মঙ্গলবার ,৯ জুন, ২০২৬
sbacbank
Home Blog Page 278

এই অনুভূতি কোনো সংজ্ঞায় বাঁধা যায় না: পরীমনি

দাম্পত্য জীবন ও মাতৃত্বকাল দুটোই দারুণ উপভোগ করছেন পরীমনি।

সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের সেই অনুভূতির কথা নিয়মিত জানিয়েও দিচ্ছেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা।

এবার তিনি জানালেন— মাতৃত্বের অনুভূতি কোনো সংজ্ঞায় বাঁধা যায় না।

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে একটি ছবি পোস্ট করেছেন পরীমনি।

ছবিতে দেখা যাচ্ছে, স্বামী শরিফুল রাজের কোলে হেলান দিয়ে নির্মল বাতাস নিচ্ছেন পরীমনি। সাদা পোশাকে পরম যত্নে নিজের বেবিবাম্প আগলে রেখেছেন পরী। তার কপালে চুমু আঁকছেন রাজ।

সবুজ প্রকৃতির মাঝে এসব আয়োজনই অনাগত সন্তানের জন্য। পরীমনির ছবি দেখে তা যে কেউ বুঝে নেবে।

সেই ছবিটির মায়ায় পড়েছেন পরীমনি নিজেই। নিজের চোখ সরাতে পারছেন অভিনেত্রী।

ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘আমি এত এতবার লিখতে চেয়েছি কিছু …পারছি কই আর! লিখতে গিয়ে কেবল ছবিটার দিকেই একমনে চেয়ে থাকি। কী যে মায়া! এমন মায়ার মুহূর্তেরা পৃথিবীর সমস্ত সুখ এক করে দেয়। শুকরিয়া।’

প্রসঙ্গত, পরীমনি গত ১০ জানুয়ারি আচমকা গণমাধ্যমে জানান, অন্তঃসত্ত্বা তিনি। এ সন্তান রাজের। গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। পরে ২২ জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

প্রেমিককেই বিয়ে করলেন নয়নতারা

ভারতের দক্ষিণী সিনেমার পরিচালক বিগনেশ শিবানের সঙ্গে ‘লেডি সুপারস্টার’ নয়নতারার অর্ধযুগের প্রেম। সেই প্রেমকে পূর্ণতা দিতে বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পড়েছেন এ জুটি।

তামিলনাড়ুর মহাবালিপুরমের একটি হোটেলে এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

জানা গেছে, এ দিন মনিকার ডিজাইন করা পোশাকে বর-কনে সাজেন নয়নতারা ও বিগনেশ। শোবিজের অনেক তারকাই তাদের বিয়েতে যোগ দিয়েছেন। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেরাই শেয়ার করবেন।

এদিকে বিয়ের আগেই ভারতের চেন্নাইয়ের অভিজাত এলাকা পোয়েস গার্ডেনে নতুন একটি বাড়ি কিনেছেন নয়নতারা। সেখানেই বসবাস করেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা রজনীকান্ত, তার মেয়ের জামাই অভিনেতা ধানুশ।

এই পোয়েস গার্ডেনে একটি অ্যাপার্টমেন্টের দুটি ফ্ল্যাট কিনেছেন নয়নতারা। তবে ফ্ল্যাট কিনতে কত টাকা ব্যয় হয়েছে তা জানা যায়নি।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিংয়ে নয়নতারা-বিগনেশের প্রেমের শুরু। ২০২১ সালে বাগদান সেরেছেন তারা। অবশেষে বিয়েতে পূর্ণতা পেল তাদের প্রেম।

বর্তমানে নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত নয়নতারা ও বিগনেশ। নায়িকার হাতে রয়েছে ‘আনাত্তে’ সিনেমার কাজ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। সিনেমায় রজনীকান্তের স্ত্রীর চরিত্রে দেখা যাবে নয়নতারাকে।

এ ছাড়া এই সিনেমায় আছেন মীনা, খুশবু, কীর্তি সুরেশ, প্রকাশ রাজ, জ্যাকি শ্রফ প্রমুখ। এ ছাড়া মালায়ালাম ভাষার ‘লুসিফার’ সিনেমার রিমেকে দেখা যাবে নয়নতারাকে।

অন্যদিকে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার পরিচালনা নিয়ে ব্যস্ত বিগনেশ শিবান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নয়নতারা, সামান্থা আক্কিনেনি ও বিজয় সেতুপাতি।

সূত্র: পিঙ্কভিলা

১৮ বলে হাফসেঞ্চুরি করে বিশ্বরেকর্ড ভাঙলেন পেসার!

