এই শীতের শিশির ভেজা সকালে সরিষার সবুজ গাছের ফুলগুলো শীতের সোনাঝরা রোদে যেন ঝিকিমিকি করছে। এ যেন এক অপরুপ সৌন্দর্যের দৃশ্য। দেখে যেন মনে হচ্ছে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সেজে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে দানাদার অর্থকরী তৈল জাতীয় শস্য সরিষা অনন্য ভূমিকা পালন করছে।
মাদারীপুরের শিবচরে উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে হলুদ সরিষার ফুলে ছেয়ে গেছে। চির সবুজের বুকে যেন কাঁচা হলুদের আলপনা। সরিষা ফুলের হলুদ রাজ্যে এখন মৌমাছির গুঞ্জনে মুখরিত। সরিষার বাম্পার ফলনের আশায় কৃষকের মুখে হাসি। কৃষকরা ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ বিভাগের পরামর্শে তাদের ধানের জমির ফসল কাটা-মাড়াই করে বারি উদ্ভাবিত উফশীজাতের সরিষা বীজ মাঠে বুনছেন।
সরেজমিনে দেখা যায়, শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় চারপাশে শুধু সরিষা ফুলের মৌ-মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠগুলো। বহেরাতলা, কুতুবপুর, কাদিরপুরসহ বিভিন্ন এলাকায় সরিষার চাষের জমি কেউ সরিষা বুনছেন কিংবা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। শিবচরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই সরিষার চাষ। সরিষা চাষ করে অনেক কৃষকের ঘুরেছে ভাগ্যের চাকা।
সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং সরিষার ভালো মূল্য পেলে এ অঞ্চলে সরিষা চাষের পরিধি আরো বৃদ্ধি পাবে ও ভালো দাম পেলে অনেক লাভবান হবে বলে আশা করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি ২০২২-২০২৩ অর্থ বছরে উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৯৪ হেক্টর আর সরিষা চাষ হয়েছে ৪ হাজার ২০ হেক্টর জমিতে। সরিষা চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ২০২১-২০২২ অর্থ বছরে ৩ হাজার ৭৯৪ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। কৃষি বিভাগ থেকে প্রণোদনা ও সরিষা তেলের দাম বেশি হওয়ায় চলতি বছরে কৃষকদের মাঝে সরিষা চাষে আগ্রহ বেড়েছে।
উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের ঝাউকান্দি এলাকার এক কৃষক বলেন, গত বছর থেকে এবার সরিষা বুনছি কম। সরিষা আবাদে খরচ অনেক কম, কিন্তু দাম যদি একটু হয়, তাহলে আমাদের একটু ভালো হবে।
আরেক কৃষক আব্দুস সোবাহান জানান, ধান কাটার পর সেই জমিতে বারি উদ্ভাবিত উফশীজাতের সরিষা চাষ করছি। আশা করছি গতবারের চেয়ে বেশী ফলন পাবো।
ভেন্নাতলা এলাকার সরিষা চাষি হারুন বলেন, বিঘা প্রতি আড়াই থেকে তিন হাজার টাকা খরচ হয়। সরিষা ঘরে উঠানো পর্যন্ত খরচ হয় প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা। এ বছর ২২ কাঠা সরিষা লাগিয়েছি। গত বছর ভালো দাম পাওয়া গেছে। আশা করছি এ বছরও ভালো দাম পাওয়া যাবে।
যাদুয়ারচর এলাকার মালেক মাদবর নামের এক কৃষক বলেন, এবার সরিষার ফলন ভালো দেখা যাচ্ছে। এবারে ২ বিঘা জমিতে সরিষা লাগিয়েছি। শুধু আমাদের না আশেপাশের সকলের ফলন এবারে ভালো হয়েছে। তবে যদি একটু দাম পাই, এবারে তাহলে ভালো লাভ হবে।
সরিষাখেতে ঘুরতে আসা তৌহিদ নামে একজন বলেন, সরিষাখেতে ঘুরতে এসেছি, খুবই ভালো লাগতাছে। চোখ যত দূর যায় তত দূর শুধু হলুদ আর হলুদ। গত বছর ঘুরতে এসেছিলাম। গতবারের থেকে এবার একটু বেশি ভালো লাগতেছে।
শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এ বছর বেশি সরিষার আবাদ হয়েছে।বর্তমানে সরকার সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। বাজারে সরিষার ভালো দাম পাওয়া, নতুন নতুন উন্নত জাতের উদ্ভাবনের ফলে ফলন বৃদ্ধি এবং পতিত জমিতে মধ্যবর্তী ফসল হিসেবে সরিষা চাষের মাধ্যমে লাভজনক হওয়ার কারণে কৃষকরা সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা করগাঁও ইউনিয়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রনীত ১ কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয়ে ৯.২ কিলোমিটার সংশোধিত কাবিটা নীতিমালা-২০১৭ অনুযায়ী ২০২২-২৩ অর্থ বছরের আওতাধীন বড় হাওরের ডুবন্ত বাঁধের নির্মাণ কাজ উদ্ধোধন হয়েছে। আজ সকালে করগাঁও হাওরে উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য,সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান,কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাৎ হোসেন,আওয়ামীলীগ নেতা মঈনুজ্জামন অপু, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার,করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো.নাদিম মোল্লা,করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লায়ন মো. সারোয়ার হোসেন,করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুতন প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
The post কটিয়াদীতে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন এমপি appeared first on বিজনেস বাংলাদেশ.
