শুক্রবার ,১৪ আগ, ২০২৬
sbacbank
Home Blog Page 338

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এমবাপ্পে পেলেন ১০ ভোট!

কিলিয়ান এমবাপ্পের প্রভাব ফুটবল ছাড়িয়ে পৌঁছে গেল নির্বাচনের মাঠেও! ২৩ বছর বয়সি বিশ্বকাপজয়ী এ স্ট্রাইকার ফ্রান্সে রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পেয়েছেন ১০ ভোট। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনটিই ঘটেছে দেশটিতে।

রোববার ইমানুয়েল ম্যাক্রোঁ দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি সম্প্রতি প্যারিস সেইন্ট জার্মেইতে এমবাপ্পেকে রাখার পক্ষে ব্যাপক প্রচার চালিয়েছিলেন।

ম্যাক্রোঁ এমবাপ্পেকে নিয়ে বলেছিলেন, লিগ ওয়ান এবং পিএসজিতে তাকে রাখার জন্য আমাদের অবশ্যই লড়াই করতে হবে। কারণ সে একজন দুর্দান্ত খেলোয়াড়। ফ্রান্সে তাকে দেখতে পারাটা আনন্দের।

এ এমবাপ্পেকেই রোববারের নির্বাচনে ম্যাক্রোঁর মতো প্রেসিডেন্ট পদপ্রার্থী বানিয়ে ভোট দিয়েছেন কয়েকজন সমর্থক।

‘লে এস্তে রিপাবলিকায়ান’ এর প্রতিবেদন, ৪০০ জন বাসিন্দার ছোট গ্রাম টেলেনেতে ১০টি ভোট পেয়েছেন এমবাপ্পে। সমর্থকরা নকল ব্যালট বানিয়ে তাতে এমবাপ্পের নাম জুড়ে দেন।

টেলেনের মেয়র বলেন, ‘আমরা দেখলাম এমন একটা ব্যালট বেরিয়ে এসেছে, তার পরে দুটি, তার পরে তিনটি…. এটি খুবই ভালোভাবে করা হয়েছে, ঠিক আসল ব্যালটের মতো দেখাচ্ছিল।

তিনি যোগ করেন, এমবাপ্পে নামটি কলম দিয়ে দ্রুত লেখা হয়নি, বরং কম্পিউটারে টাইপ করা হয়েছিল এবং তার পরে ছাপানো হয়।

সূত্র: মার্কা

এখানে অন্য কোনো কাহিনি থাকতে পারে: রাহী

হোম সিরিজে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে আবু জায়েদ রাহীকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফর্মে থেকেও দলে ডাক না পাওয়ায় অবাক হয়েছেন এই পেসার।

ক্ষুব্ধ রাহী এক প্রতিক্রিয়ায় বলেন, এর মধ্যে অন্য কিছুর গন্ধ পাচ্ছেন তিনি। অবশ্য তার এমন প্রতিক্রিয়া ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুনানির জন্য তাকে তলব করতে পারে বিসিবি।

বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নির্বাচকদের খতিয়ে দেখতে বলেছেন। ফলে নির্বাচকরা শুনানির জন্য রাহীকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ক্রিকবাজকে বলেন, ‘ঈদের পর রাহীকে আমরা ডাকব।’

রাহীর প্রশ্ন তোলার ভঙ্গি নিয়ে ভীষণ অসন্তুষ্ট হয়েছেন নান্নু। এখন এ মিডিয়াম পেসারের কথা শোনার পর তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। ‘শ্রীলংকা সিরিজে বাদ পড়ায় তাকে এভাবে কথা বলতে দেখে ভীষণ হতাশ হয়েছি। শুনানির পরেই আমরা তার বিরুদ্ধে পরবর্তী করণীয় ঠিক করব।’

বিগত বছরগুলোতে টেস্ট ম্যাচে রাহীকে নিয়মিত দলে রাখা হত। যেহেতু সুইংয়ের কার্যকারিতা তাকে আলাদা সুবিধা দিত। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই ধারটা পাওয়া যায়নি বলে যুক্তি নির্বাচকদের। তাকে বাদ দেওয়ার ক্ষেত্রে ফর্ম বিবেচ্য ছিল না। দেশের মাটিতে কম গতি আর সুইং কাজ করবে না— এমন ভাবনাই নির্বাচকদের ভাবিয়েছে বেশি। তা ছাড়া শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ তিন টেস্টে কোনো উইকেটই পাননি তিনি। যার কারণে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় গেলেও একাদশে স্থান পাননি।