বিশ্বরেকর্ডটি ছিল ক্যারিবীয় তারকা লেন্ডল সিমন্সের দখলে। ২০১২ সালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে বার্বাডোজের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২০ বলে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি।

৯ বছরের মাথায় তার সেই রেকর্ড নিজের দখলে নিলেন ভারতের পশ্চিমবঙ্গের পেসার আকাশ দীপ।

দেশটির ঘরোয়া ক্রিকেটের সেরা আসর রনজি ট্রফির কোয়ার্টার ফাইনালে বুধবার ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান আকাশ।
এদিন ৮ ছক্কার মারে মাত্র ১৮ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি। এমন ইনিংস খেলে বিস্ময় ছড়িয়েছেন আকাশ। কারণ তিনি স্বীকৃত ব্যাটার নন, দলের নিয়মিত পেসার তিনি।

বুধবার ঝাড়খণ্ডের বিরুদ্ধে বল হাতে কোনো উইকেট পাননি বেঙ্গলের আকাশ দীপ। কিন্তু ব্যাট হাতে ঝড় তোলেন।

বিশেষজ্ঞ বোলার হয়েও আকাশ এমন এক ব্যাটিং রেকর্ড গড়েছেন, যা ফার্স্ট ক্লাস ক্রিকেটের ইতিহাসে এর আগে কেউ করে দেখাতে পারেননি।

ফার্স্ট ক্লাস ক্রিকেটের ইতিহাসে কোনো দলের প্রথম ইনিংসে কোনো ব্যাটারই এত কম বলে হাফসেঞ্চুরি করতে পারেননি। সেদিক থেকে আকাশ বিশ্বরেকর্ড গড়লেন বলা যায়।

অবশ্য সব মিলিয়ে ওয়েনি হোয়াইটের রেকর্ড ভাঙতে পারেননি আকাশ। ফার্স্ট ক্লাস ক্রিকেটের ইতিহাসে সব থেকে কম বলে হাফসেঞ্চুরির রেকর্ড রয়েছে তার দখলে। ২০১২ সালে লেস্টারশায়ারের হয়ে এসেক্সের বিরুদ্ধে কাউন্টি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১২ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। সে হিসাবে বিশ্বরেকর্ডের খাতায় আকাশের কীর্তি দ্বিতীয়।

আকাশের এই কীর্তি রনজির ইতিহাসেও দ্বিতীয়। রনজিতে সব থেকে কম বলে হাফসেঞ্চুরি করার রেকর্ড রয়েছে জম্মু-কাশ্মীরের বনদীপ সিংয়ের। তিনি ২০১৫ সালে ত্রিপুরার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৫ বলে হাফসেঞ্চুরি করেন।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

অধিনায়ক হিসেবে কোহলির রেকর্ড ভাঙলেন বাবর

রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন বাবর আজম। ব্যাট হাতে মাঠে নামলে যেন সেঞ্চুরি হাঁকিয়ে ফিরতে হবে পাকিস্তানের অধিনায়ককে।

বুধবার রাতেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে-তে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন তিনি। এ নিয়ে টানা তিনটি ওয়ানডে ম্যাচে শতরান করলেন বাবর। এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ দুটি ওয়ানডে ম্যাচেও সেঞ্চুরি করেন তিনি।

বুধবার ১০৭ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাবর।

অধিনায়ক হিসেবে হাজার রান পূর্ণ করতে এ দিন তার প্রয়োজন ছিল ৯৮ রান। ৯৬ থেকে চার মেরে সেঞ্চুরির পাশাপাশি হাজারের মাইলফলক স্পর্শ করেন তিনি।

আর এরই সঙ্গে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন বাবর।

ওয়ানডেতে অধিনায়ক হিসেবে দ্রুততম এক হাজার রানের রেকর্ড এখন বাবরের।

ক্যারিয়ারে অধিনায়ক হিসেবে এক হাজার রান ছুঁতে কোহলির লেগেছিল ১৭ ইনিংস। আর সেখানে বাবরের লাগল মাত্র ১৩ ইনিংস! এ রেকর্ডে তৃতীয় অবস্থানে প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স, অধিনায়ক হিসেবে তার লেগেছে ১৮ ইনিংস। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের লেগেছে ২০ ইনিংস। ইংল্যান্ড টেস্ট দলের বর্তমান অধিনায়ক অ্যালেস্টার কুকের লেগেছিল ২১ ইনিংস।

