শুক্রবার ,১ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 734

একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান ধরে রাখতে তিন ম্যাচের এই সিরিজ থেকে পুরো ৩০ পয়েন্টই চাই তামিমদের।

কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম ইকবাল জানালেন, ‘আশা করি, আমরা সিরিজ জিতব।’

এমন প্রত্যাশার মাঝে কয়েকটি দুঃসংবাদ শুনতে হলো তামিমকে। বাবা-মা করোনা আক্রান্ত হওয়ায় মুশফিককে বিদায় জানাতে হলো।

প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেলেন পেসার মোস্তাফিজুর রহমান।

এমন পরিস্থিতিতে নিজেদের শেষ ম্যাচ থেকে একাদশে একাধিক পরিবর্তন নিয়ে খেলতে হবে বাংলাদেশকে।

এদিকে দীর্ঘ সময় পর স্কোয়াডে ফিরলেও নুরুল হাসান সোহানের এই ম্যাচে একাদশে থাকার সুযোগ কম। কারণ মুশফিকের অনুপস্থিতিতে উইকেট ভালোই সামলে নিতে পারেন লিটন দাস।

মোস্তাফিজের চোটের কারণে কপাল খুলতে পারে শরিফুল ইসলামের।

আর অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তরুণ নাঈম শেখকে।

একনজরে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

অর্ধেক সময়ে হবে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রশ্নপত্র যেমন হবে

কোভিড-১৯ মহামারি কমে এলে নভেম্বর ও ডিসেম্বরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। সংক্ষিপ্ত সিলেবাসে আগের অর্ধেক সময়ে এবারের পরীক্ষা হবে বলেও জানান তিনি। সেই সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের ধরন, নম্বর বণ্টন ও সিলেবাস নিয়েও ধারনা দেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি অনুকূলে এলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে গ্রুপভিত্তিক শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ের ওপর পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর কমিয়ে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হতে পারে। পরীক্ষার সম্ভাব্য সময় হচ্ছে এসএসসি ও সমমান এ বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহ।

প্রশ্নের ধরন ও পরীক্ষার সময় সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, অর্ধেক সময়ে পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ তিন ঘণ্টার পরীক্ষা হবে দেড় ঘণ্টায়। আর প্রশ্নপত্র এখন যেভাবে বহুনির্বাচনী ও রচনামূলক হয়, সেভাবেই হবে। তবে এ ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রশ্ন বাছাই করার ক্ষেত্রে বেশি সুযোগ পাবে। যেমন আগে যেখানে ১০টি প্রশ্নের মধ্যে থেকে ৮টির উত্তর দিতে হতো, সেখানে এখন হয়তো সেই ১০টি প্রশ্নই থাকবে। তবে তার মধ্যে তিনটি বা চারটির উত্তর দিতে বলা হতে পারে। অর্থাৎ শিক্ষার্থীদের প্রশ্ন বেছে নেওয়ার সুযোগ বেড়ে যাবে। আর প্রতি বিষয়ে মোট নম্বর ১০০–এর বদলে ৫০ নম্বর করা হবে। পরে এই ৫০ নম্বরকে ১০০–তে রূপান্তর করে পরীক্ষার ফল দেওয়া হবে বলে জানান দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ বিবেচনায় ২০২১ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচির (সিলেবাস) ভিত্তিতে যথাক্রমে ৬০ দিন এবং ৮৪ দিন শ্রেণি কার্যক্রম শেষ করে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু করোনার বর্তমান মহামারির বিবেচনায় গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে শিক্ষার্থীদের।

এর মধ্যে এসএসসি ও সমমানের অ্যাসাইনমেন্ট ১৮ জুলাই থেকে দেওয়া শুরু হবে। ১২ সপ্তাহে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তিনটি নৈর্বাচনিক বা নৈর্ব্যক্তিক বিষয়ে প্রতি সপ্তাহে ২টি করে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট জমা দেবে শিক্ষার্থীরা। প্রতিটি নৈর্বাচনিক বিষয়ে মোট আটটি করে অ্যাসাইনমেন্ট করতে হবে। এর মাধ্যমে সংক্ষিপ্ত পাঠ্যসূচি সম্পন্ন হবে।

