বুধবার ,১৩ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 543

একনেক সভায় ১১ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়সংবলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে। একনেক বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দুপুরে একনেক সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এ কথা বলেন।

পরিকল্পনা কমিশন জানায়, ৪র্থ সংশোধিত আশ্রয়ণ প্রকল্পের আওতায় পাকা ও সেমিপাকা ব্যারাক, বহুতল ভবন, কমিউনিটি সেন্টার, সড়ক ও সুপেয় পানির উৎস তৈরি হবে। নতুন পাকাবাড়ি পাবে আড়াই লাখ গৃহহীন পরিবার। সে জন্য আশ্রয়ণ প্রকল্পে আরও প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় করবে সরকার। সংশোধন করা হবে কয়েকটি বাড়ির নকশাও। প্রতিটি বাড়ি নির্মাণের খরচ বাড়ছে ৪০ হাজার টাকা। বাস্তবায়ন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়। এর বাইরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে নতুন ২৫০টি প্লট হবে।

একনেকের বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘নির্বাচনে শামীম ওসমান খুব কি জরুরি?’

নাসিক নির্বাচনে আওয়ামী লীগের এমপি শামীম ওসমান ‘ খুব কি বেশি জরুরি’, এমন প্রশ্ন রেখেছেন সরকারদলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী।

মঙ্গলবার প্রচারণাকালে নির্বাচনে শামীম ওসমানের অবস্থান কী, সমর্থন আছে কি না গণমাধ্যমের এমন প্রশ্নে বেশ বিরক্তি প্রকাশ করেন আইভী।

এ সময় তিনি বলেন, ‘তাকে খুব কি জরুরি আজকে আমাদের এই নির্বাচনে। উনি একজন এমপি। উনি তো ইচ্ছা করলেও প্রচারে আসতে পারবেন না। তাই আমরা নির্বাচনের মধ্যেই থাকি।’

দলের মধ্যে কোনো বিভাজন আছে কি না এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, আওয়ামী লীগের মধ্যে কখনওই বিভাজন ছিল না। তৃণমূল সবসময় একত্রিত ছিল। নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু আওয়ামী লীগের মধ্যে কোনো বিভাজন নেই। আগেও ছিল না এখনও নেই। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী, শেখ হাসিনার কর্মী। আমাদের মতভেদ থাকতে পারে, পার্থক্য থাকতে পারে। দিন শেষে আমরা সকলেই শেখ হাসিনার কর্মী।

মঙ্গলবার সেলিনা হায়াত আইভী সিদ্ধিরগঞ্জের ১নং ও ২নং ওয়ার্ডে সকাল থেকে বিকাল পর্যন্ত গণসংযোগ করেন। এ সময় ‘নৌকা নৌকা’ শ্লোগানে গণসংযোগের স্থানগুলো মুখরিত হয়ে উঠে।

ডা. আইভী গণসংযোগে গেলে নানা বয়সী ভোটাররা তার সঙ্গে যোগ দেন। এ সময় নারী ভোটাররা তাকে এক নজর দেখতে ছুটে আসেন। এ সময় আইভীকে ফুলের তৈরি নৌকা দিয়ে স্থানীয় নেতাকর্মীরা শুভেচ্ছা জানান।

এ সময় স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলমকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেয়া প্রসঙ্গে ডা. আইভী বলেন, এটা একটা দলের কৌশল হতে পারে। এ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। এটা উনাদের দলীয় কৌশল। আমি মাঠে লড়ছি। আমি এভাবেই শেষ পর্যন্ত লড়বো।

তিনি আরও বলেন, স্থানীয় সরকারে কাজ করতে সবসময়ই চ্যালেঞ্জ থাকে। এখানে সবধরনের চ্যালেঞ্জই আছে। এখানে আলাদাভাবে কিছু বলা যাবে না। যে কোনো কাজেই চ্যালেঞ্জ আছে।

আইভী বলেন, জনগণ আমার সঙ্গে আছে। যেখানেই যাচ্ছি দলমত নির্বিশেষে সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে ছুটে আসছে।

এক প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘ষড়যন্ত্র দেখার জন্য সময় আমার নেই। আমি সারাদিন মানুষের সঙ্গে থাকছি। পূর্বেও নির্বাচন করেছি, বহু ষড়যন্ত্র হয়েছে। জনগণ তার রায়ের মাধ্যমে সব ষড়যন্ত্রকে ভেস্তে দিয়েছে। ষড়যন্ত্র দেখার জন্য আমার দল আছে, দলের নেতৃবৃন্দ আছে। আমার সঙ্গে বোঝাপড়া সাধারণ মানুষের।

