শুক্রবার ,৮ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 633

শেরপুরে বন্যহাতির মরদেহ উদ্ধার

শেরপুরে নালিতাবাড়ীর পানিহাতা সীমান্তে শুক্রবার ভোরে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছে।

এ নিয়ে ১০ দিনের ব্যবধানে দুটি মরদেহ উদ্ধারের ঘটনা ঘটল।

এর আগে গত ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় একটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছিল।

বন বিভাগ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার উদ্ধার হওয়া পুরুষ বন্যহাতিটির বয়স আনুমানিক দুই বছর। কেবল দাঁত উঠতে শুরু করেছে।

গত কয়েক দিন ধরে খাদ্যের সন্ধানে পানিহাতা এলাকায় পাহাড় থেকে বন্যহাতির দল লোকালয়ে নেমে এসে ফসলের ক্ষতি করছে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এবং বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বন্যহাতির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তবে হাতিটি কীভাবে মারা গেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তারা।

পুঠিয়ায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর পুঠিয়ায় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় উপজেলা সদর ইউনিয়নের কান্দ্রা চুনিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— চারঘাটের ঝিকড়া পলাশবাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে আসাদুল (৩৫), পুঠিয়া সদর ইউনিয়নের ছোট কান্দ্রা গ্রামের মাওলা বক্স খলিফার ছেলে জিয়া (৩৭) ও বারইপাড়া গ্রামের কেএম আবুল বাশারের ছেলে কেএম মোসলেউদ্দিন সুইট (৩৮)।

র‌্যাব ৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা চুনিপাড়া এলাকায় একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭০ গ্রাম গাঁজ, তিনটি মোবাইল, চারটি সিমকার্ড, দুটি মেমোরি কার্ড, একটি সার্চলাইটসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

তুরস্কের যুদ্ধজাহাজ ও ড্রোন প্রযুক্তি নিচ্ছে ইউক্রেন

ইউক্রেনকে যুদ্ধজাহাজ ও ড্রোন প্রযুক্তি দিচ্ছে তুরস্ক।

এ বিষয়ে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তুরস্কের সঙ্গে যুদ্ধজাহাজ ও ড্রোনের উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তর নিয়ে ২০২০ সালের ১৪ ডিসেম্বর চুক্তি সই করে।

এদিকে আঙ্কারার সঙ্গে হওয়া কিয়েভের সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে ইউক্রেনের পার্লামেন্ট।

তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।

খবরে বলা হয়, ৪৫০ জন আইনপ্রণেতার মধ্যে ৩০৩ জন সংসদে উত্থাপিত বিলের পক্ষে ভোট দেন।

 

তুরস্কের সঙ্গে ইউক্রেন এ চুক্তি সই করে ২০২০ সালের ১৬ অক্টোবর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির তুরস্ক সফরের সময় এ চুক্তি সই হয়।

চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতাবিষয়ক আইনি কাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে কৃষ্ণসাগর অঞ্চলের নিরাপত্তা ও শান্তি নিশ্চিতের প্রতিশ্রুতি প্রতিফলিত করে এ চুক্তি।

সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক দ্রুত বেড়েছে। গত বছর ইউক্রেন তুরস্কের কাছ থেকে বায়রাক্তার টিবি২ ড্রোন কিনেছে। এ চুক্তি অনুসারে ইউক্রেন ১২টি ড্রোন কেনার অনুমতি পাবে। ড্রোন ছাড়াও তুরস্ক ইউক্রেনকে তিনটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সিস্টেমসহ বিভিন্ন সরঞ্জাম দিয়েছে।

ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা

এক বছর ধরে চলে আসা কৃষকদের আন্দোলন সাফল্য পেল ভারতে। বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গুরু নানকের জন্মদিনে শুক্রবার এ ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী। খবর এনডিটিভির।

মোদি বলেন, আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি। আসুন, সব আবার নতুন করে শুরু করা যাক।এখন কাউকে দোষারোপের সময় নয়।

গুরু নানকের জন্মদিনে মোদির এই ঘোষণা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন রাজনীতিবিদরা।

কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির উপকণ্ঠে অবস্থানকারী কৃষকদের বড় অংশই পাঞ্জাব এবং পশ্চিম উত্তরপ্রদেশের। এসবের মধ্যে শিখ এবং জাঠ জনগোষ্ঠীর কৃষক রয়েছেন অনেক। আর আগামী বছরের শুরুতে ওই দুই প্রদেশে বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে তিনটি কৃষি বিল সংশোধন করে আইনে পরিণত করে মোদি সরকার। এর পর থেকেই দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে কৃষক আন্দোলন শুরু হয়। টানা আন্দোলন চালিয়ে যাওয়ার পর সফলতার মুখ দেখলেন কৃষকরা।

