শুক্রবার ,১২ জুন, ২০২৬
sbacbank
Home Blog Page 319

পুরো টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিলেন এলন মাস্ক

মার্কিন ধনকুবের এলন মাস্ক ৪৩ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। খবর সিএনএনের৷

তিনি মনে করেন টুইটার পরিবর্তন হওয়া উচিত। বর্তমান কাঠামোয় টুইটারের উন্নতি সম্ভব নয়, তাছাড়া এটি মানুষের চাহিদাও পূরণ করতে পারবে না। এমন কথা জানিয়ে টুইটারের চেয়ারম্যান ব্রেট টেইলরের কাছে চিঠিও দিয়েছেন এলন মাস্ক।

কয়েকদিন আগেই টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনেছেন টেসলার কর্ণধার। এবার পুরো সামাজিক মাধ্যমটিই কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমটির চেয়ারম্যানের কাছে মাস্ক জানিয়েছেন, যদি পুরো টুইটারের মালিকানা তিনি না কিনতে পারেন তাহলে যে শেয়ার কিনেছেন সেটিও ভেবে দেখবেন তিনি।

জানা গেছে মাস্ক টুইটার কেনার আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছেন বৃহস্পতিবার। এতে টুইটারের প্রতিটি শেয়ারের জন্য ৫৪ ডলার ২০ সেন্ট করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে,
মাস্কের প্রস্তাবিত শেয়ার মূল্য ১ এপ্রিলে টুইটার শেয়ারমূল্যের ওপর ৩৮ শতাংশ প্রিমিয়াম ধরা হয়েছে বলে।

মাস্ক টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনেছেন, সে খবর প্রকাশের আগে লেনদেনের শেষ দিন ছিল ১ এপ্রিল।

এদিকে শেয়ার কেনার পরই মাস্ককে পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল টুইটার৷ কিন্তু এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি৷ কারণ পরিচালনা পর্ষদে যোগ দিলে তিনি একটি নির্দিষ্ট সংখ্যক শেয়ারের বেশি তিনি আর কোনো শেয়ার কিনতে পারবেন না।

সূত্র: সিএনএন

টুইটার কেনার চুক্তি স্থগিত করলেন মাস্ক

নানা জল্পনার পর জনপ্রিয় খুদে ব্লগিং সাইট টুইটার কিনে নেওয়ার ঘোষণা দেন টেসলা মালিক ইলন মাস্ক। তবে হঠাৎ করেই শুক্রবার টুইটারের সঙ্গে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে চুক্তি স্থগিতের ঘোষণা দেন তিনি।

স্পাম আর ভুয়া অ্যাকাউন্টের কারণে এই চুক্তি স্থগিত করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছেন।

মাস্ক নিজেই শুক্রবার এক টুইট বার্তায় লিখেছেন, স্প্যাম/জাল অ্যাকাউন্ট প্রকৃতপক্ষে ৫% এরও কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে এমন হিসাব সমর্থন করে টুইটার চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এদিকে মাস্কের এই ঘোষণার পর প্রিমার্কেট ট্রেডিংয়ে টুইটারের শেয়ার ২০% কমেছে।

এ ব্যাপারের টুইটার কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে চলতি মাসের শুরুতে কোম্পানিটি ধারণা করেছিল ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্টগুলো দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের ৫% এরও কম প্রতিনিধিত্ব করে।

তখন কোম্পানিটি আরও জানিয়েছিল মাস্কের সঙ্গে চুক্তিটি বন্ধ না হওয়া পর্যন্ত তারা বেশ কয়েকটি ঝুঁকির সম্মুখীন। যার মধ্যে বিজ্ঞাপনদাতারা টুইটারে ব্যয় করতে থাকবে কি না সেই ঝুঁকিও ছিল।

এর আগে এপ্রিল মাসের শেষের দিকে মার্কিন ধনকুবের মাস্কের কাছেই ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার বিক্রি করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

ছাত্রলীগের কমিটি ঘোষণার পর রাতে ইডেন কলেজে দুই গ্রুপের সংঘর্ষ

ঐতিহ্যবাহী ইডেন কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণার পর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১৩ মে) রাত সাড়ে নয়টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। পরে পুলিশ ও শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও ফের শুরু হয় বিক্ষোভ।

