শনিবার ,১৬ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 230

জীবনের প্রতি মায়া রেখে সবাই যাতায়াত করুন: কাদের

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সাবধানতার সঙ্গে গাড়ি চালানোর জন্য সব ধরনের গাড়ি চালকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জীবনের প্রতি মায়া রেখে, জীবনের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে মহাসড়কে নিয়ম মেনে যাতায়াতের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে সবাইকে নিরাপদে থাকতে হবে।

শুক্রবার ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ আহ্বান জানান।

ঈদযাত্রায় যানজট এড়াতে মহাসড়কের পাশে যেসব কুরবানির পশুর হাট রয়েছে, সেগুলোর পরিসর যেন কোনোভাবেই না বাড়ে- সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক নজরদারি করতে হবে। তিনি যানজট নিয়ন্ত্রণে জরুরি ও রপ্তানি পণ্য ছাড়া ট্রাক-কাভার্ডভ্যান নির্দিষ্ট সময়ের জন্য চলাচল বন্ধ রাখার আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদযাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনার ক্রমবর্ধমান সংক্রমণ। তাই সামান্য উদাসীনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। পরিবহণে চলাচলের সময় বা ঈদের ছুটিকালীন মাস্ক পরতে হবে। কোভিড স্বাস্থ্যবিধির বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

তিনি আরও বলেন, সামান্য অবহেলা পুরো পরিবারের অপরিমেয় ক্ষতির কারণ হতে পারে। তাই সবাইকে মাস্ক পরাসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, কুরবানির পশুবাহী গাড়ি ধীরে চলায় এবং পথে বিভিন্ন স্থানে বিকল হওয়ায় কোথাও কোথাও যানজট সৃষ্টি হচ্ছে। এজন্য তড়িৎ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে গাড়ির চাকা সচল রাখার চেষ্টা করা হচ্ছে।

হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, পরিবহণ, মালিক-শ্রমিকসহ সবাইকে নিজ নিজ প্রয়াস জোরদারের মাধ্যমে ঈদযাত্রা নির্বিঘ্ন করার আহ্বান জানান সড়কমন্ত্রী।

এবার এলাকামুখী বেশিরভাগ রাজনীতিবিদ

এবার ঈদে নিজ নিজ এলাকায় যাচ্ছেন অধিকাংশ রাজনীতিবিদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারা নির্বাচনি এলাকার নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ছাড়াও নানা কর্মসূচি পালন করবেন।

যারা ঈদে ঢাকায় থাকবেন তারাও ফোনে এবং ভার্চুয়াল মাধ্যমে নিজ এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য পাঠিয়েছেন ঈদ উপহার। কেউ কেউ গরু-ছাগল কুরবানি দেওয়ার লক্ষ্যে স্থানীয় নেতাদের টাকাও পাঠিয়ে দিয়েছেন।

আবার ঈদের আগে নির্বাচনি এলাকা ঘুরে এসেছেন অনেকেই। ঈদের পরও যাবেন অনেক নেতা। তবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে শুভেচ্ছা বিনিময়সহ সব কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন নেতারা।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও ঈদ করবেন রাজধানী ঢাকায় তার সরকারি বাসভবন গণভবনে। স্বাভাবিক সময়ে প্রধানমন্ত্রী ঈদের দিন আওয়ামী লীগসহ রাজনৈতিক দলের নেতাকর্মী, বিদেশি কূটনীতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। তবে করোনার কারণে গত কয়েকটি ঈদের মতো এবার ঈদুল আজহার দিনে প্রধানমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি।

গণভবন সূত্রে জানা গেছে-আনুষ্ঠানিক কর্মসূচি না থাকলেও ফোনে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া অডিও এবং ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সাজেদা চৌধুরী এবারও ঢাকাতেই ঈদ করবেন। দলটির উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুও রাজধানীর ইস্কাটনের বাসায় ঈদুল আজহা উদযাপন করবেন। উপদেষ্টা পরিষদের আরেক সদস্য তোফায়েল আহমেদ শারীরিকভাবে অসুস্থ। তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদ করবেন ঢাকায়। তবে নোয়াখালীতে নিজের নির্বাচনি এলাকার নেতাকর্মীদের খোঁজখবর রাখছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ঈদ করবেন নিজ এলাকা টাঙ্গাইলে। নির্বাচনি এলাকার মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করবেন তিনি। সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কাজী জাফর উল্লাহ ঈদ করবেন ঢাকায়। ঢাকায় ঈদ করবেন সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানও। সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ঢাকার মোহাম্মদপুরে ঈদ করবেন। ঈদের আগেই নিজ এলাকা যাবেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে মাহবুবউল আলম হানিফ নিজ জেলা কুষ্টিয়ায় ঈদ করবেন। আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদও ঈদ করবেন নিজ নির্বাচনি এলাকার মানুষের সঙ্গে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমও গ্রামের বাড়ি মাদারীপুরে ঈদ করবেন। ইতোমধ্যে তিনি এলাকায় চলে গেছেন।

অপরদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিছুদিন আগে হাসপাতাল থেকে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় ফিরেছেন। তিনি এখনো অসুস্থ। বোন সেলিমা ইসলাম ও ভাই শামীম এস্কান্দারসহ পরিবারের কয়েকজন সদস্য নিয়ে গুলশানের বাসাতেই ঈদ করবেন। ওইদিন তার সঙ্গে বিএনপির সিনিয়র নেতাদের দেখা করার কথা রয়েছে।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকাতেই ঈদ করছেন। ঈদের পরদিন তার নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে যাবেন। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ঈদের পরদিন কুমিল্লার দাউদকান্দি যাবেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস ঢাকায় ঈদ করবেন।

ড. মঈন খান জাতিসংঘের একটি সেমিনারে আমেরিকা অবস্থান করবেন, কিন্তু তার নিজ এলাকা নরসিংদীর পলাশে নেতাকর্মীদের জন্য কুরবানির আয়োজন করেছেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী নিজ এলাকা চট্টগ্রামে ও ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে নেতাকর্মীদের নিয়ে ঈদ করবেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনেকে ঢাকায় থাকবেন। আর ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান নোয়াখালীতে ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বরিশালে নিজ এলাকায় ঈদ করবেন।

এবার বিএনপির মধ্যম সারির নেতারাও এলাকায় যাচ্ছেন। বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল তার নির্বাচনি এলাকা খুলনা-৩ এলাকায় দুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য পশু কুরবানি দেবেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক নেতাকর্মীদের নিয়ে ঢাকার নিজ নিবাচনি এলাকায় ঈদ করবেন। পবিত্র হজ পালনে সৌদি আরবে গেছেন যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল।

টুকু টাঙ্গাইলে ও জুয়েল নরসিংদীতে নিজ এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য কুরবানির ব্যবস্থা করেছেন। যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাও ঢাকাতে ঈদ করবেন।

আবার ভিন্নচিত্রও রয়েছে। অনেক বিএনপি নেতা নিজ এলাকায় ইচ্ছা করলেও যেতে পারছেন না। বিএনপি নেতা ও সাবেক এমপি জহিরউদ্দিন স্বপন জানান, গত ঈদে সরকারি দলের হামলা-মামলার কারণে নিজ এলাকা বরিশালের গৌরনদীতে যেতে পারিনি। এবার প্রথমে বরিশাল সদরে যাব। পরে গৌরনদীতে যাওয়ার কথা রয়েছে, কিন্তু যেতে পারব কিনা জানি না।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ঢাকায় ঈদ করবেন। এছাড়া জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু নিজ এলাকা কিশোরগঞ্জে ঈদ করবেন।

এছাড়া দেশের অন্যান্য রাজনৈতিক দলের অধিকাংশ নেতা ঢাকায় ঈদ করবেন। গণফোরামের ড. কামাল হোসেন, বিকল্পধারা বাংলাদেশের অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমেদ ঢাকায় ঈদ করবেন। তবে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ তার নির্বাচনি এলাকা কুমিল্লার চান্দিনাতে ঈদ করবেন। এলডিপির আরেক অংশের সভাপতি আব্দুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিমও ঢাকায় ঈদ করবেন।

যেসব জায়গায় বৃষ্টি হতে পারে আজ

ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে।

আরও বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

পদ্মা সেতুতে টোল আদায়ের রেকর্ড

পদ্মা সেতুতে একদিনে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু থেকে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে।

পদ্মা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটা এখন পর্যন্ত একদিনে সেতুতে সর্বোচ্চ টোল আদায়।

