শনিবার ,১৫ আগ, ২০২৬
sbacbank
Home Blog Page 372

আইনের ফাঁদে আল্লু অর্জুন

আইনের বাইরে নন ‘পুষ্পারাজ’ও। সিনেমায় ‘ম‍্যায় ঝুঁকেগা নেহি’ বলে হম্বিতম্বিই সার। বাস্তব জীবনে আইনের ফাঁদে পড়লেন সুপারস্টার আল্লু অর্জুনও। ট্রাফিক আইন ভাঙায় জরিমানার মুখে পড়তে হলো তাকে।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরও একবার প্রমাণিত হলো যে, বড় পর্দায় যা হয়, বাস্তবে সেটা নয়। নিয়ম ভাঙার মাসুল হিসেবে ৭০০ রুপি জরিমানাও গুণতে হয়েছে দক্ষিণী সুপারস্টারকে।

কেন? অর্জুনের দামি গাড়ির কালো কাচের জন্য, যা ভারতীয় প্রশাসনের নিয়মবিরুদ্ধ। এর পেছনে কারণও আছে। গাড়ির ভেতর কালো কাচের আড়ালে যাতে কোনো অনৈতিক কাজ কেউ করতে না পারেন, সে জন্যই প্রশাসনের পক্ষ থেকে এ ব্যবস্থা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল্লুর মতোই নিয়মনীতি ভেঙে বেশিরভাগ তারকা এখনও তাদের গাড়ির কাচ হয় কালো, নয় অন্য রঙের লাগান। দুটো কারণে। এক. এতে গাড়ির ভেতরের ঠাণ্ডা বাইরে যাবে না। গাড়ি চট করে গরম হবে না। দুই. বাইরের মানুষ বুঝতে পারবেন না, ভেতরে কোনো তারকা রয়েছেন কিনা।

বেশ কিছু দিন ধরেই বিষয়টি নজরে এসেছে হায়দরাবাদ পুলিশের। প্রশাসনিক পদক্ষেপ হিসেবে চোখে পড়লেই সঙ্গে সঙ্গে তারা রঙিন কাচ খুলে দিচ্ছেন। যত প্রভাবশালীই হোন না কেন, বিনাদ্বিধায় হাতে ধরিয়ে দিচ্ছেন জরিমানার চালান।

১১ বলে ৪ উইকেট হারিয়েও জিতল বেঙ্গালুরু

মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনায় ঠাসা এক ম্যাচ উপভোগ করলে আইপিএলপ্রেমীরা।

ম্যাচের চেহারা ক্ষণে ক্ষণে বদলিয়েছে। কখনো মনে হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিততে চলেছে। আবার কখনো মনে হয়েছে রাজস্থান রয়্যালসেই জয় নিশ্চিত।

এমন দোলাচলের ম্যাচে শেষ হাসি ফুটল বেঙ্গালুরুর মুখেই। প্রায় হেরে যাওয়া ম্যাচটি ৪ উইকেটে জিতে নিয়েছে ফাফ ডুপ্লেসির দল।

অথচ রাজস্থানের দেওয়া ৩ উইকেটে ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১ বলে ৪ উইকেট হারিয়ে ফেলে বেঙ্গালুরু।

সেখান থেকে দিনেশ কার্তিক ও শাহবাজ আহমেদের ৬৭ রানের জুটি দলকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। শাহবাজ যখন মাত্র ২৬ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কার মারে ৪৫ রানে আউট হন তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ বলে ১৬ রানের। যা পূরণ করা টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য মামুলি।

হার্সেল প্যাটেলকে নিয়ে সেই ১৬ রান ৫ বল বাকি থাকতেই করে ফেলেন দীনেশ কার্তিক।

মাত্র ২৩ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কার মারে ৪৪ রানে অপরাজিত থাকেন কার্তিক। হার্সেল করেন ৪ বলে ৯ রান।

দীনেশ-শাহবাজ জুটির আগে বিরাট কোহলি ৫ রানে ব্যাট করার সময় রানআউট হয়ে ফেরেন। ডেভিড উইলিকে রানের খাতাই খুলতে দেননি যুজবেন্দ্র চাহাল। শেফ্রেইন রাসফোর্ড ৫ রানে আউট হয়ে যান ট্রেন্ট বোল্টের পেসে।

