আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
শনিবার সকাল থেকে ওই স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে এ পথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, বিষয়টি ভারতের ব্যবসায়ী নেতাদের চিঠির মাধ্যমে আগেই জানানো হয়েছে। আগামীকাল রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হবে।
চিঠিতে বলা হয়েছে, শনিবার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সম্মেলন প্রার্থী হয়েছেন।
এ সম্মেলনে সাধারণ সম্পাদকের পক্ষে স্থলবন্দরের ব্যবসায়ী ও শ্রমিকেরা অংশগ্রহণ করবেন। এজন্য বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
আখাউড়া কাস্টমস স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শাহ নোমান সিদ্দিকী বলেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের কারণে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে।
আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ যুগান্তরকে জানান, স্থলবন্দরে বাণিজ্য বন্ধ থাকলেও দুদেশের পার্সপোটধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ ৯ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার। সম্মেলনকে কেন্দ্র করে তোরণ, ব্যানার-ফেস্টুনে পৌরশহরকে সাজানো হয়েছে নতুন সাজে। চাঙ্গা অবস্থা বিরাজ করছে দলটির নেতাকর্মীদের মধ্যে।
নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। আজ অনুষ্ঠেয় সম্মেলনে সভাপতি হিসেবে বর্তমান উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদীনসহ আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নেতাকর্মীরা আরও জানান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন ছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, রেলওয়ে জংশন শাখা আওয়ামী লীগের সভাপতি হানিফ ভূঁইয়া।
এদিকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সদস্য আবদুল হালিম হেলাল ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির মোল্লা।
শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলার আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রস্তুতি কমিটির কো-চেয়ারম্যান মনির হোসেন বাবুল জানান, উপজেলা পরিষদ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। এজন্য প্রায় ২০ হাজার নেতাকর্মীর বসার জন্য বিশাল প্যান্ডেল করা হয়েছে। সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি থাকবেন।
উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এছাড়া জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।


