বুধবার ,১০ জুন, ২০২৬
sbacbank
Home Blog Page 500

অবশেষে অনশন ভাঙলেন শাবির আন্দোলনকারী শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের আমরণ অনশন ভাঙালেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার সহধর্মিণী অধ্যাপক ইয়াসমিন হক।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে অনশন ভেঙেছেন তারা। ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের সঙ্গে হাসপাতাল থেকে এসে অনশন ভেঙেছেন অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরাও।

তবে শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন চলমান থাকবে।

এর আগে ভোরে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে অধ্যাপক ড. জাফর ইকবাল শিক্ষার্থীদের অনশন ভাঙার প্রস্তাব দেন। শিক্ষার্থীরা তার অনুরোধে অনশন স্থগিতের সিদ্ধান্ত নেন।

যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন অনশনকারীদের মুখপাত্র শাহরিয়ার আবেদিন।

এর আগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সিলেটে পৌঁছান অধ্যাপক ড. জাফর ইকবাল ও ইয়াসমীন হক। রাত পৌনে ৪টায় ক্যাম্পাসে পৌঁছেই সরাসরি চলে যান অনশনস্থলে। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন।

শিক্ষার্থীরা পুরো ঘটনা খুলে বলার পর তিনি তাদের জানান, সরকারের কাছে আন্দোলনের সঠিক তথ্য নেই। তিনি সরকারের কাছে তাদের প্রকৃত তথ্য তুলে ধরবেন।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে তিনি শিক্ষার্থীদের অনশন ভাঙার প্রস্তাব দেন। শিক্ষার্থীরা তার অনুরোধে অনশন স্থগিতের সিদ্ধান্ত নেন। শিক্ষার্থীরা বাকি অনশনকারীদের হাসপাতাল থেকে অনশনস্থলে আনার জন্য সকাল ৮টা পর্যন্ত সময় চান।

এ সময় আন্দোলনে সহায়তার জন্য পাঁচ সাবেক শিক্ষার্থীর গ্রেফতারের কথা শুনে জাফর ইকবাল আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে ১০ হাজার টাকার একটি খাম তুলে দিয়ে বলেন, এখন ওরা যেন তাকেও গ্রেফতার করে।

এ ছাড়া অনশনস্থলে চিকিৎসা সেবা তুলে নেওয়ার কথা শুনে ড. জাফর ইকবাল বলেন, যেখানে শিক্ষার্থীরা অনশন করে মৃত্যুর দিকে যাচ্ছে, সেখান থেকে যারা চিকিৎসাসেবা প্রত্যাহার করেছে, তারা আসলে শিক্ষার্থীদের হত্যার পরিকল্পনা করেছিল।

তিনি সরকারের ওপর মহলে এসব অভিযোগ তুলে ধরবেন বলে জানান। সকাল ৬টার দিকে অনশনস্থল ত্যাগ করলে শিক্ষার্থীদের দেওয়া সময় অনুযায়ী সকাল ৮টায় আবারও অনশনস্থলে আসেন ড. জাফর দম্পতি। তবে তখনও হাসপাতাল থেকে বাকি ২০ অনশনকারী সেখানে পৌঁছাননি।

এদিকে আলোচনার পর আন্দোলনকারীদের মুখপত্র শাহরিয়ার আবেদিন যুগান্তরকে জানান, জাফর স্যার, ম্যাডাম তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি সরকারকে বলবেন। তাদের প্রতি সম্মান জানিয়ে অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান শাহরিয়ার আবেদিন। তবে উপাচার্য পদত্যাগের দাবিতে তাদের আন্দোলন চলমান থাকবে।

প্রসঙ্গত আন্দোলনে অর্থ জোগানের অভিযোগে শাবিপ্রবির সাবেক ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বিকালে সিলেট মহানগর পুলিশের কাছে হস্তান্তরের পর রাতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে ঢাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই ৫ জনকে সিলেট পুলিশের কাছে হস্তান্তর করে।

মামলার পর তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।

গ্রেফতার সাবেক পাঁচ শিক্ষার্থী হলেন— হাবিবুর রহমান খান (২৬), রেজা নুর মুইন (৩১), এএফএম নাজমুল সাকিব (৩২), একেএম মারুফ হোসেন (২৭), ফয়সাল আহমেদ (২৭)।