তবে ওপেনিংয়ে অধিনায়ক ফাফ ডুপ্লেসি ও আনুজ রাওয়াত ছিলেন দুর্দান্ত। দুজনে ৭ ওভারে দুজনে ৫৫ রানের জুটি গড়েন। ৭ম ওভারের শেষে বলে ডুপ্লেসি ২৯ রানে আউট হলেই বেঙ্গালুরুর টপঅর্ডারে ধস নামে।

পরের ওভারে নবদ্বীপ সাইনির বলে আউট হয়ে ফেরেন ২৫ এল ২৬ রান করা আনুজ।

রাজস্থানের বোল্ট আর চাহাল ২টি করে উইকেট নিয়েছেন। নবদীপ সাইনি নিয়েছেন ১ উইকেট।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল রাজস্থান। কিন্তু এ ম্যাচে শুরুটা ভালো হয়নি তাদের। মাত্র ৪ রান যোগ করে ফিরে যান যশস্বী জয়সওয়াল। ঠিক ছন্দে না থাকলেও দলের হালটা এরপর ঠিকই ধরেন ইংলিশ তারকা জস বাটলার।

দেবদূত পাডিকালের সঙ্গে জুটি বাঁধেন তিনি। দুজন মিলে দলকে অনেকটা পথ এগিয়েও দেন। ২৯ বলে ২টি বাউন্ডারি আর ২টি ছক্কায় ৩৭ রান করে আউট হন পাডিক্কাল। হার্শল প্যাটেলের বলে আউট হন তিনি।

জয়সওয়ালের মতোই দ্রুত ফিরে যান রাজস্থানে অধিনায়ক সানজু স্যামসন। ৮ বলে ৮ রান করেন। এরপর বাটলারের সঙ্গী হন ক্যারিবীয় মারকুটে ব্যাটার শিমরন হেটমায়ার।

দুজনেই অপরাজিত থেকে নির্ধারিত ২০ ওভারে ১৬৯ রান তুলেন স্কোরবোর্ডে। ৪৭ বলে ৬ ছক্কা হাঁকিয়ে বাটলার করেন ৭০* রান। ৩১ বলে ৪ বাউন্ডারি আর ২টি ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন হেটমায়ার।

একটি করে উইকেট পেয়েছেন হাসারাঙ্গা, উইলি ও হার্সেল।

এবার ‘দ্য হান্ড্রেডেও’ দল পেলেন না সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাননি সাকিব আল হাসান। যেটি নিয়ে অনেক সমালোচনা সইতে হয়েছে দেশসেরা এই অলরাউন্ডারকে। এবার অবিক্রীত রয়ে গেলেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এও।

সোমবার এ টুর্নামেন্টের ড্রাফটের আয়োজন করা হয়। মঙ্গলবার প্রকাশিত হয় দল পাওয়া খেলোয়াড়দের তালিকা। এ তালিকায় নাম ছিল না সাকিবের।

টুর্নামেন্টটির দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক এক লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন তিনি। দেশসেরা এ অলরাউন্ডারের এমন নিয়তি অবশ্য নতুন নয়। সাকিব দ্য হান্ড্রেডের এর আগের দুই ড্রাফটেও দল পাননি। করোনা ভাইরাসের কারণে অবশ্য প্রথমবার ড্রাফট হওয়ার পরও মাঠে গড়ায়নি এ টুর্নামেন্টটি।

সাকিব অবশ্য একা নন। বাংলাদেশ থেকে আরও আট ক্রিকেটার নাম দিয়েছিলেন দ্য হান্ড্রেডের ড্রাফটে। দল পাননি কেউ-ই। সেই আট ক্রিকেটার হলেন— তামিম ইকবাল, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, আফিফ হোসেন, সাব্বির রহমান ও সৌম্য সরকার।

বিবিয়ানার ৪ কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসক্ষেত্রের বন্ধ হওয়া ছয়টি কূপের মধ্যে চারটি চালু হয়েছে। অপর দুটি কূপ সচল করতে কাজ করছেন প্রকৌশলীরা।

শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার একটি, মঙ্গলবার সকালে দুটি এবং সন্ধ্যায় আরও একটি কূপ চালু করা হয়েছে। এ নিয়ে বর্তমানে চারটি কূপ সচল রয়েছে। সচল হওয়া কূপ থেকে গ্যাস উৎপাদন অব্যাহত রয়েছে।

অবশিষ্ট দুটি কূপের উৎপাদন ফিরিয়ে আনার জন্য অভিজ্ঞ প্রকৌশলীরা কাজ করছেন। বৃহস্পতিবারের মধ্যে পাঁচ নম্বর কূপ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, রোববার সকালে হঠাৎ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসে। এ জন্য জরুরি ভিত্তিতে দুটি প্রসেস ট্রেন ও ছয়টি কূপের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ উৎপাদন বন্ধ হওয়ায় রোববার দুপুরের পর থেকে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ কমতে থাকে।

ইউপি চেয়ারম্যানের নির্যাতনের শিকার ফুটবলার আরিফ

কক্সবাজার জেলা ফুটবল দলের অন্যতম খেলোয়াড় মিজবাহ উদ্দিন আরিফের ওপর বর্বর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর ও তার ভাই হাবিবুল ইসলাম নয়নের বিরুদ্ধে।

আরিফের বাবা মাস্টার জাহাঙ্গীর আলম জানান, সোমবার রাত ১১টার দিকে ফুটবলার আরিফকে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় ধরে চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর এবং তার ভাই হাবিবুল ইসলামসহ আরও কয়েকজন ব্যাপক মারধর করে। চেয়ারম্যানের পক্ষে নির্বাচন না করার প্রতিশোধ এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে তাকে মারধর করা হয়। পরে আরিফকে বৈদ্যুতিক শক দেওয়ার জন্য ভয়ভীতি দেখায়। এতে আরিফের চোখ, হাত পাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হন।

এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে ডুলাহাজারাসহ জেলার সমস্ত ক্রীড়ামোদি সাধারণ মানুষের মাঝে।

এদিকে ফুটবলার আরিফের ওপর বর্বর হামলার কারণে ডুলাহাজারা ইউনিয়নের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের উপস্থিতিতে সব খেলাধুলা বর্জনের ঘোষণা দিয়েছে জেলা খেলোয়াড় সমিতিসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন।

এ ব্যাপারে জেলা খেলোয়াড় সমিতির সভাপতি ইকবাল মোহাম্মদ শামসুল হুদা টাইডেল বলেন, আরিফের ওপর হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ডুলাহাজারা ইউপি চেয়ারম্যানকে আমরা বর্জন ঘোষণা করেছি। তার উপস্থিতিতে কোনো ধরনের খেলাধুলায় অংশ নেবে না কোনো খেলোয়াড়।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ডিএফএ সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, কোষাধ্যক্ষ মাসুদ আলম, সদস্য খালেদ আজম বিপ্লবসহ অনেক কৃতী খেলোয়াড় উপস্থিত ছিলেন। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ঘটনার বিষয়ে অবগত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

স্থানীয়রা জানান, হাসানুল ইসলাম আদর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের নাম দিয়ে বালুভর্তি গাড়ি ও অন্যান্য পরিবহন থেকে নিয়মিত চাঁদা আদায় করছে। ইউপি চেয়ারম্যান কোনো নিয়মনীতি মানছে না। তার বেপরোয়া আচরণে অতিষ্ঠ এলাকাবাসী।

ওই ঘটনায় আরিফের পিতা জাহাঙ্গীর আলম বাদী হয়ে চকরিয়া থানায় এজাহার করেছেন।

চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর ফুটবলারকে মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি কোনো ফুটবলারকে মারধর করিনি। একটা জায়গায় জুয়ার আসরের কথা শুনে সেখানে অভিযান চালানো হয়েছে। এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ডুলাহাজারায় এক ফুটবলারের ওপর হামলার বিষয়ে এজাহার পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রুশ আগ্রাসনে ইউক্রেনে ১৮ সাংবাদিক নিহত

ইউক্রেনে রুশ আগ্রাসনে এ পর্যন্ত ১৮ সাংবাদিক নিহত এবং ১৩ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার ইউক্রেনের তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এ ছাড়া আরও তিনজন সাংবাদিক নিখোঁজ আছেন। অপহরণ করা হয়েছে ৮ সাংবাদিককে, এদের মধ্যে ৪ নারী সাংবাদিকও রয়েছেন। খবর আনাদোলুর।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক আগ্রাসন শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত হতাহত সাংবাদিকদের এ পরিসংখ্যান দেওয়া হয়।

