প্রায় ১ বছর ধরে বারবার আদালতের তলব আর নেটিজেনদের সমালোচনার ভেতর কঠিন জীবন পার করছেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০০ কোটি টাকার তছরুপ মামলায় অভিযুক্ত এই নায়িকা এবার রীতিমতো তিক্ত-বিরক্ত। তারই ফলস্বরূপ কনম্যান সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে আদালতে বিস্ফোরকের ভূমিকায় হাজির হলেন জ্যাকুলিন।
আদালতে তিনি বলেন, ‘সুকেশ আমার আবেগের সঙ্গে খেলা করেছে। জীবনটাকে নরকে পরিণত করে দিয়েছে!’
নিজের জবানন্দিতে জ্যাকুলিন জানান, পিঙ্কি ইরানি নামক এক মহিলার মাধ্যমে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগাযোগ হয় তার। জ্যাকুলিন বলেন, ‘পিঙ্কি আমার মেকআপ আর্টিস্টকে বোঝান যে, সুকেশ একজন গুরুত্বপূর্ণ সরকারি আমলা। পাশাপাশি নিজেকে সান টিভির মালিক ও জয়ললিতার আত্মীয় বলে পরিচয় দিয়েছিল সুকেশ। বলেছিল, সে আমার অনুরাগী এবং আমার দক্ষিণী ছবিতে কাজ করা উচিত।’
জ্যাকুলিন এ সময় আরও জানান, তার সঙ্গে দিনে প্রায় ৩ বার ভিডিও কলে কথা বলতো সুকেশ। জ্যাকুলিনের ভাষায়, ‘শুরুতে আমি ওর আসল নামও জানতাম না। নিজেকে শেখর বলে পরিচয় দিয়েছিল সে। পরে ওর অপরাধমূলক কাজকর্ম জানতে পারার পর আমি নিশ্চিত হলাম ওর আসল নাম সুকেশ।’
এদিকে এই মামলায় সুকেশের ব্যক্তিগত একাধিক জিনিস ব্যবহার এবং দামী উপহার নেওয়ার অভিযোগও রয়েছে জ্যাকুলিনের বিরুদ্ধে। এ নিয়ে জ্যাকুলিন আরও বলেন, ‘কেরালায় ঘোরার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করে দিয়েছিল সুকেশ। এছাড়া চেন্নাইয়ে দুইবার ওর প্রাইভেট জেট ব্যবহার করেছিলাম। আমি না বুঝেই ও ফাঁদে পা দিয়েছিলাম। আমার সঙ্গে ছলনা করাই ওর উদ্দেশ্য ছিল। তবে পিঙ্কি প্রথম থেকেই সুকেশের পরিকল্পনা জানতো। কিন্তু কখনও সেটা আমাকে বুঝতে দেয়নি।’
এছাড়াও আদালতের জবানবন্দিতে জ্যাকুলিন দাবি করেন ২০২১ সালের ৮ অগাস্ট শেষবার সুকেশের সঙ্গে কথা হয় তার। তারপর আর তার সঙ্গে যোগাযোগ করেনি সুকেশ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
মাকে হত্যা করে ফকিরের ছদ্মবেশে ১৯ বছর কাটিয়ে দিলেন ছেলে। যদিও শেষ রক্ষা হলো না। মাধবপুর থানা পুলিশের হাতে ধরা পড়লেন দীপু সরকার (৪৫)। বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি দিনগত রাত সাড়ে ১২টায় এ তথ্য জানায় পুলিশ। গ্রেফতার দীপু মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের রাজ মোহন গোস্বামীর ছেলে।
পুলিশ জানায়, মা রওশন বালা সরকারকে হত্যার অভিযোগে ২০০৪ সালে মাধবপুর থানায় দীপু সরকারের নামে মামলা দায়ের করা হয়। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। অবশেষে বৃহস্পতিবার দিনগত রাতে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব কুমার রায় ও শুভ দে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহগাজী মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, দীপু তার মাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত আসামি। তবে এ হত্যা মামলার বিস্তারিত বলা যাচ্ছে না। তিনি ১৯ বছর ধরে সাজার আদেশ মাথায় নিয়ে পলাতক ছিলেন। ভিক্ষকের ছদ্মবেশ ধারণ করে ১৯ বছর কাটিয়েছেন বিভিন্ন মাজার ও আখড়ায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দীপু মাঝে একবার কিছু দিন কারাবাস করেছেন। পরে জামিনে বের হয়ে আত্মগোপন করেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
গাইবান্ধার সুন্দরগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে রফিকুল ইসলাম (৬৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজসহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। শুক্রবার, ২০ জানুয়ারি সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে সুন্দরগঞ্জ-রংপুর সড়কের জামাল হাটনন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসযাত্রী রফিকুল উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ার কুড়া গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাভার্ডভ্যানকে সাইড দিয়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সুন্দরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশে ছেড়ে যায়। বাসটি বামনডাঙ্গা ইউনিয়নের জামাল হাট নামক স্থানে পৌঁছালে রংপুর থেকে আসা ওষুধ কোম্পানির একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে বাসের যাত্রী রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসের আরও ১৫ যাত্রী আহত হন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন তারকা ফুটবলার লিওনেল মেসি, নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সাক্ষাৎ করলেন । বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি সন্ধ্যায় সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে এই তারকা ফুটবলারদের মুখোমুখি হন অমিতাভ।
শুক্রবার, ২০ জানুয়ারি সকালে একটি ভিডিও পোস্ট করে অমিতাভ লিখেন— ‘রিয়াদে অবিশ্বাস্য একটি সন্ধ্যা! ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, এমবাপ্পে, নেইমার একসঙ্গে খেলেছেন। উদ্বোধনী ম্যাচে আমন্ত্রিত অতিথি…। পিএসজি ভার্সেস রিয়াদ সিজন… অবিশ্বাস্য!’
এ ভিডিওতে দেখা যায়, মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন নেইমার, এমবাপ্পে, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিসহ অন্য ফুটবলাররা। একে একে সবার সঙ্গে হাত মেলান অমিতাভ। তবে মেসির সামনে গিয়ে কিছুটা সময় দাঁড়িয়ে অমিতাভকে কিছু একটা বলতে দেখা যায়। প্রিয় ফুটবলারদের সঙ্গে প্রিয় অভিনেতাকে দেখে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘আপনাকে ঈর্ষা হয় স্যার।’ আরেকজন লিখেছেন, ‘স্যার, আপনি মেসিকে কী বলেছেন?’ যদিও এই প্রশ্নের উত্তর দেননি অমিতাভ বচ্চন।
গতকাল রাত ১১টায় রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে রিয়াদ সিজন টিমকে ৫-৪ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই ম্যাচে সর্বোচ্চ ২টি গোল করেছেন রোনালদো। এ জন্য তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার। এ ছাড়া রিয়াদের হয়ে ১টি করে গোল করেন জ্যাং হুন সো ও তালিসকা। আর মেসি ছাড়া পিএসজির হয়ে গোল করেন মার্কুইনস, সার্জিও রামোস, কিলিয়ান এমবাপ্পে ও একিটিকে। পেনাল্টি মিস করা নেইমার জুনিয়র ছিলেন গোলহীন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব