স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে ‘নো মানি ফর টেরর মিনিস্ট্রিয়াল কনফারেন্সে’ যোগ দিতে একটি প্রতিনিধিদল ভারত সফরে গেছে। সেখানে ১৮-১৯ নভেম্বর এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন সংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, ভারতের দিল্লিতে (তাজ প্যালেস) অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী তৃতীয় ‘নো মানি ফর টেরর মিনিস্ট্রিয়াল কনফারেন্সে’ এ অংশ নিতে ভারতে অবস্থান করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অনুষ্ঠানে ৭৬টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে। ‘নো মানি ফর টেরর’ শিরোনামে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে রাশিয়ান ফেডারেশন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ প্রায় ২০টি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে ভারতে পৌঁছান, কনফারেন্স শেষে আগামী ২০ নভেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
মালয়েশিয়ায় হতে যাচ্ছে ১৫তম সাধারণ নির্বাচন। আগামী কাল শনিবার (১৯ নভেম্বর) ভোটগ্রহণ হবে। সর্ব মোট দুই কোটি ১১ লাখ ৭৩ হাজার ৬৩৮ জন নিবন্ধিত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এই লড়াইয়ে মূলত দুজনের নামই ঘুরেফিরে আসছে। তারা হলেন দেশটির আগের প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। আর সাবেক অর্থমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এরমধ্যে জনমত জরিপে এগিয়ে রয়েছেন আনোয়ার।
ব্রিটিশ গবেষণা সংস্থা ইউগভ’র একটি সমীক্ষা বলছে, আনোয়ারের ‘পাকাতান হারাপান’ জোট ৩৫ শতাংশ আসনের বৃহত্তম ভাগ নিশ্চিত করার পূর্বাভাস দিয়েছে। আর মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন ‘পেরিকটান জোটে’র ২০ শতাংশ, বারিসানের ১৭ শতাংশ ভোট রয়েছে।
তবে নির্বাচন বিশ্লেষকরা বলছেন, আনোয়ারের জোট হেরে যেতে পারে যদি অন্য ব্লকগুলো তার বিরুদ্ধে দল গঠন করে।
এদিকে মালয়েশিয়ার নির্বাচন কমিশন ১০ ধাপে ভোট দেওয়ার নির্দেশিকা জারি করেছে। ইসি বলছে, নির্দেশিকা অনুসারে একবার ভোটারকে প্রবেশের অনুমতি দেওয়া হলে তাকে অবশ্যই পরিচয়পত্র (মাইক্যাড) হস্তান্তর করতে হবে এবং উভয় হাত দেখাতে হবে।
বৃহস্পতিবার এক ভাষণে আনোয়ার বলেন, এই নির্বাচন প্রধানমন্ত্রী পরিবর্তনের জন্য নয়। এই নির্বাচন দেশকে বাঁচানোর জন্য। এটা পরিবর্তন আনার সেরা সুযোগ।
আনোয়ারের নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে- চাকরির ব্যবস্থা, বিনিয়োগ এনে অর্থনীতি পুনরুদ্ধার, রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি, জাতিগোষ্ঠীর মধ্যে বিভাজন দূর করা।
নটিংহাম মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের ব্রিজেট ওয়েলশ বলেছেন, আনোয়ারের জোট মিত্রদের আকৃষ্ট করার ক্ষেত্রে সুবিধা পেতে পারে। কারণ বিভাজন এবং ভেতরগত দ্বন্দ্ব অন্য দুটি প্রধান জোটকে অস্থির করে তুলেছে।
ওয়েলশ এক সাক্ষাতকারে রয়টার্সকে বলেছেন, আনোয়ারের জন্য আমরা যা দেখেছি তা হলো, তার জোট একত্রিত হয়েছে। তারা আদর্শগতভাবে আরও সমন্বিত।
কিন্তু তিনি বলেন, ওয়েলশ এবং স্বাধীন পোলস্টার মেরডেকা সেন্টারের একটি জরিপ অনুসারে, ১৫-৩০ শতাংশ ভোটাররা এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন।