ছোট পোশাক পরে এবার ট্রোলের শিকার রাশমিকা

বলিউড তারকাদের ছবি তোলার জন্য এয়ারপোর্ট অপেক্ষায় থাকেন ফটো সাংবাদিকরা। কে কোথায় যাচ্ছেন আর কী পরে যাচ্ছেন, সেটি সবাই জানতে উৎসুক থাকেন। আর তাদের পোশাকে ঠিক কতটা ফ্যাশন বা স্টাইল স্টেটমেন্ট ধরা পড়ে সেটিও একটি আলোচনার বিষয় হয়ে ওঠে।

আগে এসব গুঞ্জন চাপা পড়ে যেত। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার কারণে এটিই সহজে ভাইরাল হয়ে যায়। এবার ছোট পোশাক পরে ট্রোলের শিকার হলেন পুষ্পার নায়িকা রাশমিকা মান্দানা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে— সম্প্রতি পুষ্পার নায়িকা রাশমিকা মান্দানা এয়ারপোর্ট লুকের জন্য ভয়ঙ্কর ট্রোলের মুখোমুখি হয়েছেন। কিছু দিন আগে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন। তিনি একটি ওভার সাইজড সোয়েট শার্ট আর ডেনিম শর্টস পরেছিলেন।

তবে তিনি পরেছিলেন কি? হ্যাঁ এখানেই সন্দেহ প্রকাশ করেছেন নেটিজেনরা। কারণ সেই শার্ট এতটাই শর্ট ছিল যে, সেটি চোখেই দেখা যাচ্ছিল না। পায়ে ছিল ফ্লিপ ফ্লপ, মাথায় লাইলাক রঙা টুপি আর কালো রঙের মাস্ক।

তবে এসব নিয়ে কোনো প্রশ্ন না উঠলেও তার ড্রেস দেখতে অত্যন্ত দৃষ্টিকটু লাগছিল। অনেকেই জানতে চেয়েছেন নায়িকা সত্যি কি ওটা পরেছিলেন!

রাশমিকার সময় এখন বেশ ভালো যাচ্ছে। আল্লু অর্জুনের বিপরীতে পুষ্পা দ্য রাইজ সুপার-ডুপার হিট হয়েছে।

ইনস্টাগ্রামে রাশমিকার এ ভিডিও ছড়িয়ে পড়ার পরই নানারকমের মন্তব্য আসতে শুরু করেছে। একজন নেটিজেন লেখেন— রাশমিকার কি ঠাণ্ডা লাগে না? আবার অন্য একজন মন্তব্য করেন যে উনি বোধহয় প্যান্ট পরতে ভুলেই গেছেন।

নিউজ এইটিনের খবরে বলা হয়, রাশমিকা একজন ভালো অভিনেত্রী হিসেবে নাম করেছেন। তাই এ রকম পোশাক পরে আলাদা করে আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়ার দরকার নেই বলে মনে করছেন নেটিজেনদের অনেকেই।

নেটফ্লিক্স-আমাজনের সঙ্গে আনুশকার ৪৬৫ কোটি টাকার চুক্তি

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মজ’-এর সঙ্গে আগামী ১৮ মাসে প্রায় আটটি সিনেমা ও সিরিজ নির্মাণের জন্য চুক্তি করেছে বিশ্বজুড়ে জনপ্রিয় দুই স্ট্রিমিং প্ল্যাটফরম নেটফ্লিক্স ও আমাজন।

৫৪ মিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৪৬৫ কোটি টাকা) চুক্তিটির চুক্তির বিস্তারিত আপাতত গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস।

শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ সিনেমায় অভিনয়ের পর থেকে সিনে পর্দায় নিজেকে গুটিয়ে রেখেছেন আনুশকা শর্মা। তবে নিজের প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মজ’ চালু রেখেছেন তিনি; যেটি ২০১৩ সালে ভাই কর্নেশ শর্মাকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন তিনি।

নেটফ্লিক্সের মুখপাত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দ্রুত এই প্রজেক্টের তিনটি কাজ তাদের প্ল্যাটফরমে দেখানো হবে। তবে এ প্রসঙ্গে কোনো তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে আমাজন।