এ ছাড়া এইচএসসি ও সমমানের অ্যাসাইনমেন্ট ২৬ জুলাই শুরু হবে। ওই স্তরের শিক্ষার্থীদের ১৫ সপ্তাহে মোট ৩০টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তাদেরও গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে মোট ছয়টি পত্রে (প্রথম পত্র ও দ্বিতীয় পত্র) এই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। প্রতি পত্রে পাঁচটি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তাদেরও সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এভাবে তাদেরও সংক্ষিপ্ত সিলেবাস সম্পন্ন হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, তাহলে অ্যাসাইনমেন্ট ও ‘বিষয় ম্যাপিংয়ের’ মাধ্যমে অথবা শুধু ‘বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে’ মূল্যায়ন হতে পারে। সেটি পরে জানানো হবে।

শিগগিরই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় কয়েক দফা উদ্যোগ নিয়েও এই সময়ে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরানো যায়নি। ভার্চুয়াল ক্লাসের উদ্যোগ নেওয়া হলেও সেটিও খুব বেশি কাজে আসেনি। ফলে মহামারিকালে কোনো পাবলিক পরীক্ষায়ও বসতে পারেনি স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বেগের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এখন শিক্ষার সংকট বিশ্বব্যাপী। ইউনিসেফ-ইউনেসকো অতি সম্প্রতি বলেছে যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে, শিক্ষার সংকট বিপর্যয়কর হতে পারে। তারা আরও বলেছে, স্কুল খুলে দিলে শিশুদের মধ্যে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম। সবকিছু বিবেচনায় খুলে দেওয়া দরকার। কিন্তু দেশে এখন সংক্রমণের যে হার এবং এখন মৃত্যুর সংখ্যাও যা, তাতে এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই। এটি নিশ্চয়ই সবাই মনে করেন। আর এখন করোনার ডেলটা ধরনের পর অনেক শিশুও আক্রান্ত হচ্ছে। এটিও বিবেচনায় রাখতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা তখনই খুলে দিতে পারব, যখন মনে করব এখন আশঙ্কা অনেক কম। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও মোটামুটি একটি অবস্থায় নিয়ে আসতে পারি, যখন তাদের মাধ্যমে পরিবারে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকবে না। সংক্রমণের হার কিছুটা কমে গেলে হয়তো প্রস্তুতি নিয়ে খুলতে পারব।’

দীপুমনি বলেন, ‘আমরাও মনে করি যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের স্বাভাবিক অবস্থায় শ্রেণিকক্ষের পাঠদানে ফিরিয়ে নিতে পারব, ততই মঙ্গল। আমরা এখন অনলাইন টিভির মাধ্যমে পাঠদান, অ্যাসাইনমেন্ট এগুলোর কোনোটিই শ্রেণিকক্ষের আদর্শ বিকল্প নয়। শ্রেণিকক্ষের পাঠদানের অনেক সুফল রয়েছে। শুধু সামনাসামনি শিক্ষকের সঙ্গে আদান-প্রদান, বন্ধুদের সঙ্গে একসঙ্গে শেখা—শুধু এসব সুফল রয়েছে তা–ই নয়, শিক্ষাপ্রতিষ্ঠানে যখন শিক্ষার্থী আসে, তখন তার শারীরিক ও মানসিক বিকাশে স্বাভাবিক যে সুযোগ থাকে, সেই সুযোগ থেকেও শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। এটি বোঝার জন্য, জানবার জন্য নিশ্চয়ই দাতা সংস্থার মন্তব্যের প্রয়োজন পড়ে না।’

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি পরীক্ষা ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

এই সময়ে পরীক্ষা নেওয়ার পরিকল্পনার যুক্তি হিসেবে তিনি বলেন, আমাদের টিকা কার্যক্রম চলছে। এছাড়া গত বছর নভেম্বর-ডিসেম্বর সময়ে সংক্রমণ কমে এসেছিল। সেই অভিজ্ঞতায় আমরা এই সময়ে সংক্রমণ কমে আসবে বলে আশা করছি।

