সোমবার ,৪ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 692

কান্দাহারে শিয়া মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৪৭

আফগানিস্তানের কান্দাহারে শুক্রবার জুমার নামাজের সময় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে।

এ ঘটনায় আরও অন্তত ৭০ জন মুসল্লি আহত হয়েছেন। এখন পর্যন্ত কেউ ওই ঘটনার দায় স্বীকার করেনি। খবর এপির।

আগস্টের শেষে মার্কিন সৈন্যরা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা।

এর আগে গত শুক্রবার কুন্দুজের একটি শিয়া মসজিদে শুক্রবারের জুমার নামাজের সময় আত্মঘাতী হামলা চালানো হয়েছিল, যাতে অন্তত ৫০ জন মুসল্লি নিহত হন।

তালেবান সরকারের স্থানীয় এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, আমাদের প্রাথমিক ধারণা, কান্দাহারে মসজিদের ভিতরে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এ বিষয়ে আমরা অনুসন্ধান চালাচ্ছি।

মিরওয়াইস হাসপাতালের এক চিকিৎসক বলেন, নিহত মুসল্লিদের লাশ ও ৭০ জন আহত ব্যক্তি হাসপাতালে রয়েছেন।

ওই চিকৎসক বলেন, এখন জরুরি ভিত্তিতে প্রচুর রক্ত দরকার। আমরা স্থানীয় মিডিয়াগুলোকে আহ্বান জানিয়েছি যে, যাতে তারা মানুষদের রক্ত দিতে উদ্বুদ্ধ করেন। এছাড়াও ব্লাড ব্যাংকগুলোকে সহায়তার জন্য আহ্বান জানিয়েছি।

মার্কিন বাহিনী আফগান ত্যাগের পর একের পর এক এ ধরনের জঙ্গি হামলা হচ্ছে দেশটিতে। তালেবান সরকারকে বেকায়দায় ফেলতে আইএস-কে এ ধরনের হামলা চালাচ্ছে বলে ধারনা করা হচ্ছে।

হৃদরোগে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতীয় এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অবি বরোট নামের ওই ক্রিকেটারের মৃত্যু হয়। খবর আনন্দবাজার পত্রিকার ।

খবরে বলা হয়, গত বছর মার্চে প্রথমবারের জন্য রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল সৌরাষ্ট্র। সেই দলের উইকেটকিপার-ওপেনার অবি বরোট মাত্র ২৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন।

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, ‘সৌরাষ্ট্রের অন্যতম সেরা ক্রিকেটার অবি বরোটের অকাল প্রয়াণে সংস্থার সবাই মর্মাহত। শুক্রবার সন্ধায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন এই ক্রিকেটার।’

২০১৯-২০ মৌসুমে সৌরাষ্ট্রের রঞ্জি জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অবির। বাংলার বিরুদ্ধে ফাইনালে ওপেন করতে নেমে প্রথম ইনিংসে ৫৪ এবং দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করেছিলেন। হরিয়ানা এবং গুজরাটের হয়েও রঞ্জি খেলেছেন এই ডানহাতি ব্যাটার। অফ স্পিন বলও করতেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮টি ম্যাচে ১৫৪৭ রান রয়েছে তাঁর। ঘরোয়া একদিনের ক্রিকেটে ৩৮টি ম্যাচে ১০৩০ রান করেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ২০টি ম্যাচে তাঁর রান ৭১৭। গোয়ার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে ৫৩ বলে ১২২ রান করে তিনি নজরে পড়েন। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়কও ছিলেন তিনি।

যুক্তরাজ্যে ৪৩ হাজার মানুষের ভুয়া করোনার রিপোর্ট

করোনাভাইরাস আক্রান্ত মানুষদেরকে ভুল করে কোভিড ‘নেগেটিভ’ সনদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে যুক্তরাজ্যের এক ক্লিনিকের বিরুদ্ধে।

দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ‘ইউকেএইচএসএ’ শুক্রবার ৪৩ হাজার ভুয়া সনদ দেওয়ার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে। ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে ইউকেএইচএসএ কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