‘নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে কেন্দ্রীয় ব্যাংকের কেউ জড়িত নয়’

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচটি ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে আহছানউল্লা বিশ্ববিদ্যালয়কে ভবিষ্যতে এ ধরনের পরীক্ষা পরিচালনার সুযোগ না দিতে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (বিএসসিএস) আওতায় গত ৬ নভেম্বর ৫টি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান ছিল আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এ প্রেক্ষিতে বিএসসিএস কর্তৃক ওই পরীক্ষা বাতিল করা হয়েছে।
আহছানউল্লা বিশ্ববিদ্যালয় বিএসসিএসর আরও দুটি পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকায় তা ইতোমধ্যে স্থগিত করা হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়কে ভবিষ্যতে এ ধরনের পরীক্ষা পরিচালনার সুযোগ না দিতে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

ওই পরীক্ষায় প্রশ্নফাঁসের সঙ্গে প্রাথমিকভাবে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে ওই প্রশ্নফাঁসের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লেখিত পরীক্ষায় কেউ জড়িত না থাকলেও বাংলাদেশ ব্যাংকের জন্য ‘সিসিটিভি অপারেটর’ পদে গত বছরের ১৬ অক্টোবর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অনিয়মের বিষয়ে অভিযোগ আসে। এর প্রেক্ষিতে প্রাথমিকভাবে ব্যাংকের যুগ্মপরিচালক আবদুল্লাহ আল মাবুদ এবং মো. আলমাছ আলীকে গত ১৩ জুন সাময়িক বরখান্ত করা হয়।

এছাড়া অভিযোগের সার্বিক বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে। তদন্ত কার্যক্রম সম্পন্ন হবার পর অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।

গত ৬ নভেম্বর বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় পাঁচ ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক) ১৫১১টি অফিসার (ক্যাশ) পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন চাকরিপ্রত্যাশী। প্রিলিমিনারি পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ১০০টি প্রশ্নের প্রিন্ট করা উত্তরপত্র ফেসবুকে পাওয়া যায়।

রাষ্ট্রায়ত্ত ব্যাংক, কর্মীদের উৎসাহ বোনাস দিতে কমিটি

খেলাপি ঋণের অঙ্ক কমাতে ব্যর্থ হচ্ছে, রয়েছে মূলধনের ঘাটতিও। বছর শেষে মুনাফার পরিবর্তে গুনছে লোকসান। নেতিবাচক এতগুলো সূচকের পরও রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোতে বন্ধ নেই কর্মীদের উৎসাহ বোনাস।

প্রতিবছরই ইচ্ছামতো দেওয়া হচ্ছে এ ধরনের প্রণোদনা। কর্মীদের এক থেকে তিনটি পর্যন্ত উৎসাহ বোনাস দেওয়ার নজির আছে। এ পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের কর্মীদের উৎসাহ বোনাসের জন্য নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এ লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবিএম রুহল আজাদকে প্রধান করে ১৪ সদস্যের কমিটি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এ তথ্য।

এ প্রসঙ্গে জানতে চাইলে কমিটির প্রধান এবিএম রুহুল আজাদ বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, কমিটি আগামী সপ্তাহে প্রথম বৈঠক করবে। প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি ব্যাংকের আর্থিক সূচক পৃথক। অনেক ব্যাংকের সূচক ভালো। তাদের বিষয়টি ইতিবাচক বিবেচনায় নেওয়া হবে।

তিনি বলেন, নতুন কমিটি বিদ্যমান নীতিমালা পর্যালোচনা করবে। নিয়মতান্ত্রিকভাবে সংযুক্ত করেই নতুন নীতিমালা তৈরি হবে।

জানা গেছে, এরইমধ্যে বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর উৎসাহ বোনাস দিতে একটি খসড়া নীতিমালা তৈরি করেছে। সেখানে বলা হয়েছে, কেবল শ্রেণিকৃত ঋণ এবং অন্যান্য সম্পত্তির বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতির পর তারল্যের অবস্থান সন্তোষজনক থাকলে কোনো ব্যাংক নিট মুনাফার ভিত্তিতে প্রণোদনা বোনাস দিতে পারবে।

