মেঘনার অববাহিকায় বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জন্ম নেওয়া নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের প্রাচীন ঐতিহ্যবাহী একটি জেলা। যার পূর্ব নাম ছিলো ভূলুয়া। ১৮২১ সালে ভূলুয়া নামে প্রতিষ্ঠা লাভের পর ১৮৬৮ সালে এই জেলার নাম বদলে রাখা হয় নোয়াখালী। দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান, জাতীয় রাজনীতিতে সক্রিয়অংশগ্রহণসহ নানা কারণে সারা বাংলাদেশে এই অঞ্চল বেশ আলোচিত। ২০২১ সালে নোয়াখালী জেলা প্রতিষ্ঠার ২০০ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে যুক্তরাজ্যে নোয়াখালী সমিতি ইউকের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে নোয়াখালী উৎসব ২০২২ উদযাপিত হয়েছে।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে ১২ জুন রোববার স্থানীয় সময় বেলা ১১টায় উদ্বোধন হয়ে নানা আয়োজন শেষে রাত ১১টায় শেষ হয় নোয়াখালীবাসীর এ উৎসব। এদিন যুক্তরাজ্যে বসবাসরত নোয়াখালীর মানুষেরা দিনভর আনন্দ-উৎসবে পার করেন।
অনুষ্ঠানে যোগ দেন বিলেতের স্থানীয় রাজনীতিবিদ, বেশ কয়েকজন এমপি, মেয়র, কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভূত এমপিসহ অনেকে। যোগ দেন সদ্য নির্বাচিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে নির্বাচিত নির্বাহী মেয়র লূতফুর রহমান। এ সময় যুক্তরাজ্যে সাম্প্রতিক স্থানীয় কাউন্সিল নির্বাচনে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বেশ কয়েকজন নির্বাচিত কাউন্সিলর, মেয়র, মুক্তিযোদ্ধা ও কমিউনিটিতে অবদান রাখা অনেক ব্যক্তিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়াও শিশুদের চিত্রাংকন ও মেধাবী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা নোয়াখালীর ২০০ বছর ধরে চলে আসা ইতিহাস, ঐতিহ্যকে স্মরণ করেন। এ আয়োজন ঘিরে তারা বেশ আনন্দিত ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
আয়োজকরা বলেন, নোয়াখালীর ঐতিহ্যের ২০০ বছরকে স্মরণীয় করে রাখতে বিলেতে বসবাসরত নোয়াখালীবাসীকে নিয়েএকটি স্মরণীয় দিন হয়ে থাকবে আজকের এ আয়োজনটি। এছাড়াও যুক্তরাজ্যে বেড়ে উঠা তরুণ প্রজন্মের কাছে নোয়াখালীর নাম ইতিহাস, সংস্কৃতি, গৌরব ও ঐতিহ্যের সাথে পরিচিত করিয়ে দিতে পারা আমাদের আয়োজনের অন্যতম সার্থকতা।
অনুষ্ঠান আয়োজন শেষে রাফেল ড্র অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনভর অনুষ্ঠান আয়োজনের সমাপ্তি ঘটে।