এর আগে আনোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তার কারাদণ্ডও হয়েছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে হাত মিলিয়ে ২০১৮ সালে তিনি কারাগার থেকে মুক্তি পান।
আনোয়ার বলেছেন, তার বিরুদ্ধে করা এসব অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
বিজনেস বাংলাদেশ/ হাবিব

ইউক্রেনের খেরসন জুড়ে একাধিক অত্যাচারের ঘর বা টর্চার চেম্বার তৈরি করেছিল রাশিয়ার সেনারা। বিরোধিতা করলেই সেখানে তুলে নিয়ে গিয়ে ভয়াবহ অত্যাচার করা হতো। বহু ব্যক্তির সেখানেই মৃত্যু হয়েছে। ইউক্রেনের প্রশাসনের কাছে সেই ভয়াবহতার কথা বলতে শুরু করেছেন খেরসনের মানুষ।
ইউক্রেনের পার্লামেন্ট কমিশনের মানবাধিকার প্রধান জানিয়েছেন, এত ভয়াবহ কাহিনি তিনি এর আগে শোনেননি। এই পরিমাণ টর্চার চেম্বারও এর আগে দেখেননি তিনি। স্থানীয় মানুষের কাছে তিনি শুনেছেন, প্রতিবাদ করলেই ওই চেম্বারে তুলে নিয়ে যাওয়া হতো। সেখানে ইলেকট্রিক শক দেওয়া হতো। লোহার পাইপ দিয়ে মারা হতো। বহু ব্যক্তি ওই অত্যাচার সহ্য করতে না পেরে মারা গেছেন।
৪৫ দিন ধরে টর্চার চেম্বারে আটক এক ব্যক্তি শুনিয়েছেন তার অভিজ্ঞতার কথাও। প্রতিদিন কীভাবে পাশবিক অত্যাচার হতো তাদের উপর, সে কাহিনী বলেছেন তিনি। গত সপ্তাহেই রাশিয়া ঘোষণা করে যে, তারা খেরসন ছেড়ে চলে যাবে। তার আগে রাশিয়ার সেনা ওই অঞ্চল দখল করে রেখেছিল। খেরসনে গণভোটের ব্যবস্থাও করা হয়েছিল। রাশিয়ার সেনা চলে যাওয়ার পরেই ক্রমশ তাদের ফেলে যাওয়া অত্যাচারের চিহ্ন স্পষ্ট হচ্ছে।
বৃহস্পতিবার ইউক্রেনের একাধিক অঞ্চলে বিমান হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তিনি জানিয়েছেন, এদিন ফের গ্যাস এবং বিদ্যুতের স্টেশন লক্ষ্য করে বোমা ফেলা হয়েছে। ক্ষতিও হয়েছে যথেষ্ট। ইউক্রেনের প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবারের হামলায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১ জন। এদের অধিকাংশই বেসামরিক মানুষ বলে জানিয়েছে ইউক্রেন।
বিমান হামলার পাশাপাশি এদিন ড্রোনের সাহায্যেও রাশিয়া হামলা করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বিভাগ। জেলেনস্কির অভিযোগ, অমানবিক কাজ করছে রাশিয়া। তারা ইউক্রেনের বেসামরিক মানুষকে ঠান্ডায় মেরে ফেলার চেষ্টা করছে। সে কারণেই শীতের মুখে বার বার গ্যাস এবং বিদ্যুতের অবকাঠামোয় হামলা চালানো হচ্ছে। গ্যাস এবং বিদ্যুৎ না থাকলে মানুষ বাড়িতে হিটিং মেশিন চালাতে পারবেন না। ইউক্রেনের ভয়ঙ্কর ঠান্ডায় তারা জমে মরে যাবেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব

এবার বিশ্বকাপ ফুটবল আসর এবার বসছে কাতারের মাটিতে। এরজন্য শুরু থেকেই আয়োজক প্রতিষ্ঠান ফিফার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে আসছিলো বিশ্বের নানা তারকা এবং বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান। প্রায় সবার অভিযোগ এমন- ফিফা মানবাধিকারের চেয়ে আর্থিক লাভটা বেশি দেখেছে এবারের আয়োজনের মাধ্যমে।
তবে শেষ বেলায় উদ্বোধনী চমকের আগমুহূর্তে শিল্পীদের পক্ষ থেকে যে এভাবে বিস্ফোরণ ঘটবে, সেটি সম্ভবত কেউ ধারণা করেনি।
জমকালো উদ্বোধনী আসরের দু’দিন আগে দুটো বড় বিস্ফোরক মন্তব্য ছুঁড়ে দিলেন ব্রিটিশ তারকা তারকা ডুয়া লিপা এবং কলোম্বিয়ান তারকা শাকিরা। তাই নয়, কিছু খেলোয়াড়ও ঘোষণা করেছে, কাতারের নিয়ম ও আইনের বিপরীতে হলেও তারা নিজ বাহুতে এলজিবিটি (সমকামী) সম্প্রদায়ের সমর্থনে রংধনু পতাকা পরবেন।