ইউক্রেনে গণমাধ্যম নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ইনস্টিটিউট অব ম্যাস ইনফমেশন (আইএমআই) জানিয়েছে, রুশ বাহিনী ইউক্রেনে আগ্রাসনের প্রথম মাসেই সাংবাদিক ও গণমাধ্যমের ওপর ১৪৮ বার হামলা চালিয়েছে।

ইউক্রেনের আটটি অঞ্চলে ১০টি টিভি টাওয়ারসহ রেডিও সম্প্রচার দপ্তরে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। এ ছাড়া ৭০টি আঞ্চলিক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে।

রুশ বাহিনী গত মাসে স্কাই নিউজ টিমের একটি গাড়িতে হামলা চালায়। সাংবাদিকদের গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট থাকায় প্রাণে বেঁচে গেলেও অনেকে গুরুতর আহত হয়েছেন।

ইরানে মসজিদে হামলায় ইমাম নিহত, আহত ২

ইরানের মাশাদ শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিয়া সম্প্রদায়ের এক ইমাম নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় এক হামলাকারীকে গ্রেফতার করেছেন পুলিশ।

মঙ্গলবার মাশাদ শহরে দেশটির সবচেয়ে বড় শিয়া মুসলিম মসজিদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। খবর রয়টার্সের।

সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদন থেকে জানা যায়, ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তিন ব্যক্তিকে ছুরিকাঘাতে আহত করে এক হামলাকারী। হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মাজার প্রাঙ্গণে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দুই ব্যক্তি। আর হামলাকারীকে গ্রেফতার করার ফুটেজ প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।

এ ঘটনায় নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আসলানি। তবে আহতদের পরিচয় ও সর্বশেষ অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

মাজারের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান আস্তান কুদস রাজাভির বরাত দিয়ে দেশটির টেলিভিশনে বলা হয়েছে, গ্রেফতার হওয়া হামলাকারীর পরিচয় এখনো তদন্ত করা হচ্ছে।

এর আগে ৩ এপ্রিল ইরানের গনবাদ-ই-কাভুস শহরে একটি মসজিদে হামলায় সুন্নি সম্প্রদায়ের দুই ইমাম নিহত হন।

যুদ্ধ দীর্ঘ হলে ক্ষতি বাড়বে অর্থনীতিতে

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের সার্বিক অর্থনীতিতে এর ক্ষতিকর প্রভাব আরও বাড়বে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি, গম, সারসহ অন্যান্য পণ্যের দাম আরও বেড়ে যাবে। তখন দেশের বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়বে। এতে মূল্যস্ফীতিতে চাপ আরও বাড়বে।

ফলে আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৩ শতাংশ পর্যন্ত বাড়ার আশঙ্কা করা হয়েছে। একই সঙ্গে কোনো কারণে যুদ্ধ ইউরোপের দেশে প্র্রসারিত হলে বাংলাদেশের রপ্তানি ও রেমিট্যান্সে বড় ধাক্কা আসতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সোমবার বিকালে কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত ‘বাংলাদেশ ব্যাংক ত্রৈমাসিক বা বাংলাদেশ ব্যাংক কোয়ার্টারলি’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। এতে দেশের সার্বিক অর্থনীতির হালনাগাদ চিত্র ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে প্রয়োজনীয় সুপারিশ করা হয়। প্রতি তিন মাস পরপর প্রতিবেদনটি প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।

প্রতিবেদনে আরও বলা হয়, করোনার কারণে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার প্রচেষ্টা যখন চলমান তখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ায় অর্থনৈতিক পুনরুদ্ধার গতি বাধাগ্রস্ত হয়। যুদ্ধের প্রভাব ও অর্থনৈতিক পুনরুদ্ধারের কার্যক্রম এগিয়ে নিতে সরকারের রাজস্ব ও আর্থিক নীতির মধ্যে সমন্বয় সাধনের ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপ কমাতে অ-অর্থনৈতিক বাধাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে পণ্যের অবৈধ মজুত ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এটি হলে পণ্যমূল্য কিছুটা হলেও কমবে। ফলে মূল্যস্ফীতিতে চাপও কমবে।

