মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামীমা ইসলাম (৫৫) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার, ২৩ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে গাংনীর মালসাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে ওই শিক্ষিকা গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে রূপকল্প ২০২১ প্রশিক্ষণের জন্য আসছিলেন। এ ঘটনায় শিক্ষিকা শামীমার স্বামী ফিরোজ আহমেদ আহত হন। নিহত শামীমা ইসলাম গাংনীর করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক।
স্থানীয়রা জানায়, নিহত শামীমা ইসলাম তাঁর স্বামী ফিরোজ আহমেদের সঙ্গে মোটরসাইকেলে মালসাদহ ব্রীজ সংলগ্ন শোভা মটরস অ্যান্ড মেশিনারিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন শামীমা। ঘটনার পরপরই ড্রাম ট্রাকসহ পালিয়ে যায় চালক ও তার সহযোগী। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল নিহত শামীমা ইসলাম ও আহত ফিরোজ আহমেদকে উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।’
বিজনেস বাংলাদেশ/ হাবিব
রাজধানীর ভাটারায় যাত্রাবাহী বাস ‘ভিক্টর পরিবহনের’ ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির ছাত্রী নাদিয়া আক্তার (২৪) নিহত হওয়ার ঘটনায় চালক লিটন (৩৮) ও হেলপার আবুল খায়েরকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, নিহত নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ভিক্টর পরিবহনের ওই বাসটির চালক ও হেলপারকে আসামি করা হয়। ওই মামলাতেই আজ সকাল ৮টা ২২ মিনিটে মিরপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
রোববার দুপুর পৌনে ১টার দিকে ভাটারা এলাকায় ওই বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা নাদিয়ার মৃত্যু হয়। আহত হয় তার বন্ধু মেহেদী হাসান। নিহত নাদিয়া ওই ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রী। তার বাড়ি নারায়গঞ্জের ফতুল্লা থানার চাষাড়ায়। এক সপ্তাহ আগে উত্তরায় একটি হোস্টেলে উঠেছিলেন নাদিয়া।
এ দুর্ঘটনার পর পর কাওলা এলাকায় সড়ক অবরোধ করেন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিহত নাদিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, ভিক্টর পরিবহনের রুট পারমিট বাতিল এবং কাওলা এলাকায় বাস স্টপেজের দাবিতে বিক্ষোভ দেখান। তাদের দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সন্ধ্যায় তারা সড়ক থেকে সরে যান।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত ফেরত অভিজিৎ সিকদার (১৩) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রাপিড এন্টিজেন পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ নয়। রবিবার (২২ জানুয়ারি) বিকাল ৫টার সময় করোনা আক্রান্ত অভিজিৎকে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর আইসোলেশনে নেওয়া হয়েছে।
আক্রান্ত অভিজিৎ সিকদার বাগেরহাট জেলার শ্রীরামপুরের বাসিন্দা জয়দেব সিকদারের ছেলে। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, আক্রান্ত অভিজিৎ সিকদার গত ১৫ দিন আগে (৬ জানুয়ারি) বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের কলকাতায় গিয়েছিলো টুরিস্ট ভিসায়।রোববার বিকালে পেট্রাপোল ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে বেনাপোল ইমিগ্রেশনে আসলে তার শারীরিক অবস্থায় সন্দেহ হলে র্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হয় এবং করোনা সংক্রমন ধরা পড়ে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, রোববার বিকালে অভিজিৎ সিকদার নামে একজন পাসপোর্ট যাত্রীর করোনা পজেটিভ শনাক্ত হয়।পরে তাকে যশোর আইসোলেশনে নেওয়া হয়েছে।
করোনা সংক্রমণ রোধে সতর্কতার সাথে কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।
