রবিবার ,১৬ আগ, ২০২৬
sbacbank
Home Blog Page 403

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু কাল

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পরীক্ষা সোমবার শুরু হচ্ছে। আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৬ টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ২৪ হাজার ৯শত ২৯জন শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে।

হাইয়াতুল উলইয়ার অধীনে ৬টি শিক্ষা বোর্ড হল- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড।

রোববার আল হাইয়াতুল উলইয়ার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ১১ দিন যথাক্রমে বুখারি শরিফ-২, মুসলিম শরিফ-১, বুখারি শরিফ-১, মুসলিম শরিফ-২, তিরমিযি শরিফ-২ ও শামায়েলে তিরমিযি, তিরমিযি শরিফ-১, আবু দাঊদ শরিফ, নাসায়ি ও ইবনে মাজাহ শরিফ, তহাবি শরিফ ও মুওয়াত্তানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পরীক্ষা বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা নেওয়ার সুবিধার্থে সারা দেশকে ৩৩টি জোনে বিভক্ত করা হয়েছে। মোট ২৩১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে এবং সাড়ে ১২টায় শেষ হবে। শুক্রবার পরীক্ষা শুরু হবে সকাল ৮টায় এবং শেষ হবে বেলা সাড়ে ১১টায়।

দ্বিতীয় সপ্তাহে চার হলে ‘শিমু’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সিনেমা হলে চলবে রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘শিমু’। ঢাকায় স্টার সিনেপ্লেক্স ও এসকেএস টাওয়ারের পাশাপাশি চট্টগ্রামের সুগন্ধা এবং বগুড়ার মধুবন সিনেমা হলে শুক্রবার থেকে ছবিটি দেখতে পাচ্ছেন দর্শকরা।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১১ মার্চ বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। শ্রমিক নেত্রী ডালিয়া আক্তারের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত চলচ্চিত্র ‘শিমু’ প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে চলা প্রতিটি সংগ্রামী মানুষের গল্প। সমতার প্রশ্নে ‘শিমু’ একজন সম্মুখযোদ্ধা।

কানাডার টরন্টো চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ছবিটি প্রদর্শিত হয় ৬৩তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাদৃত ও পুরস্কৃত হয়েছে ছবিটি।

২০১৯ সালের ডিসেম্বরে ফ্রান্স, ডেনমার্ক, কানাডা ও পর্তুগালের বিভিন্ন সিনেমা হলে বাণিজ্যিকভাবে ‘মেইড ইন বাংলাদেশ’ নামে মুক্তি পায় ছবিটি।

এরপর ২০২০ আমেরিকার বিভিন্ন হলে প্রদর্শনের পর ছবিটির বাণিজ্যিকভাবে দেখানো হয় ম্যাক্সিকো, চীন, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, তুরস্ক ও জার্মানীর সিনেমা হলে। আর এপ্রিলে চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে জাপানের বিভিন্ন সিনেমা হলে। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রিকিতা নন্দিনী শিমু, নভেরা রহমান, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ।

দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী। বাংলাদেশের খনা টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দ্য এপ্রেস- মিডির ব্যানারে নির্মিত শিমু ছবিটির প্রযোজক ফ্রঁসোয়া দক্তেমা ও আশিক মোস্তফা এবং সহ-প্রযোজক পিটার হিলডাল, পেদ্রো বোর্হেস, আদনান ইমতিয়াজ আহমেদও রুবাইয়াত হোসেন। প্রথম ছবি মেহেরজান (২০১১) এবং দ্বিতীয় ছবি আন্ডার কনস্ট্রাকশন (২০১৫)-এর পর ‘শিমু’ রুবাইয়াত হোসেনের তৃতীয় ছবি।

স্বর্ণলতার মনোযোগ এখন অভিনয়ে

স্বর্ণলতা, এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী। মাইদুল রাকিব পরিচালিত ধারাবাহিক নাটক ‘গার্লস স্কোয়াড’-এ চাপাবাজ মিম চরিত্রে অভিনয় করে যিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন। ‘গার্লস স্কোয়াড-সিজন টু’তেও তিনি অভিনয় করছেন একই চরিত্রে। আগের সিজনের চেয়ে নতুন সিজন নিয়ে স্বর্ণলতার আশা অনেক বেশি।