দীর্ঘ আট বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। এর আগে ২০১৪ সালে ফাইনালে ওঠলেও ছুঁয়ে দেখা হয়নি সোনালী ট্রফি। রোববার, ১৮ ডিসেম্বর ফ্রান্সের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে আলবিসেলেস্তারা। ফাইনালে মাঠে নামার আগে ফ্রান্সকেই ফেভারিট বলছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
ব্রাজিলকে হারিয়ে ২০২১ কোপা আমেরিকা জয়ের অভিজ্ঞতা নিয়ে কাতার বিশ্বকাপে খেলতে আসে আর্জেন্টিনা। শনিবার (১৭ ডিসেম্বর) ফাইনাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেন, মেসির অনুপ্রেরণায় বলিয়ান হয়ে রোববার ফাইনালে লেস ব্লুজদের মোকাবেলা করতে নামবে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে যখন আমরা জয়লাভ করেছিলাম, তখন ফেভারিট ছিল তারা। আমরা সব সময় প্রতিপক্ষ দলকে ফেভারিট শুনতে পছন্দ করি। কারণ আমরা তাদেরকে উচ্চ বা নিকৃষ্ট মনে করি না। এই মুহূর্তেও তাই । সবাই ফ্রান্সকেই ফেভারিট বলছে। কিন্তু আমাদের আছে সর্বকালের সেরা তারকা।’
মার্টিনেজ মেসির প্রশংসা করে আরও বলেন, ‘কোপা আমেরিকার সময় আমি গ্রেট মেসিকে দেখেছি, যিনি অন্যরকম এবং সেরাদের একজন। কোপা আমেরিকার সঙ্গে বিচার করলে এবারের বিশ্বকাপে তিনি আরও একধাপ এগিয়ে আছেন। শারীরিকভাবে দারুণ অবস্থায় থাকা মেসি খেলছেনও চমৎকার। মেসিকে হারানো বেশ কঠিন হবে।’
বিজনেস বাংলাদেশ/ হাবিব
রাজধানীর মিরপুর ১৩ নম্বরের পূর্ব-ইমামনগর এলাকায় এসি বিস্ফোরণে দগ্ধ হাজেরা বেগম (৪৫) মারা গেছেন। শনিবার ১৭ ডিসেম্বর দিনগত রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাজেরা বেগমের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। আরিয়ানের শরীরের ৭০ শতাংশ দগ্ধ। তার অবস্থাও আশঙ্কাজনক। এর আগে শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় হাজেরা বেগম ছাড়াও আরিয়ান নামে এক কিশোর দগ্ধ হয়।
আরিয়ানের বাবা রেজাউল ইসলাম জানিয়েছেন, শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তার ছেলে ও হাজেরা বেগমকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন তিনি।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
নোয়াখালী চাটখিলে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রবিবার, ১৮ ডিসেম্বর সকালে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে,চাটখিল উপজেলা প্রশাসন ও ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) উজ্জ্বল কুমার রায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার এহসানুল হক চৌধুরী, মৎস্য অফিসার আনোয়ারুল ইসলাম পাইলট,সমবায় অফিসার মনির হোসেন, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কামরুল কানন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ব্রেক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মকর্তা এমরান হোসেন। আলোচন সভা শেষে একটি র্যালী উপজেলা চত্তর প্রদক্ষিন করে কর্মসূচির সমাপ্তি ঘোষনা করা হয়।