এতে বলা হয়, বিশ্বব্যাপী গম, জ্বালানি তেল, গ্যাস, সার, লোহাসহ আকরিক প্রধান পণ্যের প্রধান জোগানদাতা রাশিয়া ও ইউক্রেন। দুই দেশের যুদ্ধের কারণে এসব পণ্যের আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে দুই দেশ থেকেই রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ফলে পণ্যের দাম বাড়ছে। বাংলাদেশ চড়া দামে ওইসব পণ্য আমদানি করায় দেশের বাজারেও এগুলোর দাম বাড়ছে। যুদ্ধ যদি চলমান থাকে তবে অর্থনৈতিক ব্যবস্থাপনায় আরও সতর্ক হতে হবে।

এদিকে অবৈধভাবে পণ্যের মজুত গড়ে তোলায় ও সিন্ডিকেটের কারণে পণ্যের দাম বেড়েছে। এ কারণে দেশে মূল্যস্ফীতির ওপর চাপ বেড়েছে। আগামী জুনের মধ্যে এ হার বেড়ে ৬ দশমিক ৩ শতাংশ পর্যন্ত হতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সূত্র জানায়, গত ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ১৭ শতাংশ। চলতি অর্থবছরের বাজেটে এ হার ধরা হয়েছিল ৫ দশমকি ৩ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, পণ্যের অবৈধ মজুত ও সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। ফলে পণ্যমূল্যে কিছুটা হলেও প্রভাব পড়তে পারে। এতে কমবে মূল্যস্ফীতির চাপ।

যুদ্ধ দীর্ঘায়িত হলে এবং কোনো কারণে ইউরোপের কোনো দেশে প্র্রসারিত হলে বাংলাদেশের রপ্তানি ও রেমিট্যান্সে বড় ধাক্কা লাগতে পারে। তবে এতে আরও বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য কম। যে কারণে অর্থনীতিতে খুব বেশি নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে মনে করা হচ্ছে।

সূত্র জানায়, রপ্তানি আয় ও রেমিট্যান্সের বড় অংশই আসে ইউরোপের দেশগুলো থেকে। ওইসব দেশে যুদ্ধ প্রসারিত হলে মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশেও এর নেতিবাচক প্রভাব পড়বে।

প্রতিবেদনে বলা হয়, করোনার পর ব্যবসায়ীদের মধ্যে আস্থার সঞ্চার হয়েছে। এতে ব্যবসা বাণিজ্যের গতি বেড়েছে। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তাতে নেতিবাচক প্রভাব পড়ে। এতে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করেছে।

বাংলাদেশ ব্যাংক দক্ষ আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি মুদ্রার মান অবমূল্যায়নের প্রবণতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মুদ্রার মান সহনীয় পর্যায়ে ধরে রাখতে পারলে মূল্যস্ফীতির হার কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ও রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ধরে রাখতে ডলারের বিপরীতে টাকার সীমিত অবমূল্যায়নের অনুমোদন দেওয়া হচ্ছে।

এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় বেড়েছে ৬০ দশমিক ৫ শতাংশ। বিপরীতে রপ্তানি আয় বেড়েছে ৪৭ দশমিক ৪ শতাংশ। রপ্তানির তুলনায় আমদানি দ্রুত বাড়ায় বাণিজ্য ঘাটতিও বেড়ে যাচ্ছে। এ ঘাটতির কারণে বৈদেশিক হিসাবে ভারসাম্যহীনতার সৃষ্টি করছে। যা মুদ্রার মান ধরে রাখাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে।

করোনা মহামারির পর দেশের অর্থনীতি কিছুটা ধীরগতিতে ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু যুদ্ধ এ গতি কমিয়ে দিয়েছে।

গত অর্থবছরে টাকার প্রবাহ বেড়েছিল ১৩ দশমিক ৬২ শতাংশ। চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত তা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬০ শতাংশ। একদিকে ব্যাংকিং খাতে আমানত প্রবাহ কমছে, অন্যদিকে বাড়ছে ঋণের প্রবাহ। ফলে ব্যাংকিং খাত তারল্য কমার দিকে ধাবিত হচ্ছে। এতে কলমানির সুদের হার বাড়ছে।