সম্প্রতি তিনি ‘গার্লস স্কোয়াড সিজন টু’র কাজ শেষ করলেন। স্বর্ণলতার মা রীতার স্বপ্ন ছিল মেয়েকে সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার। যে কারণে ছায়ানটে স্বর্ণলতাকে দিয়ে চার বছরের কোর্সও করান। আবার ফরিদা পারভীনের কাছেও স্বর্ণলতা গানের তালিম নিয়েছিলেন। স্বর্ণলতা গাইতে পারেন লালন সঙ্গীত। কিন্তু গানের প্রতি তার কোনো মনোযোগ নেই। মা চায় অন্তত একটি মৌলিক গান হলেও থাকুক স্বর্ণলতার। কিন্তু স্বর্ণলতার পুরো মনোযোগ এখন অভিনয়ে। যে কারণে অভিনয়ের বাইরে আপাতত তিনি টিভি শো’তেও উপস্থাপনা বন্ধ করে দিয়েছেন। শুধু করপোরেট শো-ই উপস্থাপনা করছেন তিনি।

স্বর্ণলতা জানান, আগামী মাসের শুরু থেকে তাকে পুরোদস্তুর ব্যস্ত থাকতে হবে ঈদ পর্যন্ত। আগামী মাসের শুরুতেই তিনি একটি ঈদ ধারাবাহিকের শুটিং শুরু করবেন সাগর জাহানের পরিচালনায়। এর আগে তিনি সাগর জাহানের পরিচালনায় ‘শেফালীর প্রেমিকেরা’ ঈদ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। এখন তার প্রচার চলতি ধারাবাহিকের মধ্যে কায়সার আহমেদের ‘বকুলপুর-২’ নাটকে নিগার চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পাচ্ছেন তিনি।

এছাড়াও তিনি অভিনয় করছেন শামস করিমের ‘বউ দৌড়’, ফরিদুল হাসানের ‘দৌড় দ্য ট্রেন্ডি’, সজীব মাহমুদের ‘হৈ চৈ ডটকম’ ও হিমু আকরামের ‘শান্তি মলম ১০ টাকা’ ধারাবাহিক নাটকে।

অভিনয় এবং গান প্রসঙ্গে স্বর্ণলতা বলেন, সবকিছুর ঊর্ধ্বে এখন আমার কাছে অভিনয়। অভিনয়েই পুরো মনোযোগ আমার। এর বাইরে আসলে বিকল্প কিছু নিয়ে ভাবার আগ্রহ নেই। তবে আমার মা যেহেতু গান শিখিয়েছেন। মায়ের এই কষ্টের প্রতি আমার পরম শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। মা চান আমি যেন গান করি। অন্তত একটি মৌলিক গান যেন করি। আসলে সেটা আমার জন্য খুব কঠিন হলেও হয়তো কোনো একদিন একটি গান করব। স্বর্ণলতা সর্বশেষ মোশাররফ করিমের স্ত্রী জুঁইয়ের গাওয়া গান ‘তোমায় ঘিরে সব’ গানে মডেল হয়েছিলেন।

এবার পারলেন না আফিফ-মিরাজ

টস-ভাগ্য সহায় হলেও প্রথম ওয়ানডের মতো জ্বলে উঠতে পারলেন না বাংলাদেশের ব্যাটাররা। জোহানেসবার্গের উইকেটে শুরুতে কাল দারুণ বাউন্স পেয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। সুবিধা কাজে লাগিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।

আগের ম্যাচে তিনশ ছাড়ানো বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে ৩৪ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে। চরম বিপদের মুহূর্তে যোদ্ধা হিসাবে নিজেকে চেনান আফিফ হোসেন। তার লড়াকু হাফ সেঞ্চুরি (৭২) ও মেহেদী হাসান মিরাজের (৩৮) প্রতিরোধে বাংলাদেশ করতে পারে নয় উইকেটে ১৯৪ রান। সপ্তম উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে আফিফ ও মিরাজ ৮৬ রান যোগ করেন।