তথ্যসূত্র: ক্রিক ইনফো

স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যা, ৩ জনের ফাঁসি

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের পর হত্যার দায়ে তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল।

বৃহস্পতিবার ট্রাইবুন্যালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। রায়ে অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দণ্ডিতরা হলেন— গোপালপুরের ভেঙ্গুলা গ্রামের মৃত নগেন চন্দ্র দাসের ছেলে শ্রী কৃষ্ণ দাস, ধনবাড়ী উপজেলার ইসপিঞ্জাপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে সৌরভ আহমেদ হৃদয় ও একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মিজানুর রহমান।

মামলায় একই গ্রামের মো. মেহেদী হাসান টিটুকে বেকসুর খালাস দেওয়া হয়।

আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার এক স্কুলছাত্রী ২০২১ সালের ২ আগস্ট বাড়ি থেকে নানির বাড়ি যাওয়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয়। পরে তাকে কোথাও না পেয়ে ৪ আগস্ট গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে যান তার বাবা।

পরে থানা থেকে তাকে জানানো হয়, মেয়ের একটি ছবি নিয়ে আসতে হবে। এ কথা শুনে ছবি আনতে বাড়িতে চলে যান তার স্বজনরা।

ওই দিনই ভূঞাপুর যমুনা নদীর পাড়ে বস্তাবন্দি একটি মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের পর নিহতের কোনো পরিচয় না পাওয়ায় ওই দিনই বেওয়ারিশ হিসেবে লাশটি উপজেলার ছাব্বিশা কবরস্থানে দাফন করা হয়।

পরে পুলিশের কাছ থেকে খবর পেয়ে ছবি দেখে স্বজনরা উদ্ধার হওয়া লাশটি তাদের হারিয়ে যাওয়া মেয়ের বলে শনাক্ত করে তার পরিবারের লোকজন। পরে নিহতের বাবা বাদী হয়ে ৬ আগস্ট ভূঞাপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

পরে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়। তদন্ত শেষে শ্রী কৃষ্ণ দাস, সৌরভ আহমেদ হৃদয়, মিজানুর রহমান ও মো, মেহেদী হাসান টিটুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে তিনজনের ফাঁসি ও একজনকে খালাস প্রদান করেন। রায় ঘোষণার পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত শ্রী কৃষ্ণ দাস, সৌরভ আহমেদ হৃদয় ও মিজানুর রহমানকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ

গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও দাম নিয়ন্ত্রণের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নগরীর দলীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তব্য দেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, কেএম শহিদুল্লাহ ও মাকসুদুর রহমান মাকসুদ, সদস্য আ ন ম সাইফুল আহসান আজিম ও সাইফুল আহসান বিপু, মহানগর মহিলাদলের সভাপতি ফারহানা তিথি ও সাধারণ সম্পাদক পাপিয়া আজাদ প্রমুখ।

চীনে ভারি বৃষ্টিপাতে ১০ জনের মৃত্যু

চীনে ভারি বর্ষণে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও তিনজন। এতে দুই হাজার ৭০০-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমনটি জানিয়েছে।

হুনানের প্রাদেশিক কর্মকর্তা লি দাজিয়ান বলেছেন, ভারি বর্ষণের কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখনো তিনজন নিখোঁজ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির হুনান প্রদেশে গত ১ জুন থেকে ভারি বর্ষণ শুরু হয়েছে। এতে এখন পর্যন্ত প্রদেশটির ওই অঞ্চল থেকে দুই লাখ ৮৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রদেশটির সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ভারি বর্ষণে নদী ও হ্রদের পানির উচ্চতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পুরো প্রদেশ এই দুর্যোগ প্রতিরোধে সক্রিয়ভাবে সাড়া দিচ্ছে এবং প্রতিরোধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বৃষ্টিপাত হুনান প্রদেশের প্রায় সব এলাকায় প্রভাব ফেলেছে। স্থানীয় কয়েকটি আবহাওয়া স্টেশন তাদের এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে। এই বৃষ্টিপাতে এক কোটি ৭৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় তাঁবু, ভাঁজ করা যায় এমন বিছানা, খাবার ও পোশাক দিচ্ছে।

আর্দ্র গ্রীষ্মে মধ্য ও দক্ষিণ চীনে প্রায়ই ভারি বৃষ্টি হয়। এতে ওই সব এলাকায় প্রায়ই বন্যা দেখা দেয়। চীন এক দশকের মধ্যে গত বছর সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল। এতে ৩০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল।

