সাতকানিয়া উপজেলার পৌরসভা এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ‘নজির বেকারী ’ এবং ‘নিউ নজির বেকারী’র স্বত্বাধিকারীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত অবহেলা করে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও বিপণন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২টি মামলায় ১ লক্ষ টাকা করে মোট ০২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ০৫ জানুয়ারি বৃহস্পতিবার সাতকানিয়ায় উক্ত অভিযান পরিচালনা করেন,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরাফাত সিদ্দিকী।
এছাড়া সাতকানিয়া পৌরসভা এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন যানবাহন চালনার অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোট ৫০০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীগণ। সহকারী কমিশনার(ভূমি )আরাফাত সিদ্দিকী বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে উন্নতি হলো লিটন দাসের। বাংলাদেশ ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর সম্প্রতি আর কোনো টেস্ট খেলেনি । । আরও একটু উঁচুতে নিয়ে গেলেন ক্যারিয়ার সেরা অবস্থানটি। মুলত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজার বাজে ফর্মই লিটনকে এগিয়ে নিয়েছে আরও এক ধাপ। আইসিসির নতুন প্রকাশিত র্যাংকিংয়ে ১১ তম স্থানে আছেন লিটন। এর আগে তার ক্যারিয়ার সেরা অবস্থান ছিল ১২। দুই ধাপ পিছিয়ে এখন সেই স্থানে আছেন খাজা।
লিটনের জন্য এই অবস্থান ধরে রাখা কঠিনই হবে। কেননা চলমান সিডনি টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন খাজা। অন্যদিকে আগামী মার্চের আগে কোনো টেস্ট খেলবে না বাংলাদেশ। তাই সেরা দশে প্রবেশের জন্য আরও অপেক্ষা করতে লিটনকে। তবে উপরের থাকা ব্যাটাররা খারাপ খেললে কপাল খুলে যেতে পারে বাংলাদেশি এই ব্যাটারের। যেমনটা এবার হয়েছে।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র্যাংকিংয়ে দুই ধাপ করে পিছিয়েছেন মুশফিকুর রহিম (২২) ও অধিনায়ক সাকিব আল হাসান (৪২)। বোলিং র্যাংকিংয়ে অবশ্য সাকিব এক ধাপ এগিয়ে ৩১ নম্বরে আছেন। এই বিভাগে বাংলাদেশিদের মধ্যে সবার উঁচুতে আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম (২৮)। সাদা পোশাকে তিন বিভাগেই র্যাংকিংয়ের শীর্ষস্থান অপরিবর্তিত রয়েছে। ব্যাটিংয়ে মার্নাস লাবুশেন, বোলিংয়ে প্যাট কামিন্স ও অলরাউন্ডার র্যাংকিংয়ে রাজ করছেন রবীন্দ্র জাদেজা।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
ফসলি জমিতে পুকুর খননের সংবাদ সংগ্রহের জের ধরে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসী নান্নু মোল্লাসহ তার সহযোগীরা। ওই হামলায় গুরুত্বর আহত হয়েছেন সমকালের গুরুদাসপুর প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ (২৮)। তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার, ৪ জানুয়ারী সন্ধ্যার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর ¯øুইচগেট মসজিদের কাছে ওই হামলার শিকার হন নাজমুল। অভিযুক্ত নান্নু মোল্লা পৌর সদরের চাঁচকৈড় বাজার পাড়া মহল্লার নাছির মোল্লার ছেলে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. অক্সিন জানান, আহত সাংবাদিক নাজমুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। তার বুকের দুইটি হাড় ভেঙ্গে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার দিন বুধবার সকালে গুরুদাসপুর প্রেসক্লাবের সদস্যরা পুকুর খননের সংবাদ সংগ্রহের জন্য দুর্গাপুরের হাঁড়িভাঙ্গা বিলে যান। সেখানে তিনি ওই সন্ত্রাসী হামলার শিকার হন। সেখানে ১৫ বিঘা সরিষার জমিতে পুকুর খনন চলছিলো। ওই পুকুর খননের সংবাদ ফেসবুকে প্রচার করেন সাংবাদিকরা। এতে ক্ষিপ্ত হয়ে পুকুর খননকারীরা সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেন এবং নাজমুলের উপর হামলা চালান।
সংবাদকর্মীরা জানান, ওসি ও এসিল্যান্ডের উপস্থিতিতে থানা ও উপজেলা প্রশাসন পুকুর খনন কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর জব্দ করেন নান্নু মোল্লার পুকুরের পাশে। এসময় গুরুদাসপুর প্রেসক্লাবের সাংবাদিকরা সংবাদ সংগ্রহে গেলে নান্নু মোল্লা (৪৫) ও তার ছোট ভাই নহর মোল্লা (২০), জুয়েল মোল্লা (২৮), মো. সুমনসহ (৩০) অন্তত ১০ জনের একটি দল তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় ঘটনাস্থলে সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল ও গুরুদাসপুর থানার ওসি মো. আব্দল মতিন উপস্থিত ছিলেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। তবে সহকারি কমিশনার (ভূমি) ও গুরুদাসপুর থানার ওসি ওই অভিযোগ অস্বীকার করে বলেন আমরা মোবাইল কোর্ট নিয়ে ব্যস্ত ছিলাম। সাংবাদিকরা চলে যাওয়ার পর হামলার শিকার হন বলে লোকমুখে শুনেছি।
আহত সাংবাদিক নাজমুল বলেন, দুর্গাপুর মসজিদের সামনে তারা প্রায় ১০ জন সংবাদকর্মী সংবাদ সংগ্রহের জন্য দাঁড়িয়ে ছিলেন। এসময় নান্নু মোল্লাসহ অন্তত ১০জন দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপার হামলা চালান। তাকে সড়কে ফেলে এলোপাতারিভাবে পিটিয়ে যখম করেন। এসময় ইত্তেফাকের রাশিদুল, মোহনা টেলিভিশনের মিজানুর রহমান, এশিয়ান টেলিভিশনের মেহেদী হাসান তানিম, আমার সংবাদের আব্দুস সালাম, সংবাদের শাকিল আহমেদ, আজকের দর্পনের জুয়েল হাসান টিপু, বাংলাদেশের খবরের আবু হেনা মোস্তফা কামালকেও লাঞ্চিত করা হয়।