তবে এই প্রজেক্টের একটি কাজ হচ্ছে ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনের গল্প নিয়ে আনুশকা শর্মা অভিনীত ‘চক্র এক্সপ্রেস’ সিনেমা, যেটির ব্যাপারে নেটফ্লিক্স এরই মধ্যে নিশ্চিত করেছে।

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই ক্যামেরার সামনে কাজ করা থেকে বিরতি নিয়েছিলেন আনুশকা। সোশ্যাল মিডিয়াতেও কম দেখা গেছে তাকে। ২০২১ সালে কন্যাসন্তান ভামিকা জন্মের পরও কাজে ফেরেননি তিনি। তবে এবার লম্বা বিরতির পর বিগ বাজেটের তিনটি সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন এ নায়িকা।

মাশরাফি ফিরলেন মাঠে ঢাকা ফিরল হারে

নাজমুল ইসলামের নাগিন-উদযাপন উধাও। এখন ‘পুষ্পা’ নিয়ে মেতে আছেন তিনি। মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে কাল ১৮ রানে চার উইকেট নিয়ে সিলেট সানরাইজার্সের বাঁ-হাতি লেগ-স্পিনার নাজমুল পুষ্পার নায়কের স্টাইল চারবার অনুকরণ করেন। ৪০২ দিন পর প্রথম মাঠে নামা মাশরাফি মুর্তজার ঢাকা অলআউট মাত্র ১০০ রানে। পরে ২১ রানে দুই উইকেট নিয়ে মাশরাফি বুঝতেই দেননি যে, বয়স বাড়ছে তার। মঙ্গলবার মিরপুরে বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেটের ওপেনার এনামুল হক বিজয়ের ৪৫ রানের ইনিংসের সহায়তায় ১৮ বল হাতে রেখে সাত উইকেটে জেতে সিলেট। দুই ম্যাচে এটি তাদের প্রথম জয়। চার ম্যাচে ঢাকার এটি তৃতীয় হার। আগেরদিন ঢাকা প্রথম জয় পেয়েছিল বরিশালের বিপক্ষে। ম্যাচ শেষে নাজমুল জানান, ‘পুষ্পা সিনেমার নায়ক চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, আমারও চ্যালেঞ্জ নেওয়া পছন্দের।’

২০২০ সালে জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার পর ঘরোয়া ক্রিকেটে এখনো বেঁচেবর্তে আছেন মাশরাফি। ওই বছর ১৮ ডিসেম্বর জেমকন খুলনার হয়ে বঙ্গবন্ধু টি ২০ কাপের ফাইনালে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। এরপর মাঠে নামলেন কাল। তার ফেরা ম্যাচে ফের হারল ঢাকা। মিরপুরে দিনের প্রথম ম্যাচে ১০০-র বেশি রান হলেই ভালো স্কোর মনে করা হয়। কিন্তু কাল ম্যাচ হারার পর ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, ‘উইকেট খুবই ভালো ছিল। এ নিয়ে অভিযোগ করার কিছু নেই।’

টস হেরে ব্যাট করতে নামা ঢাকার টপঅর্ডার এ দিনও ফ্লপ। জাতীয় দলের ওপেনার মোহাম্মদ নাঈম ৩০ বলে ১৫ রান করেন। তামিম ইকবাল পাঁচ বলে তিন রান। মাহমুদউল্লাহ ৩৩, শুভাগত ২১। ম্যাচসেরা নাজমুলের চারটি ছাড়া পেসার তাসকিন আহমেদ তিন এবং সোহাগ গাজী দুটি উইকেট নেন। একটি উইকেট পান সিলেট অধিনায়ক মোসাদ্দেক।

লেন্ডল সিমন্স ও এনামুল হক বিজয়ের সহজ ক্যাচ মিস করে ঢাকা। সিমন্সকে ফিরিয়ে মাশরাফি দলকে প্রথম উইকেট এনে দেন। ক্যাচ মিসের পর মোহাম্মদ মিঠুনকে ফেরান হাসান মুরাদ। জয় থেকে এক রান দূরে থাকতে আউট হন এনামুল। ছক্কা মেরে দলের জয়ের সঙ্গে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করতে চেয়েছিলেন এনামুল (৪৫ বলে ৪৫)। সেটি হয়নি।

