শুক্রবার ,৮ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 620

ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা

বুকে সহপাঠী হারানোর নীল-বেদনা, চোখে-মুখে ক্ষোভের আগুন নিয়ে ফুঁসছে শিক্ষার্থীরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনার বিচার, সড়ক আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ছয় দফা দাবি করেন তারা।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল শাপলা চত্বর, জিরো পয়েন্ট, ফার্মগেট, শান্তিনগর মোড়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। তাদের হাতে হাতে ছিল বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড।

সেখানে যেসব লেখা স্থান পেয়েছে, সেগুলোর মধ্যে ছিল-‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘পরবর্তী নাঈম কে?’, ‘নক্ষত্রগুলো রাস্তায় পিষুক, গ্রহাণুগুলো শাসন করুক’, ‘শাবাশ বাংলাদেশ পৃথিবী অবাক তাকিয়ে রয়, সড়কে মরছে মেধা তবু কারও টনক নড়ার নয়’, ‘আমার ভাই মরল কেন, সব সাথীদের খবর দে, শক্ত কঠিন দুর্গ গড়ে বেপরোয়াদের কবর দে’।

সকাল ১০টা থেকে টানা ৪টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি চলে। বিকালে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস। তিনি তাদের দাবিদাওয়া বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

এরপর শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন। তবে দাবিদাওয়া বাস্তবায়ন না হলে ফের রোববার থেকে আন্দোলনে যাবেন-এমন হুঁশিয়ারি দেন তারা।

এদিকে শিক্ষার্থীরা সারা দিন রাস্তায় অবস্থানের কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আগের কয়েক দিনের মতো সপ্তাহের শেষ দিনেও জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে। আর গ্রেফতার হওয়া ওই গাড়ির চালককে (যিনি একজন ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী) বৃহস্পতিবার তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

এ ছাড়া ডিএসসিসি থেকে অবৈধভাবে গাড়ি বরাদ্দ করে চালানোয় পরিচ্ছন্নতাকর্মী মো. হারুন মিয়া ও গাড়ি চালানোর কাজে সহযোগিতা করায় আরেক পরিচ্ছন্নতাকর্মী মো. আব্দুর রাজ্জাককে কর্মচ্যুত করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার সকালে রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির গাড়ির চাপায় নটর ডেম কলেজের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। ঘটনার পরপরই ওইদিন মতিঝিল এলাকায় রাস্তা অবরোধ করে তার সহপাঠীরা বিচারের দাবিতে বিক্ষোভ করেন।

বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বেলা ১১টায় তারা কলেজের সামনে জড়ো হন। এরপর সাড়ে ১১টা নাগাদ তারা শাপলা চত্বরের সড়কে অবস্থান নেন। তারা সেখানে প্রকৃত আসামির গ্রেফতার এবং দ্রুত বিচার দাবি করেন। সেখানে কিছু সময় অবস্থান নিয়ে পরে তারা যান গুলিস্তানের সেই জায়গায়, যেখানে নাঈমের মৃত্যু হয়েছে।

সেখানে আরও অবস্থান নেন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবস্থানের কারণে সেখানকার আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সপ্তাহের শেষ কার্যদিবসে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এ ছাড়া সকাল ১০টায় আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় সড়কে অবস্থান নেন। বেলা ১১টার দিকে তারা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্টে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

প্রায় কাছাকাছি সময়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বেইলি রোডের মুখে শান্তিনগরের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

এ ছাড়া গাড়িচাপায় নটর ডেম শিক্ষার্থী নাঈমের মৃত্যুর ঘটনায় উত্তরায় বিক্ষোভ করেছেন সেখানকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।

উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ ছাত্র উত্তরা আজমপুর থেকে হাউজবিল্ডিং পর্যন্ত সড়কে অবস্থান নেন। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ এবং ‘হত্যা মামলার আইন চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

একই সঙ্গে তারা নিরাপদ সড়কের দাবি তোলেন। তারা বাসের ভাড়া শিক্ষার্থীদের জন্য অর্ধেক করার দাবি কার্যকর করতে ক্ষোভে ফেটে পড়েন। এই সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তরা থেকে বনানী এবং উত্তরা থেকে গাজীপুর চৌরাস্তা ও আশুলিয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

বিভিন্ন জায়গায় আন্দোলনে যোগ দেওয়া কয়েকজন শিক্ষার্থী যুগান্তরকে বলেন, নটর ডেম কলেজের শিক্ষার্থী হত্যার বিচার এবং ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের জেরে পাশ হওয়া আইন বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো : সবার জন্য সড়ক নিরাপদ করা, ২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের পর পাশ হওয়া আইন বাস্তবায়নে উদ্যোগ নেওয়া, নাঈমের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা, নাঈমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, গুলিস্তানের মতো ব্যস্ততম সড়কে পথচারী-সেতু স্থাপন করা ও সব ধরনের ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করা।

বিকাল ৪টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস নগর ভবনের প্রধান ফটকে এসে দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

মেয়র তার বক্তব্যে বলেন, ইতোমধ্যে নাঈম হত্যার সঙ্গে জড়িত গাড়িচালককে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীরা ফাঁসির দাবি উঠালে তাদের আশ্বস্ত করে তিনি নিজেও গাড়িচালকের ফাঁসি দাবি করেন।

নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ছাড়াও এ ঘটনায় যেসব কর্মকর্তার অবহেলা রয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মেয়র। তাছাড়া নিহত নাঈমের নামে জিরো পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণ, শিক্ষার্থীদের হাফ পাশ ভাড়া কার্যকর, লাইসেন্সবিহীন চালক নিয়োগ দিলে কোম্পানির লাইসেন্স বাতিল ও সরকারি সংস্থার গাড়ি কর্তৃক দুর্ঘটনা ঘটলে ওই সংস্থার দায়সহ শিক্ষার্থীদের সব দাবি মেনে লিখিত আকারে সরকারের উচ্চপর্যায়ে উপস্থাপনের আশ্বাস দেন তিনি।

এদিকে মেয়রের দাবি মেনে নেওয়ার বিষয়ে নটর ডেম কলেজের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন বলেন, আমাদের আন্দোলনে নগরবাসীর ভোগান্তির জন্য দায়ী সিটি করপোরেশন। তথাপিও নগরপিতার প্রতি আমাদের আস্থা রয়েছে। দাবি আদায় না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।

পরিচ্ছন্নতাকর্মী রিমান্ডে : নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানকে গাড়িচাপা দেওয়ার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী রাসেল খানের তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জেল হোসেন এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আনিছুর রহমান আসামি রাসেলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। অপর দিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়।

জামিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, আসামি রাসেল সিটি করপোরেশনের একজন পরিচ্ছন্নতাকর্মী। আর এটা একটা দুর্ঘটনা। এ সময় বিচারক জানতে চান রাসেলের ড্রাইভিং লাইসেন্স আছে কি না জবাবে আসামিপক্ষের আইনজীবী বলেন, কিছু দিন আগে তার লাইসেন্স হারিয়ে গেছে।

এ বিষয়ে জিডিও করা হয়েছে। এরপর বিচারক বলেন, এটা একটা আলোচিত ঘটনা। একজন মেধাবী শিক্ষার্থীর প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। কেন, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটেছে, লাইসেন্স আছে কি না, তা জানার জন্য আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হলো।

আদালত সূত্র জানায়, ২৪ নভেম্বর বেলা ১১টার দিকে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ারের দক্ষিণ পাশে নাঈম হাসানকে ধাক্কা দেয় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ট্রাক। এ সময় গাড়িটি চালাচ্ছিলেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী রাসেল খান।

পরে গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ও এলাকার টহল পুলিশ ট্রাকসহ রাসেলকে আটক করে। রাতে এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেন।

ঢাকা মহানগর পুলিশের পল্টন থানার পরিদর্শক (ট্রাফিক) মশিউর রহমান বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছেন। সেই সময় যান চলাচল বন্ধ থাকে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা শুরু আজ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ৩০৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ পরীক্ষা শুধু শুক্র ও শনিবার সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বর পরীক্ষা শেষ হবে।

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আফম মেসবাহ উদ্দিন মঙ্গলবার জানান, প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৮৩ হাজার ১৩৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এবার পুরুষ পরীক্ষার্থী ৫২ হাজার ৫২৬ জন এবং নারী ৩০ হাজার ৬০৮ জন। প্রতিবারের মতো এবারও প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার জন্য ব্যবস্থা নেবে।

এছাড়া বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পাঠানো হবে।

ফিরলেন মিম মানতাসা

সর্বশেষ অনুষ্ঠিত লাক্স সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে মিডিয়ায় আসলেও অনেকটা ধীরগতিতেই ক্যারিয়ার চালাচ্ছেন মিম মানতাসা।

নাটক ও মডেলিংয়ে দেখা গেলেও সিনেমায় এখনো অভিষেক হয়নি তার। করোনাকাল আসার পর আরও গুটিয়ে গেছেন বিনোদন অঙ্গন থেকে।