এছাড়া বোনাস ও প্রণোদনা দেওয়ার পাশাপাশি তিরস্কারের ব্যবস্থাও থাকবে। যেসব ব্যাংক বছর শেষে মুনাফা করবে, খেলাপি ঋণ আদায়ের হার ভালো হবে ওই ব্যাংকের কর্মীদের উৎসাহ বোনাস দেওয়ার বিধান থাকবে। পাশাপাশি এর বিপরীত হলে করা হবে তিরস্কার।

অর্থ মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, কেন্দ্রীয় ব্যাংকের খসড়া নীতিমালাটি পর্যালোচনা, পরিবর্তন, পরিবর্ধনের পর চূড়ান্ত করতেই কমিটি গঠন করা হয়েছে। ১৪ সদস্যের কমিটির সচিব হলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোহাম্মদ এনামুল হক।

অন্য সদস্যরা হলেন-আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব মৃত্যুঞ্জয় সাহা, অর্থ বিভাগের উপ-সচিব মোছা. নারগিস মুরশিদা, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, বেসিক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক সুভাষ চন্দ্র দাস, জনতা ব্যাংকের সিএফও একেএম শরীয়ত উল্যাহ, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (সিএফও) মো. মনোয়ার হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন ও কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক গৌতম সাহা।

জানা গেছে এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য উৎসাহ বোনাস প্রদান সম্পর্কিত একটি নীতিমালা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে নীতিমালা প্রণয়নের ৬ বছর পার হলেও ব্যাংকগুলো তা অনুসরণ করেনি।

নীতিমালার বাইরে গিয়ে ইচ্ছামতো ব্যাংকগুলো উৎসাহ বোনাস নিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে বছর শেষে লোকসানের পরও কর্মীদের উৎসাহ বোনাস দেওয়া হয়েছে। ব্যাংকের উৎসাহ বোনাস দেওয়া নিয়ে অনিয়মের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগে একটি প্রতিবেদন পাঠায়।

সেখানে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শেষে রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে শুধু বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) প্রভিশন অব্যাহতি ব্যতীত মুনাফা অর্জনে সক্ষম হয়েছে। মুনাফা করতে না পারায় ২০১৩ সাল থেকে বেসিক ব্যাংক উৎসাহ বোনাস দেওয়া বন্ধ রেখেছে।

এছাড়া ২০১৮-১৯ অর্থবছর থেকে বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী উন্নয়ন ব্যাংকে উৎসাহ বোনাস দেওয়া বন্ধ রয়েছে। অপরদিকে লোকসান এবং ২০১৯ সালের ডিসেম্বরভিত্তিক হিসাবে প্রভিশন ঘাটতি সত্ত্বেও উৎসাহ বোনাস দেওয়া অব্যাহত রেখেছে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক।

এতে আরও বলা হয় গত বছরের ৩১ ডিসেম্বরভিত্তিক হিসাবে একমাত্র বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ছাড়া বাকি পাঁচটি ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে ১৩ হাজার ৭০৫ কোটি টাকা। পাশাপাশি বাড়ছে খেলাপি ঋণের পরিমাণও।

বিদ্রোহী-মদদদাতাদের বিরুদ্ধে আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

কঠোর হুঁশিয়ারির পরও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহীদের দমাতে পারেনি আওয়ামী লীগ। এতে একদিকে যেমন দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা নষ্ট হয়েছে, অন্যদিকে পরাজিত হয়েছেন বিপুলসংখ্যক দলীয় প্রার্থী। এতে বেড়েছে অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনা। হতাহত হয়েছেন অনেকে।

এমন পরিস্থিতিতে বিব্রত দলের নীতিনির্ধারণী মহল। স্থানীয়ভাবে বিভিন্ন স্থানে বহিষ্কারও করা হয়েছে অনেককে। এছাড়া কেন্দ্রীয়ভাবে তাদের তালিকা তৈরি করতে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশনাও দেওয়া হয়েছিল। এবার তাদের বিরদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে আওয়ামী লীগ।

আজ শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় দলের বিদ্রোহী এবং তাদের মদদদাতাদের তালিকা উপস্থাপন করবেন সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা। সেখানে আলোচনার পর দোষীদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

দলীয় সূত্রে জানা যায়, বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহীর কমিটির আমন্ত্রিত সদস্যরা উপস্থিত থাকবেন।