সংক্ষিপ্ত স্কোর

মিনিস্টার গ্রুপ ঢাকা ১০০/১০, ১৮.৪ ওভারে (মোহাম্মদ নাঈম ১৫, মাহমুদউল্লাহ ৩৩, শুভাগত হোম ২১, রুবেল হোসেন ১২। তাসকিন আহমেদ ৩/২২, সোহাগ গাজী ২/১৭ নাজমুল ইসলাম ৪/১৮)।

সিলেট সানরাইজার্স ১০১/৩, ১৭ ওভারে (লেন্ডল সিমন্স ১৬, এনামুল হক ৪৫, মোহাম্মদ মিঠুন ১৭, কলিন ইনগ্রাম ২১*। মাশরাফি মুর্তজা ২/২১)।

ফল : সিলেট সানরাইজার্স

৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : নাজমুল ইসলাম (সিলেট)।

বাবা হলেন যুবরাজ

ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং বাবা হয়েছেন। ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার এবং তার স্ত্রী অভিনেত্রী স্ত্রী হ্যাজেল কিচ মঙ্গলবার এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার যুবরাজ নিজেই টুইটারে পোস্ট করে এ তথ্য জানান।

টুইটবার্তায় যুবরাজ লিখেছেন, আমি আমার সব ভক্ত, বন্ধু এবং পরিবারের সবাইকে একটা খবর জানাতে চাই। সেটা হচ্ছে আমাদের পরিবারে এক পুত্রসন্তান এসেছে। আমরা আনন্দিত হয়ে এ খবর জানাচ্ছি। আমাদের আশীর্বাদ করার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।

তবে সদ্যজাত সন্তানের কোনো ছবি দেননি যুবরাজ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, টুইটারে তাদের গোপনীয়তা বজায় রাখতেও সবাইকে অনুরোধ করেন যুবরাজ। তিনি লিখেছেন- এই শিশুকে পৃথিবীতে আমরা স্বাগত জানাচ্ছি। আশা করব, সবাই এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন।

যুবরাজের এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অফুরন্ত শুভেচ্ছায় সিক্ত করেন তার অনুরাগীরা।

২০১৬ সালের ডিসেম্বরে বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচকে বিয়ে করেছিলেন যুবরাজ সিং।

মহাসড়কের পাশে চারকোল কারখানা, ধোঁয়ায় চরম দুর্ভোগ

রাজবাড়ী সদর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে গড়ে তোলা অবৈধ দুটি চারকোল কারখানার (পাটখড়ির ছাই থেকে কার্বন তৈরির কারখানা) ছাই ও কালো ধোঁয়ায় মারাত্মকভাবে পরিবেশ দূষিত হচ্ছে।

আর এ পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব পড়ছে স্থানীয় বাসিন্দাদের ওপর। শ্বাসকষ্ট, অ্যাজমা ও হাঁপানিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়োবৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ। একই কারণে কমছে ফসলি জমির উৎপাদনও।

সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের দর্পনারায়ণপুর গ্রামে দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কের পাশে এবং খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গড়ে তোলা হয়েছে পৃথক দুটি চারকোল কারখানা। এসব কারখানায় পাটখড়ির ছাই থেকে তৈরি করা কার্বন চীনে রফতানি করা হয়।

জানা গেছে, এজেন্টের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে কিনে আনা হয় পাটখড়ি। এর পর সেগুলো বিশেষ চুল্লিতে লোড করে আগুন জ্বালানো হয়। ১০-১২ ঘণ্টা জ্বালানোর পর চুল্লির মুখ বন্ধ করে দেওয়া হয়। চুল্লি জ্বালানোর সময় কারখানা থেকে প্রচুর ধোঁয়া নির্গত হয়। এই ধোঁয়াতেই মারাত্মকভাবে পরিবেশ দূষিত হয়।

দর্পনারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. মজিবর শেখ জানান, কার্বন তৈরির কারখানা থেকে নির্গত ধোঁয়ায় আশপাশের আকাশ কালো হয়ে যায়। ধোঁয়ার কারণে রাতে ঘরে থাকা যায় না। ঘরে থাকলেও চোখ জ্বলে। দূষিত ধোঁয়ার কারণে শিশু ও বয়োবৃদ্ধসহ বিভিন্ন বয়সি মানুষ শ্বাসকষ্ট, অ্যাজমা ও হাঁপানিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

একই গ্রামের মো. ইমরান হোসেন জানান, ধোঁয়ার সঙ্গে বিভিন্ন ক্ষতিকারক পদার্থ থাকে। এসব পদার্থ বাতাসের সঙ্গে মিশে গাছপালায় লাগে। এতে এলাকার গাছপালায় কোনো ফল হয় না। আমের মৌসুমেও গাছে মুকুলের দেখা পাওয়া যায় না। রাতে ঘরে শুয়ে থাকলে সকালে কাশির সঙ্গে ছাই বের হয়।

মো. আলম শেখ জানান, এ কারখানার কারণে আশপাশের এলাকার ফসলি জমিরও উৎপাদন কমে গেছে। কৃষকরা জমিতে সার ও কীটনাশক ব্যবহার করেও ফলন বাড়তে পারছেন না। তারা চান দ্রুত এই কারখানাটি এখান থেকে অপসারণ করা হোক।

রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আব্দুর রহমান যুগান্তরকে জানান, বেশি পরিমাণ কার্বন নিঃসৃত হলে বাতাসের সঙ্গে কার্বন অনুগুলো মিশে এলাকায় ছড়িয়ে পড়ে। এতে শিশু ও গর্ভবতী মায়েদের ওপর বিরূপ প্রভাব পড়ে। এছাড়া শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানিসহ ফুসফুসে দীর্ঘমেয়াদী রোগ এবং বিভিন্ন প্রকার চর্ম রোগের আশঙ্কা থাকে।

পরিবেশ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) এএইচএম রাসেদ জানান, রাজবাড়ীর কোন চারকোল কারখানারই পরিবেশ অধিদফতারের ছাড়পত্র নেই। অবৈধভাবে গড়ে ওঠা এসব চারকোল কারখানার বিরুদ্ধে দ্রুতই অভিযান চালানো হবে।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মার্জিয়া সুলতানা জানান, তিনি নতুন যোগদান করেছি যে কারণে চারকোল কারখানার বিষয়টি তার জানা নেই। কেউ অভিযোগ দিলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বিষয়টি নিয়ে কথা বলতে দর্পনারায়ণপুর গ্রামের চারকোল কারখানায় গেলে কারখানার ম্যানেজার মো. নাইম কোন কথা বলতে রাজী হননি। তিনি ঢাকায় অবস্থানরত মালিকের মোবাইল নম্বর দিয়ে তার সঙ্গে কথা বলতে বলেন। মালিক আতিকুর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের কারখানা পরিবেশবান্ধব। আমাদের পরিবেশ অধিদপপ্তরের ছাড়পত্রও রয়েছে। তবে সেটির মেয়াদ শেষ হয়ে গেছে। দ্রুত আমরা মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করব।’

অপরদিকে চর খানখানাপুর গ্রামের চারকোল কারখানায় গেলে সেখানে কর্মরত কেউ গেট খোলেননি। মালিক ইব্রাহীম সরদারের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে অগ্নিসংযোগ

কুমিল্লার মুরাদনগরে বাহার খান নামে এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

বুধবার ভোরে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দীঘির পাড় কলাবাগানে স্থাপিত আনারস প্রতীকের ওই প্রার্থীর অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ। এ ঘটনায় ওই ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, ভোর রাত সাড়ে ৩টার দিকে ৮-১০ জনের একদল দুর্বৃত্ত হঠাৎ ভাঙচুর শুরু করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ওই নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে।

আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বাহার খান বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ প্রার্থীরা বেশ কয়েকদিন ধরে আমাকে এবং আমার কর্মী-সমর্থকদের নানাভাবে হুমকি-ধামকি প্রদান করে আসছেন।তফসিল ঘোষণার পর থেকেই প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে আমি সুষ্ঠু নির্বাচন দাবি করে আসছি।

তিনি বলেন জনগণ যাকে ভোট দেবে ওই ভোটে যা ফলাফল আসবে আমি তাই মেনে নেব, তারপরও প্রতিপক্ষরা প্রতিনিয়তই আমার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ভয়-ভীতি প্রদর্শন এবং আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যেই প্রতিপক্ষের প্রার্থীদের পক্ষ থেকে এ কাজটি করা হয়ে থাকতে পারে বলে আমি ধারণা করছি।

এ বিষয়ে বাঙ্গরাবাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, অগ্নিসংযোগের ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। এ ব্যাপারে ভুক্তভোগী প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেলপথে উন্নতি ঘটিয়েই তুমুল জনপ্রিয়তা পান মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার মূল শক্তি রেলপথের উন্নয়ন। ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন মমতা।

ভারতীয় সংবাদমাধ্যম আজতাক পত্রিকার খবরে বলা হয়, একাধিকবার কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মমতা চালু করেছেন বহু নতুন ট্রেনI ২০০০ সালে প্রথম রেল বাজেট পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বজেটে পশ্চিমবঙ্গকে দেওয়া অনেক প্রতিশ্রুতিই পূরণ করেছিলেন তিনি। দ্বি-সাপ্তাহিক নয়া দিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের পাশাপাশি আরও ৪টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেন চালু করেন মমতা।

হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, শিয়ালদা-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, শালিমার-বাঁকুড়া এক্সপ্রেস এবং সাপ্তাহিক শিয়ালদা-অমৃতসর সুপারফাস্ট এক্সপ্রেস চালু করে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। কম টাকায় যাতায়াতের জন্য গরিব মানুষের জন্য রেলপথ খুবই জনপ্রিয়।

মমতা বন্দ্যোপাধ্যায় পুনে-হাওড়া আজাদহিন্দ এক্সপ্রেসের দিনসংখ্যাও বৃদ্ধি করেন তিনি। পর্যটনের উন্নয়নের জন্য দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে দুটি নয়া ইঞ্জিন চালু করেন মমতা।

খবরে বলা হয়, ২০০০ ও ২০০১ সালে নতুন মোট ১৯টি ট্রেন চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৯ সালে ফের রেলমন্ত্রী পদে আসীন হন মমতা। সেই বছর দেশের মোট ৫০টি স্টেশনকে আন্তর্জাতিক সুযোগসুবিধা সম্পন্ন বিশ্বমানের স্টেশনে উন্নীত করার সিদ্ধান্ত নেন তিনি। পাশাপাশি আরও ৩৭৫টি স্টেশনকে আদর্শ স্টেশন হিসেবে ঘোষণা করেন। তারই রেলমন্ত্রিত্বকালে যাত্রা শুরু হয় যুব এক্সপ্রেস ও দুরন্ত এক্সপ্রেসের।

মহিলা যাত্রীদের কথা ভেবে মমতার অভিনব পদক্ষেপ লেডিস স্পেশাল। ২০০৯ সালের ১৯ জুলাই লেডিস স্পেশাল চালু হয় হাওড়া-ব্যান্ডেল শাখায়। পরে শিয়ালদা-কল্যাণী, পানভেল-মুম্বই সিএসটি সহ গোটা দেশের বিভিন্ন শাখায় মহিলা স্পেশাল ট্রেন চালু হয়। এমনকি কাশ্মীরের অনন্তনাগ-কাদিগন্দ রেলওয়েও চালু হয় তারই উদ্যোগে। সবমিলিয়ে দেখতে গেলে দেশের রেলের ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এসব কারণে তিনি সাধারণ মানুষের কাছে তুমুল জনপ্রিয় নেত্রী হিসেবে আভির্ভূত হয়। পশ্চিমবঙ্গে তার জনপ্রিয়তার ধারেকাছেও কেউ নেই।