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নৌকার প্রার্থী বলেন, জনগণ আমার সঙ্গে আছে। যেখানেই যাচ্ছি দলমত নির্বিশেষে সকল মানুষের স্বতঃস্ফূর্তভাবে আসছে।

এ সময় প্রচারণায় তার সঙ্গে ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওমর ফারুক, কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমান, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মাকসুদা মোজাফফর প্রমুখ।

সংলাপ লোক দেখানো চায়ের অনুষ্ঠান মাত্র

নির্বাচন কমিশন দেশের একশ সমস্যার মধ্যে একটি বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বীরবিক্রম। তিনি বলেন, যেখানে সারা শরীরে পচন ধরেছে, সেখানে একটি আঙুলের কথা ভেবে লাভ নেই।

 

শুধু নির্বাচন কমিশনের কথা চিন্তা করলে হবে না। বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থায় যে পচন ধরেছে তার সংস্কার করতে হবে। সামগ্রিকভাবে দেশকে নতুন করে ঢেলে সাজাতে হবে। তবেই জনগণ তাদের ভোটের অধিকারসহ হারানো সম্মান ফিরে পাবে।

মহাখালী ডিওএইচএসের বাসায় মঙ্গলবার যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রবীণ এ রাজনীতিবিদ এসব কথা বলেন। দীর্ঘ আলোচনায় তিনি রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ, নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে কথা বলেন।

একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন, চলমান রাজনৈতিক সংকটসহ নানা ইস্যু তুলে ধরেন। চলমান সংলাপ প্রসঙ্গে অলি আহমদ বলেন, রাষ্ট্রপতি ইসি গঠনে এর আগেও কয়েক দফা সংলাপ করেছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন।

কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি। আমার দৃষ্টিতে এ সংলাপ একটি লোক দেখানো চায়ের অনুষ্ঠান মাত্র। রাষ্ট্রপতি নিজেও জানেন, বঙ্গভবনের অভ্যন্তরে থাকা তিনটি মাজার জিয়ারত করা ছাড়া সাংবিধানিকভাবে তার আর তেমন কোনো ক্ষমতা নেই, কিছু করারও নেই। তিনি বলেন, আমরা আমন্ত্রণ পেয়েছি। যাব কি যাব না দলীয় ফোরামে আলোচনা করে ঠিক করব।

এ সময় স্মৃতিচারণ করে অলি আহমদ বলেন, স্বীকার করতে হয়-১৯৯১ সালের সংবিধান সংশোধনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে আমরা ৪-৫ জন সিনিয়র মন্ত্রী বৈঠক করেছিলাম।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার, পররাষ্ট্রমন্ত্রী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান, আইন-বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মির্জা গোলাম হাফিজ এবং আমি নিজে।

সংবিধানের সংশোধনীর বিষয়ে আমি তখন মুখ্য ভূমিকা পালন করেছি। ওই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির সব ক্ষমতা প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত করা হয়। অনভিজ্ঞতার কারণে দেশ ও দেশের মানুষের এবং ভবিষ্যতের কথা চিন্তা না করে প্রধানমন্ত্রীর পদটিকে একটি স্বৈরাচারী পদ হিসাবে রূপান্তরিত করি।

এর মধ্য দিয়ে আমি নিজেও দেশের ক্ষতি করেছি। উচিত ছিল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রেখে সংবিধান সংশোধন করা।

তিনি বলেন, আগামীতে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হবে। তা না হলে সংকট থেকেই যাবে। এ ছাড়া সংবিধানের অনেক মৌলিক পরিবর্তন প্রয়োজন, সেগুলোও সংশোধন করা হবে।

কারণ, একটি বিষয় ইতোমধ্যে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে- বাকশালী সংবিধান দিয়ে এদেশে আর যাই হোক গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।

নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, নির্বাচন পদ্ধতি সম্পূর্ণরূপ ঢেলে সাজানো না পর্যন্ত ভোটের নামে অপকর্ম থেকে দেশ কখনোই আর বের হতে পারবে না।

সরকারের এবং সাংবিধানিক বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানগুলো ঠিক না করে কোনো নির্বাচন ফলপ্রসূ হবে না। যেমন হৃৎপিণ্ড নষ্ট হলে বাতের ওষুধ দিলে কাজ হয় না, হৃৎপিণ্ডেরই চিকিৎসা করতে হবে।

