চট্টগ্রামের লোহাগাড়ায় তানজিনা নাছরিন কেমী (২০) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে শ্বশুর বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।তিনি উপজেলার চরম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ওয়াহেদের পাড়ার মো. এরশাদের স্ত্রী ও একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নাফারটিলা সিকদার পাড়ার প্রবাসী জয়নাল আবেদীনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে তারা প্রেম করে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকে তাদের সংসারে দাম্পত্য কলহ দেখা দেয়।৮ মাস আগে তাদের একটি পুত্র সন্তান জন্ম হয়।
নিহতের মা রুবি আক্তার জানান, বিয়ের পর থেকে স্বামী তার মেয়েকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য বিভিন্নভাবে শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছে।ঘটনার কয়েকদিন আগে মেয়ের স্বামী সরাসরি তার কাছ থেকে মোটা অংকের টাকা দাবী করেন। সাধ্যমতো কিছু টাকাও দিয়েছেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. ইশতিয়াকুর রহমান জানান, এক গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
খবর পেয়ে লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বুধবার সন্ধ্যায় পুলিশ হাসপাতালে গিয়ে নিহত গৃহবধুর মরদেহ উদ্ধার করে। নিহতের গলা ছাড়া শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