তিনি আরও বলেন, পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় মোট গাড়ি পারাপার হয়েছে ৩১ হাজার ৭২৩টি, যার মধ্যে মাওয়া প্রান্ত থেকে পার হয়েছে ২৯ হাজার ৬৬৭টি গাড়ি। সে প্রান্তে টোল আদায় হয় ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৩৫০ টাকা।

একই সময়ে জাজিরা প্রান্ত থেকে গাড়ি পার হয়েছে ১২ হাজার ৫৬টি। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।

গত ২৬ জুন চালুর পর পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল গত ১ জুলাই। সেদিন ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় হয় সেতুতে। ওই দিন পদ্মা সেতু পাড়ি দেওয়া গাড়ির সংখ্যা ছিল ২৬ হাজার ৩৯৮টি।

লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক। লা শারিকা লাক।’ ধ্বনিতে মুখর আরাফার ময়দান। লাখ লাখ মানুষ মহান স্রষ্টার কাছে জীবনে গুনা মাফ করার আশায় মক্কা মদিনায় মিলিত হয়েছেন।

স্বাস্থ্যবিধি সুরক্ষা ও সৃশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে সৌদিতে শুক্রবার সকাল থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। হজে অংশগ্রহণকারী মুসল্লিরা আজ সূর্যাস্তের আগ পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন। সারা দিন ইবাদতে মশগুল থাকবেন।

বুধবার সারা দিন তারা মিনায় থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন। মিনায় তাঁবুতে স্বাস্থ্যবিধি মেনে দিন কাটাতে হয়েছে তাদের। আজ ফজরের নামাজ আদায় শেষে তারা মিনা থেকে আরাফাতের ময়দানে গেছেন।

আরাফাতে মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা পাঠ করা হবে। এ বছর খুৎবা দেবেন দেশটির সাবেক বিচারমন্ত্রী শায়খ ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা। যা বাংলাসহ অনূদিত হবে ১৪টি ভাষায়।

মুজদালিফায় রাত্রী যাপনের পর ১০ জিলহজ সকালে আবার মিনায় ফিরবেন হাজিরা। পরে জামারায় শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপ করবেন।

এদিন হাজিরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করা হবে। পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে বা ন্যাড়া করে গোসল করবেন। সেলাইবিহীন দুই টুকরা কাপড় বদল করবেন। এরপর স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন।

কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় ‘সাঈ’ (সাতবার দৌড়াবেন) করবেন। সেখান থেকে তাঁরা আবার মিনায় যাবেন। মিনায় যত দিন থাকবেন, তত দিন তিনটি (বড়, মধ্যম, ছোট) শয়তানকে ২১টি পাথর নিক্ষেপ করবেন। আবার মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর দেশে ফিরবেন। যাঁরা হজের আগে মদিনা যাননি, তাঁরা মদিনায় যাবেন।

হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। হাজিদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে মিনায় কিছু দূর পরপর রয়েছে হাসপাতাল।

শিক্ষককে জুতার মালা পরিয়ে হেনস্তার পেছনে ‘পরিচালনা পর্ষদের দ্বন্দ্ব’

ধর্ম অবমাননার অভিযোগ রটিয়ে নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে হেনস্তা করার পেছনে শিক্ষক ও পরিচালনা পর্ষদের ‘অভ্যন্তরীণ দ্বন্দ্বের’ যোগসূত্র পাওয়া গেছে তদন্তে।

ওই ঘটনার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) তদন্ত কমিটি অধ্যক্ষ পদে নিয়োগসহ অন্যান্য বিষয়ে কলেজে নানা দ্বন্দ্বের যোগসূত্র পেয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক শাহেদুল খবির চৌধুরী বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষক ও পরিচালনা পর্ষদের দ্বন্দ্ব এ ঘটনাকে প্রভাবিত করেছে।’

একই তথ্য এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনেও। সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আখতার হোসেনকে ‘নেতিবাচক ভূমিকার জন্য’ এবং কলেজের পরিচালনা পর্ষদকে ‘নির্লিপ্ততার কারণে’ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