পরীক্ষার ফরম পূরণ কবে কীভাবে সে বিষয়ে মন্ত্রী বলেন, ঈদুল আজহার পর অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফরম পূরণ শুরু হবে বলে তিনি জানান।

তিনি বলেন, গ্রুপভিত্তিক নৈর্ব্যচনিক তিন বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার আগে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসিতে ২৪টি অ্যাসাইনমেন্ট ও এইচএসসিতে ৩০টি অ্যাসাইনমেন্ট নেওয়া হবে।

তবে করোনাভাইরাস পরিস্থিতি অনুকূলে না থাকলে আবশ্যিক বিষয়গুলোর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে (পূর্বের পাবলিক পরীক্ষার ফলাফল বিবেচনায়) ও অ্যাসাইনমেন্টের ফলাফল সমন্বয় করে ফল দেওয়ার ভাবনা রয়েছে বলে তিনি জানান।

 

দুই মাস পেছাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

চলমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দুই মাস পেছানো হয়েছে।

মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।

নতুন সূচি অনুযায়ী ২৭ অক্টোবর থেকে ০৫ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এম মনিরুল হাসান জানিয়েছেন।

নতুন সূচি অনুযায়ী ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে দুই দফা পরীক্ষার তারিখ পেছায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগের সূচিতে ২০ আগস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

বিশ্ববিদ্যালয়ের বাসে প্রথম দিনে বাড়ি ফিরলেন রাবির ৫৫০ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের বাসে প্রথম দিনেই বাড়ি ফিরলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আটকে পড়া সাড়ে পাঁচশ শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১১টি বাস ক্যাম্পাস ছেড়ে বিভিন্ন জেলার উদ্দেশে যায়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক ড. মোকছিদুল হক বলেন, প্রথমদিনে বগুড়ার দিকে দুইটি, পলাশবাড়িতে তিনটি, নওগাঁতে একটি ও রংপুরের উদ্দেশে পাঁচটি বাস ক্যাম্পাস থেকে ছেড়ে যায়। এছাড়া ১৬ জুলাই ঢাকা এবং ১৭ জুলাই খুলনার উদ্দেশে বাস ছেড়ে যাবে।

এর আগে গত ১৩ জুলাই বিধিনিষেধে রাজশাহীতে আটকাপড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে সীমিত রুটে বাস চালানোর সিদ্ধান্ত নেয় রাবি প্রশাসন। সিদ্ধান্ত অনুসারে ১৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত রংপুর, ঢাকা ও খুলনা রুটে বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছানোর এ ব্যবস্থা চালু রাখবে প্রশাসন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি যাওয়ার সু্যোগ পেয়ে খুশি শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি দিয়ে বাড়ি ফেরার সুযোগ দেওয়ায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঢাকায় জনবল নেবে অগ্রণী ব্যাংক

চুক্তিভিত্তিকভাবে জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেড। এতে হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে ‘হেড অব আইসিসি’ পদে একজনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

পদের নাম: হেড অব আইসিসি
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে সিএ কোর্স সম্পন্ন হতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ২০ বছরের অভিজ্ঞতার মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিরীক্ষা পেশায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোর রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে ধারণা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

আবেদনের বয়স: আগ্রহীরা ২০২১ সালের ৩০ মে হিসাবে সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: মহাব্যবস্থাপক, এইচআর প্ল্যানিং, ডিপ্লয়মেন্ট অ্যান্ট অপারেশনস ডিপার্টমেন্ট, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

করোনায় রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীবের ইন্তেকাল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাঙ্গামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের চিতিৎসক ডা. মনোয়ার হাসানাত খান।

তিনি জানান, ৬ জুলাই থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহসান হাবীব। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ডা. মনোয়ার হাসানাত জানান, আহসান হাবীব করোনাভাইরাসের ভারতীয় ডেণ্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা চিকিৎসকদের।

