সোমবার ,১৮ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 509

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল কলেজছাত্রের

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১১টায় পিএবি সড়কের বারখাইন ইউনিয়ন তৈলারদ্বীপ ব্রিজে পুরাতন টুলবক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আরমান হায়দার (২০)। তিনি কর্ণফুলী থানার চর পাথরঘাটা ৩ নম্বর ওয়ার্ডের লোকমান হায়দারের ছেলে। আরমান পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, রাত সাড়ে ১১টায় তৈলারদ্বীপ ব্রিজের সামনে বাসচাপায় মোটরসাইকেল আরোহী আরমান হায়দার ঘটনাস্থলেই মারা যান।

আরমান হায়দার আত্মীয়ের বিয়ে বাড়ি থেকে বাড়িতে ফিরছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

পরীক্ষা স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা।

জানা গেছে, ভয়াবহ সেশনজটে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা। ২০১৮ সালে দ্বিতীয়বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ২০২২ সালে শেষ হচ্ছে।

গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে তারা জানতে পারেন, পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজই তাদের শেষ পরীক্ষা ছিল।

৭৩৮ জনের চাকরি হবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে

বিভিন্ন পদে ৭৩৮ জন নিয়োগের বিজপ্তি প্রকাশ করেছে দেশের সরকারি বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আবেদনের সময় : আবেদন শুরু ১৬ জানুয়ারি থেকে। চলবে ৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত।

‘ক’ শ্রেণিভুক্ত পদ : সিস্টেম ইঞ্জিনিয়ার পদ ২১টি, মেট্রোলজিস্ট পদ ৪টি, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ পদ ৫টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করপোরেট সেফটি/ ফ্লাইট ডাটা মনিটরিং পদ ৪টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেইনি (জেনারেল) পদ ২৫টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগ্যাল অ্যাফেয়ার্স/কোর্ট অ্যাফেয়ার্স পদ ৩টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অডিট পদে ১টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস পদ ৫টি, মেডিক্যাল অফিসার ৩টি, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস) পদ ১টি।

 

‘খ’ শ্রেণিভুক্ত পদ : এয়ারক্রাফট মেকানিক পদ ৩০টি, জুনিয়র টেইলর কাম আপহোলস্টার পদ ৩টি, ম্যাটারিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট ১০টি, প্লানিং অ্যাসিস্ট্যান্ট পদ ৭টি, গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদ ১০০টি, কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদ ৩০টি, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ১০টি, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ১৪টি, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট ২০টি, অডিট অ্যাসিস্ট্যান্ট পদ ৫টি, শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট ৪টি, প্রি-প্রেস অ্যাসিস্ট্যান্ট পদ ২টি, জুনিয়ার এয়ারকন মেকানিক পদ ১টি, জুনিয়র ওয়েল্ডার জিএসই ২টি, জুনিয়র পেইন্টার জিএসই পদ ২টি, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই ২টি, জুনিয়র এমটি মেকানিক ৯টি।

‘গ’ শ্রেণিভুক্ত পদ : জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল) পদ ১৯টি, জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল) পদ ১৭টি, জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) পদ ১০টি, এমটি অপারেটর (ক্যাজুয়াল) পদ ৪০টি।

‘ঘ’ শ্রেণিভুক্ত পদ : সিকিউরিটি গার্ড (ক্যাজুয়াল) পদে ১০০টি, কার্গো হেলপার/ট্রাফিক হেলপার পদ ২০০টি, এয়ারক্রাফট সুইপার (ক্যাজুয়াল) পদ ৪০টি।

আবেদন ফি : ক শ্রেণিভুক্ত পদের আবেদন ফি ৫৬০ টাকা, খ ও গ শ্রেণিভুক্ত পদের ফি ৩৩৬ টাকা এবং ঘ শ্রেণিভুক্ত পদের ফি ১১২ টাকা।

♦  নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এই ওয়েব লিংকে : http://biman.gov.bd/site/view/jobs

