গাজীপুর মহানগর জাতীয় পার্টির সম্মেলন আজ

0
310

গাজীপুর মহানগর জাতীয় পার্টির সম্মেলন আজ শুক্রবার। দীর্ঘ প্রায় সাত বছর পর অনুষ্ঠেয় সম্মেলনকে ঘিরে মহানগর জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজ বিরাজ করছে।

সম্মেলন সফল করতে নেতাকর্মীদের উদ্যোগে দলীয় ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড তৈরিসহ ব্যাপক প্রস্তুতির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সম্মেলন ঘিরে পুরো গাজীপুর যেন সেজেছে নতুন সাজে।

মহানগরের ৫৭টি ওয়ার্ড থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক, অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক ৯টি থানার সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে ৪০০ কাউন্সিলর ভোটের মাধ্যমে তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচিত করবেন।

সম্মেলন প্রস্তুতি কমিটি সূত্রে জানা গেছে, শুক্রবার গাজীপুর মহানগর জাতীয় পার্টির সম্মেলন সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টঙ্গীর টিঅ্যান্ডটি শিলমুন, নিমতলী, মাজুখান, পূবাইলের মেঘডুবি, কলেরবাজার, ধীরাশ্রমসহ বঙ্গতাজ অডিটরিয়াম পর্যন্ত প্রায় ১১টি দৃষ্টিনন্দন তোরণ তৈরি করা হয়েছে।
অতিথিদের সম্মানে কয়েকশ মোটরসাইকেল এবং বেশ কয়েকটি প্রাইভেটকার শোভাযাত্রায় অংশ নেবে এবং প্রতিটি তোরণে নেতাকর্মীরা অতিথিদের ফুল ছিটিয়ে স্বাগত জানাবেন। বঙ্গতাজ অডিটরিয়ামকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।

প্রায় সাত বছর পর সম্মেলন সফল করতে বেশ কয়েক হাজার নেতাকর্মীর সমাগম আশা করা হচ্ছে। এর আগে ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি সর্বশেষ গাজীপুরে জাতীয় পার্টির সম্মেলন হয়েছিল।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, বিশেষ অতিথি হিসেবে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্ন, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, মীর আব্দুস সবুর আসুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

গাজীপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব কাউন্সিলর মোশারফ হোসেন যুগান্তরকে বলেন, সম্মেলনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর পার্টির সম্মেলন হচ্ছে। এটি জাতীয় পার্টি ও সব অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য খুবই আনন্দের। অতিথিদের সর্বোচ্চ সেবাদানে আমরা প্রস্তুত রয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here