বুধবার ,২৯ এপ্রি, ২০২৬
sbacbank
Home Blog Page 20

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আবারও ক্ষমতায় বসছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ফক্স নিউজ জানায় ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মধ্যরাতে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় নির্বাচনে নিজের বিজয় ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজ টেলিভিশনে প্রদর্শন করা ফলাফল বলছে, সবশেষ খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ নয়জনের মৃত্যু

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ডেঙ্গুর থাবায় গত ২৪ ঘণ্টায় দেশে নয়জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে ২ আগস্ট এক দিনে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২১০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানা গেছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৫ জন। এ নিয়ে মোট সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৮১০ জন। এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৩৩১ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ১০০ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন, বরিশাল বিভাগে ১০৮ জন, খুলনা বিভাগে ৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, রংপুর বিভাগে নয়জন, সিলেট বিভাগে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮১০ জন, যাদের মধ্যে ৬৩ দশমিক ৩০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭০ শতাংশ নারী। এ ছাড়া এখন পর্যন্ত মৃত ২১০ জনের মধ্যে ৫০ দশমিক ৫০ শতাংশ পুরুষ এবং ৪৯ দশমিক ৫০ শতাংশ নারী। চলতি মাসের ১২ দিনেই আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৭২ জন, মারা গেছেন ৪৭ জন। এ বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৫৫ জন, মৃত্যু হয় ১৪ জনের; ফেব্রুয়ারিতে ভর্তি হয় ৩৩৯ জন, মৃত্যু হয় তিনজনের; মার্চে রোগী ছিল ৩১১ জন, মৃত্যু পাঁচ জনের; এপ্রিলে আক্রান্ত ৫০৪ জন, মৃত্যু দুজনের; মে মাসে আক্রান্ত ৬৪৪ জন, মৃত্যু ১২ জনের; জুনে আক্রান্ত ৭৯৮ জন, মৃত্যু আটজনের।

বছরের মাঝামাঝিতে জুলাই মাস থেকে রোগী বাড়তে থাকে; ছাড়িয়ে যায় ২ হাজারের ঘর। এ মাসে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২ হাজার ৬৬৯ জন, মৃত্যু হয় ১২ জনের। আগস্টে কয়েকগুণ বেড়ে রোগী হয় ৬ হাজার ৫২১ জন, মৃত্যু ২৭ জন। আর আগস্টের তুলনায় তিনগুণ বেশি রোগী সেপ্টেম্বরে শনাক্ত হয়, মৃত্যুও হয় তিনগুণ বেশি। এ মাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৭ জন, মারা গেছেন ৮০ জন।

পূজার পর সাঁড়াশি অভিযান শুরু হবে: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, আমরা পূজার পর ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক এবং ট্রাফিক ব্যবস্থাপনা সবগুলো নিয়ে সাঁড়াশি অভিযান শুরু করব।

তিনি বলেন, মাঝে মাঝে আপনাদের যে শঙ্কা তৈরি হয় এবং আমাদের কাছে যে অভিযোগ আসে আমরা সেগুলোকে আমলে নিতে চাই। আমরা যেন আইনশৃঙ্খলার অবনতির ঘটনাগুলো প্রতিহত করতে পারি।

তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যে নাশকতার আশঙ্কা ছিল বাস্তবে তা নেই। শান্তিপূর্ণভাবেই এ বছর পূজা উদযাপিত হচ্ছে। এ সময় আইজিপি আরও বলেন, গতকাল রাতে তাতিবাজার পূজা মণ্ডপে ছিনতাইকারীদের হামলার বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রেপ্তারও হয়েছে। মামলা প্রক্রিয়াধীন, তদন্ত করা হচ্ছে।

আগামী বৃহস্পতিবার মিরপুর-১০ স্টেশনের ট্রায়াল রান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ স্টেশন শিগগিরই চালুর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। স্টেশনটি চলতি অক্টোবর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে চালুর চেষ্টা করা হচ্ছে। এ উপলক্ষে মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনের ট্রায়াল রান হবে আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর)।

