ছেলেদের অনুর্ধ্ব-১৯’র হাত ধরে প্রথমবার বিশ্বকাপ পেয়েছিল বাংলাদেশ। এবার সাউথ আফ্রিকার মাটিতে বসছে মেয়েদের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এবারের আসরের জন্য আজ বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকেএসপিতে পড়ুয়া দিশা বিশ্বাসের নেতৃত্বে খেলবে জুনিয়র টাইগ্রেস টিম।
আগামী বছরের ১৩ জানুয়ারি থেকে পচেফস্ট্রুম ও বেনোনির চারটি ভেন্যুতে শুরু হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ১৫ জনের দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের লেগ স্পিনার রাবেয়া খান, উইকেটরক্ষক ব্যাটার দিলারা আক্তার ও অলরাউন্ডার মারুফা আক্তার। তিন জনেরই অভিষেক হয়েছে বাংলাদেশ নারী দলের সর্বশেষ নিউজিল্যান্ড সফরে।
আজ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে দল ঘোষণা করেছে বিসিবি। বয়সভিত্তিক এ দল নিয়ে বেশ আশাবাদী নির্বাচক মঞ্জুরুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘দুই বছর ধরেই একসঙ্গে আছে, এমন একটি দলকেই নির্বাচন করেছি আমরা। ফলে দলীয় সমঝোতা ও সংহতি দারুণ।’
দলের প্রস্তুতি নিয়েও খুশি মঞ্জুরুল, ‘অধিনায়ক দিশা বিশ্বাস, রাবেয়া, মারুফা আক্তার ও দিলারা আক্তার নিউজিল্যান্ডে সিনিয়র দলের হয়ে সফর করেছে। তিনজন তো আন্তর্জাতিক ম্যাচও খেলে ফেলেছে। মালয়েশিয়া জাতীয় দলের সঙ্গে আমাদের অনূর্ধ্ব-১৯ দল পাঁচটি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে। প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এ দল অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আত্মবিশ্বাসী আমি।’
ঢাকা থেকে আগামী ১ জানুয়ারি জোহানেসবার্গের উদ্দেশে দেশ ছাড়বে অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপের ক্যাম্পে ঢোকার আগে নিজেদের উদ্যোগে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ১৪ জানুয়ারি, অস্ট্রেলিয়ার বিপক্ষে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের দল-
দিশা বিশ্বাস (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, দিলারা আক্তার, মিষ্টি রানী, রিয়া আক্তার, সুমাইয়া আক্তার, আফিয়া হুমাইরা, উন্নতি আক্তার, দীপা খাতুন, লেকি চাকমা, আশরাফি ইয়াসমিন, জান্নাতুল মাওয়া, মোছাম্মৎ ইভা।
স্ট্যান্ডবাই: সুবর্ণা কর্মকার, নিশিতা আক্তার, রাবেয়া খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস।
জনপ্রিয় অভিনেত্রী ও লাক্স-সুপারস্টার জাকিয়া বারী মম আর নাটক ও চলচ্চিত্র নির্মাতা শিহাব শাহীনের প্রেমের বিয়ের বিচ্ছেদ হল। মম জানিয়েছেন, শিহাব শাহীনের কাছ থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত আসে। বিচ্ছেদের এমন সিদ্ধান্ত আসার পর মম ধন্যবাদও জানিয়েছেন শিহাব শাহীনকে।
বিচ্ছেদের জন্য কেন ধন্যবাদ দিয়েছেন, জানতে চাইলে খুব বেশি কিছু না বলে শুধু এটুকু বলে চুপ হয়ে গেলেন মম, ‘তিনি আমাকে ডিভোর্স দিয়েছেন, এ জন্য তাঁকে ধন্যবাদ। কারণ, তিনি আমাকে মুক্ত ও স্বাধীন করে দিয়েছেন। আমি তাঁর মঙ্গল কামনা করছি।’
দুই বছর আগে বিচ্ছেদের পর মম এখন ভালো আছেন বলেও জানালেন। বললেন, ‘আমার জীবন নিয়ে এখন আমি ঠিকঠাক আছি। জীবনকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। কাজ-কর্মে নিজেকে ব্যস্ত রাখছি। দ্যাটস ইট।’
দুই বছর আগের বিচ্ছেদের খবর যেমন দুই বছর পর জানিয়েছেন মম ও শিহাব শাহীন, তেমনি নিজেদের বিয়ের খবরটিও প্রকাশ্যে এনেছিলেন বিয়ের ঠিক চার বছর পর। ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটার ছবি ফেসবুকে আপলোড করার পরই মম ও শিহাব শাহীনের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। পরের বছর ২০২০ সালের সেপ্টেম্বরে তাঁদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন মম ও শিহাব শাহীন দুজনেই। তবে বিচ্ছেদের কারণ নিয়ে দুজনের কেউ কোনো কথা বলতে রাজি হননি। বিচ্ছেদ নিয়ে রয়েছে রহস্য।