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে দুই পরাশক্তি আর্জেন্টিনা-ফ্রান্স। এই লড়াইয়ে কে হাসবে শেষ হাসি? কার হাতে উঠবে সোনালি রংয়ের ঝাঁ চকচকে ট্রফিটা? আর্জেন্টিনা-ফ্রান্স দুই দলেরই সামনে তৃতীয় বিশ্বকাপের হাতছানি। এর আগে আর্জেন্টিনা ১৯৭৮ আর ১৯৮৬ সালে হয়েছিল চ্যাম্পিয়ন। অন্যদিকে ফ্রান্স ১৯৯৮ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর সবশেষ বিশ্বকাপটিও (২০১৮) নিয়েছে নিজেদের দখলে।
অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের সামনে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের বিরল সুযোগ। আর্জেন্টিনার সুযোগ দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচানোর।
সবশেষ কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপের সোনালি ট্রফিটি ছুঁতে পেরেছিল আর্জেন্টিনা। এরপর তাদের ফুটবলে জন্ম হয়েছে আরেক কিংবদন্তির। কিন্তু তর্কসাপেক্ষে সময়ের সেরা ফুটবলার হয়েও বিশ্বকাপ না জেতার আক্ষেপটা বহুদিন ধরে বয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। এবারই তার সামনে শেষ সুযোগ। এবারের বিশ্বকাপই শেষ, ঘোষণাটা যে দিয়ে ফেলেছেন আর্জেন্টাইন খুদেরাজ!
এর আগে চারটি বিশ্বকাপ খেলে একবার শিরোপার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন মেসি। ২০১৪ সালের সে বিশ্বকাপ ফাইনালে জার্মানির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অতিরিক্ত সময়ের এক গোলে আর্জেন্টিনার স্বপ্ন ভাঙে।
গত বিশ্বকাপে আর্জেন্টিনা শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল ফ্রান্স এবং ১৯ বছর বয়সী এমবাপের কাছে হেরে। রোমাঞ্চ ছড়ানো সে ম্যাচে ফ্রান্স জিতেছিল ৪-৩ গোলে।
এবার বিশ্বকাপের ফাইনালে মেসিদের সামনে সেই ফ্রান্স আর এমবাপে। ২৩ বছর বয়সী এমবাপে এখন আরও পরিণত। এবারের বিশ্বকাপে মেসির সঙ্গে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে যৌথভাবে আছেন তিনিও।
ফ্রান্স ১৯৯০ ও ১৯৯৪ সালে টানা দুই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতেই ব্যর্থ হয়েছিল।সেই দলটিই ১৯৯৮ সালে এসে চ্যাম্পিয়ন হয়। এবার নিয়ে গত সাত বিশ্বকাপের চারটিতেই ফাইনাল খেলেছে তারা। এতেই বোঝা যাচ্ছে, ফ্রান্সের ফুটবল এখন কোথায় দাঁড়িয়ে!
সোনালি প্রজন্মের ফ্রান্স টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতার সুযোগ সহজে হাতছাড়া করতে চাইবে না নিশ্চয়ই। টানা দুই ট্রফি হাতে নিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেকে ওপরে তুলে ধরতে চাইবেন এমবাপেও।
অন্যদিকে মেসির জন্য এবারই শেষ সুযোগ। শেষটায় এসে জীবনের সব অর্জন এক জায়গায় ঢেলে দিতে চাইবেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। সতীর্থরাও পণ করেছেন, কিংবদন্তিকে বিশ্বকাপ ট্রফি দিয়েই ফেয়ারওয়েল দেবেন তারা, লড়বেন রক্তের শেষ বিন্দু দিয়ে। ফাইনালে তাই জমজমাট আর রোমাঞ্চকর এক লড়াই অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য, আগাম বলে দেওয়াই যায়!
বিজনেস বাংলাদেশ/ হাবিব