ভোটিং মেশিন বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প

নির্বাচনে পরাজয়ের পর ডোনাল্ড ট্রাম্প মার্কিন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের ভোটিং মেশিন বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন। ন্যাশনাল আর্কাইভস এর প্রকাশ করা তথ্য সে কথাই বলছে। যুক্তরাষ্ট্রের মিডিয়া গ্রুপ পলিটিকো এ সংক্রান্ত দলিল হাতে পেয়েছে।

বিস্ফোরক এ নথি প্রমাণ করছে মার্কিন জনগণ জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়ায় তাদের ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতা আঁকড়ে থাকতে ট্রাম্প চরম পদক্ষেপ নিতে ইচ্ছুক ছিলেন।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সমর্থকরা এ নির্বাচনের ফল চূড়ান্ত করার সময় কংগ্রেস ভবনে নজিরবিহীন হামলা পর্যন্ত চালায়।

ন্যাশনাল আর্কাইভস এর প্রকাশ করা তথ্যে বলা হয়েছে, নির্বাচনে পরাজয়ের কয়েক সপ্তাহের মধ্যে হোয়াইট হাউসের একটি খসড়া নির্বাহী আদেশে ট্রাম্প দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ভোটিং মেশিন বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন।

১৬ ডিসেম্বর, ২০২০ তারিখের আদেশটিতে জব্দ করা মেশিন থেকে কোনও জালিয়াতির নমুনা পেলে অভিযোগ আনার জন্য বিশেষ পরামর্শক নিয়োগ করার কথা বলা হয়েছিল। তবে এতে ট্রাম্প আর স্বাক্ষর করেননি।

সুপ্রিম কোর্ট যেসব দলিলপত্রের প্রকাশ ঠেকানোর জন্য ট্রাম্পের আবেদন প্রত্যাখ্যান করেছেন এ দলিলটি তার অন্যতম। আদালতের নির্দেশের পরে ২০২১ সালের জানুয়ারিতে কংগ্রেস ভবনে হামলার তদন্তকারী প্রতিনিধি পরিষদের সিলেক্ট কমিটির কাছে সাড়ে সাতশর বেশি রেকর্ড হস্তান্তর করা হয়।
সূত্র: এএফপি।

নওমুসলিম নারীর প্রথম মদিনা সফরের অভিজ্ঞতা

মদিনা সফর হজ ও ওমরাহর অপরিহার্য অংশ নয়। তবু প্রত্যেক মুমিন হজ-ওমরাহর সময় মদিনা সফর করে, মহানবী (সা.)-এর মসজিদ ও তাঁর পবিত্র রওজা জিয়ারত করে, সেখানে নামাজ ও ইবাদতে অংশগ্রহণ করে। মদিনার প্রতি এই ভালোবাসা মহানবী (সা.)-এর দোয়ার প্রতিফল। তিনি দোয়া করেন, ‘হে আল্লাহ, আমাদের মদিনার ভালোবাসা দান করুন।

যেমন আমরা ভালোবাসি মক্কাকে অথবা তার চেয়ে বেশি ভালোবাসা দান করুন। হে আল্লাহ আমাদের ‘সা’ ও ‘মুদে’ (পরিমাপ বিশেষ) বরকত দান করুন এবং মদিনাকে আমাদের জন্য স্বাস্থ্যকর বানিয়ে দিন। এর জ্বরের প্রকোপ বা মহামারিকে জুহফায় স্থানান্তরিত করে দাও। ’ (সহিহ বুখারি, হাদিস : ১৮৮৯)
আয়েশা রোজালি একজন ব্রিটিশ নারী। তিনি তিন বছর আগে ইসলাম বিষয়ে গবেষণা শুরু করেন এবং এরপর ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। সম্প্রতি তিনি পবিত্র মদিনা নগরী সফর করেন এবং সামাজিক মাধ্যম ইউটিউবে নিজের প্রথম মদিনা সফরের অভিজ্ঞতা তুলে ধরেন।

