রবিবার ,১৭ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 242

ফর্মে ফেরাতে মুমিনুলকে আবারও উইন্ডিজ পাঠাবে বিসিবি!

লাল বলে দেশের স্বীকৃত ব্যাটার হিসেবে প্রথম সারিতে রয়েছেন মুমিনুল হক। তবে তার সাম্প্রতিক ফর্ম যাচ্ছেতাই।

নেতৃত্ব হারালেন, এর পর দল থেকেই বাদ পড়লেন।

মুমিনুল টেস্টে সর্বশেষ দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছিলেন, এ বছরের শুরুতে হেগলে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচটিতে প্রথম ইনিংসে ০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৩৭ রান করতে সমর্থ হন তিনি।

অথচ বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ১১ সেঞ্চুরিও মুমিনুলের।

মুমিনুলের এই ধারাবাহিক বাজে ফর্ম নিয়ে চিন্তার সাগরে ডুবেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড জানে, ছন্দে ফিরলে মুমিনুলই দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ হয়ে দাঁড়াবে।

তাই বিসিবির ভাবনা, এভাবে বসিয়ে না রেখে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে আসন্ন উইন্ডিজ সফরে পাঠানো হবে মুমিনুলকে। তবেই যদি ফর্মে ফেরেন তিনি।

বুধবার সন্ধ্যায় মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন পরিকল্পনার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘অবশ্যই, আমাদের চিন্তা তো থাকবেই (উইন্ডিজে ‘এ’ দলের সফরে)। আমার বলাটা কঠিন কারণ এখনো নির্বাচক, ম্যানেজমেন্ট ও কোচদের সঙ্গে কথা বলিনি। তবে আমার স্বাভাবিকভাবেই মনে হয় এটি তো ওর জন্য ভালো সুযোগ হতেই পারে।’

পাপন বলেন, ‘কয়েকজন খুবই ভালো খেলোয়াড় কিন্তু এখন ফর্মে নেই। যেমন মুমিনুল। আমি নিশ্চিত, ও ফর্মে ফিরবে। মুমিনুল এতগুলো টেস্ট সেঞ্চুরি করল, এত ভালো একজন ক্রিকেটার যাকে আমরা টেস্ট স্পেশালিস্ট বলে দিলাম। সে টেস্টের অধিনায়কও হলো। হঠাৎ করে প্রায় এক বছর ধরে বা ১০ ম্যাচ ধরে রান পাচ্ছে না। সে ঘরোয়া ক্রিকেট খেললে অবশ্যই ফর্মে ফিরবে। শুধু আত্মবিশ্বাসের ব্যাপার।’

উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

এবার দলে যোগ হয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও ডানহাতি পেসার তাসকিন আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সে হিসাবে চার বছর পর ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে যুক্ত হলেন তাসকিন ও মিরাজ।

সবশেষ ২০১৮ সালের ডিসেম্বরে টি-টোয়েন্টি খেলেছেন মিরাজ। এর পর ওয়ানডে ও টেস্টে নিয়মিত হলেও টি-টোয়েন্টিতে ফেরা হয়নি তার।

অন্যদিকে ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হওয়ায় তাসকিনকেও নেওয়া হয়েছে টি-টোয়েন্টি দলে।

মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বের টি-টোয়েন্টি স্কোয়াডে এবারও নেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।

টি-টোয়েন্টি সিরিজের সূচি

প্রথম টি-টোয়েন্টি: ২ জুলাই রাত ১১টা ৩০ মিনিট (ডমিনিকা)
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৩ জুলাই রাত ১১টা ৩০ মিনিট (ডমিনিকা)
তৃতীয় টি-টোয়েন্টি: ৭ জুলাই রাত ১১টা ৩০ মিনিট (গায়ানা)

ড্রেন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রাজশাহী মহানগরীর একটি ড্রেন থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার পর এলাকার মানুষ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। বোয়ালিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ২৫ বছর বয়সি ওই যুবকের লাশটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, নগরীর সপুরা ম্যাচ কারখানা সড়কের ঈদগাহ মাঠের পার্শ্ববর্তী ড্রেনে লাশটি ভাসছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, লাশের ধরন দেখে মনে হয়েছে— একদিন আগেই তার মৃত্যু হয়েছে। নিহত যুবক আদিবাসী সম্প্রদায়ের বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্ত শেষে মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শবাগারে রাখা হয়েছে।