তবে তারচেয়ে বড় খবর, ডুয়া লিপা ও শারিকা উভয়ই কাতার বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতানোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। করেছেন কড়া সমালোচনাও। এরজন্য বিশ্বকাপের দূত কাহলিদ সালমানকে শুধুমাত্র খেলোয়াড়দের সাথেই আলোচনা করতে হয়নি, শিল্পীদের সাথেও সমঝোতায় হয়েছে টানা।
এবারের বিশ্বকাপে ‘না’ বলা জনপ্রিয় শিল্পীদের একজন হলেন ব্রিটিশ পপ সেনসেশন ডুয়া লিপা। যিনি ব্যাখ্যা করেছেন এভাবে, ‘আমি কখনোই এই আসরে পারফর্ম করার জন্য আলোচনার পর্যায়ে পৌঁছাইনি। কারণ এ বিষয়ে আমার সিদ্ধান্ত শুরু থেকেই নেওয়া হয়েছিল।’
আরও বলেন, ‘আমি দূর থেকে এবার ইংল্যান্ড টিমকে উৎসাহ যোগাবো। আমি সেদিন কাতার সফরে যাওয়ার জন্য উন্মুখ হবো, যেদিন শুনবো দেশটি মানবাধিকার বিষয়ে সকল প্রতিশ্রুতি পূরণ করছে।’
এদিকে কয়েক মাস ধরে সবার ঠোঁটে থাকা আরেক শিল্পীর নাম শাকিরা। সংবাদ মাধ্যমে শাকিরার মুখপাত্র বলেছে, ‘এটা নিশ্চিত যে, শাকিরা কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন না। তবে বিশ্বকাপের অন্য কোনও অংশে, অন্য কোনও ভূমিকায় তাকে দেখা যাবে কিনা সেটা এখনও বলা যাচ্ছে না।’

কাতার বিশ্বকাপের অবকাঠামো নির্মাণে নিযুক্ত অনেক শ্রমিক মারা গেছেন বলে অভিযোগ। শাকিরা মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করেন। এছাড়া সমকামীদের অধিকার এবং মানুষের পোশাক স্বাধীনতা নিয়েও শাকিরার অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে। কারণ স্বাগতিক দেশ কাতারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, এবারের বিশ্বকাপ দেখতে আসা বা পারফরম্যান্স করা সকলেই দেশটির নিয়ম মানতে হবে! পুরো শরীর কাপড়ে আবৃত রাখতে হবে। কাতারের এসব নিয়মকে ‘সম্মানহীন’ বলে উল্লেখ করেন ডুয়া লিপা ও শাকিরা।
এ কারণেই হয়তো এবার আর বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করছেন না শাকিরা। যিনি এর আগে ২০০৬, ২০১০ ও ২০১৪ সালের ফিফা আসর মাতিয়েছিলেন নাচে ও গানে।
এদিকে ব্রিটিশ কিংবদন্তি সংগীতশিল্পী রড স্টুয়ার্টেরও পারফর্ম করার কথা ছিলো কাতার মঞ্চে। কিন্তু গায়ক সম্প্রতি ব্যাখ্যা করেছেন যে, কেন তিনি এমন লাভজনক প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।
তার ভাষ্যে, ‘তারা (কাতার কর্তৃপক্ষ) আমাকে পারফরম্যান্সের জন্য এক মিলিয়ন ডলারেরও বেশি অর্থের প্রস্তাব করেছিল, কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছি। কারণ আমি মনে করি না যে, এমন ধারণা এবং মূল্যবোধের দেশে যাওয়া ঠিক হবে। আমি মনে করি ইরানিদেরও থামানো উচিত।’
এবারের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করার বিষয়ে যে শিল্পীরা কাতারকে হ্যাঁ বলেছেন তারা হলেন: জে. বালভিন, রবি উইলিয়ামস, জেসন ডেরুলো, ক্লিন ব্যান্ডিট, শন পল, নোরা ফাতেহি, ব্ল্যাক আইড পিস, বিটিএসের জাংকুক এবং নিকি মিনাজ, মালুমা ও মারিয়াম ফারেস। শেষের তিনজন কাতার বিশ্বকাপের জন্য অফিসিয়াল গান তৈরির দায়িত্বে রয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
