দেশের প্রথম ওয়ানডের পেসারের জীবনাবসান

0
160

বাংলাদেশের প্রথম ওয়ানডে পেসার সামিউর রহমান আর নেই। আজ সকালে হাসপাতালে ভর্তি অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি (ইন্না … রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

সামিউরের মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল। স্মৃতিভ্রম রোগেও ভুগছিলেন তিনি। দেড় বছরের বেশি সময় ধরে তিনি হাসপাতাল আর বাড়ি আসা-যাওয়ার মধ্যে ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে খেলেছিলেন সামিউর রহমান। ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলিংয়ে ২ ম্যাচে ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি। ব্যাট হাতে করেছেন ৪ রান।

১৯৮৬ সালের ৩১ মার্চ মোরাতুয়ায় পাকিস্তানের বিপক্ষে যে ওয়ানডে দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু, সেটিতে বাংলাদেশ দলের প্রধান পেসার ছিলেন সামিউর রহমান। ছয় দিন পর ক্যান্ডিতে শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক ম্যাচ।

সামিউর পরবর্তী সময় বিসিবির ম্যাচ রেফারি হিসেবে কাজ করেন। আজীবন ক্রিকেটের সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি। ফার্স্ট ক্লাস ও লিস্ট ‘এ’ ক্রিকেটে আম্পায়ারিং করেছেন ২৮ ম্যাচে। ম্যাচ রেফারি ছিলেন ১১১ ম্যাচে! টি-টোয়েন্টিতে ২৫ ম্যাচেও ম্যাচ রেফারিং করেছেন।

সামিউর রহমানের মৃত্যুতে ক্রিকেটাঙ্গন শোকাহত। মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার স্মৃতির স্মরণে কক্সবাজারে ৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here