পরিচয় নিশ্চিত না হলে নির্ধারিত সময়ের পর কোয়ান্টামের মাধ্যমে শেষকৃত্য করা হবে। এই বিষয়ে বোয়ালিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান ওসি।

বিপৎসীমা অতিক্রম করেছে আত্রাই নদীর পানি

উজানের ঢলে দিনাজপুরে অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে নদনদীর পানি। ইতোমধ্যে বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে আত্রাই নদীর পানি।

নদীর পানি উপচে প্লাবিত হয়েছে লোকালয়। ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন নিম্নাঞ্চলের মানুষ।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের গ্যাজ রিডার মাহাবুব আলম জানান, দিনাজপুরের আত্রাই নদীর বিপৎসীমা ৩৯ দশমিক ৫০ মিটার। কিন্তু বৃহস্পতিবার সকাল ৯টায় এই নদী প্রবাহিত হয় ৪০ দশমিক ১৯ মিটার। অর্থাৎ বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই নদীর পানি। এ ছাড়া পু্নর্ভবাসহ অন্যান্য নদীর পানি বিপৎসীমা অতিক্রম না করলেও অস্বাভাবিক হারে বাড়ছে এসব নদীর পানি।

এদিকে বিপৎসীমা অতিক্রম করায় নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করছে। ফলে নদী অঞ্চলের বেশ কিছু এলাকার প্লাবিত হয়েছে। এসব এলাকার অনেক বাড়িতে পানি প্রবেশ করেছে। প্লাবিত এলাকার মানুষ বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে।

উল্লেখ্য, দিনাজপুরের উত্তরে অবস্থিত জেলা পঞ্চগড়ে গত মঙ্গলবার ও বুধবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। সেখানে ২৪ ঘণ্টায় ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যা ওই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত। পাহাড়ী ঢল ও উজানে ভারী বর্ষণের ফলে দিনাজপুরের নদনদীর পানি বাড়ছে এবং এই বন্যার সৃষ্টি হয়েছে।

হামলা জোরদার করেছে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের দোনবাসে তীব্র হামলা চালাচ্ছে রুশ বাহিনী। অন্যান্য অঞ্চলেও চলছে এ আগ্রাসন।

বুধবার রাতে নিয়মিত ভিডিওবার্তায় দেশটির প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি এমন দাবি করেছেন। খবর রয়টার্সের।

তিনি বলেন, মাইকোলাইভে একটি আবাসিক এলাকায় ১০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রুশ বাহিনী। তাতে নিহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। বেসামরিক স্থাপনা টার্গেট করেই সব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এমন দাবি জেলেনস্কির।

খারকিভ ও সামি অঞ্চলের একাধিক এলাকায় গোলাগুলি চলছে বলেও তিনি জানান।

এদিকে ক্রেমেনচুকের শপিংমলে হামলার দায় অস্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি তার বাহিনী। কারণ কোথায় কী আছে তা জানার পূর্ণ সক্ষমতা রয়েছে তাদের। মারিউপোলের থিয়েটারে রুশ বাহিনীর জোড়া বিমান হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল। এ ঘটনাকে যুদ্ধাপরাধ বলছে মানবাধিকার সংগঠনটি।

লিসিচানস্কের তেল শোধনাগার রুশ বাহিনীর নিয়ন্ত্রণে

ইউক্রেনের লিসিচানস্ক শহরের তেল শোধনাগারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী।

বুধবার রাশিয়ায় স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিকের ‘রাষ্ট্রদূত’ রডিয়ন মিরোশনিক এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আরআইএয়ের।

তিনি বলেন, ইউক্রেনের বৃহত্তম তেল শোধনাগারের এলাকা এখন সম্পূর্ণরূপে মিত্রবাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী লিসিচানস্ক তেল শোধনাগারের কাছে ইউক্রেনের সেনাদের একটি ব্যাটালিয়নকে পরাজিত করেছে।

প্রসঙ্গত গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অগ্রসান শুরু করে। রুশ বাহিনীর সঙ্গে এ যুদ্ধে ইউক্রেনে লুহানস্ক ও দোনেৎস্কসহ অনেক অঞ্চল রাশিয়ার দখলে চলে গেছে। এ যুদ্ধে ইউক্রেনের অনেক মানুষ হতাহত হয়েছেন। এ ছাড়া দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় ৬০ লাখ মানুষ।