তিনি বলেন, ‘ভাবতেই আবেগে আপ্লুত হয়ে যেতে হয় যে আমি মহানবী (সা.)-এর মসজিদের আঙিনায় দাঁড়িয়ে আছি। হে আল্লাহ, সত্যিই কী আমার এই সৌভাগ্য অর্জিত হলো! সত্যি বলতে, এখানে উপস্থিত হতে পারা আবেগে বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এখানে সারা পৃথিবী থেকে লাখ লাখ মুসলিম উপস্থিত হয়েছে। হয়তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অনেকে মদিনা জিয়ারতে আমার চেয়ে বেশি যোগ্য। কিন্তু আলহামদুলিল্লাহ! আমি এখানে উপস্থিত হতে পেরেছি। আমার ইচ্ছা হয়, আমি আমাদের সবাইকে এখানে নিয়ে আসি। কেননা আমাদের মধ্যে অনেকে কোরআনের হাফিজ, অনেকেই আমার চেয়ে ইসলামের জন্য বেশি কাজ করছেন এবং বহুজন আমার চেয়ে বেশি যোগ্য। আমি দোয়া করি, আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই যেন এখানে আসতে পারেন। কেননা মদিনা সত্যিই মুগ্ধ হওয়ার মতো স্থান।

মদিনা নগরীকে মদিনাতুল মুনাওয়ারা (আলোকিত শহর), মদিনাতুন নুর (আলোর শহর), মদিনাতুন নবী (নবীর শহর) ও মদিনা তাইয়িবাহ (পবিত্র শহর) বলা হয়ে থাকে। এখানে মহানবী (সা.)-এর জীবনের শেষ ১০টি বছর কাটিয়েছেন। এখানে তাঁর হাতে গড়া মসজিদ, তাঁর রওজায়ে আতহার, স্মৃতিধন্য বহু স্থান আছে। মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করলে সাধারণ মসজিদ থেকে নামাজ আদায় করা থেকে এক হাজার গুণ বেশি সওয়াব লাভ হয়। এ ছাড়া মহানবী (সা.) মদিনা নগরীর বরকত ও নিরাপত্তার জন্য দোয়া করেছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, ‘হে আল্লাহ, মক্কায় যতটুকু বরকত রয়েছে, মদিনায় তার দ্বিগুণ বরকত দাও। ’ (সহিহ মুসলিম, হাদিস : ৩৩৯২)

অন্য হাদিসে তিনি বলেন, ‘মদিনার পথে-প্রান্তরে রয়েছে (প্রহরী) ফেরেশতারা, (তাই) এখানে মহামারি ও দাজ্জাল প্রবেশ করতে পারবে না। ’ (সহিহ বুখারি, হাদিস : ১৮৮০)

অ্যাবাউট ইসলাম অবলম্বনে

যেভাবে জান কবজ হয়

প্রতিটি প্রাণীই মরণশীল। সবাইকে এই পৃথিবী ছেড়ে পরকালে পাড়ি জমাতে হবে। সেই পরকালের যাত্রা কেমন হবে, তা নির্ভর করবে তাদের দুনিয়ার কর্মের ওপর। যদি আল্লাহর মুমিন বান্দা হয় এবং নেক আমল করে থাকে, তাহলে পরকালের যাত্রা হবে রাজকীয়; আর যদি অবিশ্বাসী হয়, তাহলে পরকালের যাত্রাও হবে অত্যন্ত কষ্টদায়ক ও অপমানজনক।

 