বাদ পড়ায় হতাশ রাহী প্রতিক্রিয়ায় জানান, ‘মিরপুরে হওয়া শেষ দুই টেস্টে ১০ উইকেট নিয়েছি, এ পেস দিয়েই। আমার মনে হয় না গতি এখানে কোনো ইস্যু। এখানে অন্য কোনো কাহিনি থাকতে পারে।’

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের মহেশপুর এলাকায় বিটিসি রোড থেকে ২০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সবজি চাষি তাজু মিয়া (২৫), সবুজ মিয়া (৩০) ও অটোরিকশাচালক সোহেল মিয়া (৩৫)।

তাজু মিয়া রংপুরের পীরগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে, সবুজ মিয়া একই গ্রামের দুলা মিয়ার ছেলে এবং সোহেল মিয়া সোলায়মান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নিউ সাফা পরিবহণের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড়ের উদ্দেশে যাচ্ছিল। পথে মহেশপুর এলাকায় করলাবোঝাই অটোরিকশাকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই তাজু ও সোহেল মারা যান। সবুজকে আহতাবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার পরিদর্শক রূপ কুমার সরকার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। কৃষকরা সবজি নিয়ে পলাশবাড়ির মহেশপুর সবজির হাটে আসছিলেন। এ সময় মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে।

সরে গেল রাশিয়া-ইউক্রেনের বন্ধুত্বের নিদর্শন

রাশিয়া-ইউক্রেনের বন্ধুত্বের নিদর্শন হিসেবে স্থাপিত ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে। মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভে দাঁড়িয়ে থাকা ওই ভাস্কর্যটি ভেঙে ফেলার সময় উল্লাসে মেতে ওঠেন বাসিন্দারা।

বিবিসি জানিয়েছে, কিয়েভের কেন্দ্রে বিশাল স্মৃতিস্তম্ভটি সরানোর নির্দেশ দেন শহরের মেয়র ভিটারি ক্লিটসকো। ভাস্কর্যটি ভেঙে ফেলার দৃশ্য দেখার জন্য সেখানে স্থানীয় অনেক বাসিন্দা জড়ো হয়েছিলেন। ভাঙার পর এদের কেউ কেউ উল্লাসে মেতে ওঠেন।

মেয়র ভিটারি ক্লিটসকো বলেন, রাশিয়া লাখ লাখ ইউক্রেনীয়র স্বাভাবিক জীবন শেষ করে দিয়েছে এবং ইউরোপের শান্তি নষ্ট করেছে। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক রাখা যায় না।

একসময় রাশিয়া-ইউক্রেনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে ইউক্রেনের রাজধানী কিয়েভে দাঁড়িয়ে ছিল বিশাল এক ভাস্কর্যটি।

এদিকে ইউক্রেনের কয়েকটি শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষণেও বিষয়টির ইঙ্গিত পাওয়া গেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী ইউক্রেনের খেরসন অঞ্চল এবং খারকিভ, ঝাপরোজজিয়া ও মাইকোলাইভ শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার দাবি করেছেন যে, মারিউপোলের লড়াইও সমাপ্ত হয়েছে। রাশিয়ানদের নিয়ন্ত্রণে নেওয়া এলাকাগুলোর মধ্যে খেরসনেই বেশি মানুষ বসবাস করে।

মঙ্গলবার রাতে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বলেছেন যে, অধিকৃত এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন রাশিয়ানরা।

বিলাওয়াল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন আজ

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি আজ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। শাহবাজ শরিফের ফেডারেল সরকারে বিলাওয়ালের যোগ দেওয়া নিয়ে যে দোদুল্যমানতা ছিল সেটি কেটেছে লন্ডনে নওয়াজ শরিফের সঙ্গে তার বৈঠকে।

মঙ্গলবার পিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাশেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিলাওয়ালের শপথের বিষয়ে ঘোষণা দেওয়া হয়।

এর আগে শাহবাজ শরিফের মন্ত্রিসভা শপথ নেওয়ার সময় বিলাওয়াল সেখানে উপস্থিত ছিলেন। তবে শপথ নেননি। তবে তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব আশ্বাস দিয়েছিলেন যে বিলাওয়াল পরে শপথ নেবেন।