ঠিক এমন পরিস্থিতিতে আবার বিয়েও করলেন সম্প্রতি। তাছাড়া এক মাস আগে তার বাবা মারা যান। স্বামী আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন।

স্থায়ীভাবে সেখানে না থাকলেও যাওয়া আসার মধ্যেই থাকবেন এই মডেল অভিনেত্রী। পাশাপাশি অভিনয় করবেন মিম। এসব কারণে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। সেই বিরতি ভাঙলেন ২৫ নভেম্বর। সেদিন থেকে মাছরাঙা টিভির প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘একশতে একশ’ নামের একটি ধারাবাহিকের শুটিং করছেন। গাজীপুরের পূবাইলে এটির শুটিং হচ্ছে।

অভিনয় প্রসঙ্গে মিম মানতাসা বলেন, প্রচুর অফার থাকার পরও আমি অভিনয়ে ঠিক সেভাবে সময় দিতে পারছি না। প্রথমত আমি ক্যারিয়ারের শুরু থেকেই কম কাজ করছি। তবে সম্প্রতি বিয়ে এবং বাবা মারা যাওয়ার পর কাজ অনেক দিন বন্ধ রেখেছিলাম। কিছুদিন আগে অভিনয়ে ফিরেছি। চেষ্টা করছি ভালোভাবে অভিনয় করার। দর্শক বিনোদিত হলেই আমার অভিনয় সার্থক হবে।

এদিকে নাটক টেলিফিল্মের পাশাপাশি চলতি বছরের শুরুর দিকে বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘জাল’ নামের একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন মিম মানতাসা। সেটি এখন প্রকাশের অপেক্ষায় আছে।

মৌসুমীও কি প্রবাসী হচ্ছেন

জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী করোনাকালেও নিয়মিত অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও তার রয়েছে সরব উপস্থিতি।

নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সারা বছর ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। এসব ব্যস্ততার মধ্যেই তার একমাত্র মেয়ে ফাইজাকে নিয়ে আমেরিকায় উড়াল দিয়েছেন মৌসুমী।

উপলক্ষ একমাত্র মেয়েকে আমেরিকার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করা। সেখানে গিয়ে তিনি উঠেছেন ছোটবোন ইরিন জামানের বাসায়।

অল্প কিছুদিনের মধ্যেই তার দেশে ফেরার কথা রয়েছে। তবে এবার মৌসুমীর আমেরিকায় যাওয়ার পর ঢাকাই শোবিজে গুঞ্জন ছড়িয়েছে যে মৌসুমী আমেরিকায় স্থায়ী হচ্ছেন। যার প্রথম পদক্ষেপ হিসেবে তিনি এবার নাকি অফিসিয়ালি আবেদন করবেন।

পর্যায়ক্রমে অন্যান্য ধাপগুলো অতিক্রম করে নাগরিকত্ব নেওয়ার পরিকল্পনা আছে তার। তবে বিষয়টি প্রসঙ্গে মৌসুমী কোনো প্রতিক্রিয়া দেননি।

তিনি আসলেই আমেরিকায় স্থায়ী হচ্ছেন কিনা- এ বিষয়ে দেশে ফিরে বিস্তারিত ব্যাখা করবেন বলে জানা গেছে। এদিকে মৌসুমীর হাতে এখনো রয়েছে বেশ কিছু কাজ।

সম্প্রতি শেষ হয়েছে তার তিনটি চলচ্চিত্রের শুটিং। এগুলো হলো মীর্জা সাখাওয়াত হোসেনের পরিচালনায় ‘ভাঙন’, জাহিদ হোসেনের ‘সোনার চর’ ও আশুতোষ সুজনের ‘দেশান্তর’। তিনটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

প্রথম টেস্টে বাংলাদেশ একাদশে যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি ও এরপর ঘরের মাঠে পাকিস্তানের সঙ্গে সিরিজ হারের হতাশা কাটিয়ে চট্টগ্রাম টেস্ট জিতে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চান মুমিনুলরা।

পাকিস্তানের বিপক্ষে জিততে হলে ভালো বোলিং এবং সেই সঙ্গে ভালো ব্যাটিং করতে হবে বলে জানালেন টাইগার অধিনায়ক।

আর সেই লক্ষ্যে চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুক্রবার সকালে টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক পাকিস্তানকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান।

তামিম, সাকিব, মাহমুদউল্লাহ, তাসকিনের মতো নির্ভরযোগ্য চার খেলোয়াড় দলে নেই। সিনিয়রদের অনুপস্থিতিতে তারুণ্যনির্ভর একটি দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে আজ শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ।