গত মাসে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রায় হারা ম্যাচ জিতিয়েছিলেন আফিফ ও মিরাজ। সপ্তম উইকেটে তাদের দুইশ ছাড়ানো রেকর্ড জুটিতে প্রত্যাবর্তনের ইতিহাস গড়ে জয় তুলে নেয় বাংলাদেশ। রোববার জোহানেসবার্গেও একপর্যায়ে একশ হওয়া নিয়েই জেগেছিল শঙ্কা। ৩৪ রানে পাঁচ উইকেট হারানোর পর মাহমুদউল্লাহ ও মিরাজের সঙ্গে দুটি পঞ্চাশোর্ধ্ব জুটিতে দলকে মোটামুটি লড়াইয়ের পুঁজি এনে দেন আফিফ। বাংলাদেশ যখন অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কায়, মাহমুদউল্লাহ ও আফিফ গড়েন প্রতিরোধ। বিপর্যয় থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন দুজন। ষষ্ঠ উইকেটে এই জুটি থেকে আসে ৬০ রান। ৪৪ বলে তিন চারে মাহমুদউল্লাহ ২৫ করে আউট হন।

মাহমুদউল্লাহকে হারানোর পর আফিফ লড়াই চালিয়ে যান মিরাজকে নিয়ে। দারুণ কার্যকর আরেকটি জুটি গড়ে তোলেন তারা। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এই তরুণ ব্যাটার ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ফিফটি পূর্ণ করেন ৭৯ বলে। আফিফ ও মিরাজ আগের ওভারে একবার করে জীবন পান।

লং অনে মিরাজের ক্যাচ ফেলেন ইয়েনেমান মালান। আফিফের ফিরতি ক্যাচ নিতে পারেননি বোলার। আফিফ বেঁচে যান ৫৯ রানে, ২১ রানে মিরাজ। দুজনের ব্যাটে একপর্যায়ে বড় সংগ্রহের আশা জেগেছিল। কিন্তু প্রথম স্পেলে আগুন ঝরানো রাবাদার শেষ ওভারে দুজনই কাটা পড়েন। তার কাটার বুঝতে পারেননি আফিফ ও মিরাজ। পুল করার চেষ্টায় ঠিকমতো খেলতে পারেননি আফিফ। বল উঠে যায় আকাশে। স্লোয়ারে আগেই ব্যাট চালিয়ে ক্যাচ দেন মিরাজ। ইনিংসসেরা ৮৬ রানের জুটি ভাঙে আফিফের বিদায়ে। মিরাজের বিদায়ের পর শেষ পাঁচ ওভারে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ তুলতে পারে মাত্র ১৪ রান।

তার আগে শুরুতে আগের ম্যাচের নায়ক সাকিব ফেরেন শূন্যতে। তামিম এক রানে। লিটন করেন ১৫ রান। অনেক ম্যাচের ত্রাতা মুশফিকুর রহিম থিতু হয়েও এগোতে পারেননি। প্রথম ম্যাচে দারুণ ফিফটি করে আলোয় আসা ইয়াসির কাল জীবন পেয়েও ফেরেন মাত্র দুই রান করে। সেখান থেকে আফিফ ও মিরাজের জুটি বাংলাদেশকে লড়াইয়ে রেখেছিল। কিন্তু এবার তারা জয়ের নায়ক হতে পারেননি। সাত উইকেটের অনায়াস জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা।

স্কোর কার্ড

বাংলাদেশ

রান বল ৪ ৬

তামিম ক মহারাজ ব এনগিডি ১ ৪ ০ ০

লিটন ক ডি কক ব রাবাদা ১৫ ২১ ৩ ০

সাকিব ক ভারিনে ব রাবাদা ০ ৬ ০ ০

মুশফিকুর এলবিডব্লু ব পারনেল ১১ ৩১ ০ ০

ইয়াসির ক মহারাজ ব রাবাদা ২ ১৪ ০ ০

মাহমুদউল্লাহ ক মালান ব শামসি ২৫ ৪৪ ৩ ০

আফিফ ক বাভুমা ব রাবাদা ৭২ ১০৭ ৯ ০

মিরাজ ক মালান ব রাবাদা ৩৮ ৪৯ ১ ২

তাসকিন নটআউট ৯ ১২ ০ ০

শরিফুল ক সাব ব ডুসেন ২ ৮ ০ ০

মোস্তাফিজ নটআউট ২ ৬ ০ ০

অতিরিক্ত ১৭

মোট (৯ উইকেটে, ৫০ ওভারে) ১৯৪

উইকেট পতন : ১/৭, ২/৮, ৩/২৩, ৪/৩৪, ৫/৩৪, ৬/৯৪, ৭/১৮০, ৮/১৮১, ৯/১৮৮।

বোলিং : লুঙ্গি এনগিডি ১০-২-৩৪-১, কাগিসো রাবাদা ১০-০-৩৯-৫, ওয়েন পারনেল ২.৫-০-৬-১, টেম্বা বাভুমা ৬.১-০-২২-০, তাবরাইজ শামসি ১০-১-২৬-১, কেশব মহারাজ ১০-০-৫৭-০, ফন ডার ডুসেন ১-০-৩-১।