সংবাদ সম্মেলনে বিলাওয়াল আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ‘বিদেশি ষড়যন্ত্র’ বক্তব্য আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের ইমেজ ক্ষতিগ্রস্ত করছে।

তিনি বলেন, পিটিআই চেয়ারম্যানের ষড়যন্ত্র অব্যাহত থাকবে। কারণ তিনি তার টার্গেট বদল করে এখন বিচার বিভাগ থেকে নির্বাচন কমিশনকে করেছেন।

তিনি আরও বলেন, ইমরান খান সংবিধান লঙ্ঘন করে এটিকে কাগজের একটি টুকরা মনে করেন।

সূত্র: জিও নিউজ।

দাম নিয়ন্ত্রণে বড় ঝুঁকি একক দেশনির্ভরতা

নিত্যপণ্য আমদানিতে একক দেশ নির্ভরতায় পণ্যের দাম স্থিতিশীল রাখার ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করেছে। কোনো পণ্য শুধু একটি দেশ থেকে আমদানি করে দেশের চাহিদা মেটানো এখন চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। এ ক্ষেত্রে এখন নানা সমস্যা তৈরি হচ্ছে।

কোনো দেশ তাদের অভ্যন্তরীণ কারণে রপ্তানি বন্ধ করে দিলে বা উৎপাদন কম হলে এর নেতিবাচক প্রভাব পড়ছে বাজারে। সংশ্লিষ্ট পণ্যের বাজার বেসামাল হয়ে পড়ছে। এতে পণ্যের দাম চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। তখন পরিস্থিতি সরকারের পক্ষেও সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

শনিবার ইন্দোনেশিয়া পাম অয়েল রপ্তানি বন্ধের ঘোষণা দিলে আন্তর্জাতিক বাজারে এর দাম দুদিনে ৩৮ শতাংশ বেড়ে যায়। দেশের বাজারেও ভোজ্যতেলে দাম বাড়তে থাকে। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে একই অবস্থা দেখা দেয়। পেঁয়াজের কেজি ৩০০ টাকা ছাড়িয়ে যায়।

এ ঝুঁকি কমাতে আমদানি নির্ভর পণ্যগুলো কোনো একক দেশের ওপর নির্ভর না করে বেশ কয়েকটি দেশ থেকে আমদানি করার ওপর গুরুত্বারোপ করেছেন বাজার বিশ্লেষকরা। তারা বলেছেন, নানা কারণে কোনো একটি দেশের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে বিভিন্ন কারণে রপ্তানিও বন্ধ করতে পারে। এতে করে দেশের বাজারে কোনো সমস্যা সৃষ্টি না হয় সেজন্য বিভিন্ন দেশ থেকে একই পণ্য আমদানির উদ্যোগ নিতে হবে। এতে কোনো দেশ থেকে আমদানিতে সমস্যা হলে বিকল্প দেশগুলো থেকে কিছু কিছু করে আমদানি বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে। এক্ষেত্রে খরচ বেশি হলেও তবুও নিত্যপণ্য আমদানিতে এ ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়াটা জরুরি।

কৃষি বিপণন অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়, খাদ্য আমদানির ক্ষেত্রে একক দেশ নির্ভরতা পরিহার করেও একাধিক দেশ থেকে পণ্য আমদানির উদ্যোগ নিতে হবে। এতে কোনো দেশে সমস্যা হলে অন্য দেশ থেকে আমদানি বাড়ানো সম্ভব হবে। সংকটে হঠাৎ করে নতুন করে কোনো দেশ থেকে আমদানি কঠিন হয়ে পড়তে পারে। এজন্য আগে থেকেই আমদানির বিকল্প ব্যবস্থা রাখার প্রস্তাব করেছে সংস্থাটি।