পরকালীন যাত্রার বর্ণনা দিতে গিয়ে বারা ইবনে আজেব (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘যখন কোনো ঈমানদার বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যাত্রা করে, তখন আকাশ থেকে তার কাছে ফেরেশতা আসে। তাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল। তাদের সঙ্গে থাকবে জান্নাতের কাফন ও সুগন্ধি। তারা তার চোখ বন্ধ করা পর্যন্ত তার কাছে বসে থাকবে। মৃত্যুর ফেরেশতা এসে তার মাথার কাছে বসবে। সে বলবে, হে সুন্দর আত্মা, তুমি আল্লাহ তাআলার ক্ষমা ও তার সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। আত্মা বেরিয়ে আসবে, যেমন বেরিয়ে আসে পান-পাত্র থেকে পানির ফোঁটা। সে আত্মাকে গ্রহণ করে এক মুহূর্তের জন্যও ছাড়বে না। অতঃপর তাকে জান্নাতের কাফন পরাবে ও সুগন্ধি লাগাবে। পৃথিবীতে যে মিশক আছে, তা তার চেয়ে বেশি সুগন্ধি ছড়াবে। (তারপর) তাকে নিয়ে তারা (ফেরেশতারা) আসমানের দিকে যেতে থাকবে। আর ফেরেশতাদের প্রতিটি দল বলবে, কে এই পবিত্র আত্মা? তাদের প্রশ্নের জবাবে তারা তার সুন্দর নাম নিয়ে বলবে যে অমুকের ছেলে অমুক। এভাবে প্রথম আসমানে চলে যাবে। তার জন্য প্রথম আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে। এভাবে প্রতিটি আসমান অতিক্রম করে যখন সপ্তম আসমানে যাবে তখন মহান আল্লাহ বলবেন, ‘আমার বান্দার আমলনামাটা ইল্লিয়িনে লিখে দাও। আর আত্মাটা দুনিয়াতে তার দেহের কাছে পাঠিয়ে দাও। ’ এরপর কবরে প্রশ্নোত্তরের জন্য দুজন ফেরেশতা আসবে। তারা প্রশ্ন করবে, তোমার রব কে? সে বলবে আমার রব আল্লাহ। তারা প্রশ্ন করবে, তোমার দ্বিন কী? সে জবাব দেবে, আমার দ্বিন ইসলাম। তারা প্রশ্ন করবে এই ব্যক্তিকে চেনো, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে? সে জবাবে বলবে, সে আল্লাহর রাসুল। তারা বলবে, তুমি কিভাবে জানলে? সে জবাবে বলবে, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি। তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। তাকে সত্য বলে স্বীকার করেছি। তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে, ‘আমার বান্দা অবশ্যই সত্য বলেছে। তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। তার কবর থেকে জান্নাতের একটি দরজা খুলে দাও। ’