ইউকেএইচএসএ’র এক বিবৃতিতে বলা হয়, ৮ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে মানুষ ল্যাব টেস্টের এমন ভুল রিপোর্ট পেয়েছে। যারা এমন সনদ পেয়েছেন, তাদের বেশিরভাগই দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের বাসিন্দা।

স্বাস্থ্য সুরক্ষার কর্তৃপক্ষ জানিয়েছে, মিথ্যা ও নেতিবাচক পরীক্ষার ফলাফলের প্রতিবেদনের কারণে সেন্ট্রাল ইংল্যান্ডের ওলভারহ্যাম্পটনের ল্যাবটিকে আরটি-পিসিআর পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

যুক্তরাজ্য সরকার বলছে, এলএফডির তুলনায় পিসিআর পরীক্ষা বেশি নির্ভুল হয়। তাই এলএফডি পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়ার পর পিসিআর পরীক্ষায় নেগেটিভ ফল এলে মানুষ সেলফ-আইসোলেশনে থাকা বন্ধ করতে পারে।

সেক্ষেত্রে ল্যাবরেটরির পিসিআর পরীক্ষায় ভুল নেগেটিভ সনদের মানে হচ্ছে, ভুলবশত করোনাভাইরাস আক্রান্ত হাজার হাজার মানুষের সেলফ আইসোলেশন বন্ধ করার সংকেত দিয়ে দেওয়া। আর এমন হওয়া মানে অন্যদের সংক্রমিত হওয়ার বড় ধরনের ঝুঁকি সৃষ্টি হওয়া।

ইউকেএইচএস-এর পাবলিক হেলথ বিভাগের পরিচালক উইল ওয়েলফেয়ার রয়টার্সকে বলেন, আমরা ওই ল্যাবে অনুসন্ধান করেছি। এলফডি কিংবা পিসিআর পরীক্ষার কিটে কোনো সমস্যা অনুসন্ধানে পাওয়া যায়নি।

রেকর্ড উচ্চতায় রিজার্ভ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। এবারও রিজার্ভ বৃদ্ধিতে রেকর্ড গড়েছে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে এর পরিমাণ বেড়ে চার হাজার ৭০০ কোটি ডলারে উঠেছে। এর আগে গত জুনে রিজার্ভ চার হাজার ৬৪০ কোটি ডলারে উঠেছিল।

এর আগে রিজার্ভ এত বেশি পরিমাণে বাড়েনি। রেমিট্যান্স প্রবাহ কমলেও রপ্তানি আয় বাড়া ও বৈদেশিক অনুদানের অর্থ ছাড় হওয়ায় রিজার্ভের পরিমাণ বেড়েছে। এদিকে রিজার্ভের পরিমাণ বৃদ্ধির পরও হঠাৎ করে বাজারে ডলারের চাহিদা বেড়েছে। এ কারণে ব্যাংকের পাশাপাশি খোলা বাজারেও এর দাম বেড়েছে। এত বেশি রিজার্ভ থাকার পরও কেন ডলারের দাম বাড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে বাজারে দাম নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলারের জোগান বাড়ানো হয়েছে।

গত অর্থবছরজুড়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছিল। চলতি অর্থবছরে টানা তিন মাস রেমিট্যান্স কমেছে। গত জুলাই-সেপ্টেম্বরে রেমিট্যান্স কমেছে শূন্য দশমিক ১৯ শতাংশ। সেপ্টেম্বরে কমেছে ১৯ দশমিক ৭৫ শতাংশ। গত অর্থবছরের সেপ্টেম্বরে বেড়েছিল ৪৫ দশমিক ৬৫ শতাংশ। ২০২০-২১ অর্থবছরের জুলাই সেপ্টেম্বরে বেড়েছিল ৪৮ দশমিক ৫৪ শতাংশ। পুরো অর্থবছরে রেমিট্যান্স বেড়েছিল ৩৬ দশমিক ১০ শতাংশ। রেমিট্যান্সের বিপরীতে সরকারিভাবে ২ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে। কোনো কোনো ব্যাংক আরও এক শতাংশ বেশি প্রণোদনা দিচ্ছে। ফলে প্রবাসীরা রেমিট্যান্সের বিপরীতে ৩ শতাংশ পর্যন্ত প্রণোদনা পাচ্ছে।

এদিকে রপ্তানি আয়ে বেশ প্রবৃদ্ধি হচ্ছে। গত সেপ্টেম্বরে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩৮ শতাংশ। আগের অর্থবছরের একই মাসে হয়েছিল সাড়ে ৩ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৩৭ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি হয়েছিল আড়াই শতাংশ। আগামীতে রপ্তানি আয় আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কেননা বিশ্বে রপ্তানির পণ্যের চাহিদা বেড়েছে। এদিকে রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি আমদানি ব্যয়ও বেড়েছে। চলতি অর্থবছরের (২০২১-২২) আগস্টে আমদানি ব্যয় বেড়েছে ৭৩ শতাংশ। গত অর্থবছরের আগস্টে আমদানি ব্যয় কমেছিল সাড়ে ৬ শতাংশের বেশি। চলতি অর্থবছরের জুলাই-আগস্টে আমদানি ব্যয় বেড়েছে ৪৬ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে কমেছিল ১৪ শতাংশ। রপ্তানি বৃদ্ধির কারণে ব্যাক টু ব্যাক এলসির আওতায় কাঁচামাল আমদানির পরিমাণ বেড়েছে। এ ছাড়া শিল্পের যন্ত্রপাতি আমদানির হারও বাড়ছে। খাদ্যসামগ্রী আমদানির পরিমাণও বেড়েছে। করোনার পর এখন বিদেশ ভ্রমণ ও চিকিৎসায় বৈদেশিক মুদ্রা ব্যয়ের হারও বেড়েছে। এসব কারণে সার্বিকভাবে আমদানি বাড়তে শুরু করেছে।

এ ছাড়া বৈদেশিক ঋণ ও অনুদানের অর্থ ছাড়ও বেড়েছে। এসব মিলে সরকারের বৈদেশিক ব্যয়ের চেয়ে আয় বেশি হচ্ছে। এতে করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে যাচ্ছে। প্রতি মাসে আমদানি ব্যয় মেটাতে গড়ে ৩৫০ থেকে ৪০০ কোটি ডলারের প্রয়োজন হয়। এ হিসাবে আলোচ্য রিজার্ভ দিয়ে ১০ থেকে ১১ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। অথচ আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) নিরাপদ মান অনুযায়ী একটি দেশের কমপক্ষে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমান রিজার্ভ থাকতে হয়। সে হিসাবে বাংলাদেশের রিজার্ভ অনেক বেশি নিরাপদ।

এদিকে রিজার্ভ থেকে অর্থ বিনিয়োগ শুরু করেছে বাংলাদেশ। ইতোমধ্যে রিজার্ভ থেকে শ্রীলংকাকে ঋণ দেওয়া হয়েছে। বিভিন্ন দেশের সরকারি বিল ও বন্ডেও বিনিয়োগ করা হচ্ছে। ফলে করোনায় রিজার্ভ থেকে আয় যে হারে কমেছিল এখন আবার তা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে সুদের হার বাড়তে শুরু করেছে।

ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে ১৫ টাকা

চুলা ধরানোর জন্য ব্যবহৃত হয় গ্যাস। সেই গ্যাসের মূল্য থেকে শুরু করে সব নিত্যপণ্যই বাড়তি দামে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম এক দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১৫ টাকা।

ডিমের দামও ঊর্ধ্বমুখী। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১৫ টাকা দরে। বেড়েছে রান্নার পাতিলের দামও। এর ফলে বেশি কষ্টে পড়েছে নিু আয়ের ও খেটে খাওয়া মানুষ। পরিবারের সদস্যদের মুখে এক বেলা খাবার জোগাড় করে দেওয়াই কষ্টকর হয়ে যাচ্ছে সংসারের কর্তাব্যক্তির।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, নয়াবাজার ও মালিবাগ কাঁচাবাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা কমে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সপ্তাহের ব্যবধানে নতুন করে আরেক দফা বেড়েছে আদা-রসুন ও সবজির দাম।

গত সপ্তাহের মতো চাল-ডাল, ভোজ্যতেল, চিনি, আটা-ময়দা চড়া মূল্যে বিক্রি হচ্ছে। শুক্রবার প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৯০ টাকায়। একদিন আগেও ছিল ১৭৫ টাকা। লেয়ার মুরগি ২৫০-২৭০ টাকা, সোনালি মুরগি ৩৬০ টাকা, পাকিস্তানি কক ৩৪০-৩৫০ এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকায়।

আমদানি করা প্রতি কেজি আদা ১০ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হয়েছে। দেশি আদা বিক্রি হয়েছে ১৭০ টাকায়। এক সপ্তাহ আগে ছিল ১৬৫ টাকা। প্রতি কেজি রসুন ১০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ১৩০-১৪০ টাকা।

খুচরা বাজারে প্রতি কেজি খোলা চিনি বিক্রি হয়েছে ৮০ টাকা ও প্যাকেটজাত চিনি ৮৫ টাকা।

বিক্রেতারা বলছেন, মিল পর্যায়ে চিনির দাম কমছে না। বরং সরবরাহ কমিয়ে দিয়ে সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে। মিল মালিকরা চাহিদামতো সরবরাহ করছে না। বলছে সংকট আছে। তারই প্রভাব পড়েছে খুচরা বাজারে।

পাশাপাশি খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন বিক্রি হয়েছে ১৫৮ টাকা। প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয়েছে ৬৫-৬৮ টাকা, মসুর ডাল (ছোট দানা) ১১৫ টাকা। এছাড়া প্রতি কেজি খোলা আটা বিক্রি হয়েছে ৩৫-৩৬ টাকা, ময়দা ৪৬-৪৮ টাকায় বিক্রি হয়েছে।

কথা হয় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমানের সঙ্গে। তিনি যুগান্তরকে বলেন, পণ্যের সরবরাহ কমলে দাম বাড়ে। আবার অনেকে কৃত্রিম সংকট সৃষ্টি করেও দাম বাড়িয়ে দিচ্ছে। তাই বাজার তদারকি বাড়িয়ে দেখতে হবে বিষয়টা আসলে কি। কি কারণে এমনটা হচ্ছে। পাশাপাশি পণ্যের সরবরাহ কম থাকলে সরবরাহ বাড়িয়ে দাম কমাতে হবে।

রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে নিত্যপণ্য কিনতে আসা মো. হানিফ যুগান্তরকে বলেন, বাজারে স্বস্তি নেই। সব পণ্যের দাম বাড়তি, কিন্তু আয় বাড়েনি। ব্যয় করতে হচ্ছে বেশি। এমন অবস্থা হচ্ছে মাস শেষে অন্যের কাছে ধার-দেনা করে চলতে হচ্ছে।

শুক্রবার খামারবাড়িতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, খাদ্যের জন্য দেশে এখন আর হাহাকার নেই। খাদ্য সংকট নেই। তবে খাবারের দাম একটু বেশি। খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ কিনা সেটা আমরা বলছি না। কিন্তু আমাদের দেশে খাদ্যের উৎপাদন বাড়ছে। চালের দাম একটু বেশি হলেও, চাল নিয়ে দেশে অস্থিরতা নেই।

তিনি বলেন, পণ্যের চাহিদা যদি বেশি হয় এবং সেই তুলনায় যদি সরবরাহ কম থাকে তাহলে পণ্যের দাম কিছুটা বাড়বেই। হাজার চেষ্টা করেও তখন দাম কমানো সম্ভব নয়। তারপরও আমরা সরবরাহ বৃদ্ধি এবং মনিটরিংয়ের মাধ্যমে চেষ্টা করছি বাজার নিয়ন্ত্রণ করতে।

এদিকে ১০ অক্টোবর থেকে দেশে এলপিজির মূল্য প্রতি কেজিতে প্রায় ১৯ টাকা বাড়ানো হয়েছে। প্রতি কেজি এলপিজির মূল্য আগের ৮৬ টাকা ০৭ পয়সা থেকে বেড়ে ১০৪ টাকা ৯২ পয়সায় বিক্রি হচ্ছে। এর ফলে ১২ কেজির একেকটি সিলিন্ডারের মূল্য ১০৩৩ টাকা থেকে বেড়ে ১২৫৯ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রবার রাজধানীর নয়াবাজারে নিত্যপণ্য কিনতে আসা আমেনা বেগম যুগান্তরকে বলেন, বাজারেও সব ধরনের খাদ্যপণ্যের দাম বাড়তি। সেই সঙ্গে সিলিন্ডার গ্যাসের দাম এভাবে বাড়তে থাকলে স্বল্প আয়ের মানুষের ভোগান্তি বাড়বে। কারণ দাম বাড়লেও গ্যাসের ব্যবহার কমানো যাবে তা কিন্তু না। রান্নায় যতটুকু দরকার, তা ব্যবহার করতেই হবে।