সূত্র জানায়, শনিবার ইন্দোনেশিয়া পাম অয়েল রপ্তানি বন্ধ করে দিলে দেশের বাজারে সয়াবিন তেলসহ পাম অয়েলের দাম হু হু করে বেড়ে যায়। সরকারের নির্ধারিত দাম অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেল ১৬০ টাকা ও পাম অয়েল ১৩০ টাকা করে বিক্রি করার কথা। কিন্তু মঙ্গলবার প্রতি লিটার সয়াবিন তেল ২০০ টাকা ও পাম অয়েল ১৭৫ টাকা লিটার বিক্রি হচ্ছে। ইন্দোনেশিয়ার ওই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারেও এর দাম বেড়ে যায়। এক বছর আগে প্রতি টন পাম অয়েলের দাম ছিল ৯৬০ ডলার। বৃহস্পতিবার ছিল ১ হাজার ১৮০ ডলার। এখন তা বেড়ে ১ হাজার ৮০০ ডলারে উঠেছে। সয়াবিন তেলের দামও বেড়ে ১ হাজার ৭০০ ডলার থেকে ১ হাজার ৯২০ ডলার হয়েছে।

বিশ্বব্যাপী পাম অয়েলের ৩৯ শতাংশই রপ্তানি করে ইন্দোনেশিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সয়াবিন তেলের দাম বাড়ার কারণে ইন্দোনেশিয়ার বাজারে ভোজ্যতেলের দাম হু হু করে বেড়ে যায়। তাদের দেশের বাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে পাম অয়েল রপ্তানি বন্ধ করেছে। বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক যখন রপ্তানি বন্ধ করল তখন বিশ্ববাজারেই এর নেতিবাচক প্রভাব পড়েছে।

দেশে বছরে শিল্প ও খাদ্য মিলে সাড়ে ২৪ লাখ টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। এর মধ্যে ২০ লাখ টন ব্যবহৃত হয় খাদ্য হিসাবে। বাকি সাড়ে ৪ লাখ টন ব্যবহৃত হয় শিল্প খাতে। দেশে মোট চাহিদার ৬৭ শতাংশই পাম অয়েল দিয়ে মেটানো হয়। বাংলাদেশ প্রতিবছর গড়ে ১৬ লাখ টন পাম অয়েল ও সাড়ে ৮ লাখ টন সয়াবিন তেল আমদানি করে। অর্থাৎ সয়াবিনের প্রায় দ্বিগুণ পাম অয়েল আমদানি হয়। এর মধ্যে ইন্দোনেশিয়া থেকে ৯ লাখ টন এবং মালয়েশিয়া ২ লাখ টন, সিঙ্গাপুর থেকে ৭ হাজার টন ও চীন থেকে ২৭০ টন পাম অয়েল আমদানি করে। ইন্দোনেশিয়া থেকে দেড় হাজার টন পাম অয়েল আমদানি এখনও অনিষ্পন্ন রয়েছে। এগুলো এখন আর আমদানি করা যাবে না।

এদিকে বাণিজ্যি মন্ত্রণালয় থেকে ইন্দোনেশিয়ার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। একই সঙ্গে মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে পাম অয়েল আমদানিরও প্রচেষ্টা চলছে। তবে সিঙ্গাপুরেও এর দাম বেড়ে গেছে। আগে সিঙ্গাপুরের বাণিজ্যিক রপ্তানিকারকরা (মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া থেকে কিনে সিঙ্গাপুরে পাইকারিভাবে বিক্রি করে) প্রতি টনে ৪০ ডলার ছাড় দিতেন। রোববার থেকে এ ছাড় বন্ধ করে দেওয়া হয়েছে।

পেঁয়াজ আমদানিতে বাংলাদেশ এককভাবে ভারতের ওপর নির্ভরশীল। দেশে পেঁয়াজের নিট উৎপাদন হয় ২৮ লাখ টন। এর বাইরে আরও ৬-৮ লাখ টন আমদানি করা হয়। এর মধ্যে ভারত থেকেই আমদানি করা হয় ৫-৭ লাখ টন। বাকি ১ লাখ টন পেঁয়াজ আমদানি করে মিয়ানমার, মিসর, তুরস্ক থেকে। কিন্তু ভারতে পেঁয়াজের উৎপাদন কমে গেলে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে রপ্তানি বন্ধ করে দেয়। তখনই দেশে পেঁয়াজের দাম লাফিয়ে বাড়তে থাকে। ২০২০ সালের সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে এর দাম কেজিতে ৩০০ টাকায় উঠে। ২০১৯ সালের সেপ্টেম্বরেও ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করছিল। ওই সময়েও দেশের পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠে। দুই বছরই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে মিয়ানমার, তুরস্ক থেকে আমদানি করা হয়। কিন্তু তাৎক্ষনিকভাবে ওইসব দেশ থেকে আমদানি করা জটিল হয়ে উঠে। আমদানির প্রক্রিয়া সম্পন্ন করতে ২-৩ মাস লেগে যায়। তত দিনে দেশি পেঁয়াজ বাজারে চলে আসে। ভারত প্রতিবেশী দেশ হওয়ায় এ দেশ থেকে পেঁয়াজ আমদানির খরচ কম। মিয়ানমার থেকেও আমদানি খরচ কম। কিন্তু মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য খুবই কম। এছাড়া রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার সম্পর্কের শীতলতা থাকায় স্থল বাণিজ্য বন্ধ। খুবই সীমিত আকারে নৌপথে কিছু বাণিজ্য হচ্ছে। তুরস্ক থেকে আমদানিতে খরচ বেশি পড়ে।