জান্নাতের সুঘ্রাণ ও বাতাস আসতে থাকবে। যত দূর চোখ যায় তত দূর কবর প্রশস্ত করে দেওয়া হবে। তার কাছে সুন্দর চেহারার সুন্দর পোশাক পরিহিত সুগন্ধি ছড়িয়ে এক ব্যক্তি আসবে। সে তাকে বলবে, তুমি সুসংবাদ নাও। সুখে থাকো। দুনিয়াতে এ দিনের ওয়াদা দেওয়া হচ্ছিল তোমাকে। মৃত ব্যক্তি সুসংবাদদাতা এ ব্যক্তিকে সে জিজ্ঞেস করবে, তুমি কে? সে জবাবে বলবে, আমি তোমার নেক আমল (সৎকর্ম)। তখন সে বলবে, হে আমার রব, কিয়ামত সংঘটিত করুন! হে আমার রব! কিয়ামত সংঘটিত করুন!! যেন আমি আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে যেতে পারি। আর যখন কোনো কাফির দুনিয়া থেকে বিদায় হয়ে আখিরাতপানে যাত্রা করে তখন তার কাছে কালো চেহারার ফেরেশতা আগমন করে। তার সঙ্গে থাকে চুল দ্বারা তৈরি কষ্টদায়ক কাপড়। তারা চোখ বুজে যাওয়া পর্যন্ত তার কাছে বসে থাকে। এরপর আসে মৃত্যুর ফেরেশতা। তার মাথার কাছে বসে বলে, হে পাপিষ্ট আত্মা, বের হয়ে আল্লাহর ক্রোধ ও গজবের দিকে চলো। তখন তার দেহে প্রচণ্ড কম্পন শুরু হয়। তার আত্মা টেনে বের করা হয়, যেমন আর্দ্র রেশমের ভেতর থেকে লোহার ব্রাশ বের করা হয়। যখন আত্মা বের করা হয় তখন এক মুহূর্তের জন্যও ফেরেশতা তাকে ছেড়ে দেয় না। সেই কষ্টদায়ক কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে ধরে। তার লাশ পৃথিবীতে পড়ে থাকে। আত্মা নিয়ে যখন ওপরে উঠে তখন ফেরেশতারা বলতে থাকে কে এই পাপিষ্ট আত্মা? তাদের জবাবে তার নাম উল্লেখ করে বলা হয় অমুক, অমুকের ছেলে। প্রথম আসমানে গেলে তার জন্য দরজা খোলার অনুরোধ করা হলে দরজা খোলা হয় না। …অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তার আমলনামা সিজ্জিনে লিখে দাও, যা সর্বনিম্ন স্তর। এরপর তার আত্মাকে পৃথিবীতে নিক্ষেপ করা হবে। … এরপর তার দেহে তার আত্মা চলে আসবে। দুজন ফেরেশতা আসবে। তাকে বসাবে। এরপর তাকে একইভাবে প্রশ্ন করা হবে, তোমার রব কে? তোমার ধর্ম কী? এ ব্যক্তি কে, যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? সব প্রশ্নের জবাবে সে বলবে, হায়! হায়!! আমি জানি না। তখন আসমান থেকে এক আহ্বানকারী বলবে, সে মিথ্যা বলেছে। তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। জাহান্নামের একটি দরজা তার জন্য খুলে দাও। জাহান্নামের তাপ ও বিষাক্ততা তার কাছে আসতে থাকবে। তার জন্য কবরকে এমন সংকুচিত করে দেওয়া হবে, যাতে তার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে। তার কাছে এক ব্যক্তি আসবে, যার চেহার বিদঘুটে, পোশাক নিকৃষ্ট ও দুর্গন্ধময়। সে তাকে বলবে, যে দিনের খারাপ পরিণতি সম্পর্কে তোমাকে বলা হয়েছিল তা আজ উপভোগ করো। সে এই বিদঘুটে চেহারার লোকটিকে জিজ্ঞেস করবে, তুমি কে? সে বলবে, আমি তোমার অসৎকর্ম। এরপর সে বলবে, ‘হে রব, আপনি যেন কিয়ামত সংঘটিত না করেন। ’ (মুসনাদে আহমদ, হাদিস : ১৮৫৩৪ অবলম্বনে)

মহান আল্লাহ সবাইকে ঈমানি মৃত্যু দান করুন।

 

৭০ রানে অলআউট হয়ে সিরিজ হারল জিম্বাবুয়ে

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছিল সফরকারী জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় তারা। ২২ রানে জিম্বাবুয়ে জিতে জমিয়ে তুলে সিরিজটি। তবে সিরিজ জেতা হলো না ক্রেইগ আরভিনদের।

 

শেষ ওয়ানডেতে লড়াই করতে পারল না জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার ২৫৪ রানের জবাবে মাত্র ৭০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। পাল্লেকেলেতে ১৮৪ রানের বড় ব্যবধানে জিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিশ্চিত করল লঙ্কানরা।

এই ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে চার উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার জেফরি ভেন্ডারসে। তবে ম্যাচসেরার পুরস্কার উঠেছে ৫২ রানের ইনিংস খেলা চারিথ আসালাঙ্কার হাতে। সিরিজসেরা হয়েছেন পাথুম নিসাঙ্কা।

‘সহযোগিতা পেলে এখান থেকেও সিদ্দিকুরের মতো খেলোয়াড় উঠে আসবে’