‘‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’’প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে আয়োজিত দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জেলা প্রশাসন আয়োজিত মেলার সমাপনী দিনে জেলা প্রশাসক আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও মেলায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিষ্ঠান সমূহের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাম্মৎ হাসিনা আক্তারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য স্মার্ট বাংলাদেশ সম্পর্কিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন-সরকারের আইসিটি বিভাগের এটুআই প্রকল্পের উপ-সচিব মো: সালাহউদ্দিন, বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ওয়াহিদ হোসেন। ওই সময় মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর এম এ বারী, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, গাজীপুর পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক আনিসুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, মো: আমিনুল ইসলাম প্রমুখ।
আয়োজকরা জানান, এ মেলায় বিষয় ভিত্তিক চারটি প্যাভিলিয়নে ৪০টি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশ নেয়। মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরিতে মৎস্য অধিদপ্তর, জেলা পাসপোর্ট অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।
দুই বছর পর আবারও শুরু হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর নতুন আসর। এরইমধ্যে নতুন আসরের নিবন্ধন শুরু হয়েছে। এবারের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এবারের অফিশিয়াল ফ্র্যাঞ্চাইজ অমিকন এন্টারটেইনমেন্ট ও অর্গানাইজিং পার্টনার এশিয়াটিক’র প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২২’ এর আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করবেন অভিনেত্রী সারা যাকের ও মডেল-অভিনেরী সাদিয়া ইসলাম মৌ।
আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট ও অমিকন গ্রুপের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ কোনো মডেল খোঁজে না। এ প্রতিযোগিতার মাধ্যমে আমরা রোল মডেল খুঁজি।
দেশের বাইরে থাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না সারা যাকের। তবে বিচারকার্যে যুক্ত হতে পেরে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে উচ্ছ্বাস প্রকাশ করেন মৌ। তিনি বলেন, আমি খুব সম্মানিত বোধ করছি, এমন একটি আয়োজনে বিচারক হতে পেরে। বিউটি উইথ পারপাস স্লোগানটাও অনেক ভালো। তাই বলতে চাই, এগিয়ে যাও নারী। তোমরা অবশ্যই পারবে।
সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক দুই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এর মধ্যে জেসিয়া ২০১৭ সালে প্রথম আয়োজনে স্বীকৃতি পান, এরপরের বছর মুকুট ওঠে ঐশীর মাথায়।
বাংলাদেশ থেকে খেতাব পাওয়ার পর ‘মিস ওয়ার্ল্ড’র মূল আয়োজনে এ পর্যন্ত সবচেয়ে সফল ঐশী। তিনি সেরা ৩০-এ জায়গা করে নিয়েছিলেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার জন্য মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খুব স্পেশাল, এটা আমার পরিচয়। এ পরিচয়ের মাধ্যমে আমি দেশকেও ধারণ করি।’
কয়েকদিন আগেই মিস ‘ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২২’র নিবন্ধন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আয়োজনটির ফেসবুক পেজ কিংবা অফিসিয়াল ওয়েবসাইটের (www.missworldbangladesh.com) মাধ্যমে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। দেশ থেকে বিজয়ী একজনকে পাঠানো হবে ‘মিস ওয়ার্ল্ড’র বিশ্বমঞ্চে।
বিজনেস বাংলাদেশ / bh