জানা যায়, ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার পরই বাদ পরা নেত্রীদের ওপর চড়াও হন পদ পাওয়া নেত্রীরা। এরপরই শুরু হয় সংঘর্ষ। এ সময় ‘নতুন কমিটির সভাপতি ও সেক্রেটারিকে মানি না’ বলেও স্লোগান দেয় একটি পক্ষ।

ইডেন কলেজ ছাত্রলীগের নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক নুরজাহান খানম সামিয়া গণমাধ্যমকে বলেন, অনেকে প্রত্যাশিত পদ না পেয়ে বিক্ষোভ করছে। ভাঙচুর করা হয়েছে আমাদের কক্ষ।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে সম্মেলনেরও প্রায় তিন বছর পর বাংলাদেশ ছাত্রলীগ ইডেন কলেজ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা সেই কমিটিতে সভাপতি হিসেবে তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক হিসেবে রাজিয়া সুলতানা স্থান পান।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ৩০ জন। তারা হলেন- সোনালী আক্তার, শিরিন সুমি, জেবুন্নাহর শিলা, মারজান উর্মি, সাদিয়া জায়ন সাথী, কল্পনা বেগম, উম্মে রুম্মান রুমি, নাহিদা চৌধুরী রাকা, জিনাত জায়ন লিমা, বিজলি আক্তার, তানজিলা আক্তার, সুমা মল্লিক পপি, উদিতা আক্তার, আফরোজা আক্তার রশ্মি, কেয়া আক্তার লুনা, মীম ইসলাম, মনিকা তনচংগ্যা মিমি, রোকসানা আক্তার, মায়েদা বেগম মায়া, জান্নাতুল ফেরদৌস, সানজিদা পারভীন চৌধুরী, শেখ সানজিদা, মিলি আক্তার, সুমনা মিম, ফেরদৌসি আশরাফ লুবনা, শিরিনা আক্তার, তানজিলা মনি পরশ, সুস্মিতা বাড়ৈ, রুনা আক্তার সুপ্তি ও পুনম রহমান বৃষ্টি।

যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন ৫ জন। তারা হলেন- শায়না রহমান, ঋতু আক্তার, ফাতিমা খানম বিন্তি, রূপা দত্ত ও মালিহা হায়াত।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন কামরুন্নাহার জ্যোতি, নূরজাহান খানম সামিয়া, আক্তার বৈশাখী, আর্নিকা তাবাছছুম স্বর্ণা, সুস্মিতা পান্ডে, ফারজানা ইয়াছমিন নিলা ও সুরাইয়া ইসলাম শম্পা। এছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য সদস্য করা হয়েছে ইফরাত জাহান ইতি, পাপিয়া রয়, তাজুন্নাহার সোমা, সাবিকুন্নাহার তামান্নাকে।

অংকন হত্যার সুষ্ঠু তদন্তের দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অংকন বিশ্বাসের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় ক্যাম্পাসের শান্ত চত্বরের পাশে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা বলেন, অংকন বিশ্বাস হত্যার সুষ্ঠু তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বন্ধু মহলের কাছে সত্য ঘটনা উদঘাটন করার জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এভাবে যেন আর কোনো অংকনকে অকালে প্রাণ হারাতে না হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, অংকন হত্যার বিষয়ে আইনি সহায়তাসহ পরিবারের পাশে যেকোনো ধরনের সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা করব।

অংকনের মৃত্যু নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, অংকনের পরিবারকে অনুরোধ জানাচ্ছি তারা যেন আইনি সহায়তার জন্য উদ্যোগ নেয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করব।

উল্লেখ্য, ১৪ দিন হাসপাতালে থাকার পর গত ৮ মে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী অংকন বিশ্বাস।

বলিউড নিয়ে এবার সুর পাল্টালেন মহেশ বাবু

বলিউড নিয়ে একপ্রকার ‘তাচ্ছিল্য’ প্রকাশ করে বিস্ফোরক মন্তব্য করেছেন তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবু। তাকে বহন করার মতো সামর্থ্য বলিউডের নেই মনে করেন এ অভিনেতা।

সম্প্রতি ‘মেজর’ সিনেমার এক অনুষ্ঠানে হাজির হয়ে বলিউড প্রসঙ্গে এসব কথা বলেন মহেশ বাবু। যা নিয়ে ভারতের সিনেমহলে বিতর্কের ঝড় ওঠে।