চট্টগ্রামের ভাটিয়ারী গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে (বিজিসিসি) দুই দিনব্যাপী বসুন্ধরা গল্ফ কাপ টুর্নামেন্ট-২০২২ উদ্বোধন করা হয়েছে। ‘প্লে গলফ, লিভ লং’ স্লোগানে গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) সকালে টুর্নামেন্ট শুরু হয়। আজ শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকের এয়ার অফিসার কমান্ডিং এবং শাহীন গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুর রহমান। টুর্নামেন্টকে ঘিরে গলফ ক্লাব এলাকাকে দৃষ্টিনন্দন ব্যানার, ফেস্টুন, পতাকায় সাজানো হয়েছে বর্ণিল সাজে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের নেভাল এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক, বসুন্ধরা গ্রুপের ডিজিএম (জনসংযোগ) স্কোয়াড্রন লিডার (অব.) মোহাম্মদ গোলাম মোস্তফা, ম্যানেজার (জনসংযোগ) লেফটেনেন্ট (অব.) বিএন. আব্দুল মান্নান, এজিএম (ব্রান্ড কমিউনিকেশন, সেক্টর বি) সাইফুল ইসলাম রুবেল।

শাহীন গলফ ক্লাবের প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রথমবারের মতো ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে টুর্নামেন্ট স্পন্সর করায় বসুন্ধরা গ্রুপকে স্বাগত জানাই। এ ধরনের একটি বড় শিল্পগ্রুপ যখন সহযোগিতা করে তখন আশা করি বাংলাদেশে গল্ফের আরও উন্নতি হবে। আমি মনে করি, বসুন্ধরা গ্রুপ এ ধরনের টুর্নামেন্টের আয়োজন নিয়মিত করবে। গল্ফে আরও অনেক বড় অবদান রাখবে। নবীন গল্ফাররা উৎসাহিত হবে, টুর্নামেন্টে যোগদান করবে। আশা করি, বাংলাদেশ গলফে অনেক নাম করবে বিশ্বে।

বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক বলেন, এ আয়োজনের জন্য বসুন্ধরা গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানাই। বসুন্ধরা গ্রুপবাংলাদেশের স্বনামধন্য অনেক বড় প্রতিষ্ঠান। বসুন্ধরা গলফে এগিয়ে এসেছে, এটি অত্যন্ত সুখকর বিষয়। চট্টগ্রামে চারটি গল্ফ ক্লাব আছে। বেশি ভাইব্রেন্ট দুইটি ক্লাব- ভাটিয়ারি ও শাহীন গল্ফ ক্লাব। এখানে অনেক পুরনো গল্ফার আছেন যারা নিয়মিত আসেন। নতুন গল্ফার তৈরি হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী থেকে নতুন গল্ফাররা বেরিয়ে আসছেন। তবে অন্যান্য খেলার তুলনায় গল্ফের প্রচার কম। আরও বেশি হওয়া উচিত। স্পন্সরদের দায়িত্ব আছে। আন্তর্জাতিক মানের গল্ফার সিদ্দিকুর রহমানকে নিয়ে আমরা গর্ব করি। এখান থেকে তাঁর মতো গল্ফার বেরিয়ে আসবেন আশা করি। এর জন্য পৃষ্ঠপোষকতা দরকার। বসুন্ধরার মতো সবাই এগিয়ে আসবে এ প্রত্যাশা করি।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন, করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ গল্ফ ফেডারেশনের নির্দেশনা, গাইডলাইন দিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে টুর্নামেন্ট হচ্ছে।

গলফ ব্যয়বহুল খেলা। প্রচুর সময় দেওয়ার প্রয়োজন হয় যদি পেশাদার হতে হয়। নতুন খেলোয়াড় উঠে আসছে কেডি অ্যান্ড বলবয় থেকে। ভালো ভালো প্লেয়ার উঠে আসছে। ভারত, পাকিস্তান, ঢাকায়ও কেডি বয় থেকে ভালো প্লেয়ার উঠে আসছে। এই জন্য পৃষ্ঠপোষকতা দরকার। আশা করি, সরকারি-বেসরকারি আর্থিক সহযোগিতা পেলে ক্রিকেট ফুটবলের মতো গল্ফেও ভালো করতে পারবে বাংলাদেশ।

আজ বেলা ২টায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্টে নারী, পুরুষ ও জুনিয়র মিলে ২২২ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এর মধ্যে ১৩ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন।