এছাড়া তার অ্যাজমার সমস্যা ছিল এবং তিনি আইসিইউতে ভর্তি ছিলেন।

ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০১ জন পুলিশ সদস্য মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৩ হাজারেরও বেশি।

২০২০ সালের ২৮ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে প্রথম মারা যান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কনস্টেবল জসিম উদ্দিন। এরপর গত ৫ জুলাই পর্যন্ত ওই সংখ্যা এসে দাঁড়ায় ১০০ তে।

৫ জুলাই বিকালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ট্রাফিক কনস্টবল মো. জামাল মাতুব্বর।

তিনি রাজবাড়ী জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর পরদিনই করোনায় আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন রাঙ্গামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব।

শিশুটিকে উদ্ধার করতে গিয়ে গভীর কুয়ায় পড়লেন ৩০ জন

আট বছরের এক মেয়েশিশু কুয়ায় পড়ে গেছে। তাকে উদ্ধার করতে গিয়ে ৪০ ফুট গভীর কুয়ায় পড়ে গেছেন ৩০ জন। এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে ভারতের মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জবাসোদা গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ খবর নিশ্চিত করেছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে। রাজ্যের শিক্ষামন্ত্রী বিশ্বাস কৈলাস সরঙ্গকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

জানা গেছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। এখনও পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ১৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

তবে এখনও মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন শামসুল আলম

রিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক হওয়া সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম। তিনি দীর্ঘ ১২ বছর ধরে চুক্তিভিত্তিক এই বিভাগের দায়িত্ব পালন করেছেন।

গত ৩০ জুন তার মেয়াদ শেষ হয়েছে। আগামী রোববার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

শুক্রবার সকালে তিনি নিজেই ফোন করে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় তার অনুভূতি জানতে চাইলে শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী আমাকে জিইডিতে যে দায়িত্ব দিয়েছিলেন, সেটি আমি সূচারু রূপে পালন করেছি। এখন যে বিশ্বাস ও আস্থা রেখে নতুন দায়িত্ব দিচ্ছেন, সেটিও যথাযথভাবে পালন করব ইনশাআল্লাহ। আমার প্রধান কাজ হবে— উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি বৃদ্ধি করা।

শামসুল আলম পেশাগত জীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর অধ্যাপনার অভিজ্ঞতা শেষে প্রেষণে ছুটিতে যান।

২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন। তার কর্মজীবনে তিনি দারিদ্র্যবিমোচন কৌশলপত্র সংশোধন ও পূর্ণ বিন্যাস, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র, শতবর্ষের ডেল্টা প্ল্যানসহ নানা পরিকল্পনা প্রণয়ন করার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। এর স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যেই অর্থনীতিতে একুশে পদক লাভ করেছেন তিনি।

জার্মানিতে ভারি বৃষ্টিতে বন্যা, মৃত ৪২

জার্মানির পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। নিহতদের বেশিরভাগই নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া ও রাইনল্যান্ড-পালাটিনেট রাজ্যের বাসিন্দা।

বৃহস্পতিবার জার্মান পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। প্রবল বৃষ্টিপাতের জেরে জার্মানির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাইনল্যান্ড-পালাটিনেটে ছয়টি বাড়ি ভেঙে পড়ার পর অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া শল্ড অঞ্চলের আরও ২৫টি বাড়ি যে কোনো সময় ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।

কবলেনজ পুলিশের মুখপাত্র বলেন, বাড়ির ছাদ থেকে উদ্ধার করতে হবে, এমন লোকের সংখ্যা সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই।

তবে খবরে বলা হচ্ছে, বন্যার কারণে অন্তত অর্ধশত লোক ছাদের ওপর আটকা পড়েছেন। উদ্ধার তৎপরতা এখনো চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে বন্যার্তদের উদ্ধার কাজে অংশ নেওয়া দুই কর্মী মারা গেছেন। বুধবার দায়িত্ব পালনকালে নর্থ রাইন-ওয়েস্টফেলিয়ার অ্যাল্টেনা ও উইডল শহরে ওই দুজন প্রাণ হারান বলে জানা গেছে।