মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সোমবার বিকালে। এর পরপরই শুরু হয় লঙ্কাকাণ্ড। মন্ত্রী-এমপিদের ধরে ধরে পেটাচ্ছেন লংকানরা। মন্ত্রী, সংসদ সদস্যদের বাড়ি, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে জনতা।
সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবারও এ দৃশ্য চোখে পড়েছে শ্রীলংকার আনাচে-কানাচে।
মাহিন্দা সমর্থকদের সঙ্গে রীতিমতো গৃহযুদ্ধে চলছে সরকার বিরোধী বিক্ষোভকারীদের। এ ঘটনায় একজন সংসদ সদস্যের মৃত্যুও ঘটেছে।
পরিস্থিতি সামাল দিতে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশব্যাপী আরোপ করা হয়েছে কারফিউ।
নিজ দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে মুখ খুললেন দেশটির ক্রিকেটর কিংবদন্তি দুই তারকা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।
দেশের এমন পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী করেছেন তারা। এ সহিংসতা রাজাপাকসের দলের পরিকল্পিত বলে মন্তব্য সাঙ্গাকারার।
এ বিষয়ে এক টুইটে সাঙ্গাকারা লিখেছেন, ‘প্রতিবাদকারী জনতা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিজেদের মৌলিক অধিকারের দাবি তুলেছেন। কিন্তু তাদের ওপর সরকার সমর্থক গুন্ডা বাহিনী হামলা চালিয়েছে। এটা সরকারের মদদে পরিকল্পিত সহিংসতা।’