গমের ক্ষেত্রেও একই অবস্থা। বেশিরভাগ গম আমদানি করে রাশিয়া ও উইক্রেন থেকে। ওইসব দেশে গমের উৎপাদন কম হলেই আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যায়। সাম্প্রতিক রাশিয়া ও উইক্রেনের মধ্যে যুদ্ধ বাধায় আন্তর্জাতিক বাজারে গমের দাম বেড়ে গেছে। এর প্রভাবে বেড়েছে দেশের আটার দাম। ৩২ টাকা দামের আটা এখন বিক্রি হচ্ছে ৪২ টাকা কেজি। অথচ অস্ট্রেলিয়া, ব্রাজিল, আজেন্টিনাতেও গমের উৎপাদন ভালো। ওইসব দেশ থেকে গম আমদানিতে খরচ বেশি হওয়ায় সেসব দেশ থেকে পণ্যটি আমদানি করে না উদ্যোক্তারা।

দেশেই তৈরি হবে ৫০০ সিসির মোটরসাইকেল

অবশেষে উচ্চ সক্ষমতার তথা ৫০০ সিসি (ইঞ্জিনক্ষমতা) মোটরসাইকেল বাজারজাত করার সুযোগ পেলেন স্থানীয় উৎপাদকরা।

দেশে এখন থেকে ৫০০ সিসি (ইঞ্জিনক্ষমতা) মোটরসাইকেলের যন্ত্র ও যন্ত্রাংশ আমদানি করা যাবে, সংযোজন করা যাবে, বাজারজাতও করা যাবে।

গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে দেওয়া নতুন আমদানি নীতি আদেশ (২০২১-২৪) এমনটি বলছে।

আমদানি নীতি আদেশে বলা হয়েছে, মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠান ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল উৎপাদনে ব্যবহৃত যন্ত্র বা যন্ত্রাংশ আমদানি করতে পারবে। ১৬৫ সিসি সক্ষমতার মোটরসাইকেল আমদানি, উৎপাদন ও বাজারজাত করার অনুমোদন রয়েছে। এর বেশি সব ধরনের মোটরসাইকেল আমদানি নিষিদ্ধ। তবে পুলিশের ক্ষেত্রে ১৬৫ সিসির এ ঊর্ধ্বসীমার বিধান প্রযোজ্য নয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) নিজেই গত বছর সিসিসীমা তুলে দেওয়ার সুপারিশ করেছিল।

বিশ্বের কোথাও এমন সিসিসীমা নেই জানিয়ে সংস্থাটি বলেছিল, ৩০০ বা ৫০০ সিসির মোটরসাইকেলে সর্বোচ্চ যে গতি তোলা সম্ভব, ১৬৫ সিসি মোটরসাইকেলেও একই গতি তোলা যায়। স্থানীয় মোটরসাইকেল শিল্পের বিকাশে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ইঞ্জিনক্ষমতার সীমা তুলে নেওয়া দরকার।২০২৭ সালের মধ্যে দেশে ১০ লাখ মোটরসাইকেল উৎপাদন করা হবে।

যানজট বেড়ে যাওয়ায় ও রাইড শেয়ারিং জনপ্রিয় হয়ে ওঠায় মোটরসাইকেলের চাহিদা দিন দিন বাড়ছে। বিক্রিও বাড়ছে। দেশে ২০১৮ সালে ৪ লাখ ৮৭ হাজার এবং ২০১৯ সালে ৫ লাখ ৪৯ হাজার মোটরসাইকেল বিক্রি হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, ২০১৯ সালে নিবন্ধিত মোটরসাইকেল ছিল ৪ লাখ ১ হাজার ৪৫২টি। কোভিডের প্রভাবে ২০২০ সালে তা কমে ৩ লাখ ১১ হাজার ১৬টিতে দাঁড়ায়। ২০২১ সালে আবার তা কিছুটা বেড়ে হয় ৩ লাখ ৭৫ হাজার ২৫২টি।