এবার বিতর্কের মধ্যেই সুর পাল্টালেন মহেশ। এবার তিনি জানালেন, প্রস্তাব পেলে হিন্দি সিনেমায় কাজ করবেন। বলিউডকে তাচ্ছিল্য করে তার সেসব মন্তব্য নাকি মজার ছলে করা।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে তার নতুন বক্তব্য তুলে ধরা হয়েছে।

মহেশ বলেন, ‘ওই কথাগুলো একেবারেই কথাচ্ছলে বলেছিলাম। কেউ কি সিরিয়াসলি ভেবেছেন, আমি জনসমক্ষে পারিশ্রমিক নিয়ে কথা বলব? তাছাড়া আমি কীভাবে জানব বলিউড অভিনেতারা কত পারিশ্রমিক পান?’

বলিউডে কাজ করতে চান বলে জানালেন এ দক্ষিণী অভিনেতা। বললেন, ‘অবশ্যই চাই। হিন্দি সিনেমা করতে পারলে ভালো লাগবে। মূল কথা, আমি যথা সম্ভব বহু ভাষার সিনেমায় কাজ করতে চাই। তবে সবসময় তেলেগু সিনেমাকে অগ্রাধিকার দেব।’

এর আগে বিপরীতটাই বলেছিলেন মহেশ বাবু। তিনি বলেছিলেন, আমি হিন্দি সিনেমার জন্য অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু আমি মনে করি না তাদের আমাকে নেওয়ার সামর্থ্য আছে। আমি এমন একটি ইন্ডাস্ট্রিতে কাজ করে আমার সময় নষ্ট করতে চাই না, যারা আমাকে বহনে অক্ষম।

মহেশ বাবু আরও মন্তব্য বলেন, যে তারকাখ্যাতি ও সম্মান আমি এখানে (দক্ষিণে) পাই তা অনেক বড়, তাই আমি সত্যিই আমার ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য কোনও ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা ভাবিনি। আমি সব সময়ই ভাবতাম সিনেমা করব এবং বড় হব। আমার স্বপ্ন এখন সত্যি হচ্ছে এবং আমি সুখী হতে পারব না।

মহেশ বাবুকে শেষ দেখা গিয়েছিল ‘সারিলেরু নেকেভভারু’তে, যেটি ২০১৯ সালে মুক্তি পেয়েছিল৷অপেক্ষায় আছে ‘সরকারু ভারি পাটা’ সিনেমা; যেটি মুক্তি পাচ্ছে ১২ মে। এই সিনেমায় বাবুর নায়িকা কীর্তি সুরেশ।

ভারতীয় অভিনেত্রীর ঝুলন্ত লাশ, স্বামী আটক

২০তম জন্মদিনটা পালন করলেন হাসিখুশিতেই। আর ঠিক পরদিনই নিজের বাড়ি থেকে উদ্ধার হল ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সাহানার ঝুলন্ত লাশ।

এ ঘটনায় সন্দেহের তীর অভিনেত্রীর স্বামী সাজ্জাদের দিকে। অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

শুক্রবার কেরালার কোঝিকোড় শহরে সাহানার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে সাহানা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হলেও তার মায়ের দাবি এটি খুন।

স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় সাহানা শেষ বার ফোন করেছিল। তাকে খুব উচ্ছ্বসিত লাগছিল। জন্মদিনে কী কী করল, সব জানাল। বলল, শুক্রবার আসবে দেখা করতে। খুব আনন্দ করেছে সেটাও জানিয়েছিল। তার পর হঠাৎ করে আত্মহত্যা কীভাবে করে সে? এটা মেনে নিতে পারছি না। আমি নিশ্চিত সাজ্জাদই খুন করেছে তাকে।’

সাজ্জাদ প্রায়শই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন বলে অভিযোগ করেন তিনি।

কাতারে কাজ করতেন সাজ্জাদ। কিন্তু সাহানা দক্ষিণী ছবিতে অভিনয় ও বিজ্ঞাপনের কাজ শুরু করার পর তিনি কাতার থেকে ফিরে আসেন। এর পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলত প্রায়ই।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

মুশফিকের ‘আত্মঘাতী’ সেই শট নিয়ে যা বললেন ডমিঙ্গো

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের টেস্ট খেলায় অনীহা। অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে একমাত্র মুশফিকই টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির সব ফরম্যাটে খেলে যেতে চান।

৩৫ বছর বয়সি এই তারকার সাম্প্রতিক পারফরম্যান্স নিম্নমুখী হওয়ায় তার দিকে আঙুল তুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শুধু মুশফিকই নয়; গোটা টিমের ব্যাটিং ধস নিয়ে ভয় কাজ করছে হেড কোচ রাসেল ডমিঙ্গোর।

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টে চারদিন লড়াই করার পর এক সেশনের ব্যাটিং বিপর্যয়ে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেই একই গল্প। একবার ধস নামলে আর প্রতিরোধের জন্য শক্ত বাঁধ দিতে পারেননি মুমিনুলরা।

মুশফিকুর রহিমের আত্মঘাতী রিভার্স সুইপ শট নিয়েও রয়েছে শঙ্কা।

মুশফিকের সেই শট নিয়ে কী ভাবছেন ডমিঙ্গো?

ডমিঙ্গো বলেছেন, ‘কোনো শট নিয়ে যদি কারও আত্মবিশ্বাস থাকে, আস্থা থাকে এবং সে যদি মনে করে এটা ভালো বিকল্প, সেই শট খেলায় সমস্যা নেই। আমার মতে, শট খেলার সময়টা গুরুত্বপূর্ণ, কখন শটটি খেলা উচিত এবং কেন ওই শট খেলা প্রয়োজন। রিভার্স সুইপ শট ভালো খেলে মুশফিক। এই শটে অনেক রানও পেয়েছে সে। শুধু সময়টা গুরুত্বপূর্ণ, কখন এই শট খেলবে।’

‘সাকিব ভাই খেলবেন ইনশাআল্লাহ’

করোনামুক্ত হওয়ার পর শুক্রবার দিনভর আলোচনায় ছিল সাকিব আল হাসান চট্টগ্রাম টেস্টে খেলবেন কিনা।

সাকিব অবশ্য আগ্রহ দেখিয়েছেন। রিপোর্ট নেগিটিভ আসার খবর পেয়েই গতকাল সন্ধ্যায় তিনি উড়াল দেন চট্টগ্রাম।

তবে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলছিলেন ভিন্ন কথা। তিনি জানিয়েছিলেন, ‘৫০-৬০ ভাগ ফিট সাকিবকে খেলানোর কথা বিবেচনা করাটা দুরূহ।’

সবমিলিয়ে সাকিবের খেলা না খেলা নিয়ে গতকাল থেকে চলছিল জল্পনাকল্পনা আর ধোঁয়াশা।

আজ শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সে সংশয় দূর করে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, প্রথম টেস্টে খেলবেন সাকিব।

মুমিনুল বলেছেন, ‘হ্যাঁ, সাকিব ভাই খেলবে ইনশাআল্লাহ। অনুশীলনে সাকিব ভাইকে দেখে তো আমার কাছে ভালোই মনে হয়েছে। ব্যাটিং তো ভালোই করলেন তিনি।’

অর্থাৎ সাকিবকে নিয়েই চট্টগ্রাম টেস্টের একাদশ গড়া হবে।

দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে গত ৮ মে বাংলাদেশে এসেছে শ্রীলংকা জাতীয় ক্রিকেট দল। ১৫ মে হবে সিরিজের প্রথম ম্যাচ, দ্বিতীয় ও শেষটি শুরু হবে আগামী ২৩ মে। এই সিরিজের প্রথম ম্যাচের জন্য গত ৮ মে থেকে চট্টগ্রামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।

সাকিব দেশে ফেরেন গত ১০ মে। প্রটোকল অনুযায়ী দলের সঙ্গে যোগ দেওয়ার আগে তার করোনাভাইরাস পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় ফল পজিটিভি আসে। এতে চট্টগ্রাম টেস্টে তার খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে যায়। কিন্তু শুক্রবার অর্থাৎ ১৩ মে পরবর্তীতে আবার পরীক্ষা করা হলে সেই পরীক্ষার ফল নেগেটিভ আসে।

সে খবর জানার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সাকিব সুস্থ হলেও তার প্রথম টেস্টে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সাংবাদিকদের তিনি বলেন, ‘হয়তো সাকিব খেলবে, আবার না-ও খেলতে পারে। এটা এখনই বলা মুশকিল। ওর ওপর নির্ভর করছে। ওর ফিটনেসের বিষয় আছে। আবেগ দিয়ে ভাবলে চলবে না। কারণ কোভিড থেকে সেরে উঠেই মাঠে নেমে পড়া সহজ নয়। যদি ওয়ানডে, টি ২০ হতো, বলতাম খেল। কিন্তু এটা পাঁচদিনের খেলা। আমরা চাই না ওর জন্য বাড়তি চাপ হোক। আমরা সাবধানতার পথে হাঁটব। অনুশীলনের পর ট্রেনার যদি ক্লিয়ারেন্স দেন, তাহলে খেলবে।’

তবে মুমিনুলের মতো বক্তব্য গতকালই দিয়েছিলেন ধান নির্বাচক মিনহাজুল আবেদীন। গতকাল ঢাকায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, সাকিব খেলার মতো অবস্থায় আছেন।

প্রাইভেটকার খাদে পড়ে ২ যুবক নিহত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রাইভেটকার খাদে পড়ে জিসাদ (১৯) ও ফাহিম (১৯) দুই যুবকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় অপর বন্ধু জাহিদ হাসান মুন্সীগঞ্জ সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। শনিবার উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর চরমসুরা গ্রামের মানিক মিয়ার মেয়ের জামাই তার প্রাইভেটকার নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান।

পরে মানিক মিয়ার ছেলে জিসান ভগ্নিপতির গাড়ি নিয়ে শনিবার ভোররাতে তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়।এ সময় উপজেলার পুরা বাজার এলাকায় নির্মাণাধীন ব্রিজের গোড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জিসান ও ফাহিমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত ফাহিম একই গ্রামের স্বর্গতুল্যার ছেলে। এ ঘটনায় অপর আহত বন্ধু জাহিদ হাসান মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুরা বাজার ব্যবসায়ী শাহ শাহজালাল জানান- ২০২০ সালের ২ জুন কাঠের গুঁড়িভর্তি ট্রাকসহ ধসে পড়ে বেইলি ব্রিজটি।

সেই থেকে ব্রিজের গোড়ায় অস্থায়ী বেইলি ব্রিজ নির্মাণ করে মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর। কিন্তু পুরাতন ব্রিজের অ্যাপ্রোচে কোনো বাঁশ দিয়ে ব্যারিকেড না দেওয়ায় প্রতিনিয়ত এ সড়কটিতে দুর্ঘটনা ঘটছে।

জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাহিদ রেজা বলেন, পুরা বাজারে খালের উপর ব্রিজটি নতুনভাবে নির্মাণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, উপজেলার পুরা বাজারের সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আহত আরেকজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত দুজনের লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতালে রয়েছে।

সড়কে প্রাণ গেল স্ত্রী-ছেলেসহ বারডেম চিকিৎসকের

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন স্ত্রী-ছেলেসহ বারডেম হাসপাতালের চিকিৎসকের। এছাড়া নিহত হয়েছেন আরও দুই দম্পতি। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মিল্টন বাজার এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকা বারডেম হাসপাতালের চিকিৎসক ও গোপালগঞ্জ শহরের বটতলা এলাকার প্রফুল্ল কুমার সাহার ছেলে ডা. বাসুদেব কুমার সাহা (৫২), তার স্ত্রী শিবানী সাহা (৪৮) ছেলে আহসান উল্লাহ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী স্বপ্নীল সাহা (১৯) ও তার ব্যক্তিগত গাড়ি চালক আজিজুর ইসলাম (৪৪), কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের পিয়ার আলী মোল্যার ছেলে ফিরোজ মোল্যা (৪৮), তার স্ত্রী রুমা বেগম ( ৪০) এবং ওই গ্রামের জিন্দার ফকিরের ছেলে অনিক বাবু (২৮) অনিকের নববিবাহিত স্ত্রী ইয়াসমিন আক্তার (১৯)।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের এসআই সিরাজুল ইসলাম জানান, পিরোজপুরে মঠবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেটকার ও কাশিয়ানী সদর থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়।

এ সময় দুমড়ে-মুচড়ে প্রাইভটকারটি সড়কের পাশে ধান মাড়াই কাজে কর্মরত শ্রমিক ও মেশিনের ওপর গিয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে একই পরিবারের তিনজন, ধান মাড়াইরত স্বামী-স্ত্রীসহ ৮ জন নিহত হন ।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী, ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা যুগান্তরকে বলেন, খবর পেয়ে আমি কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, গোপালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাসিন উদ্দিন এবং জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কাজ তদারকি করি।