মম বলেন, ‘শিহাব শাহীন আমাকে ডিভোর্স দিয়েছেন, এটা সত্য। আমাদের বিচ্ছেদ হয়ে গেছে আরও দুই বছর আগে।’ এদিকে মম ও শিহাব শাহীনের বিচ্ছেদের খবরটি বেশ কিছুদিন ধরে বিনোদন অঙ্গনে চাউর। কিন্তু দুজনের কেউই এ বিষয়ে মুখ খোলেননি। আজ আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন তাঁরা। কথায় কথায় মম বললেন, ‘অনেকে জানে, আবার অনেকে জানে না। তাই অনেকে আমাকে জিগ্যেস করেন, কী অবস্থা আমাদের—আমরা কেমন আছি, সংসার কেমন চলছে। অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।’
বুধবার দুপুরে শিহাব শাহীন বলেন, ‘আমি আসলে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না। কাজ নিয়ে ব্যস্ত আছি। কাজ করে যেতে চাই। তবে আমাদের ডিভোর্স হয়ে গেছে।’ ‘শোনা যাচ্ছে, আপনি আবার বিয়ে করতে যাচ্ছেন’—এমন প্রশ্নে শিহাব শাহীন বলেন, ‘কিছুদিন আগে আমার নতুন একটা কাজ “মায়াশালিক” রিলিজ হয়েছে। হয়তো কাজের বিষয়টা আড়াল করতে কেউ এটা ছড়াচ্ছে।’
জেঁকে বসতে শুরু করেছে শীত। বাড়তে শীতের তীব্রতা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য কমে যাবার কারণে তাপমাত্রার চেয়েও বেশি শীত অনুভূত হচ্ছে ঢাকাসহ বেশ কিছু অঞ্চলে। এছাড়া দেশের বেশ কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই প্রবাহের অঞ্চল আগামীকাল বাড়তে পারে। তবে তাপমাত্রা প্রায় একই থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দেশের রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ২৩ ডিসেম্বর নওগার বদলগাছিতে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া রাজশাহীতে ৯ দশমিক ৪, সৈয়দপুর ও বদলগাছিতে ১০, দিনাজপুরে ১০ দশমিক ৫, যশোরে ১০ দশমিক ৬, তেতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য কমে যাবার কারণে এখন ঢাকায়ও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এবং বিকালের পর শীতের তীব্রতা অনুভব করা যাচ্ছে।
ঢাকা ছাড়া চট্টগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮, সর্বোচ্চ ২২ দশমিক ৭, রাজশাহীতে ৯ দশমিক ৪, সর্বোচ্চ ২৪ দশমিক ৬, রংপুরে ১২ দশমিক ৫, সর্বোচ্চ ২১ দশমিক ৩, ময়মনসিংহে ১৩, সর্বোচ্চ ২২, সিলেটে ১৪ দশমিক ১, সর্বোচ্চ ২৫ দশমিক ৪, খুলনায় ১২ দশমিক ৫, সর্বোচ্চ ২৫ দশমিক ৮ এবং বরিশালে ১৩ দশমিক ২ এবং সর্বোচ্চ ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য কমে আসলে শীতের অনুভূতি বেড়ে যায়। আগে যেখানে তাপমাত্রা কম ছিল কিন্তু শীতের অনুভূতি এত বেশি ছিল না। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ার কারণে গত কয়েকদিন ঢাকাসহ বেশ কিছু এলাকায় আগের চেয়ে শীত বেশি অনুভব হচ্ছে। আগামী কয়েকদিন এই অবস্থাই বিরাজ করবে বলে তিনি জানান।
আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কুয়াশার বিষয়ে বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, তাপমাত্রা বেশ খানিকটা কমেছে বেশ কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বইছে। আগামীকাল আরও কিছু এলাকায় এই শৈত্যপ্রবাহ বইতে পারে। তবে তাপমাত্রা প্রায় একই থাকতে পারে।

শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানটি মুক্তির পরই বিতর্ক ওঠে। কেউ কেউ অশ্লীলতার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি বয়কটের ডাকও দেয়। বিশেষ করে গানটিতে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে তীব্র আপত্তি তোলেন বিজেপি নেতৃত্ব এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো।
শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিতেও ছাড়েননি অযোধ্যার এক সাধু। তপস্বী চাভনির মহন্ত পরমহংস আচার্য নামের ওই সাধুর বক্তব্য, ‘বেশরম রং’ গানটিতে ছবি নির্মাতারা গেরুয়া রঙের অবমাননা করেছেন। মুক্তির আগে সেন্সর ছাড়পত্রের অনুমতির জন্য জমা পড়লে ভারতীয় সেন্সর বোর্ড কর্তৃপক্ষ গানটির কারণে মুক্তির অনুমতি দেয়নি।
ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন কিছু পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে। সিবিএফসির চেয়ারপারসন প্রসূন যোশী বলেছেন, গানের কিছু দৃশ্যের সঙ্গে বেশ কয়েকটি সিনেমার দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
‘পাঠান’ ছবির টিজার ও গান মুক্তির পর সম্প্রতি সিবিএফসি বোর্ড কর্তৃপক্ষের কাছে জমা পড়ে। ছবিটি দেখার পর বোর্ড থেকে সিদ্ধান্ত আসে পরিবর্তন আনার। সিদ্ধার্থ আনন্দের এই ছবি মুক্তি পাওয়ার কথা ২৫ জানুয়ারি। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। ছবি মুক্তির আগে ফাইনাল ভার্সন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।
চার বছর পর ঢাকঢোল পিটিয়েই বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা। ছবি ফ্লপ হওয়ার পর দীর্ঘ বিরতি থেকে ফিরতে প্রচার-প্রচারণার কোনো কমতি রাখছিলেন না তিনি। কিন্তু বিতর্ক যে তাঁর পিছু ছাড়ছেই না। গেরুয়া বিকিনি পরার জন্য ‘বেশরম রং’ গানটি ছবি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র।
১২ ডিসেম্বর ইউটিউবে ‘বেশরম রং’ মুক্তি পায়। আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গানটির ভিউ ১৪ কোটি ছাড়িয়েছে। এরই মধ্যে এই গানের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আরেকটি গানের ভিডিও। নেটিজেনরা দাবি করছে, এই ফরাসি গান ‘মাকেবা’র সুর নকল করেছে সুরকার বিশাল ও শেখর। ‘মাকেবা’ গানের সুর করেছিলেন ফরাসি গায়িকা জেইন।
শুধু সুর নয়, গানের দৃশ্য নিয়েও বলছেন অনেকে। তাঁরা বলছেন, ‘রেস ২’-এর কিছু দৃশ্যের মিল রয়েছে এই গানে। এ ছাড়া এই গানের সঙ্গে হৃতিক-টাইগারের ‘ওয়ার’ সিনেমার ‘ঘুংরু’ গানটির সঙ্গে মিল আছে। এ যেন সব জায়গা থেকে জোড়াতালি দিয়ে নির্মিত গান। ‘পাঠান’ ছবির প্রচারের শুরু থেকেই দেখানো হচ্ছিল অ্যাকশন ঘরানার হতে যাচ্ছে ছবিটি। গানটির মধ্য দিয়ে দর্শকের সামনে তুলে ধরা হয়েছিল শাহরুখ-দীপিকার রসায়ন।
The post আটকে গেল শাহরুখ–দীপিকার ‘পাঠান’ appeared first on বিজনেস বাংলাদেশ.
জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৩-২০২৪ মেয়াদের জন্য ৩১ ডিসেম্বর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের প্যানেলে আছেন ফরিদা ইয়াসমিন-শ্যামল দত্ত পরিষদ। পরিষদের প্রার্থীরা হলেনঃ সভাপতি পদপ্রার্থী-ফরিদা ইয়াসমিন, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী-কার্তিক চ্যাটার্জী, সহ-সভাপতি পদপ্রার্থী- রেজোয়ানুল হক রাজা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী -শ্যামল দত্ত, যুগ্ম-সম্পাদক পদপ্রার্থী -আইয়ুব ভূঁইয়া ও মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ পদপ্রার্থী -শাহেদ চৌধুরী, সদস্য পদপ্রার্থী- ইব্রাহিম খলিল খোকন, কল্যাণ সাহা, নজরুল কবীর, নিজামুল হক বিপুল, ফরিদ হোসেন, মিজান মালিক, মো. রেজাউল করিম, রহমান মুস্তাফিজ, শাহনাজ সিদ্দীকি সোমা, ও সলিমউল্লাহ সেলিম। অপর প্যানেল হলোঃ কামরুল উদ্দিন সবুজ ও ইলিয়াস খান প্যানেল। নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের প্রতি রইল দোয়া ও শুভকামনা।