মঙ্গলবার (৮ অক্টোবর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ সংবাদমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, বর্তমান সরকারের মানুষের প্রতি যে প্রতিশ্রুতি, দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের স্টেশনগুলো চালু করা, তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে কাজীপাড়া সীমিত পরিসরে চালু করেছি। তা যাত্রীদের বেশ উপকারে আসছে। মিরপুর-১০ নম্বর স্টেশনের কাজও প্রায় শেষের দিকে। আগামী ১০ অক্টোবর আমরা প্রস্তুতিমূলকভাবে স্টেশনের কার্যক্রম চালু করব। তারপর তা উপদেষ্টার নজরে দেব। চেষ্টা আছে এই অক্টোবরেই এটি চালু করার।

তিন পার্বত্য জেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা

পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিন পার্বত্য জেলায় ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রোববার (৬ অক্টোবর ) বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

জেলাপ্রশাসক জানান, অনিবার্য কারণবশত সমগ্র খাগড়াছড়ি পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া রাঙামাটি ও বান্দরবানেও একই সময়ে ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে সংঘঠিত সহিংসতার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, আসন্ন দুর্গাপূজাকে ঘিরে তিন পার্বত্য জেলার পর্যটনকেন্দ্র সাজেকসহ শহরের হোটেল-মোটেলগুলোতে অনেক বুকিং পেয়েছিলেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে সেসব বুকিং বাতিল হওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ – বুয়েট প্রশাসন

বুয়েট প্রশাসন জানায়, কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোনো ক্লাব বা সোসাইটি ছাড়া কোনো রাজনৈতিক দল বা সহযোগী অন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবেন না।

আওয়ামী লীগ আমলের শেষ দিকে আদালতের রায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি ফেরার যে পথ তৈরি হয়েছিল, ছয় মাসের মাথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নতুন এক নিষেধাজ্ঞায় তা ফের বন্ধ হল।

বুয়েট প্রশাসন জানিয়েছে, কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোনো ক্লাব বা সোসাইটি ছাড়া কোনো রাজনৈতিক দল বা সহযোগী অন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবেন না।

শনিবার বুয়েটের রেজিস্ট্রার ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় রাজনৈতিক দল করা নিয়ে ওই সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোনো ক্লাব বা সোসাইটি ব্যতীত কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি অথবা অন্য যে কোনো সংগঠনের সঙ্গে জড়িত হতে পারবেন না।

“শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের নিয়মগুলো যথাযথভাবে পালন করতে হবে এবং তা অমান্য করলে অধ্যাদেশে বর্ণিত নিয়ম মোতাবেক তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী।

ওই হত্যাকাণ্ডের পর ছাত্রলীগের বিরুদ্ধে নির্যাতনের বিভিন্ন অভিযোগ সামনে আনেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৯ সালের ১১ অক্টোবর এক ‘জরুরি বিজ্ঞপ্তিতে’ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বুয়েট প্রশাসন।

ওই নিষেধাজ্ঞার মধ্যেই গত এপ্রিলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতিসহ অনেকে গভীর রাতে বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করলে নতুন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তখন বুয়েটে ছাত্র রাজনীতি ফেরানোর দাবিতে পাল্টা কর্মসূচি দেয় ছাত্রলীগ।

এরপর এক ছাত্রলীগ কর্মীর রিট আবেদনে হাই কোর্ট বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের আদেশ স্থগিত করে দেয়। তাতে দেশের প্রকৌশল শিক্ষার শীর্ষ এ বিদ্যাপীঠে ছাত্র রাজনীতি চর্চায় বাধা কাটে।

গত জুলাই মাসে সরকারি চাকরির কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নিলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জোরালো হয়ে ওঠে।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধের বিষয়টি নিয়ে সিন্ডিকেটে আলোচনা হয়। এবার বুয়েট শিক্ষার্থীদের রাজনীতি করার ওপরই নিষেধাজ্ঞা দিল, যা কার্যত ক্যাম্পাসের বাইরের রাজনৈতিক চর্চার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

চীনের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় খুলতে চাই: প্রধান উপদেষ্টা

চীনকে বাংলাদেশের জনগণের ‘পুরোনো বন্ধু’ বলে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ‘নতুন একটি অধ্যায়’ খুলতে চাই। এর মাধ্যমে অতীতের মতো সব উন্নয়ন কাজের অংশীদার হবে চীন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, চীনা সৌর কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় আকারে বিনিয়োগ করতে পারে। অন্যান্য চীনা নির্মাতাদেরও বাংলাদেশে তাদের কারখানা স্থাপন করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সম্পর্কের ‘একটি নতুন অধ্যায়’ খোলার ওপর জোর দেন। তিনি উভয় দেশের কোম্পানির মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোরও আহ্বান জানান।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান গ্রেপ্তার