শত শত লাশ মিলছে মারিউপোলে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পূর্ব ইউক্রেনের একাধিক শহর থেকে শত শত লাশ উদ্ধার হচ্ছে। সম্পূর্ণ ধসে যাওয়া মারিউপোলের বহুতল ভবনগুলো খণ্ডহরে পরিণত হয়েছে। বাড়িগুলো থেকে শত শত লাশ উদ্ধার হচ্ছে। বেশিরভাগই বেসামরিক ব্যক্তির। লাশগুলো নিয়ে গিয়ে কবরের ব্যবস্থা করা হচ্ছে।

বুধবার সন্ধ্যায় দৈনিক বক্তৃতায় ওই অঞ্চলের অন্য জায়গা থেকেও একইভাবে লাশ উদ্ধারের আশঙ্কা প্রকাশ করেছেন জেলেনস্কি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে।

জেলেনস্কি জানিয়েছেন, এযাবৎকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই হচ্ছে সেভেরোদনেৎস্কে। ইউক্রেনের সেনা জীবন দিয়ে রক্ষা করার চেষ্টা করছে শহরটি। যদিও এদিনই রাশিয়া দাবি করেছে, সেভেরোদনেৎস্কে অঞ্চলটি রাশিয়ার সেনা প্রায় দখল করে নিয়েছে। এদিকে জেলেনস্কির দাবি, দোনবাসের যুদ্ধে রাশিয়ার প্রভূত ক্ষতি হচ্ছে। তাদের বহু সেনার মৃত্যু হয়েছে।

পূর্ব ইউক্রেন থেকে তিন বিদেশি যোদ্ধাকে গ্রেফতার করেছিল রাশিয়ার সেনা। তাদের মধ্যে দুজন যুক্তরাজ্যের নাগরিক এবং একজন মরক্কোর। রাশিয়া জানিয়েছে, তাদের বিচার শুরু হয়েছে এবং তারা আংশিক অপরাধ স্বীকার করেছেন।

রাশিয়ার দাবি, ওই যোদ্ধারা ইউক্রেনের হয়ে লড়াইয়ে শামিল হয়েছিলেন। আদালতে তারা অস্ত্র প্রশিক্ষণের কথা স্বীকার করেছেন। তবে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার কথা বলেননি। আদালত তাদের মৃত্যুদণ্ড দিতে পারে বলে মনে করা হচ্ছে। যুক্তরাজ্য জানিয়েছে, তারা সবরকমভাবে নিজেদের নাগরিকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

সূত্র: এএফপি

প্রস্তাবিত বাজেট উপস্থাপনের জন্য মন্ত্রিসভায় অনুমোদন

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২২-‘২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকাল ৩ টায় সংসদে এই বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি তার চতুর্থ বাজেট। আজকের বাজেট আওয়ামী লীগ সরকার ২২ তম বাজেট। আর দেশের ৫১ তম বাজেট।

এর আগে দুপুর ১২টার পর জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়। এতে অর্থমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা অংশ নেন।

‘কোভিড অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামে আজকের বাজেট। গত দুবছর করোনা মহামারির কারণে থমকে ছিল সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড। সেখান থেকে বেরিয়ে আগামী দিনগুলোয় উন্নয়নের গতিধারা ফিরে আসবে— এমন স্বপ্ন দেখছেন অর্থমন্ত্রী। যদিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট বৈশ্বিক সংকট এরই মধ্যে ঝুঁকিতে ফেলছে বিশ্বসহ দেশের অর্থনীতিকে। কঠিন মূল্যস্ফীতির চাপে পড়েছেন সাধারণ মানুষ।

সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আয়ের তুলনায় ব্যয় বেড়েছে বহুগুণ। এটি এবারের বাজেটের চ্যালেঞ্জ।

নতুন বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা, যা সর্বকালের সবচেয়ে বড় বাজেট। এটি বাস্তবায়ন করতে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা। ফলে ঘাটতি (অনুদানসহ) বাজেট হবে ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা, আর অনুদান ব্যতীত ঘাটতির অঙ্ক দাঁড়াবে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নিজেও বলেছেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে তিনি চাপবোধ করছেন। তবে সবশ্রেণির মানুষ যাতে উপকৃত হন, সেভাবে তিনি বাজেট প্রণয়ন করছেন। ছোট, মাঝারি ও বড় শিল্পোদ্যোক্তারা সবাই উপকৃত হবেন। সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকবে না— এমন কিছু বাজেটে চাপিয়ে দেবেন না বলে তিনি আশ্বস্ত করেছেন।

৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উত্থাপন শুরু

সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে এ প্রস্তাবিত বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেন।