগঠনটির অন্যতম লক্ষ্য। বর্তমানে ২৫ জন জনবল রয়েছে, ঢাকাসহ চারটি বিভাগীয় শহরে প্রায় ৪ হাজারের অধিক পরিবারে নিরাপদ প্রাণিজ আমিষের জোগান দিচ্ছে প্রতিষ্ঠানটি।


