সোমবার ,১৮ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 514

শাবিপ্রবিতে অনশনে চার শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন এবং লাগাতার আন্দোলন চলছেই। তবে অনশন করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন চারজন শিক্ষার্থী। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন।

বুধবার দুপুর থেকে ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। অনশনের ২২ ঘণ্টায় গিয়ে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন কাজল নামের এক শিক্ষার্থী। পরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া অসুস্থ হয়ে পড়েছেন শাহরিয়ার, নিশাদ ও ফাহমিদা।

আন্দোলনকারীদের একজন নাফিজা আনজুম যুগান্তরকে বলেন, যারা আন্দোলন করছেন তাদের মনোবল অনেক শক্ত। ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। তবে আমাদের অনেকেই অসুস্থ হচ্ছেন। ইতোমধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, অনশনকারীদের কয়েকজনের অবস্থা গুরুতর।

এ মুহূর্তে শাবিপ্রবিতে মেডিকেল সাপোর্ট প্রয়োজন উল্লেখ করে নাফিজা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের পাশে নেই। আমরা নিজেরাই একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে এনেছিলাম। কিন্তু আমাদের মেডিকেল সাপোর্ট প্রয়োজন। সিলেটে বা আশপাশে যারা ডাক্তার বন্ধুরা আছেন তারা আমাদের পাশে দাঁড়ান। অনশনকারীদের পাশে দাঁড়ান।

চট্টগ্রামে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতি বছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে ফেসবুকভিত্তিক গ্রুপ এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ বাংলাদেশ (০২০৪)।  গ্রুপটির উদ্যোগে এবার ৫ হাজার শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে এই শীতবস্ত্র।

মঙ্গলবার লালমনিরহাট জেলায় ১ হাজার ৭০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। তবে এবারের আয়োজনে ‘০২০৪ বাংলাদেশ’ গ্রুপের সদস্য ছাড়াও এর সঙ্গে যুক্ত হয়েছেন প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

জানা গেছে, ২০০২ সালে এসএসসি ও ২০০৪ সালে এইচএসসি উত্তীর্ণদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক প্ল্যাটফরম গড়ে তোলা হয়েছে। প্রায় ৪৭ হাজার সদস্যের এই গ্রুপ সামাজিক, অর্থনৈতিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বেচ্ছায় রক্তদান, সাহিত্যচর্চা, খেলাধুলা আয়োজনের পাশাপাশি মানবিক কার্যক্রমের অংশ হিসেবে থাকে বছরভিত্তিক আয়োজন ‘সাইলেন্ট স্মাইল’ এবং ‘ওয়ার্ম লাভ’ নামে বিভিন্ন কার্যক্রম।

এ ছাড়া ‘ব্লাড ব্যাংক ০২০৪’ নামে একটি ভার্চুয়াল ব্লাড ব্যাংক, সাহিত্যচর্চার অনন্য প্ল্যাটফরম ‘কমনরুম’ এবং খেলাধুলা পরিচালনার জন্য আছে ‘০২০৪ স্পোর্টস কাউন্সিল। এর মধ্যে প্রতি বছর রোজার ঈদে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে পোশাকসামগ্রী বিতরণ করা হয় ‘সাইলেন্ট স্মাইল’ ইভেন্টের মাধ্যমে। অন্যদিকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ওয়ার্ম লাভ ইভেন্টের মাধ্যমে।

চট্টগ্রাম অঞ্চলের মডারেটর অ্যাডভোকেট জীবনানন্দ দাশ যুগান্তরকে বলেন, এবার আমাদের গ্রুপের পক্ষ থেকে ৫ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার লালমনিরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলের ১ হাজার ৭০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বাকিগুলো পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

গ্রুপের সদস্য ও নগরীর ডবলমুরিং এসআই অর্ণব বড়ুয়া বলেন, মূলত গ্রুপের সকল সদস্যরাই এই ইভেন্টগুলোতে আর্থিক সহযোগিতা করে থাকে। শুধু বাংলাদেশ নয়, ইউরোপ, আমেরিকা, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কানাডাসহ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বন্ধুরাই এই গ্রুপের শক্তি।

কমলা হ্যারিস ২০২৪ সালেও বাইডেনের রানিংমেট হচ্ছেন!

