করোনা টিকার লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় কর্মীদের ‘ফাঁসিতে’ ঝোলানোর হুমকি দিয়েছেন ক্ষিপ্ত এক কর্মকর্তা। টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পর্যাপ্ত পদক্ষেপ না নিলে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের জেলা কালেক্টর কৌশলেন্দ্র বিক্রম সিং কর্মীদের এই হুমকি দেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
কালেক্টর বিক্রম সিং মঙ্গলবার গোয়ালিয়র জেলার ভিতরওয়ার তহসিলে এক বৈঠকে করোনা টিকার লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার বিষয়টি জানতে পারেন।
তখন তিনি কর্মীদের বলেন, আর একদিনও টিকা দিতে দেরি করা যাবে না। যদি তেমন হয়, ফাঁসি দিয়ে দেব। টিকাকরণ থেকে কেউ বাদ যাবে না। মানুষকে টিকা নিতে অনুরোধ করুন, কৃষি জমিতে যান, তাদের বাড়িতে গিয়ে ২৪ ঘণ্টা ধর্ণা দিয়ে থাকুন , তাদের বোঝান। আমি পূর্ণ টিকাকরণ চাই। এ ব্যাপারে কোনো কিছু আমি সহ্য করব না।
ওই বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এরপর সাংবাদিকরা তার বক্তব্যের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে বিক্রম সিং জানান, দুই দিনের মধ্যে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে কর্মীদের সাময়িক বরখাস্ত ও চাকরিচ্যুত করা হবে বলে সতর্ক করেছেন তিনি।
ভারতের কেন্দ্রীয় সরকারের মতো মধ্যপ্রদেশের প্রাদেশিক সরকারও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট সংখ্যক জনগোষ্ঠীকে টিকাকরণের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে।


