অস্ট্রেলিয়াকে ১৩৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

0
141

নারী বিশ্বকাপে ওয়েলিংটনে আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের মেয়েরা।

প্রথমে ব্যাট করে ৪৩ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করেছে নিগার বাহিনী।

বৃষ্টির কারণে বিলম্বিত হওয়ায় ৭ ওভার কমিয়ে দেওয়া হয়েছে। কার্টেল ওভারের এই লড়াইয়ে জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে ১৩৬ রান।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান এসেছে লতা মণ্ডলের ব্যাট থেকে, ৩৩ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আনে শারমিন আক্তারের ব্যাট থেকে।

ব্যাট হাতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটার ৮ ওভারে ৩৩ রানের জুটি গড়েন। নবম ওভারের প্রথম বলে মুর্শিদা খাতুনকে ফেরান গার্ডনার। এ ওপেনারের ব্যাট থেকে আসে ১৬ বলে ১২ রানের ইনিংস।

দলীয় সংগ্রহ ৫০ পার করার ঠিক আগে দ্বিতীয় উইকেটের পতন ঘটে। ৮ রান করেই ১৪তম ওভারে সুথারল্যান্ডের এক ডেলিভারিতে সাজঘরে ফেরেন ফারজানা হক। এর পর অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে জুটি গড়তে পারেননি শারমিন আক্তার। ৫৫ বলে ২৪ রান করে থামে এ ওপেনারের ইনিংস।

অধিনায়কোচিত ইনিংস খেলতে পারেননি নিগার সুলতানাও। ২২.৩ ওভারে জনাসেনের বলে সুইপ খেলতে গিয়ে আউট হন অধিনায়ক। ২৭ বলে ৭ রান করেই শেষ হয় তার ইনিংস।

পঞ্চম উইকেট জুটিতে লতা ও রোমানা সংগ্রহ বাড়িয়ে নিয়ে যান একশর কাছাকাছি। দলীয় সংগ্রহ ৯৫ রানের সময় আউট হন রোমানা। তিনি করেন ৪৫ বলে ১৫ রান। ৪৩তম ওভারে গিয়ে সাজঘরে ফেরেন লতা। স্টাম্পড হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৬২ বলে ৩৩ রান।

অন্যপ্রান্তে ২৩ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন সালমা খাতুন। ৪৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৬ উইকেট ১৩৫ রান।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট পেয়েছেন গার্ডনার ও জনাসেন। একটি করে উইকেট শিকার করেছেন মেগান ও সুথারল্যান্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here