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ২০২৪ সালের নির্বাচনেও তার রানিংমেট হবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

বুধবার এক সংবাদ সম্মেলনে জো বাইডেন এ ঘোষণা দেন। বাইডেন সরকারের মেয়াদ এক বছর পূর্তি উপলক্ষ্যে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। খবর এনডিটিভির।

৭৯ বছর বয়সি বাইডেন বলেন, যদি ২০২৪ সালে আমি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আমি প্রার্থ হই, তা হলে কমলা হ্যারিসই আমার রানিংমেট হবেন।

তবে গত বছরের ডিসেম্বরে কমলা বলেছিলেন— আসন্ন মার্কিন নির্বাচনে আমি বাইডেনের রানিংমেট হব কিনা, এ ব্যাপারে এখনও প্রেসিডেন্টের সঙ্গে আমার আলোচনা হয়নি।

ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে কমলা এ কথা বলেছিলেন। তিনি আরও বলেন, আসলে বিষয়টি নিয়ে আমি এখনও ভাবিনি।

ইতিহাস সৃষ্টি করে যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কমলা হ্যারিস।

মুসলিম নারী খেলোয়াড়দের মাথায় স্কার্ফ নিষিদ্ধ করছে ফ্রান্স

ফ্রান্সে আবারও মুসলিমবিরোধী আইন পাস করার পক্ষে ভোট দিয়েছেন দেশটির মন্ত্রিসভার সদস্যরা।

নতুন এ আইনে দেশটির মুসলিম নারী খেলোয়াড়দের মাথায় স্কার্ফ নিষিদ্ধ করা হচ্ছে। খবর আরব নিউজের।

এতে বলা হয়, খেলার মাঠে ধর্মীয় পরিচয় বহন করা কাম্য নয়। যেহেতু স্কার্ফ পরলে একটি সাম্প্রদায়িক পরিচয় প্রকাশ পায়, তাই নিষিদ্ধের পক্ষে রায় দিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্যরা।

বিলটি উত্থাপন করে কট্টর ডানপন্থি দল লেস রিপাবলিকান। আর একে সমর্থন দেন ক্ষমতাসীন দলের সদস্যরা। মন্ত্রিসভায় ১৬০-১৪৩ ভোটে বিলটি পাস হয়।

ফ্রান্সের সরকার ২০০৪ সালে সব সরকারি স্কুলে হিজাব এবং অন্য ধর্মীয় পরিচয় বহন নিষিদ্ধ ঘোষণা করলে বহু মুসলিম মেয়ের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়।

বহু মুসলিম কিশোরীর শিক্ষাজীবনে নেমে আসে অন্ধকার। নানাভাবে ব্যঙ্গ বিদ্রূপ ও প্রশ্নবাণে অতিষ্ঠ হয়ে ওঠে মুসলিম নারীদের দৈনন্দিন জীবন।

আগামী ১৫ দিন তেলের দাম অপরিবর্তিত থাকবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এখন তেলের যে দাম আছে, এটিই থাকবে আগামী ১৫ দিন। এর পর বৈঠক করে তেলের দামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, এখন যে তেলের দাম আছে, এটিই থাকবে আগামী ১৫ দিন। আমি ব্যবসায়ীদের অনুরোধ করেছি একটু সময় দিতে। আমরা আগামী ৬ তারিখ মানে ১৬ দিন পর বসে দাম বাড়ানোর প্রয়োজন হলে বাড়াব আর কমানোর প্রয়োজন হলে কমাব। সবকিছু বিবেচনা করে যেটি সুবিধাজনক হয়, সেটি করা হবে। এটি করলে রমজানে তেলের দাম স্বাভাবিক থাকবে। না হলে ব্যবসায়ীরা তেল আমদানি করতে নিরুৎসাহিত হবে।

ডিসি সম্মেলনে আসন্ন রমজানে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের হাতের নাগালে রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

এ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

এদিন বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ১২৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫১৪ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬৩১ পয়েন্টে।

এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৩টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৭৮টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১১৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৮৬৫ পয়েন্টে অবস্থান করছে।

শাবিপ্রবি উপাচার্য না সরলে সারা দেশে আন্দোলন: ছাত্রদল

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের বিষয়ে সেখানকার শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে মনে করছে জাতীয়তাবাদী ছাত্রদল।

অধ্যাপক ফরিদের পদত্যাগ দাবিকে ‘শিক্ষার্থীদের প্রাণের দাবি’ মন্তব্য করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান বলেছেন, তিনি পদত্যাগ না করলে ছাত্রদল ও ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে সারা দেশে উত্তাল আন্দোলন গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তিনি এ হুশিয়ারি দেন।

শাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং সাধারণ শিক্ষার্থীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে ফজলুর রহমান বলেন, সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষমতাসীনদের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন। সবশেষ আমরা দেখলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবিতে আন্দোলন শুরু করছেন, সেই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও পুলিশ প্রশাসন। তারা শিক্ষার্থীদের আহত করেছে, তাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে এবং উল্টো তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
ছাত্রদল সভাপতি বলেন, আমরা অনতিবিলম্বে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। নতুবা ছাত্রদল ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে শুধু উপাচার্য নয়, বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে সারা দেশে উত্তাল আন্দোলন গড়ে তুলবে।

ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম এতে বক্তব্য দেন।

যুবলীগ সম্পাদক নিখিল আবারও করোনায় আক্রান্ত

আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল আবারও কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন।

জয়দেব নন্দী জানান, যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি গত ১৮ জানুয়ারি শারীরিক অসুস্থতা অনুভব করায় কোভিড টেস্ট করতে দেন। বুধবার টেস্টের রেজাল্ট পজিটিভ আসে।

নিখিল বাসায় হোম কোয়ারেন্টিনে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। যুবলীগ সাধারণ সম্পাদক দেশবাসীর কাছে তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ

সোশ্যাল মিডিয়ায় ‘গুজব’ রটানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তথ্য মন্ত্রণালয়সংক্রান্ত কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন, ‘বর্তমানে সোশ্যাল মিডিয়া প্রচারের একটি বড় ক্ষেত্র। আবার অপপ্রচারেরও একটি বড় ক্ষেত্র এ মাধ্যম। গত ৭-৮ বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, দেশে যত দুর্ঘটনা ঘটেছে, গুজব রটেছে, রটানো হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, সেগুলোর প্রায় সবই এ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে করে হয়েছে। তাই দেশের সব জেলা প্রশাসকদের (ডিসি) কাছে আমরা বিষয়গুলো তুলে ধরে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি।’

তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়া নিয়ে ডিসিদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে। তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় কেউ ‘গুজব’ ছড়ালে বা ‘অপপ্রচার’ করলে বা ‘অপপ্রচার’ চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

বর্তমানে দেশে ৯ থেকে সাড়ে ৯ কোটি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অনেক সময় দেখা যায় নানা বিভ্রান্তিমূলক খবর পরিবেশন করে সেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্থানীয়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। সারা দেশে বিশৃঙ্খলা তৈরি করা হয়। এসব বিষয়ে জেলা প্রশাসকরা যেন সবসময় তৎপর থাকেন, ব্যবস্থা নেন সে জন্য নির্দেশনা দিয়েছি।

এ সময় আইপি টিভি বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে খবর প্রচার করা যাবে না বলেও নির্দেশনা দেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, সম্প্রচার নীতিমালা আমাদের মন্ত্রিসভায় অনুমোদিত। আমরা জেলা প্রশাসকদের বলেছি, তারা যেন এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেন।

জনপ্রতিনিধিদের ‘সম্মান না পাওয়ার’ বিষয়ে ডিসিদের সংবেদনশীল হতে নির্দেশনা

স্থানীয় প্রশাসন বা অন্য সরকারি অফিসে ‘সেই ধরনের’ সম্মান পাচ্ছে না বলে অভিযোগ নির্বাচিত জনপ্রতিনিধিদের।

এ বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) আরও সংবেদনশীল হতে নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে ঠিকমতো কাজ হয় না মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি খুবই দুঃখজনক। স্থানীয় প্রশাসন যেগুলো নিজেরাই করতে পারে, সেগুলো অনেক সময় ঢাকায় পাঠিয়ে দেয় এবং নিজেদের দায়িত্ব এড়িয়ে যায়। ফলে সবাই ঢাকাকেন্দ্রিক হচ্ছেন। এ বিষয়েও সজাগ হতে ডিসিদের বলা হয়েছে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

একে আবদুল মোমেন আরও বলেন, ‘আমরা বলেছি— আমাদের সহকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি— এমনকি সংসদ সদস্য বলেছেন, স্থানীয় প্রশাসন কিংবা অন্য সরকারি অফিস অনেক সময় সেই ধরনের সম্মান দেয় না। তারা যেহেতু নির্বাচিত হয়েছেন, কিছু অঙ্গীকার করেছেন, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হয় না। এ বিষয়ে যেন ডিসি আরও সংবেদনশীল হন। এটি খুবই দুঃখজনক, নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ হয় না। এ জন্যই বলা হয়েছে।’