দক্ষিণ আফ্রিকা

রান বল ৪ ৬

মালান ব মিরাজ ২৬ ৪০ ৪ ০

ডি কক ক আফিফ ব সাকিব ৬২ ৪১ ৯ ২

ভারিনে নটআউট ৫৮ ৭৭ ৪ ২

বাভুমা ক শরিফুল ব আফিফ ৩৭ ৫২ ৩ ১

ফন ডার ডুসেন নটআউট ৮ ১৪ ১ ০

অতিরিক্ত ৪

মোট (৩ উইকেটে, ৩৭.২ ওভারে) ১৯৫

উইকেট পতন : ১/৮৬, ২/৯৪, ৩/১৭৬।

বোলিং : শরিফুল ইসলাম ৪-০-২৯-০, তাসকিন আহমেদ ৪-০-৪১-০, মেহেদী হাসান মিরাজ ১০-০-৫৬-১, মোস্তাফিজুর রহমান ৩-০-১৩-০, সাকিব আল হাসান ১০-২-৩৩-১, আফিফ ৫-০-১৫-১, মাহমুদউল্লাহ ১.২-০-৮-০।

ফল : দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)।

সাকিব আল হাসানের মা ও তিন সন্তান হাসপাতালে

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মা, ছেলে ও দুই মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

জানা গেছে, সাকিবের ছেলে আইজাহ আল হাসান ও মেজো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। আর বড় মেয়ে আলাইনা হাসান অব্রির ঠাণ্ডা জ্বর।তিনজনই দাদির সঙ্গে একই হাসপাতালে ভর্তি আছেন।

সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিবের মা হার্টের রোগী।তার রুটিন চিকিৎসা চললেও অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এখন তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।তবে পুরোপুরি স্বাভাবিক নন।

এদিকে সাকিবের শাশুড়ির অবস্থাও বেশ খারাপ।তিনি ক্যান্সারে আক্রান্ত।সাকিবের শাশুড়ি ভর্তি আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।ওখানেই তার চিকিৎসা চলছে।

উল্লেখ্য, সাকিব বর্তমানে জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন।সাকিবের স্ত্রী ও সন্তানরা যুক্তরাষ্ট্রে থাকলেও গত ফেব্রুয়ারিতে দেশে আসেন তারা।

শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, মেলেনি কোনো লাশ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোর সোয়া ৫টার দিকে মাঝনদী থেকে ‘এমএল আফসার উদ্দিন’ নামে যাত্রীবাহী লঞ্চটি টেনে পাড়ে আনে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এর পর ফায়ার সার্ভিস, নৌপুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর উদ্ধারকারীরা লঞ্চটির ভেতরে তল্লাশি চালান। ফিরে এসে তারা জানান লঞ্চের ভেতরে কোনো লাশ নেই।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, রাত ১০টার দিকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে যায়। পরে ভোর সোয়া ৫টার দিকে লঞ্চটি আলামিন নগর এলাকায় শীতলক্ষ্যা নদীর পারে আনা হয়। এর পর উদ্ধারকারী সংস্থাগুলো তল্লাশি চালায়; তবে লঞ্চের নিচে ও ওপরে কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি।

তিনি জানান, নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে নদীর তলদেশে ও নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তলাশি করা হবে।

এদিকে এখনও কয়েকজন তাদের নিখোঁজ স্বজনের খোঁজে নদীর পারে অপেক্ষা করছেন। নদীর দুপারেই নিখোঁজের স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছে।

যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় উদ্ধারকৃত ছয়জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে নৌপুলিশ।