এই টেস্ট দিয়ে অভিষেক ঘটেছে প্রায় আড়াই বছর ধরে সুযোগের অপেক্ষায় থাকা অলরাউন্ডার ইয়াসির আলী রাব্বি।

বাংলাদেশ একাদশ

সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহীম, ইয়াসির আলী রাব্বি, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ

আবদুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নৌমান আলি, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, সাজিদ খান।

৩৩ রানে দুই ওপেনারের বিদায়

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি ও এরপর ঘরের মাঠে পাকিস্তানের সঙ্গে সিরিজ হারের হতাশা কাটিয়ে চট্টগ্রাম টেস্ট জিতে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চান মুমিনুলরা।

আর সেই মিশনে নেমে চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শুরুটা অবশ্য ভালো হয়েছে বাংলাদেশ দলের। প্রথম ৬ ওভারে ৬টি বাউন্ডারি এসেছে।

তবে ভালো শুরু করেও উইকেটে বেশিক্ষণ টেকেননি দুই ওপেনার সাইফ হাসান ও সাদমান।

৫ম ওভারে শাহিন শাহ আফ্রিদির ৩য় ডেলিভারিটি বাউন্সার ছিল। দ্রুত গতিতে আসা সেই বল খেলা তো দূরের কথা বলের লাইন থেকেই সরতে পারেননি সাইফ।

ব্যাটিংয়ের কানায় লেগে ক‍্যাচ যায় শর্ট লেগে আবিদ আলির হাতে।

তিন চারে ১২ বলে ১৪ রান করেন সাইফ। ভাঙ্গে ১৯ রানের উদ্বোধনী জুটি।

১২ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন সাইফ।

সাইফের বিদায়ের পর তাকে অনুসরণ করেন আরেক ওপেনার সাদমান।

৮ম ওভারে হাসান আলির শেষ বলটিতে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান সাদমান। ওপেনার সাদমানাও ১৪ রানের বেশি করতে পারলেন না।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৩ রান।

দুই ওপেনারের বিদায়ের পর ব্যাট হাতে নেমেছেন নাজমুল হাসান শান্ত ও অধিনায়ক মুমিনুল হক।

খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি জোরালো হচ্ছে

কাউন্সিলর সৈয়দ মো. সোহেল হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জোরালো হচ্ছে। তার নিজ দল আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন ও সমাবেশ করা হচ্ছে।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সোচ্চার হচ্ছেন। এদিকে, হত্যা মামলার ৯ নং আসামি মাসুদকে চান্দিনা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর প্রেস ক্লাবের সামনে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

এতে সব কাউন্সিলর ও নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে মেয়র সাক্কু বলেন, কুমিল্লার ইতিহাসে এমন নৃশংস ঘটনা কখনো ঘটেনি।

এ ধরনের ঘটনা এখনই থামাতে হবে। তা না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে। তিনি বলেন, সোহেল একজন জনপ্রিয় কাউন্সিলর ছিলেন।

তাকে যেভাবে খুন করা হলো-তাতে জনপ্রতিনিধিদের নিরাপত্তা কোথায়? তিনি আরও বলেন, খুনের পরিকল্পনাকারী ও মূল ঘাতকরা এখনো গ্রেফতার হয়নি।

তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি। তা না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। এ সময় কুসিক প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, কাউন্সিলর সরকার মো. জাবেদ, মাসুদুর রহমান মাসুদ প্রমুখ বক্তব্য দেন।

তারা বলেন, ঘাতকদের গ্রেফতার ও বিচারকাজ বিলম্বিত করা হলে নগরভবন থেকে সব ধরনের সেবা বন্ধ করে দেওয়া হবে।

হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। হত্যাকারীদের বিচার দাবি করে নগরীর বিভিন্ন পয়েন্টে ব্যানার-ফেস্টুনও লাগানো হয়েছে।

পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে বৃহস্পতিবার দুপুরে কাউন্সিলর সোহেলের বাসভবনে গিয়েছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের আশ্বাস দেন তিনি।

কুসিকের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সোহেলের মতো জনপ্রিয় জনপ্রতিনিধিকে নৃশংসভাবে হত্যার ঘটনা কোনোভাবে মেনে নিতে পারছে না নগরবাসী।

