শবে বরাতে মসজিদে যাওয়ার পথে ছাত্রলীগকর্মী গুলিবিদ্ধ

0
173

শবে বরাতের নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন শিহাব হোসেন নামে ছাত্রলীগের এক কর্মী। এ সময় কিশোর গ্যাং চক্রের সদস্যরা শিহাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে শিহাব মাটিতে লুটিয়ে পড়ে।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিহাব ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, কিশোর গ্যাংয়ের একটি চক্র চারটি মোটরসাইকেলে এসে এলোপাতাড়িভাবে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয় শিহাব। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। শিহাব হোসেন উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।

ওই এলাকার বাসিন্দা মো. জামাল উদ্দিন বলেন, ছাত্রলীগকর্মী মো. শিহাব নামাজ আদায়ের জন্য মসজিদে যাচ্ছিলেন। এ সময় চারটি মোটরসাইকেল কিশোর গ্যাংয়ের সদস্যরা এসে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। একটি গুলি শিহাবের বুকে বিদ্ধ হয়।

স্থানীয় পৌর কাউন্সিলর আলী আজগর বলেন, গুলিবিদ্ধ শিহাবকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে কাজ করছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here