সব প্রতিষ্ঠান এবং সংস্থাগুলোকে নতুন রূপে সাজাতে হবে। সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে হবে। যারা সরকারে থাকবেন তাদের জনগণের সেবক হিসাবে নিজেকে মেনে নিতে হবে। ভোটের সংস্কৃতি পুনরুদ্ধার করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।

সাবেক এ মন্ত্রী শাসক দল আওয়ামী লীগের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে পর্যায়ক্রমে দেশের প্রতিটি প্রতিষ্ঠান এবং সংস্থাকে আওয়ামী লীগের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসাবে ধাপে ধাপে প্রতিষ্ঠিত করেছে।

অনেকে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, দলীয় রোবটের মতো কর্মকাণ্ড পরিচালনা করছে। তারা যে জনগণের বন্ধু এবং জনগণের সেবক একথাগুলো ভুলে গেছে। সর্বত্র শুধু আওয়ামী লীগ ও প্রধানন্ত্রীকে তুষ্ট করার কাজেই সবাই ব্যস্ত।

ভাবখানা এমন, যেন দেশের এবং জনগণের জন্য তাদের কিছু করার মনমানসিকতা নেই। অলি আহমদ আরও বলেন, এককথায় বলতে গেলে আওয়ামী লীগের লোক ব্যতীত অবশিষ্ট জনগণ একটি বৃহত্তর কারাগারে বসবাস করছে।

গণতন্ত্র এবং মানবাধিকার বলে দেশে এখন আর কিছু নেই। সরকারি দল এখন আর নিজেদের জনগণের সেবক হিসাবে মনে করে না। করলে সমাজের এত অধঃপতন হতো না। সুশাসন এবং ন্যায়বিচার বিলুপ্ত হতো না।

বর্তমানে যেভাবে দেশ চলছে এই অবস্থায় জনগণ আর কখনো ভোট দিতে পারবে না। দিবালোকে নির্বাচন হবে না। নিশি রাতে সরকারি ক্যাডার এবং আওয়ামী ক্যাডার সম্মিলিতভাবে ভোটের কাজ সম্পন্ন করবে। জনগণ নিজ দেশে অপমানিত, অত্যাচারিত এবং নির্যাতনের শিকার হবেন। আমার বিশ্বাস, এ অবস্থা থেকে উত্তরণে জনগণই এগিয়ে আসবে।

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে

নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।

আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪, ময়মনসিংহে ১২ দশমিক ৪, চট্টগ্রামে ১৫ দশমিক ৬, সিলেটে ১৩ দশমিক ৫, রাজশাহী ১০ দশমিক ৫, রংপুরে ১০ দশমিক ৩, খুলনায় ১২ এবং বরিশালে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সারা দেশে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে।

৭০৮ ইউপিতে ভোটগ্রহণ চলছে

পঞ্চম ধাপে ৭০৮ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ চলছে।

বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এদিকে ৭০৮ ইউনিয়নের মধ্যে ৪০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে; বাকিগুলোতে কাগজের ব্যালটে ভোট হবে।

সূত্র জানায়, পঞ্চম ধাপে ৪৮ জেলার ৯৫ উপজেলায় ভোট হবে। ১৯ জেলার ৩১ উপজেলায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিন জেলায় ম্যাজিস্ট্রেট এবং বিজিবি ও র্যা বের বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। সেগুলো হচ্ছে—চাঁপাইনবাবগঞ্জের সদর, মুন্সীগঞ্জের গজারিয়া ও নওগাঁর পত্নীতলা।

এ ছাড়া বাড়তি ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে— নীলফামারীর ডোমার, ফরিদপুরের মধুখালী ও সদরপুর, গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি, শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী, হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট, কুমিল্লার নাঙ্গলকোট, চান্দিনা ও লালমাই এবং গাজীপুরের শ্রীপুরে। এ ছাড়া র্যা ব ও বিজিবির বাড়তি সদস্য বাড়ানো হয়েছে সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর ও কলারোয়া, চাঁদপুরের ফরিদগঞ্জ, হাইমচর ও কচুয়া, ব্রাহ্মণবাড়িয়ার সদর ও আশুগঞ্জ, জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ, চট্টগ্রামের বোয়ালখালী ও চন্দনাইশ, মানিকগঞ্জের হরিরামপুর ও দৌলতপুর এবং ভোলা সদরে।