সব রুটে নতুন প্রযুক্তির অত্যাধুনিক এলএইচবি কোচ

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনের খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গে এবার রেল ভ্রমণ হতে যাচ্ছে আরও আরামপ্রদ। ক্রমান্বয়ে সরছে পুরনো আইসিএফ কোচ। জায়গা করে নিচ্ছে নতুন প্রযুক্তির এলএইচবি কোচ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৫ জানুয়ারি থেকে আপ ও ডাউন হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে যুক্ত হয়েছে এলএইচবি বগি। তার আগে ২৪ জানুয়ারি থেকে একই বগি যুক্ত হয়েছে হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেসে। একই দিনে একই সুবিধা শুরু হয়েছে আপ ও ডাউন হাওড়া-রাঁচি এক্সপ্রেস। আর আজ ২৬ জানুয়ারি থেকে এলএইচবি বগি নিয়ে চলবে হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা একলব্য চক্রবর্তী বলেন, ‘দূরপাল্লার ট্রেনে কোচ বদলানোয় আমরা অগ্রাধিকার দিচ্ছি। ধাপে ধাপে সব কোচ বদল হয়ে যাবে। আমরা যদিও আইসিএফ কোচের সমস্ত ধরণের রক্ষণাবেক্ষণে নজর দিচ্ছি।’

আধুনিক এ কোচগুলো ১৬০ কিমি/ঘণ্টা পর্যন্ত অপারেটিং গতির জন্য ডিজাইন করা হয়েছে। এটি সর্বোচ্চ ২০০ কিমি/ঘণ্টা গতিতে চলাচল করতে পারে। এই কোচগুলোর দৈর্ঘ্য ২৩.৫৪ মিটার এবং প্রস্থ ৩.২৪ মিটার, যার মানে প্রচলিত রেকের তুলনায় এদের রয়েছে উচ্চতর যাত্রীক্ষমতা।

এছাড়াও এসি চেয়ার কারের ভারী ওজন ৩৯.৫ টন ওজনের ছিল। এদেরকে ‘অ্যান্টি-টেলিস্কোপিক’ হিসাবে বিবেচনা করা হয়, যার অর্থ মুখোমুখি সংঘর্ষেও এরা উল্টিয়ে যাবে না বা ফ্লিপ করবে না।

পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুশিয়ারি বাইডেনের

রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ‘ব্যক্তি ভ্লাদিমির পুতিনের’ বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুশিয়ারি দেন। খবর আলজাজিরা ও বিবিসির।

বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা বিশ্বের জন্য বড় ধরনের বিপর্যয় বয়ে আনবে। ইউক্রেনে রাশিয়া হামলা চালালে তা হবে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ স্থল আগ্রাসন।

এদিকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তুত রাখতে ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন।

মঙ্গলবার পার্লামেন্টে তিনি বলেন, আমাদের কাছে নিষেধাজ্ঞার একটি কঠিন প্যাকেজ রয়েছে। আমরা দেখতে চাই আমাদের ইউরোপীয় বন্ধুরা সেই প্যাকেজটি মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, যদি রাশিয়ার দ্বারা ইউক্রেনে কোনো হামলা বা অনুপ্রবেশের ঘটনা ঘটে, তবে সঙ্গে সঙ্গে সেই নিষেধাজ্ঞার কঠিন প্যাকেজ রাশিয়ার ওপর আরোপ করা হবে।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার এক লাখের বেশি সেনা মোতায়েন থাকা সত্ত্বেও মস্কো এখন পর্যন্ত ইউক্রেনে আগ্রাসন চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে এসেছে। তবে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো দাবি করছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালাতে চান।

রাশিয়া বলছে, পূর্বদিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বিস্তার দেশটির জন্য হুমকি। ইউক্রেনকে যাতে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত করা না হয়, সে জন্য পাশ্চাত্যের কাছে নিরাপত্তার নিশ্চয়তাও চেয়েছে মস্কো। কিন্তু ন্যাটো জোটের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সাড়া না পেয়ে ইউক্রেন সীমান্তে লাখখানেক সৈন্য মোতায়েন করেছে রাশিয়া।

সূচকের ইতিবাচক ধারায় চলছে পুঁজিবাজারে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ইতিবাচক ধারায় চলছে লেনদেন।

এ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ১০টা ৫০ মিনিট পর্যন্ত ডিএসইয়ের সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৪৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫০৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক কোনো পয়েন্ট না বেড়ে অবস্থান করে ২৬১৩ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৫টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১০৫টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৬৯টির।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২১ পয়েন্ট কমে ২০ হাজার ৬৫৭ পয়েন্টে অবস্থান করছে।