একই সঙ্গে সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যাদের শোকজ করা হয়েছিল, তাদের বিষয়েও সিদ্ধান্ত নিতে যাচ্ছে দলটি। পাশাপাশি বৈঠকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বন্দ্ব-সংঘাত ও খুনাখুনি নিয়ন্ত্রণসহ দলের সাংগঠনিক কাজের গতি বাড়ানো, দিবসভিত্তিক কর্মসূচি চূড়ান্ত, আর্থসামাজিক ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

আগামী বছর দলের ২২তম জাতীয় সম্মেলন এবং ২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন, তৃণমূলে বিভক্তির রাজনীতি দূরীকরণ, এমপি-মন্ত্রীদের বলয় ভাঙাসহ সাংগঠনিক নির্দেশনা দিতে পারেন সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে বুধবার সংবাদ সম্মেলনে ইউপি নির্বাচনে সহিংসতা ও প্রাণহানি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোনো প্রাণহানি হোক, এটা আমরা কখনো চাই না। এটা হওয়া উচিত না। এটা যেখানে যেখানে ঘটেছে, সেখানে আমরা ব্যবস্থা নিচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের দলের মধ্যে যেগুলো হবে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। শুধু ব্যবস্থা না, আমরা যাদের মনোনয়ন দিয়েছি, তাদের বাইরে গিয়ে যারা নির্বাচন করেছে, যতই ভালো প্রার্থী হোক, যারাই দলের বাইরে গিয়ে কাজ করেছে, আমরা কিন্তু যথাযথ ব্যবস্থা নেব। আমরা কিন্তু ছাড়ব না।

সূত্র জানায়, আজকের সভার এজেন্ডায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেওয়া শোকজের জবাব নিয়ে আলোচনা এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ১০ জানুয়ারি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি চূড়ান্ত করার বিষয় রাখা হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভার আলোচ্য বিষয় সম্পর্কিত বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে এবং চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিষয়েও আলোচনা হবে।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বিদ্রোহ করছে এবং বিদ্রোহীদের মদদ দিচ্ছে, তাদের ব্যাপারে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে প্রতিবেদন দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে।

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বৃহস্পতিবার বিকালে যুগান্তরকে বলেন, বৈঠকের বেশ কিছু এজেন্ডা আছে। সেগুলো নিয়ে আলোচনা হবে। সমানে আমাদের যে জাতীয় দিবসগুলো আছে, সেগুলোর কর্মসূচি চূড়ান্ত হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মূল্যায়ন করা হবে। এছাড়া শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগগুলো নিয়ে আলোচনা হবে। এছাড়া দেশের রাজনৈতিক ও আর্থসামাজিক অবস্থা এবং দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচন করেছেন, সেসব বিদ্রোহী ও তাদের যারা মদদ দিয়েছেন, তাদের তালিকা তৈরি করতে বলা হয়েছিল। আমরা সেটা তৈরি করছি। কার্যনির্বাহী সংসদের সভায় সেগুলো উপস্থাপন করব।

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে দেশব্যাপী চলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে। মূলত বিএনপিবিহীন এ নির্বাচনে মুখোমুখি অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থীরা।

দলের বিদ্রোহী ও বিদ্রোহীপন্থিদের দাপটে নৌকার মনোনীত প্রার্থীর ভোট বর্জনের ঘটনাও ঘটেছে। নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যেই হামলা-পালটা হামলা, বাড়িঘর ভাঙচুর ও মুখোমুখি সংঘর্ষের ঘটনা প্রতিদিন ঘটছে। ঘটছে প্রাণহানিও। এ কারণে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে।

আরেকটি সূত্র বলছে, অনেক এমপি-মন্ত্রী ও জেলা-উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকার প্রার্থিতা উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় নেতাদের কাছেও সুপারিশ করেছেন অনেকে। এছাড়া বিএনপিবিহীন এই নির্বাচনে সংঘাত-সহিংসতা বৃদ্ধি পাওয়ায় বাকি ধাপগুলোর জন্য দলীয় প্রতীকের প্রার্থিতায় উন্মুক্ত রাখা যায় কি না, এ বিষয়টিও আলোচনায় আসতে পারে।

সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক। ওই বৈঠকে নিজ নিজ বিভাগের সাংগঠনিক রিপোর্ট তুলে ধরেন দলটির বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা। ওই প্রতিবেদনের তথ্য-উপাত্তে উঠে আসে তৃণমূলের আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল, দ্বন্দ্ব, নেতায় নেতায় বিভক্তি, এমপি-মন্ত্রীদের বলয়ভিত্তিক রাজনীতি, ত্যাগীদের অবমূল্যায়ন ও জামায়াত-বিএনপির নেতাদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগ।

আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা বিকালে

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে আজ। বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওই সভা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৫ নভেম্বর আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈশ্বিক মহামারির সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহীর কমিটির আমন্ত্রিত সদস্যরা উপস্থিত থাকবেন।

সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যাদের শোকজ করা হয়েছিল, তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে দলটি। পাশাপাশি বৈঠকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বন্দ্ব-সংঘাত ও খুনাখুনি নিয়ন্ত্রণসহ দলের সাংগঠনিক কাজের গতি বাড়ানো, দিবসভিত্তিক কর্মসূচি চূড়ান্ত, আর্থসামাজিক ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

আগামী বছর দলের ২২তম জাতীয় সম্মেলন এবং ২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন, তৃণমূলে বিভক্তির রাজনীতি দূরীকরণ, এমপি-মন্ত্রীদের বলয় ভাঙাসহ সাংগঠনিক নির্দেশনা দিতে পারেন সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র জানায়, আজকের সভার এজেন্ডায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ১০ জানুয়ারি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি চূড়ান্ত করার বিষয় রাখা হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভার আলোচ্য বিষয় নিয়ে বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে এবং চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিষয়েও আলোচনা হবে।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বিদ্রোহ করছে এবং বিদ্রোহীদের মদদ দিচ্ছে, তাদের ব্যাপারে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে প্রতিবেদন দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক। ওই বৈঠকে নিজ নিজ বিভাগের সাংগঠনিক রিপোর্ট তুলে ধরেন দলটির বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা। ওই প্রতিবেদনের তথ্য-উপাত্তে উঠে আসে তৃণমূলের আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল, দ্বন্দ্ব, নেতায় নেতায় বিভক্তি, এমপি-মন্ত্রীদের বলয়ভিত্তিক রাজনীতি, ত্যাগীদের অবমূল্যায়ন ও জামায়াত-বিএনপির নেতাদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগ।

এসআই পদে নিয়োগ পরীক্ষার সূচি পরিবর্তন

পুলিশের ক্যাডেট উপ-পরিদর্শক (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, বিপিএম, পিপিএম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষে গত ৮ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তি মোতাবেক শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা এবং লিখিত ও মনস্তত্ব পরীক্ষার সময়সূচি উল্লেখ করা হয়েছিল। কিন্তু অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও গোপালগঞ্জ জেলা, ময়মনসিংহ বিভাগের জামালপুর ও নেত্রকোনা জেলা, চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী ও কক্সবাজার জেলা, রাজশাহী বিভাগের পাবনা, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা, খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা ও মেহেরপুর জেলা, বরিশাল বিভাগের পটুয়াখালী ও ঝালকাঠি জেলা এবং সিলেট বিভাগের হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় শারীরিক মাপ ও কাগজপগ্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ থেকে ১৫ ডিসেম্বর সকাল ৯টায়।

একই বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর জেলা, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও শেরপুর জেলা, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী ও নাটোর জেলা, রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট ও চুয়াডাঙ্গা জেলা, বরিশাল বিভাগের বরিশাল ও বরগুনা জেলা এবং সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার জেলায় শারীরিক মাপ ও কাগজপগ্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ থেকে ১০ ডিসেম্বর সকাল ৯টায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর ও শরীয়তপুর জেলা, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা, রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলা. রংপুর বিভাগের দিনাজপুর ও নীলফামারী জেলা, খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলা এবং বরিশাল বিভাগের পিরোজপুর ও ভোলা জেলায় শারীরিক মাপ ও কাগজপগ্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ১৯ ডিসেম্বর সকাল ৯টায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে ২৯ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ক্ষেত্রে ১০০ নম্বরের ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২২ সালের ৩ জানুয়ারি (সোমবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ১০০ নম্বরের সাধারণ জ্ঞান ও গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর ৫০ নম্বরের মনস্তত্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি (বুধবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

ঢাকায় আইস-হেরোইনসহ ১২৪ জনকে গ্রেফতার

রাজধানী থেকে আইস-হেরোইন এবং বিভিন্ন মাদকসহ ১২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত ডিএমপির অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম আইস, ১৯৬ গ্রাম ৩০১ পুরিয়া হেরোইন, ১৬,৯৫৪ পিস ইয়াবা বড়ি, ৬৮ কেজি ৬৯০ গ্রাম ১৬০ পুরিয়া গাঁজা, ২০টি নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯২ টি মামলা করা হয়েছে।