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান আজ মঙ্গলবার সন্ধ্যার পর জানান, রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। একজন ছাত্র ও একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবারের মধ্যে কোনো পুলিশ চাকরিতে যোগ না দিলে ধরে নেয়া হবে তাঁরা চাকরি করতে ইচ্ছুক নন: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশের যেসব সদস্য এখনো কাজে যোগ দেয় নাই, তাঁদের জন্য শেষ সময় হচ্ছে আগামী বৃহস্পতিবার। বৃহস্পতিবারের মধ্যে যদি কেউ যোগ না দেন, তাহলে ধরে নেওয়া হবে তাঁরা চাকরিতে ইচ্ছুক নন।

চাঁদাবাজ ও দখলদারির বিষয়ে সব রাজনৈতিক দলের উদ্দেশে কড়া বার্তা দিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘একটি রাজনৈতিক দলের অবস্থা আজকে দেখেন। এত বড় একটি দল, এত ঐতিহ্যবাহী একটি দল, যার নামের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে। যদি আপনি মনে করেন আমি আসলাম, আমি দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, চাঁদাবাজি করব…সেনাপ্রধানকে অনুরোধ করেছি আপনাদের পা ভেঙে দিতে।’

যেসব শিক্ষার্থী কাজ করছে সবাইকে সার্টিফিকেট দেয়া হবে

পুলিশ প্রশাসনের অনুপস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণ, রাস্তা পরিষ্কারসহ এই ধরণের কাজ যেসব শিক্ষার্থী করছে তাদের সনদ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়–বিষয়ক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। তাদের উদ্দেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব শিক্ষার্থী রাস্তায় আন্তরিকতার সঙ্গে কাজ করছে তাদেরকে পুলিশের পক্ষ থেকে সনদ দেবেন। আপনাদের (শিক্ষার্থীদের) পড়াশুনা এবং চাকরির ক্ষেত্রে যাতে এই সার্টিফিকেটের মূল্যায়ন হয় যে, তারা নিজেদের পয়সা দিয়ে সড়ক পরিষ্কার, দেয়াল সুন্দর করছে।

সরকারি প্রজেক্ট হলে এক কাজে চারশো, পাঁচশো বা হাজার কোটি টাকা লাগত উল্লেখ করে তিনি বলেন, তারা (শিক্ষার্থীরা) নিজেরা এটা করছে। একটা দেশে এর চেয়ে ভালো উদাহরণ হতে পারে না।

রাস্তায় নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন এম সাখাওয়াত। বলেন, ‘তারা আমার গাড়িও ধরেছে। পতাকা আছে। তারা বলছে, পতাকা থাক আর যাই থাক, ডিকি খোলেন। আমিও বললাম, ডিকি খোলো। পরে আমাকে দেখে তারা বলল, না স্যার ডিকি খুলতে হবে না। আপনি যান।’

‘আমরা এটা নিয়ে খুবই খুশি। এটা পুলিশ করতে পারত না, এরা করছে। এরা তো আপনার কাছ থেকে চাঁদা নেয় না, এরা তো কোনো দোকানে গিয়ে বলে না যে, আমাকে খাবার দাও। এরা নিজের খাবার নিয়ে আসে, নিজের টাকায় রং কিনে দেয়ালে রং করছে।’

সরকারেরও এগুলো মূল্যায়ন করা উচিৎ বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ মহাপরিদর্শককেও এই বিষয়গুলো মূল্যায়ন করতে বলেন তিনি। বলেন, ‘উনাদের তরফ থেকে এই কাজের সঙ্গে যারা আছে প্রত্যেকের তালিকা করে সার্টিফিকেট দেবেন। এতে তারা খুশি হবে।’

ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষীতে আতঙ্কিত হয়ে পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান। এতে ভেঙে পড়ে আইনশৃঙ্খলাসহ বড় শহরগুলোর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামে শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে তারা রাজধানীসহ সারা দেশে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। এছাড়া সড়ক পরিষ্কার এবং দেয়ালে দেয়ালে সুন্দর চিত্রকর্মী আঁকছে তারা।