তবে নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ এর প্রকোপ দেখা দেওয়ায় ইমিগ্রেশনে বাড়তি সতর্কতার জন্য এ পর্যন্ত ২ জন পাসপোর্টযাত্রীর শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে একটি আবাসিক ভবন ধসে পড়ে নিহত ১৬ জন হয়েছেন । রোববার, ২২
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, পানি লিকেজ হয়ে পাঁচ তলা ভবনটির ভিত্তি দুর্বল হয়ে এ ঘটনা ঘটে। ভবনের ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সূত্র: ডেইলি সাবাহ, দ্য ওয়াশিংটন পোস্ট
সিরিয়ায় গৃহযুদ্ধের সময় দেশটির সরকারি বাহিনী (আসাদ বাহিনী) ও তাদের মিত্র রাশিয়া ব্যাপক বোমা হামলায় শহরটির অনেক ভবন ক্ষতবিক্ষত হয়। ফলে গত কয়েক বছরে শহরটির অনেক ভবন ধসে পড়েছে।
ওই যুদ্ধে গৃহহীন হয়ে পড়া বহু সিরীয়কে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতেই পুনর্বাসন করা হয়েছে। সেই ভবনগুলো সংস্কার বা মেরামতের ব্যবস্থাও করা হয়নি।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
আগামী ২৯ জানুয়ারি আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সমাবেশে নাটোর জেলার নেতা–কর্মীদের যাতায়াতের সুবিধার্থে চলাচল করবে বিশেষ একটি ট্রেন। ট্রেনটি দুপুর ১টায় নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর স্টেশন থেকে ছেড়ে নলডাঙ্গা, বাসুদেবপুর, নাটোর এবং ইয়াছিনপুরে পাঁচটি স্টেশনে থামবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ট্রেনটিতে চেপে অন্তত ১০ হাজার নেতা–কর্মী রাজশাহী যাবেন বলে জানিয়েছেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক।
শনিবার (২১ জানুয়ারি) বিকেলে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধিসভায় এ কথা বলেন তিনি। ইতোমধ্যে বিশেষ এই ট্রেনের জন্য রেলপথ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি।
জুনাইদ আহমেদ পলক বিশেষ এই ট্রেন সম্পর্কে বলেন, ‘ট্রেনটি দুপুর ১টায় নাটোরের মাধনগর থেকে ছেড়ে নলডাঙ্গা, বাসুদেবপুর, নাটোর এবং ইয়াছিনপুরে পাঁচটি স্টেশনে থামবে। যাতে প্রায় ৮ থেকে ১০ হাজার নেতা–কর্মী বহন করতে পারবে। এর বাইরে আরও প্রায় ৩০ হাজার নেতা–কর্মী বাস এবং ট্রাকযোগে অনুষ্ঠানে যোগ দেবে।’
দলীয় অনুষ্ঠানে ট্রেন ব্যবহার করা নিয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এতে অসুবিধা দেখছি না। একটি বিশেষ ট্রেন রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে বরাদ্দ নেওয়া হয়েছে। যাত্রী বহনের বিনিময়ে নির্ধারিত ভাড়া দেওয়া হবে। আশা করি, নিয়মিত ট্রেন চলাচলে বিঘ্ন হবে না।’
ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী নাসিরাবাদ কলেজে দিনব্যাপী পিঠা উৎসব মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কলেজ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক নাসিরাবাদ কলেজ গভর্নিংবডির সভাপতি, এফবিসিসিআই সহ-সভাপতি, দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি)। নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক আজিজ আহমেদ সাদিক রেজা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পিঠা উৎসব কমিটির আহ্বায়ক প্রভাষক তানজিনা এলিন, সদস্য প্রভাষক তানজিলা আরেফিন, প্রভাষক সৈয়দা নাজনীন সুলতানা, প্রভাষক লুৎফর রহমান, প্রভাষক রেজাউল করিম, প্রভাষক মুক্তা আক্তার, প্রভাষক আবু নাঈম, প্রভাষক মোঃ মনিরুল ইসলাম, প্রভাষক হাসানুল ইসলাম, প্রভাষক মোঃ হানিফ খান, প্রভাষক রাবেয়া সুলতানা বিথী, প্রভাষক রুবাইয়াৎ জাহান নূর, প্রভাষক জুঁই তালুকদার, জালাল উদ্দিন, তাসলিমা বেগম, হাফিজুর রহমান প্রমুখ। মেলায় ১২ টি স্টলে রঙ-বেরঙের দেশীয় সুস্বাদু পিঠার স্থান পেয়েছে যা দর্শনার্থীদের মন কেড়েছে। এ সময় পিঠা উৎসবে উপস্থিত ছিলেন
কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা। পিঠা মেলায় এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।