সংশ্লিষ্টরা জানান, এ ধাপের নির্বাচনেও আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়াও দলটির বিপুলসংখ্যক বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছেন। ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী মাঠে থাকায় সহিংসতার শঙ্কাও রয়েছে। এসব বিবেচনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। যদিও ৪৮ চেয়ারম্যানসহ ১৯৩ জন জনপ্রতিনিধি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তাদের মধ্যে সংরক্ষিত সদস্য ৩৩ এবং সাধারণ সদস্য ১১২ জন। বাকি পদগুলোতে ভোট হচ্ছে।

জানা গেছে, পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ হাজার ৪৫৭ প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান ৩ হাজার ২৭৪ জন, সংরক্ষিত সদস্য সাত হাজার ৯৫০ এবং সাধারণ সদস্য ৩৯ হাজার ৩৯১ জন। এ ধাপে মোট ভোটার সংখ্যা ১ কোটি ৪২ লাখ ২০ হাজার ১৯৫ জন। এর মধ্যে নারী ভোটার ৬৮ লাখ ৩৬ হাজার ৩১ জন ও পুরুষ ৭০ লাখ ৬০ হাজার ১৪০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২১ জন।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে এমটিওদের জন্য ‘ফাউন্ডেশন ট্রেনিং কোর্স অন ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ শুরু

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এ সদ্য নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ১ম ব্যাচের ‘ফাউন্ডেশন ট্রেনিং কোর্স অন ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক দুইমাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী ২ জানুয়ারি, রবিবার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্স ইনস্টিটিউট এর ডিরেক্টর জেনারেল মোঃ আব্দুল আউয়াল সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সার্বিক উন্নয়নে জ্ঞানগত যোগ্যতা সম্পন্ন ব্যাংকার তৈরি হওয়া আবশ্যক। ইসলামী শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং-এর বিভিন্ন দিক সম্পর্কে পরিষ্কারভাবে জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে নিজ কর্মসম্পাদন প্রতিফলনের জন্য তিনি এমটিওদের আহবান জানান। উন্নত নৈতিক চারিত্রিক গুনাবলী অর্জন এবং দায়িত্বশীলতার সাথে কর্মসম্পাদন করে ব্যাংককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমটিওদেরকে পরামর্শ দেন।

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩ জানুয়ারি। স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত রাবেয়া খাতুন ২০২১ সালের এই দিনে পরলোকগমন করেন।

উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনি, কিশোর উপন্যাস, স্মৃতিকথা, চলচ্চিত্র ও নাট্যজগতে বিচরণ ছিল রাবেয়া খাতুনের। কথাসাহিত্যিক হিসাবে সমধিক পরিচিত হলেও একসময় শিক্ষকতা করেছেন, যুক্ত ছিলেন দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে। তিনি উপন্যাস লিখেছেন পঞ্চাশটিরও বেশি, এ পর্যন্ত চার খণ্ডে সংকলিত ছোটগল্প সংখ্যায় চারশরও বেশি।

ছোটগল্প দিয়ে শুরু হলেও লেখক পরিচয়ে প্রথমত তিনি ঔপন্যাসিক। প্রথম উপন্যাস মধুমতী (১৯৬৩) প্রকাশের সঙ্গে সঙ্গেই শক্তিমান কথাসাহিত্যিক হিসাবে পরিচিতি পান তিনি।

রাবেয়া খাতুনের স্বামী প্রয়াত এটিএম ফজলুল হক ছিলেন দেশের চলচ্চিত্রবিষয়ক প্রথম পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক ও বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক। জ্যেষ্ঠ ছেলে ফরিদুর রেজা সাগর খ্যাতিমান শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব, কনিষ্ঠ ছেলে ফরহাদুর রেজা প্রবল স্থপতি, বড় মেয়ে কেকা ফেরদৌসী খ্যাতিমান রন্ধনবিদ, ছোট মেয়ে ফারহানা কাকলী একজন সুগৃহিণী।

রাবেয়া খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চ্যানেল আইয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

২৭ ডিসেম্বর ছিল এই খ্যাতিমান কথাসাহিত্যিকের জন্মদিন। ওইদিন স্মরণে চ্যানেল আই চত্বরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদের পক্ষ থেকে শীতবস্ত্র ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

প্রস্রাবে সমস্যা কেন হয়, কী করবেন?