তারা হলেন— মুন্সীগঞ্জ সদরের উত্তর ইসলামপুরের ব্যবসায়ী জয়নাল ভূঁইয়া (৫৫), মুন্সীগঞ্জের সদরের আরিফা আক্তার (৩৫), তার ছেলে সাফায়েত (১৫ মাস), পটুয়াখালীর মির্জাগঞ্জের সালমা বেগম (৪০), তার মেয়ে ফাতেমা (৭), মুন্সীগঞ্জ সদরের স্মৃতি (২০)।

এর আগে রোববার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে এমএল আশরাফউদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চ প্রায় ৫০ যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।

সোয়া ২টার দিকে বন্দরের আল আমিননগরের বাংলা সিমেন্ট ঘাট এলাকায় এলে এমভি রূপসী ৯ নামে সিটি গ্রুপের একটি মালবাহী জাহাজ দ্রুতগতিতে অতিক্রম করার সময় যাত্রীবাহী লঞ্চটিকে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি ডুবে যায়। এ সময় ১০-১৫ যাত্রী সাঁতরে তীরে উঠলেও অনেকেই নিখোঁজ হন।

সৈকতে বেড়াতে যাওয়ার পথে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪

কক্সবাজারের সমুদ্রসৈকতে বেড়াতে যাওয়ার পথে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে প্রাইভেটকারে কক্সবাজারের সমুদ্রসৈকতে বেড়াতে যাচ্ছিলেন পাঁচজন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

আট বি‌শিষ্ট ব‌্যক্তি‌কে ‘পল্লীবন্ধু পদক’ দি‌য়ে‌ছে জাতীয় পা‌র্টি

আট বিভাগে দে‌শের ৮ বিশিষ্ট ব্যক্তি‌কে পল্লীবন্ধু- ২০২১ দিয়ে‌ছে জাতীয় পা‌র্টি। জাতীয় সংস‌দের বি‌রোধীদলীয় উপ‌নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তা‌দের হা‌তে এই পদক তু‌লে দেন।

জাতীয় পা‌র্টির প্রতিষ্ঠাতা চেয়ারম‌্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৯২তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো এই পদক প্রদান করা হল দল‌টির পক্ষ থে‌কে।

প্রয়াত হু‌সেইন মুহমদ এরশাদের নামে প্রব‌র্তিত এই পদক তার প্রত্যেক জন্মবার্ষিকীতে প্রদানের ঘোষণা দিয়েছে জাত‌ীয় পা‌র্টি। রোববার হোটেল সোনারগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পদক, সম্মাননা ও এক লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

স্বাস্থ্যে বীর মুক্তিযোদ্ধা ও গণ স্বাস্থ‌্য কেন্দ্রের ট্রা‌স্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাহিত্যে স্বনামধন্য কবি ফজল সাহাবুদ্দিনের (মরণোত্তর) পক্ষে পদক নেন তার মেয়ে দিনা সাহাবুদ্দিন, কৃষিতে বিশিষ্ট কৃষি সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, সংগীতে প্রখ্যাত সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর (মরণোত্তর), তার পক্ষে পদক ও সম্মাননা গ্রহন করেন তার স্ত্রী লিপিকা এন্ড্রো ইতি, শিক্ষায় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্ল্যাহ, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরেণ্য নগর ও আঞ্চলিক পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সিদ্দিক (মরণোত্তর), তার পক্ষে পদক গ্রহণ করেন মেয়ে আরিফা কবির, ক্রীড়ায় বিশিষ্ট ক্রীড়াবিদ গোলাম সরোয়ার টিপু, শিল্পে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল ওয়াহেদ বাবুল।

পদক প্রদান অনুষ্ঠা‌নে জিএম কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের কৈশোর থেকে যৌবন ও শেষ জীবন অবধি তিনি ছিলেন, একাধারে ছাত্র, ডানপিটে কিশোর, তুখোড় খেলোয়ার, সাহিত্যিক-কবি, দক্ষ প্রশাসক, জননন্দিত রাজনীতিবিদ। কারমাইকেল কলেজে অধ্যয়নকালে কলেজ ম্যাগাজিনের সম্পাদক ছিলেন। সে সময় একাধারে ৪ বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ছিলেন।

ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালে হয়েছিলেন ভার্সিটি স্পোর্টস ব্লু। এরপর সৈনিক হিসেবে পেশা গ্রহন করে তৎকালীন পাকিস্তান সেনা ফুটবল দলের অধিনায়ক হয়েছিলেন। এছাড়াও খেলতেন সেনাবাহিনী হকি দলে। রাজনীতিতে আসার পর যখন যেখানে হাত দিয়েছেন, সেখানেই তার নৈপুন্যের ছাপ রেখেছেন। তার ক্ষমতা গ্রহন যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন এটা আজ সর্বজন স্বীকৃত যে হুসেইন মুহম্মদ এরশাদের নয় বছরের শাসনামল ছিল এ দেশে সু-শাসন, উন্নয়ন, সমৃদ্ধির এক নবযুগ। দেশের এমন কোন সেক্টর নেই, যেখানে তার উন্নয়ন বা সংস্কারের ছোঁয়া লাগেনি।

তিনি বলেন, রাষ্ট্রের প্রশাসনিক সংস্কার ও সার্বিক উন্নয়ন থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত বিভিন্ন উন্নয়নমূলক ও সংস্কারের সুবিধা সম্প্রসারিত করেছিলেন। সাধারন পর্যায়ের মানুষ, চাষী, জেলে, মুটে-মজুর, শ্রমিকদের জীবনে কিভাবে সুখ-শান্তি-নিরাপত্তা উন্নতি আসতে পারে সে দিকে ছিল তাঁর তীক্ষ্ম দৃষ্টি। তিনি আপামর মানুষের বিশেষ করে গ্রাম পর্যায়ের মানুষের কল্যান সাধন ও স্বার্থ রক্ষার প্রচেষ্টা চালিয়ে গেছেন। পল্লীর মানুষের প্রকৃত বন্ধু হতে পেরেছিলেন। সে কারনেই সাধারন জনগন তাকে পল্লীবন্ধু খেতাবে ভূষিত করেছেন।

এ ছাড়াও কর্ম জীবনের শত ব্যস্ততার মাঝেও সাহিত্য র্চচা ও খেলাধুলা অব্যাহত রেখেছিলেন। এ পর্যন্ত তার লেখা ২৫টি বই প্রকাশিত হয়েছে। তিনি নিজে খেলাধুলা করতেন এবং খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পদক্ষপে গ্রহন করেছেন। বাংলাদেশে গলফ-এর মতো অপ্রচলিত খেলার যে ব্যাপক প্রচলন আজ চোখে পড়ে, সেটা সম্ভব হয়েছিল তার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায়।

জি এম কাদের বলেন, তিনিই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠা করেছিলেন । এর ফলশ্রুতিতে বাংলাদেশ আজ আন্তর্জাতিক মানের খেলোয়াড় সৃষ্টি করছে, অনেক খেলায় যেমন ক্রিকেটে পৃথিবী ব্যাপী প্রতিযোগিতায় সমান তালে লড়াই করতে সক্ষম হচ্ছে। তার কর্মকাণ্ড এতই বিস্তৃত যে, সকল ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আমরা পদক প্রদান করতে পারলাম না। এবার আটটি বিষয়ে ‘পল্লীবন্ধু পদক’ ঘোষণা করেছি। আগামীতে এই পুরস্কারের পরিধি আরো প্রসারিত করার প্রত্যাশা রয়েছে আমাদের।

ভোট কেন্দ্রে এখন আর মানুষ যায় না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় থাকার নেশায় ভোট আর ভাতের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে এখন আর মানুষ যায় না। দিনের ভোট হয়ে যায় রাতে। ভোট দেয় পুলিশ বিজিবি আর র্যা ব। এছাড়া ভোট কেন্দ্রে যায় গরু-ছাগল।

রোববার দুপুরে বরিশালে মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগরের ৩০টি ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি গঠন উদ্যোগের অংশ হিসেবে তথ্য সংগ্রহ ফরম বিতরণ উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা এই সমাবেশে এসে অংশ নেয়। সমাবেশস্থল ঘিরে রাখে বিপুলসংখ্যক পুলিশ।

মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মহানগরের সদস্য সচিব মীর জাহিদুল কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল আলম নান্নু, সাবেক এমপি মেসবাহ উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন নান্নু, আকতার হোসেন মেবুল, আলতাফ মাহমুদ সিকদার, আলী হায়দার বাবুলসহ নেতারা।

ক্ষমতায় গেলে বিএনপির প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে এত টেনশন কেন- প্রশ্ন করে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া। কিন্তু ক্ষমতায় থাকতে না পারলে আপনার কী হবে তাই নিয়ে ভাবুন। যখন আপনি প্রধানমন্ত্রী থাকবেন না তখন আপনার সভাপতির পদ কি থাকবে? সেটা কি ভেবে দেখেছেন?’