গত ১৭ জুন ওই কলেজের এক ছাত্র ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত বক্তব্য নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিন কলেজে গেলে কিছু মুসলিম ছাত্র তাকে ওই পোস্ট মুছে ফেলতে বলে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস পুলিশে খবর দেন। এরই মধ্যে ‘অধ্যক্ষ ওই ছাত্রের পক্ষ নিয়েছেন’ এমন কথা রটানো হলে উত্তেজনা বাড়তে থাকে। অধ্যক্ষ ও দুজন শিক্ষকের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ গেলে স্থানীয়দের সঙ্গে তাদেরও সংঘর্ষ বাধে।

ওই সময় ধর্ম অবমাননার অভিযোগ তুলে কলেজের ছাত্র ও স্থানীয়রা শিক্ষক স্বপন কুমারের গলায় জুতার মালা পরিয়ে দেয়। তখন পুলিশ ওই ছাত্রের সঙ্গে অধ্যক্ষকেও থানায় নিয়ে যায়। তবে পুলিশ তাকে গ্রেফতার করেনি।

শিক্ষকের গলায় জুতার মালা পরানোর এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠে।

পরে এ ঘটনা তদন্তে মাউশির খুলনা অঞ্চলের পরিচালক অধ্যাপক শেখ হারুনুর রশিদকে প্রধান করে তিন সদস্যের কমিটি করে অধিদপ্তর।

শর্মিলী আহমেদের জীবনাবসান

বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই। শুক্রবার ভোরে তিনি রাজধানীর উত্তরায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)।

শর্মিলীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট বোন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি।

মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের গুণী অভিনয়শিল্পী শর্মিলী আহমেদকে বনানীতে স্বামীর কবরে সমাহিত করা হবে।

জানা গেছে, মৃত্যুর সময় শর্মিলী আহমেদের বয়স হয়েছিল ৭৫ বছর। শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে তার জন্ম।

এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয় শুরু করেন মাত্র চার বছর বয়সে। এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

অভিনয়জীবনে মায়ের চরিত্রে এত বেশি অভিনয় করেছেন যে বিনোদন অঙ্গনে তিনি সবার কাছে ‘মা’ হিসেবেই পরিচিত ছিলেন। সবাই তাঁকে ‘শর্মিলী মা’ বলেই ডাকত। তার সাবলীল অভিনয়ে বাঙালি নারীর চরিত্র ফুটে উঠেছে। বাঙালি মায়েদের সহিষ্ণুতা, সংসারের জন্য ত্যাগ ও আমৃত্যু লড়াইয়ের প্রতিচ্ছবি ফুটে উঠেছে তার অভিনয়ে।

অভিনয় ও পবিার—দুই জায়গাতেই সফল ছিলেন শর্মিলী আহমেদ। শুটিংয়ে যেমন তিনি সময় দিয়েছেন, তেমনি পরিবারের প্রতিটি কাজের দিকে খেয়াল রেখেছেন। প্রথম দিকে পরিবারের প্রতি দায়িত্ব কম থাকলেও মা হওয়ার পর দায়িত্ব বেড়ে যায়। সে সময় অবশ্য অভিনয় কমিয়ে দেন।

এবার পরীমনির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলার আবেদন নাসিরের

এবার ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মামলা করতে আদালতে দারস্থ হয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন।

ঢাকা বোট ক্লাবের ধর্ষণচেষ্টার যে ঘটনায় নাসির-অমি গ্রেফতার হয়েছিলেন একই ঘটনায় পাল্টা নায়িকার বিরুদ্ধে মামলা করতে চান ওই ব্যবসায়ী।

নাসির ঢাকার আদালতে মামলার আবেদন করেছেন। ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজীব হাসান ব্যবসায়ী নাসিরের জবানবন্দি নিয়েছেন। এ বিষয়ে আগামী ১৮ জুলাই আদেশ দেবেন বলে জানিয়েছেন।

মামলার আবেদনে পরীমনির বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনেছেন নাসির। পরীমনির সঙ্গে তার সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে আসামি করা হয়েছে।

২০২১ সালের ৯ জুন রাতে বিরুলিয়ায় তুরাগ তীরে ঢাকা বোট ক্লাবে গিয়েছিলেন পরীমনি ও তার সঙ্গীরা। তা ধরেই এই ঘটনার সূত্রপাত।

সেদিন সেখানে ধর্ষণচেষ্টার শিকার হয়েছিলেন বলে পরীমনি অভিযোগ তুললে তা নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