অন্যদিকে রান্নার জন্য দরকারি উপকরণ পাতিলের দামও বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতা নূরে আলম যুগান্তরকে বলেন, ছোট আকারের একটি পাতিল এক মাস আগে ২০০ টাকায় বিক্রি করেছি। কিন্তু এখন ২৬০-২৭০ টাকায় বিক্রি করছি। পাশাপাশি মাঝারি আকারের পাতিল ৪০০ টাকায় বিক্রি করতাম, এখন ৫০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। এছাড়া বড় আকারের পাতিলের দাম ৬৫০-৭০০ টাকা ছিল, যা এখন ৭০০-৮০০ টাকায় বিক্রি করছি।

একই বাজারে গৃহস্থালি পণ্য কিনতে আসা সাইদুর রহমান যুগান্তরকে বলেন, বিক্রেতাদের ফন্দি দেখে মন খারাপ হলেও হাসি পাচ্ছে। কারণ, মনে হচ্ছে তারা একত্রিত হয়ে খাদ্যপণ্যসহ সব পণ্যের দাম বাড়াচ্ছে।

কোনো ধর্মীয় সম্প্রদায়ের ওপর হামলা বরদাস্ত করা হবে না: কাদের

চট্টগ্রাম, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা যখন তাদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করছে তখন এ দেশের চিহ্নিত সাম্প্রদায়িক গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব সৃষ্টি ও মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

‘বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে কোনো ধর্মীয় সম্প্রদায়ের ওপর যেকোনো প্রকার হামলা বরদাস্ত করা হবে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেকোনো মূল্যে অসাম্প্রদায়িক নীতির সুরক্ষা দিতে বদ্ধপরিকর বলে জানান ওবায়দুল কাদের।

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সব ধর্মান্ধ, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তির পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত অশুভ জোটকে প্রতিরোধ করার জন্য দেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

রেজা-নুরুর নতুন দল এ মাসেই

চলতি মাসেই নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ড. রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। দলের সম্ভাব্য নাম ‘গণঅধিকার পরিষদ’ অথবা ‘বাংলাদেশ অধিকার পার্টি’। এটি হবে মধ্যপন্থি রাজনৈতিক দল।

‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ স্লোগান নিয়ে ২০ অথবা ২১ অক্টোবর দলটির ঘোষণা হতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

তারা আরও জানান, সর্বোচ্চ ২০০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। ড. রেজা কিবরিয়া আহ্বায়ক ও নুরুল হক সদস্য সচিব হচ্ছেন। দলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের ড. কামাল হোসেন, অধ্যাপক আসিফ নজরুলসহ বেশ কয়েকজন বিশিষ্টজন, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ যাদের কোনো পদ-পদবি না থাকলেও শুভাকাঙ্ক্ষী হিসাবে পরামর্শ দেবেন। সোহরাওয়ার্দী উদ্যানে একটি বড় সমাবেশের মাধ্যমে নতুন দল ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অনুমতি না পেলে জাতীয় প্রেস ক্লাব বা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ড. রেজা কিবরিয়া তার গুলশানের বাসায় নতুন রাজনৈতিক দল নিয়ে যুগান্তরের সঙ্গে আলাপকালে জানান, এ পঞ্চাশ বছরে মোটামুটি সব দল এক সময় না এক সময় ক্ষমতার ভাগ পেয়েছে। আমরা নতুন দল। আমরা মনে করি এই পঞ্চাশ বছরে রাজনীতির পলিসিতে অনেক ভুল-ত্রুটি আছে। সেগুলো সংশোধন করার জন্য নতুন কিছু দরকার। পুরোনো যারা ভুল করেছে তাদের ওপর এখন ভরসা করা যাচ্ছে না। যারা এখন কাজ করছে তারা সব শিক্ষিত ছেলেমেয়ে, সোশ্যাল মিডিয়া-ইন্টারেনেট যুগের মানুষ, তারা অনেক কিছু বুঝে। তাদের ভুল তথ্য দিয়ে ভোলানো যাবে না। তারা বুঝতে পারছে রাষ্ট্রে পুরো অবকাঠামোর মধ্যে অনেক ত্রুটি ছিল এগুলো ঠিক করতে হবে। সেগুলো করার জন্যই নতুন দল। তিনি বলেন, আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। প্রথম কথা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। আমরা আওয়ামী লীগের গত নির্বাচনের মতো প্রতারণার কোনো নির্বাচনে অংশ নেব না।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক যুগান্তরকে বলেন, আমরা ২০ ও ২১ অক্টোবর নতুন দল ঘোষণার চিন্তাভাবনা করছি। দুটি নাম ঠিক করা হয়েছে, একটি চূড়ান্ত করা হবে। গঠনতন্ত্র ওইভাবে এখন হবে না। একটা ঘোষণাপত্র থাকবে। যেখানে কেন স্বাধীনতার পঞ্চাশ বছরে একটি রাজনৈতিক দল করার প্রয়োজনীতা বোধ করলাম, বর্তমান সংকটকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক কর্মসূচি, আহ্বায়ক কমিটি কিভাবে পরিচালনা করা হবে এসবের দিক-নির্দেশনা থাকবে। তিনি বলেন, দল গোছানোর পর আমাদের চিন্তা আছে জেলা কমিটিগুলো দেওয়া। নির্বাচন কমিশনের পদ্ধতি পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করব। সেটার জন্য কেন্দ্রীয় কমিটি ও দলের ঘোষণা নিয়ে কাজ করছি। একইভাবে জেলা-উপজেলা কমিটির কাজ চলছে। আমাদের অনেক কাজ হয়েও আছে।

অক্সফোর্ডে ডক্টরেট করা রেজা কিবরিয়া ২০১৮ সালে আইএমএফের গুরুত্বপূর্ণ চাকরি ছেড়ে ওয়াশিংটন থেকে দেশে ফেরেন। তার মূল পরিচয় অর্থনীতিবিদ হলেও গত জাতীয় নির্বাচনের তিনি গণফোরামে যোগদান করে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে নির্বাচন করে আলোচনায় আসেন। পরে গণফোরামের সাধারণ সম্পাদক হিসাবে সক্রিয় রাজনীতিতে অংশ নেন।

৭ ফেব্রুয়ারিতে তিনি গণফোরাম থেকে পদত্যাগ করেন। এরপর কয়েক মাস ধরে ডা. জাফরুল্লাহ চৌধুরীর অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি এবি পার্টি ও নুরুল হকদের ‘ছাত্র অধিকার পরিষদ’র বিভিন্ন কর্মসূচিতে তাকে সক্রিয় দেখা যায়। আর ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক নুরুল হক।

ওই আন্দোলনের সময় বেশ কয়েকবার হামলার মুখে পড়েন তিনি। এরপর ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন তিনি। গত তিন বছরে নানা বাধা-বিপত্তির পর নতুন দল গঠনে নামেন নুরুল হক ও তার সঙ্গীরা।

এই সময়ে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অন্তত ১৩ বার আক্রান্ত হন তিনি। তার নামে এখনো ১৭টি মামলা আছে। এছাড়া তার সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা রয়েছে।

সূত্র জানায়, ছাত্র অধিকার পরিষদকে কেন্দ্রীভূত করে ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি ও পেশাজীবী নিয়ে পাঁচটি কমিটি করা হয়েছে। সেগুলো হলো-ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ ও পেশাজীবী অধিকার পরিষদ। শিগগির নারী অধিকার পরিষদ নামে আরেকটি সংগঠন করা হবে। এ সংগঠনগুলোকে নতুন দলের অঙ্গ ও সহযোগী সংগঠন হিসাবে অন্তর্ভুক্ত করা হবে।