তিনি বলেন, আজ দেশবাসীর সামনে উন্নয়নের মুলা ঝুলানো হচ্ছে, অথচ জনগণ যে দরিদ্র থেকে হতদরিদ্র নিঃস্ব হচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই। নিত্য পণ্যের মূল্য বেড়েছে ১৪৪ শতাংশ। ৯০ শতাংশ বেড়েছে বিদ্যুতের দাম। পানির দাম পর্যন্ত বেড়েছে ২৬৪ শতাংশেরও বেশি।

এই যে দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে তাতে সরকারের কিছু আসে যায় না। তারা ব্যস্ত কেবল ক্ষমতায় থাকা নিয়ে। কিন্তু ইতিহাস সাক্ষী, জনগণের ওপর অত্যাচারের স্টিমরোলার চালিয়ে কেউ বেশিদিন ক্ষমতায় থাকতে পারেনি।

সমাবেশে তৃণমূল থেকে বিএনপিকে আরও সুসংগঠিত করে সরকারবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করার আহবান জানানো হয়। পরে বরিশাল মহানগরের ৩০টি ওয়ার্ডের নেতাদের মধ্যে তথ্য সংগ্রহ ফরম বিতরণ করেন রুহুল কবির রিজভী।

রাশিয়ার আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন

মারিওপোলে পরাজয় স্বীকার করে সেনা ও শহর কর্তৃপক্ষকে আত্মসমর্পণ করতে রাশিয়া যে প্রস্তাব দিয়েছে সেটি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।

স্থানীয় সময় সোমবার ভোর ৫টার মধ্যে (বাংলাদেশ সময় সকাল ৯টা) আত্মসমর্পণ করার প্রস্তাব দিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম রিয়া নভোস্তি জানিয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মারিউপোল শহরে সকাল ১০টার মধ্যে মানবিক করিডোর খুলে দিতে চায়। এজন্য তারা কিয়েভের কাছ থেকে ভোর ৫টার মধ্যে লিখিত সম্মতি পেতে চায়। অর্থাৎ প্রস্তাবের লিখিত প্রতিক্রিয়া পেলে বাসিন্দাদের চলে যাওয়ার অনুমতি দিতে মানবিক করিডোর খুলবে রাশিয়া।

রাশিয়ার ন্যাশনাল সেন্টার ফর ডিফেন্স ম্যানেজমেন্টের প্রধান কর্নেল-জেনারেল মিখাইল মিজিনসেভের উদ্ধৃতি দিয়ে রিয়া নভোস্তি জানিয়েছে, স্থানীয় কর্মকর্তারা আত্মসমর্পণের শর্তে রাজি না হলে তাদের ‘সামরিক ট্রাইব্যুনালের’ মুখোমুখি হতে হবে।

তবে রাশিয়ার এই প্রস্তাবের পর সোমবার গভীর রাতে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, আত্মসমর্পণের ‘কোনো প্রশ্ন’ থাকতে পারে না। গণমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদা তাকে উদ্ধৃত করে বলেছে, ‘আমরা ইতোমধ্যে রাশিয়াকে এই বিষয়ে জানিয়ে দিয়েছি।’

এর আগে গত শনিবার মারিওপোলের সিটি কাউন্সিল অভিযোগ করেছিল যে, রাশিয়া অবৈধভাবে শহরের ‘কয়েক হাজার’ বাসিন্দাকে জোর করে নিজ দেশে নিয়ে গেছে।

প্রসঙ্গত প্রায় পাঁচ লাখ বাসিন্দার মারিওপোল শহরটি দখল করা রাশিয়ার সামরিক বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য। এছাড়া গুরুত্বপূর্ণ এই শহরটি আজভ সাগরে ইউক্রেনের কৌশলগত বন্দর এবং ডনবাস অঞ্চলে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর কাছেই অবস্থিত।