এরইমধ্যে হত্যাকাণ্ডের একাধিক ফুটেজ ভাইরাল হয়েছে। ফুটেজে ফিল্মি স্টাইলের এমন নারকীয় হত্যাকাণ্ড দেখে নগরবাসীর মাঝে ক্ষোভ ও ভীতির সৃষ্টি হয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে অপরাধপ্রবণতা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, সোহেল হত্যা মামলার ৯ নং আসামি মাসুদকে (৩৯) গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে চান্দিনা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। নগরীর ১৬ নং ওয়ার্ডের সংরাইশ এলাকার মঞ্জিল মিয়ার ছেলে মাসুদ। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল সোহান সরকার।

সোমবার বিকালে কাউন্সিলর সোহেল নিজ কার্যালয়ে রাজনৈতিক কর্মীদের নিয়ে বৈঠককালে হামলার শিকার হন।

এ সময় কার্যালয়ে ঢুকে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। গুলিতে হরিপদ সাহা নামে তার এক সহযোগীও নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ পাঁচজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘনকুয়াশার চাদরে হিলি

দিনাজপুর জেলা হিমালয়ের কাছে হওয়ায় হিলিসহ পাশের জেলা ও উপজেলাতে শীতের প্রকোপ আগেই শুরু হয়েছে। দিন দিন বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা ও ঘন কুয়াশা। কোনো কোনো দিন সূর্যের দেখা মিলছে না দুপুর পর্যন্ত। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত থাকছে।

এদিকে ঘনকুয়াশার কারণে সকালেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুয়াশার কারণে যাত্রীও কম হচ্ছে বাসগুলোতে। নিম্নআয়ের লোকেরা শীতের কারণে সকালে বাড়ির বাইরে যেতে পারছেন না। ফলে সাধারণ কাজ-কর্ম ব্যাহত হচ্ছে।

অন্যদিকে শীত বাড়তে শুরু করায় দিনাজপুরের হিলিসহ আশপাশের বাজারগুলোতে গরম কাপড়ের দোকানগুলোতে বিকিকিনি বেড়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, শুক্রবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৮ শতাংশ।

আরও একটি মুসলিম দেশকে ‘আনকা ড্রোন’ দিচ্ছে তুরস্ক

তুরস্কের কাছ থেকে তিনটি মাঝারি পাল্লার ও দীর্ঘ সহনশীল আনকা ড্রোন কিনছে মধ্য এশিয়ার মুসলিম প্রধান দেশ কাজাখস্তান।

একটি সংবাদমাধ্যমে প্রতিবেদনের বরাতে এ তথ্য জানায় তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

তুরস্কের সংবাদমাধ্যম হাবেরতুর্ক জানায়, দীর্ঘদিন ধরে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ও সেন্ট্রাল এশিয়ার দেশটির মধ্যে আলোচনা চলছিল। আলোচনার পর অক্টোবরে ড্রোন নিয়ে তাদের মধ্যে চুক্তি সই হয়।

২০২১ সালের মে মাসে কাজাখস্তানের সঙ্গে তুরস্কের সামরিক ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি চুক্তি সই হয়েছিল।

ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, আরও দুই ক্রেতার সঙ্গে আনকা ড্রোন নিয়ে আলোচনা চলছে।

টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এ ধরনের ড্রোন প্রথম রপ্তানি করার জন্য চুক্তি করে তিউনিসিয়ার সঙ্গে। একটি চুক্তির আওতায় এ কোম্পানি তিউনিসিয়ান এয়ারফোর্স কমান্ডকে তিনটি আনকা ড্রোন ও তিনটি গ্রাউন্ড কনট্রোল সিস্টেম দেবে।

আনকা ড্রোন তৈরি করেছে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের প্রকৌশলীরা। ২০১০ সালের ৩০ ডিসেম্বর প্রথম এ ড্রোন আকাশে উড়ে।

এর আগে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল, মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান তুরস্কের ড্রোনের চালান শিগগির পেতে যাচ্ছে।

কিরগিজস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির চেয়ারম্যান কামচিবেক তাশিয়েভ বলেছিলেন, আমরা তুরস্কের কাছে বায়রাক্তার টিবি-২ (ট্যাকটিকেল ব্লক ২) ড্রোনের অর্ডার দিয়েছি।

ছয় দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব

ছয় দেশের নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরব। কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ার পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

বৃহস্পতিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ইন্দোনেশিয়া, পাকিস্তান, ব্রাজিল, ভিয়েতনাম, মিসর, ও ভারতের নাগরিকদের মধ্যে যারা করোনার টিকার পূর্ণ ডোজ নিয়েছেন তারা সৌদি ভ্রমণ করতে পারবেন। তাদের ক্ষেত্রে এখন থেকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন করা লাগবে না। ১ ডিসেম্বর থেকে এই নীতি কার্যকর হবে। খবর আরব নিউজের।