চীনের সঙ্গে ‘সম্পর্ক’ ছিন্ন করার দাবি ইসলামী ঐক্যজোটের

চীনের সঙ্গে ‘কূটনৈতিক সম্পর্ক’ ছিন্ন করতে সরকারের কাছে দাবি জানিয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট। উইঘুর মুসলিমদের গণহত্যা ও বর্বর নির্যাতনের জন্য এই দাবি জানিয়ে দলটি একইসঙ্গে চীনা পণ্য বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘পূর্ব তুর্কিস্তানের ব্যারেন বিদ্রোহে শহিদদের স্মরণে’ আয়োজিত এক সেমিনারে সম্মিলিত ইসলামী ঐক্যজোট ও সমমনা ইসলামী দলের নেতারা এ দাবি জানান।

সেমিনারে বক্তব্য দেন- সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আবু জাফর কাসেমী, খেলাফত আন্দোলনের সহ-সভাপতি মাওলানা আবুল কাসেম কাসেমী, নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা হারিসুল হক, খেলাফত আন্দোলনের মহাসচিব আজম খান, মাওলানা হোসাইন আকন্দ, মাওলানা ইব্রাহিম বিন আলী, মাওলানা ইয়ামীন হোসাইন, ও মাছুম বিল্লাহ প্রমুখ।

সেমিনারে সভাপতির বক্তব্যে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আবু জাফর কাসেমী বলেন, ‘চীন যেভাবে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন করছে কিন্তু এতে কারো কোনো মাথা ব্যথা নেই। আজ সারা বিশ্বের মুসলিম শাসকরা বিশেষ করে যাদের আমরা মুসলমানদের সাহায্যকারী এবং অভিভাবক মনে করি, সেই মধ্যপ্রাচ্যের দেশগুলোও চীনের অর্থ ও সামরিক প্রভাবে উইঘুর মুসলিম নিধনের বিষয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।’

তিনি বলেন, ‘উইঘুর মুসলিমদের নিধন করতে চীন যে বর্বর নির্যাতন করছে তার প্রতিবাদে বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আমরা সরকারকে অনুরোধ করব, উইঘুর মুসলিমদের নির্যাতনের প্রতিবাদের চীনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করুন।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব অ্যাডভোকেট খাইরুল আহসান।

আজ হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক চেকআপের জন্য হাসপাতালে যাবেন। মেডিকেল বোর্ডের পরামর্শ আজ বিকাল ৩ টায় বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে তার।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন যুগান্তরকে এ তথ্য জানান।

জানা গেছে, কয়েকদিন ধরে বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। শরীরের তাপমাত্রা কয়েকবার বেড়ে যায়। তাছাড়া তার শারীরিক অন্যান্য সমস্যাগুলোও অনেক দিন ধরে চেকআপ করানো হচ্ছে না। চিকিৎসকরা তাকে বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়ে আসছিলেন। কিন্তু খালেদা জিয়া সম্মতি দেননি। অবশেষে আজ হাসপাতালে যাচ্ছেন তিনি।

সবকিছু পরীক্ষার পর হাসপাতালে থাকার প্রয়োজন হলে তাকে ভর্তিও করানো হতে পারে বলে জানা গেছে।

এর আগে টানা ৮১ দিন পর হাসপাতাল থেকে ১ ফেব্রুয়ারি বাসায় ফিরেন খালেদা জিয়া। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১৩ নভেম্বর ঢাকার এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

৭৬ বছর বয়সি খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় ভুগছেন। দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত তিনি। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের মার্চে তার দণ্ড স্থগিত করে মুক্তি দেয় সরকার।মুক্তির পর গুলশানের ভাড়া বাসায় ওঠেন তিনি। এরপর কয়েক দফা তার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো হয়।

গত বছর এপ্রিলে করোনা সংক্রমণ হলে এভারকেয়ার হাসপাতাল ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। সে দফায় ৫৪ দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছিলেন তিনি। পরীক্ষা–নিরীক্ষায় খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়েছিল বলে চিকিৎসকেরা জানিয়েছিলেন।