এ ঘটনায় গত বছরের ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমনি সাভার থানায় মামলা করেন। ওইদিন বিকাল তিনটার দিকে রাজধানীর উত্তরা থেকে নাসির ও অমি এবং তিনজন নারীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে বিদেশি মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক মামলায় গত ১৫ জুন নাসির ও অমির সাতদিন করে রিমান্ডের আদেশ দেন আদালত।

মামলার এজাহারে বলা হয়, ‘গত ৮ জুন রাত সাড়ে ১১টার দিকে তার বনানীর বাসা থেকে কস্টিউম ডিজাইনার জিমি (৩০), অমি (৪০) ও বনিসহ (২০) দু’টি গাড়িতে করে তারা উত্তরার উদ্দেশে রওনা হন। পথে অমি বলে বেড়িবাঁধের ঢাকা বোট ক্লাবে তার দুই মিনিটের কাজ আছে।’

‘অমির কথামতো তারা সবাই রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে ঢাকা বোট ক্লাবের সামনে গিয়ে গাড়ি দাঁড় করায়। কিন্তু বোট ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় অমি কোনো এক ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলে। তখন ঢাকা বোট ক্লাবের সিকিউরিটি গার্ডরা গেট খুলে দেয়। অমি ক্লাবের ভেতরে গিয়ে বলে এখানকার পরিবেশ অনেক সুন্দর, তোমরা নামলে নামতে পার।’

এজাহারে পরীমনি আরও বলেন, ‘তখন আমার ছোট বোন বনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বোট ক্লাবে প্রবেশ করে ও বারের কাছের টয়লেট ব্যবহার করে। টয়লেট থেকে বের হতেই এক নম্বর বিবাদী নাসির উদ্দিন মাহমুদ আমাদের ডেকে বারের ভেতরে বসার অনুরোধ করেন এবং কফি খাওয়ার প্রস্তাব দেন। আমরা বিষয়টি এড়িয়ে যেতে চাইলে অমিসহ এক নম্বর আসামি মদপানের জন্য জোর করেন। আমি মদপান করতে না চাইলে এক নম্বর আসামি জোর করে আমার মুখে মদের বোতল প্রবেশ করিয়ে মদ খাওয়ানোর চেষ্টা করেন। এতে আমি সামনের দাঁতে ও ঠোঁটে আঘাত পাই।’

‘এক নম্বর আসামি (নাসির উদ্দিন মাহমুদ) আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আমার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন ও আমাকে জোর করে ধর্ষণের চেষ্টা করেন। তিনি উত্তেজিত হয়ে টেবিলে থাকা গ্লাস ও মদের বোতল ভাঙচুর করে আমার গায়ে ছুড়ে মারেন। তখন কস্টিউম ডিজাইনার জিমি নাসির উদ্দিন মাহমুদকে বাধা দিতে গেলে তাকেও মারধর করে জখম করেন।’

এর আগে গত বছরের ১৩ জুন রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগ তুলে বিচার চান পরীমনি। এরপর বিষয়টি নিয়ে রাতে সংবাদ সম্মেলন করেন

হার্দিকের ক্যারিয়ারসেরা নৈপুণ্যে উড়ে গেল ইংল্যান্ড

হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সে এক রকম উড়ে গেছে ইংল্যান্ড দল।

সাউদাম্পটনের রোজ বলে প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৫০ রানে হারিয়েছে ভারত দল।

প্রথমে ব্যাট হাতে নেমে ৮ রানে ওপেনার ইশান কিষানকে হারালেও বাকিরা সবাই দারুণ ব্যাটিং করেছেন।

দীপক হুদা, সুর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে ভারত।

হুদা ১৭ বলে ৩৩ আর যাদব ১৯ বলে ৩৯ রান করেন। ৩৩ বলে ৫১ রান করে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরিটি করেন হার্দিক পাণ্ডিয়া।

বল হাতেও দারুণ নৈপুণ্য দেখিয়েছেন হার্দিক। একাই নিয়েছেন ৪ উইকেট। প্রথম চার ব্যাটারের তিনজনকেই ফেরান হার্দিক।

