আবার চালু হলো হিলি রেলস্টেশন

0
129

দিনাজপুরের হিলি রেলস্টেশনটির ক্লোজ ডাউন (সাময়িক বন্ধ) প্রত্যাহার করে আবারও চালু হয়েছে। এতে প্রাণ ফিরে পেয়েছে স্টেশনটির। স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে, বাড়তে শুরু করেছে যাত্রীদের আনাগোনা।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।

হিলি রেলস্টেশন সূত্রে জানা যায়, জনবল সংকটের কারণে গত ৩১ মার্চ হিলি রেলস্টেশনের ক্লোজ ডাউন করে দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনমাস্টারসহ কয়েকজন স্টাফকে প্রত্যাহার করে নেওয়া হয়। যার ফলে বন্ধ হয়ে যায় হিলি রেলস্টেশনের কার্যক্রম।

গত ১২ দিন ধরে ট্রেন দুই নম্বর লাইনে দাঁড়াত। কিন্তু ক্লোজ ডাউন প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে ট্রেন ১নং লাইনে দাঁড়াচ্ছে। ভোগান্তি কমেছে যাত্রীদের।

স্থানীয় এলাকাবাসী মাজহারুল ইসলাম জানান, গত ৩১ মার্চ হিলি রেলস্টেশন মাস্টারকে বদলি করা হলে স্টেশনটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। বিশেষ করে হিলি থেকে রাজশাহী, খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা ছাত্রছাত্রী এবং চিকিৎসা, ব্যবসা, ভ্রমণসহ নানা কারণে ভারতে যাওয়া-আসা করা যাত্রীসহ ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হচ্ছিল।

তবে এখন হিলি রেলস্টেশনটিতে ১নং প্ল্যাটফরমে ট্রেন দাঁড়াচ্ছে। যাত্রীদের আর ভোগান্তি পোহাতে হবে না। তবে ঢাকাগামী কয়েকটি ট্রেনের স্টপেজের দাবি যাত্রীসহ স্থানীয়দের।

হিলি রেলস্টেশনে যোগদান করা স্টেশনমাস্টার তপন চক্রবর্তী জানান, এই রেলস্টেশনটি জনবল সংকটের কারনে বন্ধ ছিল। বর্তমানে সরকার ও রেল কর্তৃপক্ষ বন্ধ হওয়া স্টেশনটি চালু করা উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় স্টেশনটি চালু হয়েছে। স্টেশনটি পরিচালনার জন্য একজন স্টেশন মাস্টার, পয়েন্টসম্যান, গেইটম্যান, পোর্টার এই স্টেশনে কর্মরত আছেন।

হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানান, রেল কর্তৃপক্ষ হঠাৎ করে স্টেশনটি ক্লোজ ডাউন করে দেয়। এতে ২নং লাইনে ট্রেন দাঁড়াত। ভোগান্তিতে পড়তে হতো যাত্রীদের। রেল কর্তৃপক্ষ ক্লোজ ডাউন প্রত্যাহার করে নেওয়ায় ট্রেন বর্তমানে ১নং লাইনে দাঁড়াচ্ছে। ক্লোজ ডাউন প্রত্যাহার করে নেওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here