বন্ধুকে নিয়ে শিমুকে হত্যা করেন নোবেল

অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ডে তাঁর স্বামী খন্দকার সাখাওয়াত আলী নোবেলের সঙ্গে ছিলেন তাঁর বাল্যবন্ধু এস এম ওয়াই আব্দুল্লাহ ফরহাদ। দুজনে মিলে শিমুকে হত্যা করেন। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তাঁরা হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গতকাল শুক্রবার সংশ্লিষ্ট আদালতের পরিদর্শক মেজবাহ উদ্দিন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে নোবেল এবং মিশকাত শুকরানার আদালতে ফরহাদের জবানবন্দি রেকর্ড করা হয়। রিমান্ডের দ্বিতীয় দিন আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা।
নোবেল ও ফরহাদকে তিন দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল কেরানীগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ। এতে জানানো হয়, দুজন মিলেই অভিনেত্রী শিমুকে হত্যা করেছেন বলে রিমান্ডেও স্বীকার করেছেন।

এর আগে পুলিশ বলেছিল, দাম্পত্য কলহের জেরে নোবেল ঝগড়ার এক পর্যায়ে শিমুকে গলা চেপে ধরেন। এতে তাঁর মৃত্যু হয়। পরে বাল্যবন্ধু ফরহাদকে ডেকে এনে মরদেহ গাড়িতে তুলে দুজন মিলে সাভার, আশুলিয়া ও মিরপুর বেড়িবাঁধের দিকে ফেলার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে বাসায় ফিরে আসেন। পরে সন্ধ্যার দিকে আবার বের হন, কেরানীগঞ্জে গিয়ে মরদেহ ফেলে আসেন তাঁরা। সেখান থেকে ফিরে শিমুর বোনকে সঙ্গে নিয়ে কলাবাগান থানায় নিখোঁজের জিডি করেন নোবেল।

তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে নতুন তথ্য পাওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, ‘নোবেলের বাল্যবন্ধু ফরহাদ ঢাকার একটি মেসে থাকেন। তাঁর তেমন উপার্জন নেই। কয়েক দিন পরপরই তিনি খুব সকালে নোবেলের বাসায় গিয়ে টাকা-পয়সা নিতেন। ঘটনার দিন গত রবিবার সকালেও তিনি নোবেলের রাজধানীর গ্রিনরোডের বাসায় যান। এক পর্যায়ে শিমুর সঙ্গে নোবেলের ঝগড়া হয়। তখন নোবেলের সঙ্গে ফরহাদও তাঁকে হত্যায় সহায়তা করেন। ওই সময় বাসার অন্য ঘরে নোবেল-শিমুর সন্তানরা ঘুমিয়ে ছিল। তারা তখন কিছু টের পায়নি বলে স্বজনরা জানিয়েছিল। ’

কী নিয়ে নোবেল ও শিমুর মধ্যে পারিবারিক কলহ ছিল—এমন প্রশ্ন করা হলে পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবীর তা এড়িয়ে বলেন, নোবেল ও ফরহাদ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ বিষয়ে পুলিশ আরো বিস্তারিত তদন্ত করছে।

এর আগে গত সোমবার কেরানীগঞ্জ থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে চিত্রনায়িকা শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই দিন রাতে তাঁর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নাম-পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন কেরানীগঞ্জ মডেল থানায় নোবেল ও তাঁর বন্ধু ফরহাদের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন শিমুর ভাই হারুনুর রশীদ।

মধ্যরাতে সারোগেসির মাধ্যমে মা হওয়ার খবর দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কন্যা সন্তানের মা হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাতে ইনস্টাগ্রামে এক পোস্টে খবরটি জানান প্রিয়াঙ্কা।

ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা লিখেছেন, সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা সারোগেট পদ্ধতিতে সন্তানকে স্বাগত জানিয়েছি।

তিনি আরো লিখেছেন, এই বিশেষ সময়ে আমরা বিনীতভাবে সবার শুভ কামনা চাই; যেন পরিবারকে আরও বেশি সময় দিতে পারি।

সবাইকে অনেক ধন্যবাদ।
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দম্পতির নবজাতক কন্যা বর্তমানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে রয়েছে।
সূত্র: এনডিটিভি।