337
Shares
facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttontwitter sharing buttonlinkedin sharing button

স্বেচ্ছাসেবক দলের মুসাব্বিরকে ‘গুম’ করে রাখা ভয়ানক সংকেত: রিজভী

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের কোনো ‘হদিস’ না পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ‘গতকাল (সোমবার) সন্ধ্যায় মুসাব্বিরকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু এখনো পর্যন্ত সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’

রিজভী বলেন, ‘এই ঘটনা আতঙ্কজনক। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই নেতাকে এভাবে আটক ও গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সংকেত। রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং ভয়াবহ আওয়ামী দুঃশাসন টিকিয়ে রাখতেই সরকার বিরোধী দল ও মতকে দমনে আরও হিংস্র রূপ ধারণ করেছে।’

তিনি বলেন, ‘এটি সবার কাছে দৃশ্যমান যে, আজিজুর রহমান মুসাব্বিরকে তেজগাঁও থানা পুলিশ গতকাল সন্ধ্যায় পুলিশ ভ্যানে করে তুলে নিয়ে যায়। মুসাব্বির পুলিশের কাছেই আছে। তাকে এভাবে নিখোঁজ করে রাখায় দলের সব পর্যায়ের নেতাকর্মী ও তার পরিবার গভীরভাবে উদ্বিগ্ন।’

অবিলম্বে আজিজুর রহমান মুসাব্বিরকে জনসমক্ষে হাজির করার দাবি জানান রুহুল কবির রিজভী।

‘ঈদের পরে আন্দোলনের এমন দিনক্ষণ তারা আগেও দিয়েছে’

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যেভাবে ঢাকা শহরে ২ কোটি মানুষের মধ্যে দুইশ মানুষের বিক্ষোভ করে- এতেই বোঝা যায় তারা আসলে কতটুকু আন্দোলন করতে পারবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান শেষে ঈদের পরে বিএনপির আন্দোলনের ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহফুজুল হক, ডিইউজের সহসভাপতি মানিক লাল ঘোষ, কল্যাণ ট্রাস্টের সদস্য সেবিকা রাণী প্রমুখ অনুষ্ঠানে যোগ দেন।

ড. হাছান বলেন, ‘আমরা চাই সরকারের যদি ভুলত্রুটি থাকে, সেগুলো বিএনপি তুলে ধরুক। তাদের আন্দোলন শুধুমাত্র তারেক রহমানের শাস্তি আর খালেদা জিয়ার স্বাস্থ্যের মধ্যেই সীমাবদ্ধ না থাকে এটিই আমাদের কামনা। তারা জনগণের বিষয় নিয়ে কথা বলবে, সরকারের ভুলত্রুটি থাকলে সেগুলো তুলে ধরবে, সেটিই আমরা চাই। ’

‘এই ঈদের পরে, আগামী ঈদের পরে- আন্দোলনের এ রকম দিনক্ষণ তারা আগেও দিয়েছে। এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে বিএনপি আসলে আন্দোলন করতে পারবে কি না। তারা যেভাবে ঢাকা শহরে ২ কোটি মানুষের মধ্যে দুইশ মানুষের বিক্ষোভ করে, এতেই বোঝা যায় বিএনপি আসলে কতটুকু আন্দোলন করতে পারবে।’