শীতকালে অনেকেই প্রস্রাবের সমস্যায় ভোগেন। কারো কারো প্রস্রাবে ইনফেকশনও দেখা দেয়। এসবের মূল কারণ ঠাণ্ডার ভয়ে পানি কম খাওয়া।

প্রোস্টেট গ্রন্থির কারণেও অনেক সময় প্রসাবে নানা জটিলতা দেখা দিতে পারে। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন অধ্যাপক ডা. সোহরাব হোসেন সৌরভ।

একজন মানুষ ২৪ ঘণ্টায় সাধারণত আড়াই থেকে তিন লিটার পানি বা পানীয় পান করে থাকে। কিডনির কাজ করার ক্ষমতা স্বাভাবিক থাকলে, পারিপার্শ্বিক আবহাওয়ার খুব বড় তারতম্য না হলে প্রতি ২৪ ঘণ্টায় এক হাজার ৫০০ সিসি প্রস্রাব কিডনি তৈরি করে থাকে।

আমাদের শরীর থেকে কিছু পানি ঘাম আকারে, কিছু পানি শ্বাস-প্রশ্বাসের সঙ্গে, কিছু পানি মলের সঙ্গে বের হয়ে যায়। যেহেতু আমাদের প্রস্রাবের থলির স্বাভাবিক ধারণক্ষমতা ৩০০ সিসি, তাই স্বাভাবিকভাবে একজন মানুষ ২৪ ঘণ্টায় পাঁচবার প্রস্রাব করে থাকেন। সাধারণত দিনে চারবার আর রাতে একবার।

তবে নানাবিধ স্বাভাবিক বা অস্বাভাবিক কারণে বারবার প্রস্রাবের প্রবণতা দেখা দিতে পারে, আবার কমেও যেতে পারে। যদি আমরা অতিরিক্ত পানি বা তরলজাতীয় খাবার খাই, তবে প্রস্রাবের পরিমাণ বেশি হয়, বারবার প্রস্রাব হয়। বারবার প্রস্রাব হয় ডায়াবেটিসেও। অন্যদিকে পুরুষের ক্ষেত্রে বয়োবৃদ্ধির সঙ্গে বয়সজনিত স্বাভাবিক পরিবর্তন হিসেবেই বৃদ্ধি ঘটে প্রোস্টেট গ্রন্থির।

প্রোস্টেট গ্রন্থি প্রস্রাব প্রবাহে বাঁধার সৃষ্টি করে। ফলে প্রস্রাবের থলি সব সময় সম্পূর্ণ খালি হয় না। আর বৃদ্ধি পাওয়া প্রোস্টেট সৃষ্টি করে প্রস্রাবের থলির মুখে এক ধরনের অস্বস্তি। বয়োবৃদ্ধির কারণে নারী-পুরুষ নির্বিশেষে সবার প্রস্রাবের থলিরই ধারণক্ষমতা কমে যায়। বারবার প্রস্রাব করার প্রবণতা বেড়ে যায়।

রাবির ১০ তলা হলের নির্মাণ কাজের উদ্বোধন করলেন মেয়র লিটন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রদের জন্য ১০ তলাবিশিষ্ট শহিদ এএইচএম কামারুজ্জামান হলের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে হলটির নির্মাণ কাজের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর সেখানে প্রদর্শিত হলের নকশা ও স্থান পরির্দশন করেন তিনি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ভৌত অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ৭০ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১০ তলাবিশিষ্ট শহিদ এএইচএম কামারুজ্জামান হল নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের উদ্যোগী মন্ত্রণালয় হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বাস্তবায়নকারী সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। হলটিতে ছাত্রদের জন্য মোট ৪৮২টি কক্ষ থাকবে। হলের প্রতিটি কক্ষে দুইজন করে মোট ৯৬৪ জন ছাত্র থাকতে পারবেন। এছাড়া হলে ৩৭টি হাউস টিউটর ও অফিস কক্ষ, ৬টি অত্যাধুনিক লিফটসহ অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। এটি বিশ্ববিদ্যালয়ের প্রথম ১০ তলাবিশিষ্ট আবাসিক হল।

উদ্বোধনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া, প্রফেসর ড. মো. সুলতান-উল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সলিমুল্লাহ মুসলিম হল অ্যালামনাইয়ের পুনর্মিলনী ২২ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী আগামী ২২ জানুয়ারি রাজধানীর ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। ১৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম চলবে। নিবন্ধনের জন্য যোগাযোগ-অ্যালামনাই অফিস, বাংলামটর রূপায়ন ট্রেড সেন্টার। সৈয়দ আরিফুজ্জান ছইফ, ফোন: ০১৭৫৯৯৫৫৯২০, এস এম আকমল হোসেন রাজু, ফোন: ০১৭১১৮৩১৮০২, ০১৭১১৩৭১২৯৬।