সংশ্লিষ্টরা জানান, দল ঘোষণার পর আহ্বায়ক কমিটির শীর্ষ নেতারা প্রথমেই সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করে দলীয় কর্মকাণ্ড শুরু করবেন। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা ভাসানী, জিয়াউর রহমান ও জেনারেল ওসমানীর মাজার জিয়ারত করবেন। পরে জেলা কমিটি ও অন্যান্য ইউনিট কমিটি গঠন করবে। পাশাপাশি সব জেলা সফর করার কথা রয়েছে।

ড. রেজা কিবরিয়া বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবির সঙ্গে আমরাও একমত। তবে নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকলেই যে সুষ্ঠু নির্বাচন হবে তা এ দেশে আশা করা যায় না। এ সরকার থাকলে নির্বাচন কমিশনকে কেউ বিশ্বাস করবে না। আমরা জাতিসংঘের অধীনে কোনো একটা নির্বাচন করতে পারি। জানি না জাতিসংঘ কিভাবে করবে। কিন্তু তারা যদি নির্বাচন পরিচালনা করে তাহলে মানুষ একটু ভরসা করবে। একটা সুষ্ঠু নির্বাচন হবে। জনগণের মতামত বোঝা যাবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আন্দোলন হবে। কিন্তু আমরা শান্তিপূর্ণ ছাড়া কোনো কিছুতে বিশ্বাস করি না। যারা গণতন্ত্র বিশ্বাস করে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় তাদের সঙ্গে আমরা কাজ করব। তারা কোন দলের তা নিয়ে খুব বেশি মাথাব্যথা নেই। বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে। তারা (বিএনপি) হয়তো একটা পদ্ধতি বেছে নিয়েছে, আমরা হয়তো বললাম এটা এভাবে করা দরকার। নিশ্চয় তাদের সঙ্গে আলাপ করব। একটা পরিবর্তন আনব, সরকারের পতন ঘটাব।

বিশিষ্টজনদের বিষয়ে নুরুল হক বলেন, তরুণদের রাজনীতির উত্থানকে তারা পছন্দ করেন। সে কারণে শুভাকাঙ্ক্ষী হিসাবে আমাদের নতুন দলকে পরামর্শ দেবেন। তারা সরাসরি রাজনৈতিক দলের পদ-পদবি নিয়ে থাকবেন না।

আজ বিশ্ব খাদ্য দিবস

বিশ্ব খাদ্য দিবস আজ। এবারের প্রতিপাদ্য হলো, ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ-ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশেই উন্নত জীবন’।

কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি পালন করা হচ্ছে।

বিশ্ব খাদ্য দিবসের গুরুত্ব তুলে ধরতে কৃষি মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রতিপাদ্যের ওপর একটি আন্তর্জাতিক সেমিনার রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেমিনারে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ‘বঙ্গবন্ধু ধান ১০০’ অবমুক্ত করবেন।
এছাড়া প্রধানমন্ত্রী ‘বঙ্গবন্ধু ধান ১০০’ দিয়ে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করবেন।

বিকালে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে একটি কারিগরি সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী। সেখানে দেশ-বিদেশের কৃষি ও খাদ্য বিষয়ে প্রথিতযশা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। সূত্র: বাসস

হাতিরঝিলে ইয়াবাসহ গ্রেফতার ২

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

শুক্রবার রাতে বড় মগবাজার আউটার সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন- মো. সালিম মিয়া ও মো. আলামিন।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন সুমা বলেন, হাতিরঝিল থানার বড় মগবাজার আউটার সার্কুলার রোড এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে তথ্য পেয়ে অভিযান চালাই। সেখান থেকে দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি। সূত্র: ডিএমপি নিউজ

সাগরে লঘুচাপ, নদীবন্দরে সতর্কতা

পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এ কারণে নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল সমূহে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে সর্বোচ্চ ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া ঈশ্বরদীতে ১২ এবং তাড়াশ ও চুয়াডাঙ্গায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় মাত্র এক মিলিমিটার বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের বাকি অংশ থেকে বিদায় নেওয়ায় আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে।
মৌসুমি বায়ু দেশের অন্যত্র কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার টাঙ্গাইলে সর্বনিম্ন ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

গত বৃহস্পতিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।