পাচারের সম্পদ দেশে আনার প্রস্তাব বাতিল

পাচারের স্থাবর-অস্থাবর সম্পদ দেশে আনার প্রস্তাব বাতিল করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে এ সুযোগ দেওয়া হয়েছিল। এখন শুধু নির্ধারিত হারে কর দিয়ে নগদ টাকা দেশে আনা যাবে।

এ ছাড়া করপোরেট কর হ্রাসের সুবিধা পেতে শর্ত শিথিলসহ কিছু সংশোধনী এনে অর্থবিল-২০২২ পাশ করা হয়েছে। বুধবার জাতীয় সংসদে সংশোধনী প্রস্তাব গ্রহণ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এরপর তিনি সেটি উপস্থাপন করলে কণ্ঠভোটে পাশ হয়। এ অর্থবিল আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

সংশোধনীতে নতুন করে একটি শর্ত যুক্ত করা হয়েছে। তা হলো-দেশের বাইরে কারও সম্পদের খোঁজ পাওয়া গেলে সেই সম্পদ অর্জনের উৎস সম্পর্কে জানতে চাওয়া হবে।

সন্তোষজনক জবাব পাওয়া না গেলে ওই সম্পদের মূল্যের সমপরিমাণ জরিমানা অথবা বাজেয়াপ্ত করা হবে। বিকাল ৫টায় শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশন।

স্বাস্থ্যবিধি মেনে রাত ৯টা পর্যন্ত অধিবেশন চলে। শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অর্থবিলের ওপর প্রশ্ন-উত্তর উপস্থাপন করেন। পরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে বিলটি পাশের প্রস্তাব করেন।

সংসদে বিল পাশ হওয়ার আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির সংসদ-সদস্যদের দেওয়া সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা করেন। দীর্ঘ আলোচনা শেষে অর্থবিল ২০২২ জাতীয় সংসদে পাশ হয়।

বিদেশ থেকে পাচারের সম্পদ ফেরত আনতে গত ৯ জুন ঘোষিত বাজেটে বিশেষ সুযোগ দেওয়ার কথা উল্লেখ করা হয়। বলা হয়, স্থাবর সম্পদ দেশে আনার ক্ষেত্রে ১৫ শতাংশ এবং অস্থাবর সম্পদের ক্ষেত্রে ১০ শতাংশ কর দিয়ে ফেরত আনা যাবে।

আর কেউ যদি নগদ টাকা দেশে আনতে চায় তাকে কর দিতে হবে ৭ শতাংশ। এ নিয়ে দেশজুড়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মূলত এমন অবস্থার পরিপ্রেক্ষিতে বাজেট প্রস্তাবে এই সংশোধন আনা হয়েছে।

সংশোধনীতে শুধু নগদ টাকা আনার সুযোগ রেখে বাকি দুটি অর্থাৎ স্থাবর ও অস্থাবর সম্পদ আনার প্রস্তাব বাতিল করা হয়েছে।

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত কোম্পানির করপোরেট কর আড়াই শতাংশ হ্রাস করার ঘোষণা দেওয়া হয়। তবে শর্ত দেওয়া হয়, সংশ্লিষ্ট কোম্পানিকে সর্বোচ্চ ১২ লাখ টাকা নগদে খরচ করতে হবে।

এর বেশি অর্থ নগদে খরচ করলে কর হ্রাসের সুবিধা পাওয়া যাবে না। এ নিয়ে ব্যবসায়ী মহল থেকে তীব্র আপত্তি ওঠায় শেষ পর্যন্ত অর্থবিলে নগদ অর্থ খরচের অঙ্ক বাড়িয়ে ৩৬ লাখ টাকা করা হয়েছে।

এ ছাড়া নতুন কোম্পানির বার্ষিক রিটার্ন জমার নিয়ম সহজ করা হয়েছে। যেসব কোম্পানির ব্যবসার বয়স এক কিংবা দুই বছর সেসব কোম্পানি শুধু টিআইএন সনদ দিলেই রিটার্ন গ্রহণ করা হবে।

সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক দলিলপত্র জমা না দিলেও চলবে। তবে তৃতীয় বছর থেকে সব ডকুমেন্টসহ রিটার্ন জমা দিতে হবে। শ্রমিকদের কল্যাণে সব প্রতিষ্ঠানে একটি তহবিল থাকার কথা।

নিয়ম অনুযায়ী, মালিক পক্ষ ওই তহবিলে যে পরিমাণ টাকা দেয় তা কোম্পানির খরচ হিসেবে গণ্য করা হয়। এতে করে কোম্পানির ওপর করের চাপ কমে।

প্রস্তাবিত বাজেটে খরচের বিধান বাতিল করলেও সংশোধন করে তা ফের আগের অবস্থানে নেওয়া হয়। তবে এই সুযোগ এক বছরের জন্য বহাল থাকবে বলে উল্লেখ করা হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা তার বক্তেব্যে বলেন, অর্থনৈতিক এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজমান নয়। এটি সবাই স্বীকার করেন।

কিন্তু যদি আজকে স্বাভাবিক সময় হতো, তাহলে যেসব প্রস্তাব সংশোধনের প্রস্তাব আমাদের কাছে আসছে আমরা অনেক সংশোধনী গ্রহণ করতে পারতাম।

যেহেতু আমি আগেই বলেছি সময়টি এখন স্বাভাবিক নয়, সে বিবেচনায় আমি বাকি সংশোধনীগুলো ইচ্ছে থাকা সত্ত্বেও গ্রহণ করতে পারছি না। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

২০২২-২৩ অর্থবছরের বাজেট আলোচনায় সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে আমি বিশেষভাবে আরও একবার বহুবার ধন্যবাদ জানাতে চাই, কেননা, পদ্মা সেতুর হাত ধরে তিনি আমাদের বিশ্ব মানচিত্রে এক ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে দিয়েছেন।

২০০৯ থেকে ২০১৯ সময়ে, জিডিপিতে ১৮৮% প্রবৃদ্ধি অর্জন করে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল প্রথম, যেখানে ১৭৭% প্রবৃদ্ধি নিয়ে চায়না দ্বিতীয়।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হিসাবে ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে প্রবৃদ্ধির হার হবে এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ।

নতুন অর্থবছরের বাজেট পাস আজ

২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট পাস হবে আজ। বুধবার ২০২২-২৩ অর্থবছরের জন্য অর্থবিল পাস হয় জাতীয় সংসদে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পাস হবে।

এর আগে গত ৯ জুন জাতীয় সংসদে ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় পরিবর্তন’ শীর্ষক বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরপর প্রস্তাবিত বাজেটের ওপর সংসদ অধিবেশনে দীর্ঘ আলোচনা হয়।

২০২২-২৩ অর্থবছরের বাজেটে মোট ব্যয়ের আকার ধরা হয়েছে ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। এনবিআরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর ধরা হয়েছে ১৮ হাজার কোটি টাকা।

‘ভিন্নমত’ পোষণ করলেই জাতির শত্রু হয় না: রব

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ভিন্নমত ও পথের মানুষকে ‘জাতির শত্রু’ হিসেবে আখ্যা দিয়ে নাগরিকের ‘ব্যক্তি স্বাধীনতা’ ও ‘দেশাত্মবোধকে’ পদদলিত করা কোনোক্রমেই ন্যায়সঙ্গত নয়।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।

আ স ম রব বলেন, ‘আমাদের সংবিধান চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করেছে, কিন্তু দেশে বিরাজমান ঔপনিবেশিক ধাচের শাসন ব্যবস্থা জনগণের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ ও স্তব্ধ করে মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে গণতন্ত্রের মুখোশ পরিধান পূর্বক ফ্যাসিবাদের জন্ম দেয়। ভিন্নমতকে দেশের শত্রু আখ্যা দেওয়া, খুঁজে বের করে শাস্তির আওতায় আনা এবং গ্রেফতারের দাবি ফ্যাসিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্যই প্রকাশ করে।’

জেএসডি সভাপতি বলেন, ‘যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে নাগরিকদের জাতির শত্রু দেশের শত্রু হিসেবে চিহ্নিত করার নৈরাজ্যপূর্ণ প্রবণতা ও বক্তব্য মানুষের মৌলিক অধিকারকে দারুণভাবে ক্ষুন্ন করবে এবং ক্ষমতার অপব্যবহার ও দমনমূলক শক্তি প্রয়োগের মাধ্যমে ভীতি প্রদানে সরকারকে প্রবলভাবে প্রলুদ্ধ করবে।’

