বিএনপির ওপর হামলা মামলায় আ.লীগের অর্ধশতাধিক আসামি

0
216

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।

মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান।

বুধবার সকালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়েছে। ঘটিনাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়ালখালীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ মামলায় যুবলীগ নেতা রাহিদ হাসান, মেজবাহ উদ্দিন হেলাল, রাকিব, সাদ্দাম, সুখী, বিপ্লব, মাহফুজ, জিল্লুসহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে একই ঘটনায় গত শনিবার রামগতি থানায় ১৭০ নেতাকর্মীর নামে পৌর আওয়ামী লীগের সভাপতি সাঈদ পারভেজ মামলা করেন।

রামগতি থানার ওসি আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার দিন আওয়ামী লীগের এক নেতা তাদের ওপর হামলার ঘটনায় মামলা করেছেন। ওই দিন ঘটনাস্থল থেকে দুজনকে আটকের পর গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২৬ মার্চ সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফিরছিলেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন স্লোগান দেয়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে। পরে বিএনপি নেতাকর্মীরাও পাল্টাধাওয়া করে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন বলে নেতারা দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here