ভুবনেশ্বর কুমার ও হার্দিক পান্ডিয়া। দুজনের শুরুর স্পেলে মাত্র ৩৩ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। জস বাটলার গোল্ডেন ডাকে আউট হন। জেসন রয় ৪, ডেভিড মালান ২১ ও লিয়াম লিভিংস্টোন ফেরেন ০ রানে।

এরপর হ্যারি ব্রুক ও মইন আলির ৬১ রানের জুটিতে বিপর্যয় সামলিয়ে ওঠে ইংল্যান্ড। তবে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

মইন ২০ বলে ৩৬ ও ব্রুক খেলেন ২৩ বলে ২৮ রানের ইনিংস।

ক্রিস জর্ডান ১৭ বলে ২৬ রান করলে ১৪৮ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।

হার্দিকের ব্যাট হাতে ফিফটি আর ৩৩ রানে ৪ উইকেটের অলরাউন্ড পারফরম্যান্সে ৫০ রানে জয় পেল ভারত।

টি-টোয়েন্টিতে এটি হার্দিকের ক্যারিয়ারসেরা নৈপুণ্য।

আমরা ওদের মতো ছক্কা মারতে পারি না: লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজটিও ২-০ তে খোয়ালো বাংলাদেশ। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেয়েছে মাহমুদউল্লাহ বাহিনী।

তৃতীয় টি-টোয়েন্টিতে ভালো ব্যাটিং করলেও সেটি টি-টোয়েন্টি মানের হয়নি – বিষয়টি অকপটে স্বীকার করলেন বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার লিটন দাস।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই পাওয়ার হিটারের অভাববোধ করেছিলেন ব্যাটিং কোচ জেমি সিডন্স।

সিরিজ শেষে কোচের সঙ্গে সুর মেলালেন লিটন দাসও। অকপটেই বললেন, উইন্ডিজ তারকাদের মতো চাইলেই ছক্কা মারতে পারে না বাংলাদেশের ব্যাটাররা, যা টি-টোয়েন্টিতে বেশি প্রয়োজন। পাওয়ার হিটিংয়ে বেশ পিছিয়ে আছে বাংলাদেশ।

বৃহস্পতিবার গায়ানায় কাইল মায়ার্সের ৩৮ বলে ৫৫ ও নিকোলাস পুরানের ৩৯ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৫ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ১৪টি ছক্কার বিপরীতে বাংলাদেশের ছয় ছিল মাত্র ছয়টি। আর বৃহস্পতিবারের ম্যাচে বাংলাদেশের পাঁচটি ছক্কার বিপরীতে উইন্ডিজ ব্যাটাররা মেরেছেন ১১টি।

মায়ার্স ও পুরান দুজনেই আলাদাভাবেই পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন।

বিষয়টি নজরে এনে লিটন দাস বলেন, ‘ওরা জন্মগতভাবে অনেক শক্তিশালী। যেকোনো বড় মাঠে ছক্কা মেরে দিতে পারে। যেটা আমাদের দলের অনেকেই সামর্থ্যবান নয়। আমরা চাইলেও ওদের মতো ছক্কা মারতে পারি না। আমরা সবসময় ব্যাটিংয়ে নেমে চিন্তা করি চার মারার জন্য। আমাদের খেলায় দেখবেন চারই বেশি হয়। যেটা ওদের তুলনায়… ওরা ছয় বেশি মারে। এই পার্থক্য সবসময় থাকে।’

পাওয়ার ক্রিকেট খেলেই ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে, জানালেন লিটন দাস।

৪১ বলে ৪৯ রানের ইনিংস খেলা এ তারকা ব্যাটার বলেন, ‘ওরা পাওয়ার ক্রিকেট খেলে। এটি ওদের বাড়তি সুবিধা। যেটা আমরা খেলতে পারি না। আমার মনে হয়, এ জিনিসটাও অনেক সময় কাজ করে বোলারদের মাথায় যে একটু ১৯-২০ হলেই তো তারা মেরে দেবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার গায়ানায় আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। লিটন খেলেন ৪১ বলে ৪৯ রানের ইনিংস। ৩৮ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন আফিফ হোসেন ধ্রুব।

জবাবে ৭ রানে ব্রেন্ডন কিংকে হারালেও কাইল মায়ার্সের ৩৮ বলে ৫৫ ও অধিনায়ক নিকোলাস পুরানের ৩৯ বলে ৭৮ রানের সুবাদে ১৮.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেটে জিতে ২-০তে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।