‘এ ধরনের সংবিধান বিরোধী ও বিপজ্জনক বক্তব্য প্রদানের ক্ষেত্রে আমাদের সবাইকে অনেক বেশি সর্তকতা অবলম্বন করা উচিত।’

নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনার প্রসঙ্গে আব্দুর রব বলেন, ‘ভিন্নমত ও পথকে ভয়ের আবহে সংকুচিত করতে করতে সমাজে মানুষের গলায় জুতার মালা পরানোর ভয়ঙ্কর সংস্কৃতি বিস্তার লাভ করছে। যা সমাজ এবং রাষ্ট্রকে ক্রমাগতভাবে সভ্যতা বহির্ভূত পর্যায়ে নিয়ে যাচ্ছে।’

বিবৃতিতে তিনি বলেন, ‘স্কটল্যান্ডের জনগণ যুক্তরাজ্য থেকে প্রকাশ্যে স্বাধীনতার দাবি শুধু উত্থাপনই করছে না, তাদের এ দাবিতে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তারপরও কেউ কাউকে দেশের বা জাতির শত্রু আখ্যায়িত করেনি।রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সত্যকে কফিনে পেরেক মেরে বিদ্যমান শাসন ব্যবস্থা টিকিয়ে রাখাকেই নৈতিক কর্তব্য মনে করেছে, যা রাষ্ট্রের অস্তিত্বের পক্ষে বড় বিপদ হয়ে উঠছে।’

আব্দুর রব বলেন, ‘কোনো এক অজুহাত সৃষ্টি করে ভিন্নমত ও পথকে প্রতিপক্ষ বানিয়ে হীনরাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নক আউট করা বা নির্মূল করা বা নিধন করা ন্যায়সঙ্গত তো নয়ই বরং ভয়াবহ অমঙ্গলজনক।’

‘পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে একের অধিক মত ও পথ নেই বা মত ও পথের ভিন্নতা নেই। মত ও পথের স্বাধীনতা নিশ্চিত করাই গণতন্ত্রের ভিত্তি ও সৌন্দর্য। ব্যক্তির স্বাধীনতা নিশ্চিত হলেই রাষ্ট্রের উন্নয়ন, অগ্রগতি এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব সুনিশ্চিত হয়। ভিন্নমতের স্বাধীনতা হরণ করলেই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বিপন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে।’

জেএসডি সভাপতি আরও বলেন, ‘জোর করে প্রতিপক্ষ বানিয়ে মীমাংসিত বিষয়কে অমীমাংসিত করে রাজনীতিতে বিভেদ উসকে দিয়ে ফায়দা লুটার প্রবণতা থেকে সবাইকে বিরত থাকতে হবে।’

পদ্মা সেতুর বিরোধিতাকারীদের মুখে চুনকালি পড়েছে: রওশন এরশাদ

পদ্মা সেতুর বিরোধিতাকারীদের মুখে চুনকালি পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে অনেক কথা হয়েছিল। এটি আজ সত্যি সত্যি বাস্তবায়িত হয়েছে। পদ্মা শুধুমাত্র একটি সেতু নয়, এটি সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক। এটি সত্যিই প্রশংসার দাবি রাখে। এজন্য প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন জানাই।

বুধবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে রওশন এরশাদ এসব কথা বলেন।

তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে অনেক কথা হয়েছে। এখন সবারই মুখে চুনকালি পড়েছে। সবার মুখ বন্ধ হয়েছে। এ সময় তিনি অসুস্থ হয়ে ব্যাংককে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক খোঁজ নেওয়ায় স্পিকার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বানভাসিদের সমস্যার স্থায়ী সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।

প্রায় আট মাস ব্যাংককে চিকিৎসা শেষে গত ২৭ জুন দেশে ফেরেন রওশন এরশাদ।গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হয় তাকে। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসা চলে। এর আগে ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টানা ৮৪ দিন ছিলেন তিনি। আগামী ৪ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য তার আবার ব্যাংকক যাওয়ার কথা রয়েছে।