মৌলিক গানে কণ্ঠ দিয়ে এরইমধ্যে শ্রোতাপ্রিয়তা পেয়েছেন সংগীত শিল্পী প্রিয়াংকা গোপ। সারা বছর গানে কণ্ঠ দেওয়ার কাজ করলেও বিশেষ উৎসব আয়োজনে রয়েছে আলাদা ব্যস্ততা।
এবারের দুর্গাপূজা উপলক্ষেও তিনি গান নিয়ে ব্যস্ত থাকবেন। পূজায় তার প্রথম কাজটি ছিল বিটিভির। মহালয়া উপলক্ষে তিনি গেয়েছেন ‘শারদ প্রাতে’ নামের বিটিভির একটি অনুষ্ঠানে। এছাড়া বেসরকারি টিভি চ্যানেলগুলোতেও রয়েছে তার গানের পরিবেশনা। সব মিলিয়ে এবারের পূজায় গান নিয়ে সরব রয়েছেন এই সংগীত শিল্পী।
এ প্রসঙ্গে প্রিয়াংকা গোপ বলেন, সারা বছরই গানের কাজে ব্যস্ত থাকি। তবে উৎসব এলে সেই ব্যস্ততা বৃদ্ধি পায়। তাছাড়া মনে আনন্দও কাজ করে। এবারো করোনাকালে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। যতটুকু সম্ভব সচেতন হয়েই বিভিন্ন অনুষ্ঠানে গান গাইছি। আশা করছি সবাই যেন করোনাভাইরাসসহ অন্যান্য বিপদ-আপদ থেকে নিরাপদে থাকেন।