এ সময় নিউমার্কেটের ঘটনা নিয়ে বিএনপির বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘সেই ঘটনায় বিএনপির স্থানীয় নেতারা যে ঘি ঢেলেছে, পুলিশের কাছে সেই তথ্য আছে। যে দুই দোকান কর্মচারীর মধ্যে বচসা, সেই দুই দোকানের মালিক কিন্তু বিএনপি নেতা। সুতরাং এই বচসা ঘটানোর পেছনে দুরভিসন্ধি আছে কি না- সেটি তো অবশ্যই খুঁজে বের করতে হবে। তবে নিউমার্কেটের ঘটনায় যারাই যুক্ত, তারা যে দলের বা যে মতেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা নিয়ে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ইংরেজি পত্রিকাগুলোর প্রচার সংখ্যা হালনাগাদ করে বাস্তবতার কাছাকাছি নিয়ে আসা হয়েছে। বাংলা পত্রিকাগুলোর ক্ষেত্রেও আমরা সেটা খুব সহসা করে দেব। অনেক পত্রিকা যেগুলো আসলে ঠিকভাবে প্রকাশিত হয় না, সেগুলোর বিপুল প্রচার সংখ্যা দেখানো হয়েছে, এসব অসঙ্গতি দূর করে আমরা এগুলো ঠিক করছি।

মন্ত্রী জানান, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, অষ্টম ওয়েজবোর্ড যারা বাস্তবায়ন করে নাই তাদেরকে আমরা সরকারের কোনো ক্রোড়পত্র দেব না এবং ভবিষ্যতে নবম ওয়েজবোর্ড যারা বাস্তবায়ন করবে না, সে ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটি নিয়েও ভাবছি।’

এর আগে সাংবাদিক সহায়তা চেক বিতরণ পর্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর আগ্রহেই এই কল্যাণ ট্রাস্ট গঠিত হয়েছে এবং আজকে এই ট্রাস্ট সাংবাদিকদের একটি ভরসার জায়গা হিসেবে দাঁড়িয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট অত্যন্ত সুচারু এবং স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। ট্রাস্ট পরিচালনার সঙ্গে সাংবাদিক নেতারা যুক্ত আছেন, যা উপকারভোগী নির্বাচনে সহায়ক হচ্ছে। শুধু তাই নয়, ট্রাস্টের আওতায় অস্বচ্ছল সাংবাদিকদের ছেলেমেয়েদের শিক্ষা সহায়তা নীতিমালাও চূড়ান্ত হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনের পর থেকে আজকের এই আয়োজনসহ মোট ২২ কোটি ৭৯ লাখ টাকা ৮ হাজার ১৫৬ জন সাংবাদিক ও তার পরিবারকে দেওয়া হয়েছে। এর আগে ২০১২ সাল থেকে সাংবাদিক সহায়তা নীতির আওতায় ট্রাস্ট গঠনের পূর্ব পর্যন্ত ৬২৩ জন সাংবাদিক ও তাদের পরিবারকে ৩ লাখ ৮০ হাজার টাকার সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর করোনা সাহায্যের ১০ কোটি টাকা থেকে ইতোমধ্যে প্রায় ৬ কোটি টাকা দেশব্যাপী সাংবাদিকদের এককালীন ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

তথ্যমন্ত্রী এরপর বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস পরিচালনা পর্ষদের সঙ্গে সভায় মিলিত হন এবং বাসসের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। পর্ষদের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও পরিচালকদের মধ্যে বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম মাহফুজুল হক, জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা কামাল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক হারুন আল রশিদ, আইসিটি বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ মেহেদী হাসান, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবীর, বাসসের নগর সম্পাদক মধু সূদন মন্ডল সভায় অংশ নেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী ২৮ এপ্রিল ঢাকায় আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বিশেষ বার্তা নিয়ে আসবেন বলে জানান ড. মোমেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিশেষ বার্তাটি কী জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি একটি বিশেষ বার্তা দেবেন এবং ভারতীয় পত্র-পত্রিকা বলছে, তিনি প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে আসছেন।’

তিনি বলেন, ‘এর আগে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু এবার হয়তো তারিখসহ আমন্ত্রণ দেওয়া হবে।’

সফরের সময় জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

জয়শংকরের সঙ্গে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবকিছু নিয়ে আলোচনা হবে। এর মধ্যে তিস্তা নদীর পানি বণ্টনসহ অন্যান্য বিষয়, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য বিষয়ক বিভিন্ন অমীমাংসিত বিষয় রয়েছে।’

দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

বাগেরহাটের মোড়েলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে বদলির এ তথ্য জানানো হয়।

গত ২৪ এপ্রিল বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।

আদেশে বলা হয়- টিডিএসের অতিরিক্ত পুলিশ সুপার শামীমা পারভীন ও বাগেরহাটের মোড়েলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভীনকে পুলিশ সদর দপ্তরের টিআর পদে বদলি করা হয়।