সাংবাদিকের উপর হামলার ঘটনায় চলনবিল প্রেসক্লাবের সভাপতি কালের কন্ঠের প্রতিনিধি আলী আক্কাছ প্রতিবাদ জানিয়ে দোষিদের বিচার দাবি করেন। গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি যুগান্তরের গুরুদাসপুর প্রতিনিধি দিল মোহাম্মদ জানান, ‘গুরুদাসপুর উপজেলা জুড়ে কৃষি জমিতে পুকুর খননের মহোৎসব চলছে। সাংবাদিকরা সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন। ওই হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানিয়েছেন তিনি।’
নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, গুরুদাসপুরে কোনো পুকুর খনন হবেনা। সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি পুলিশের। নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান মুঠোফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিজনেস বাংলাদেশ/ হাবিব

গ্যারি ব্যালান্স ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে টেস্ট এবং ওয়ানডে ম্যাচ খেলেছেন ।এই ইংলিশ ক্রিকেটার এবার খেলবেন জিম্বাবুয়ের হয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের দলে ডাক পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। দীর্ঘ বিরতি কাটিয়ে (৫ বছর) আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি।
জিম্বাবুয়ের হারারেতে জন্ম ব্যালান্সের। দেশটির হয়ে খেলেছেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটও। কিন্তু পরে পাড়ি দেন ইংল্যান্ডে, খেলেন ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত। দেশটির হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ টেস্ট ও ১৬ ওয়ানডে খেলেছেন। সবশেষ ২০১৭ সালের জুলাইয়ে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন তিনি।
ব্যালান্স বলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেটে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। দুর্দান্ত কয়েকজন কোচ ও প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে কাজ শুরু করতে আমার তর সইছে না। জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করার সুযোগ আমার মাঝে খেলার জন্য নতুন আবেগ ও রোমাঞ্চ দোলা দিচ্ছে।
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। একই পরিবারের আট সদস্য নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও ৪০ জন আহত হয়েছেন । বুধবার, ৪ জানুয়ারি মধ্য সোমালিয়ায় আল শাবাব জঙ্গিদের দু’টি গাড়ি বোমা বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। সোমালিয়ার সিনিয়র একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সোমালিয়ার মাহাস শহরে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। মূলত আল কায়েদার সহযোগী সংগঠন আল শাবাবের সিরিজ হামলার সর্বশেষ ঘটনা এটি। সরকারি বাহিনী এবং মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো গত বছর বিদ্রোহীদের দীর্ঘদিনের দখলে থাকা অঞ্চল থেকে সরিয়ে দিতে শুরু করার পর এসব হামলার ঘটনা ঘটে আসছে।
সোমালিয়ার হিরশাবেল প্রদেশের ডেপুটি পুলিশ কমিশনার হাসান-কাফি মোহাম্মদ ইব্রাহিম রয়টার্সকে বলেছেন, ‘মৃতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। তারা নারী ও শিশু। হামলায় নয় সদস্যের একটি পরিবার থেকে মাত্র একটি শিশু বেঁচে গেছে। অন্যান্য পরিবারও তাদের অর্ধেক সদস্যকে হারিয়েছে। দু’টি আত্মঘাতী গাড়ি বোমা অনেক বেসামরিক বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে।’
মাহাস জেলা কমিশনার মুমিন মোহাম্মদ হালানে দেশটির রাষ্ট্রীয় রেডিওকে বলেছেন, একটি বোমা তার বাড়ি লক্ষ্য করে এবং অন্যটি ফেডারেল আইন প্রণেতার বাড়িতে আঘাত হানে। অন্যদিকে আল শাবাবের মিডিয়া অফিস একটি বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি বলেছে, তারা ‘ধর্মত্যাগী মিলিশিয়া এবং সৈন্যদের’ লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং হামলায় মৃতের সংখ্যা ৮৭ বলে দাবি করেছে।
অবশ্য আল শাবাব প্রায়ই স্থানীয় কর্মকর্তা এবং বাসিন্দাদের চেয়ে হতাহতের বেশি পরিসংখ্যান দিয়ে থাকে। সোমালিয়ার সরকারের বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে লড়াই করছে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারি আল-শাবাব। সোমালিয়ায় ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এই জঙ্গিগোষ্ঠী। এ কারণে আল-শাবাবের সদস্যরা প্রায়ই দেশটির সামরিক ঘাঁটি, হোটেল ও ব্যস্ত সড়কে বেসামরিক নাগরিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা ও বন্দুক হামলা চালিয়ে থাকে। অবশ্য আল শাবাবের এই ধরনের কর্মকাণ্ড দেশটিতে আন্তর্জাতিক সাহায্যের সরবরাহকেও সীমিত করেছে। এর ফলে গত চার দশকের মধ্যে হর্ন অব আফ্রিকার এই দেশটির সবচেয়ে খারাপ খরার প্রভাবকে আরও বাড়িয়ে দিয়েছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব