শুক্রবার ,১৪ আগ, ২০২৬
sbacbank
Home Blog Page 341

ছিনতাইকারী ধরতে ট্রেন থেকে লাফ দিলেন চবি ছাত্রী!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলন্ত শাটল ট্রেনে নন্দিতা দাশ নামে এক ছাত্রীর মোবাইল ছিনতাই হয়। এ সময় ছিনতাইকারীর পিছু নিতে ট্রেন থেকে লাফ দেন ওই ছাত্রী। এতে তিনি আহত হয়েছেন।

রোববার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন কদমতলী মোড় অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

নন্দিতা দাস চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী। তার আজ প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার শাটল ট্রেনে নন্দিতা দাশ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ক্যাম্পাসে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের কদমতলী মোড় পার হওয়ার সময় ওই ছাত্রীর মোবাইল ছিনতাই হয়। চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নেমে যায় ওই ছিনতাইকারী। এ সময় তার পিছু নিয়ে ছাত্রীও চলন্ত ট্রেন থেকে লাফ দেন। ট্রেনের গতি বেড়ে যাওয়ার কারণে ট্রেনে দায়িত্বে থাকা পুলিশ নামতে পারেনি। ফলে ছিনতাইকারী পালিয়ে যায়।

চবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা বিষয়টি জেনেছি। মেয়েটার আজকে পরীক্ষাও ছিল। সে পরীক্ষায় অংশ নিয়েছে। তার ইনস্টিটিউটের পরিচালকের সঙ্গে কথা বলেছি আমরা। খোঁজ নিতে বলেছি। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

হলিউডকে নকল করতে গিয়ে ডুবছে বলিউড: রাভিনা

বলিউডকে যেন পাত্তাই দিচ্ছে না দক্ষিণী সিনেমাগুলো। কেন এমন অবস্থা? তার কারণ ব্যাখ্যা করলেন কেজিএফ ২ অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।

রাভিনার মতে, হলিউডের ছবিকে নকল করতে গিয়েই ডুবছে বলিউড। হলিউডের অন্ধ অনুকরণ মানুষ ভালো চোখে দেখছেন না।

তবে দক্ষিণের ছবির সাফল্যের রহস্যও জানালেন তিনি। তার মতে, দক্ষিণের ছবি তৈরি হয় দেশীয় গল্পের ওপর ভিত্তি করে। এফলে দর্শকরা নিজেকে সম্পৃক্ত করতে পারেন গল্পের সঙ্গে।

এ প্রসঙ্গে তিনি নব্বই দশকের বলিউড ছবির প্রসঙ্গ উত্থাপন করেন। রাভিনা বলেন, ওই সময় পর্যন্ত গান ও গল্পে ছিল দেশীয় ছোঁয়া। তার পর থেকে হলিউডেকে নকল করা শুরু হয়। বলিউড ছবিতে পশ্চিমী সংস্কৃতির প্রভাব, নায়কের বা ভিলেনের হেলিকপ্টারে যাতায়াত—এসব আরও দূরে সরিয়েছে ভারতীয় দর্শককে।

অন্য দিকে, দক্ষিণী ছবিতে দেশের গল্প, দেশীয় সংস্কৃতির ছোঁয়া থাকার ফলে মানুষের মধ্যে তার আকর্ষণ বাড়ছে। এমনকি হিন্দিভাষী ভারতীয়রাও দক্ষিণের ছবি দেখতে হলে ভিড় করছে।

রাভিনা নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, আমি নিজেও যখন বলিউডের স্ক্রিপ্ট পড়তাম, তখন বুঝতে পারতাম কোথাও যেন গল্পগুলো আলাদা হয়ে যাচ্ছে। দেশের সংস্কৃতি এবং ভাবনার সঙ্গে মিলছে না।

রাভিনা মনে করেন, হাল আমলে বলিউড ছবির পশ্চিমীকরণের শুরু হয়েছে যশরাজ এবং ধর্মা প্রোডাকশনসের হাত ধরে। দুটিই বর্তমানে বলিউডে সবচেয়ে বড় প্রোডাকশন হাউস। একটা সময় অবধি মানুষ তাদের প্রযোজিত ছবিগুলো পছন্দ করেছেন। কিন্তু লাগাতার পশ্চিমী সংস্কৃতির প্রাধান্যে দর্শক দূরে সরেছেন সেই ধরনের ছবিগুলো থেকে।

আয়ের অঙ্কেও সম্মিলিত দক্ষিণী চলচ্চিত্র (তেলুগু, তামিল ও মালায়লাম) বলিউডকে ছাপিয়ে গেছে। ২০২১ সালে বক্স অফিসের হিসাবে সবচেয়ে বেশি আয় করেছে তেলুগু সিনেমা।

রাভিনা বলেন, দক্ষিণী ছবির বিষয়বস্তু বেছে নেওয়া হয় বৃহৎ অংশের দর্শকদের কথা মাথায় রেখে। আল্লু অর্জুনের ‘পুষ্পা’র কথাই ধরা যাক। এই ছবির বিষয়বস্তু একেবারেই অনন্য। গল্প বলার পদ্ধতিতেও নিজস্বতা রয়েছে। শুধু বিষয়বস্তু নয়, দক্ষিণী অভিনেতাদেরও মন ছুঁয়ে যাচ্ছেন দর্শকের। অভিনেতার স্টাইলও সাফল্যের একটি অন্যতম অংশ। যে স্টাইলের শুরু করেছিলেন রজনীকান্ত, তা বজায় রেখেছেন তেলেগু তারকা আল্লু অর্জুন, প্রভাস, মহেশ বাবু, জুনিয়র এনটিআর এবং রাম চরণ।

সূত্র: আনন্দবাজার।

নিপুণের বিরুদ্ধে জায়েদের আদালত অবমাননার শুনানি পেছাল

অভিনেত্রী নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খানের করা আবেদন শুনানির জন্য আগামী ২৩ মে দিন ধার্য করা হয়েছে।

সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি। আর নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

আদালতের নির্দেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসার অভিযোগে অভিনেত্রী নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন চিত্রনায়ক জায়েদ খান।

তার অভিযোগ, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের নিষেধাজ্ঞা সত্ত্বেও নিপুণ সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে চেয়ারে বসছেন এবং কার্যক্রম চালাচ্ছেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ কারণে আদালত অবমাননার মামলা করেছেন তিনি।

এর আগে ৮ মার্চ নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেন জায়েদ খান। তার শুনানির জন্য গত ১৩ মার্চ দিন ধার্য করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। তারই ধারাবাহিকতায় সেটি আজ আপিল বিভাগে শুনানির জন্য আসে।

আইপিএলের টাকায় সম্পর্কে ফাটল ক্লার্ক-সাইমন্ডসের

পাঠ্যবইয়ে একটা ভাবসম্প্রসারণ আছে— ‘অর্থই অনর্থের মূল’। অর্থের কারণে আমাদের সমাজে মারামারি হানাহানি হয়। আমাদের জীবনের সবকিছু এখনো সেই অর্থকে ঘিরেই আবর্তিত।

সেই অর্থের মোহের কারণেই বন্ধুর সম্পর্ক অনেক সময় ‘বন্ধুর’ হয়ে যায়। এমন একটি ঘটনার স্মৃতিচারণ করলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার অ্যান্ডু সাইমন্ডস।

২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলীয় দলের অন্যতম সদস্য ছিলেন সাইমন্ডস। সেই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক শিরোপা জয়ে নেতৃত্ব দেন রিকি পন্টিং।

সেই বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার একাধিক কিংবদন্তি ক্রিকেটার অবসর নেন। যে কারণে পরের বিশ্বকাপে ২০১১ সালে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি ব্রেট লিরা। পরবর্তীতে প্রকাশ্যে আসে ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অজি দলের দুই সদস্য মাইকেল ক্লার্ক ও অ্যান্ডু সাইমন্ডসের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতির কারণ।

১৫ বছর পর সেই ঘটনা নিয়ে মুখ খুললেন সাইমন্ডস। জানিয়ে দিলেন আইপিএলের অর্থই দুজনের মধ্যে সম্পর্কে ফাটল ধরে। সাইমন্ডস এখন বলছেন, ২০০৮ সালের আইপিএলে বড় অঙ্কের চুক্তি পাওয়ার পরই ক্লার্ক ঈর্ষায় ভুগতে থাকেন।

অস্ট্রেলীয় এই অলরাউন্ডার বলেন, আমরা খুব ভালো বন্ধু ছিলাম। ও যখন প্ৰথম জাতীয় দলে আসে, আমরা বেশিরভাগ সময় একসঙ্গে ব্যাটিং করতাম। ও দলে আসার পর থেকেই আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।

সাইমন্ডস আরও বলেন, আইপিএল যখন শুরু হলো, বেশ ভালো অঙ্কের চুক্তি পেয়ে খেলেছিলাম। এতেই দুজনের সম্পর্কের মধ্যে কিছুটা ঈর্ষার বাতাবরণ তৈরি হয়। এমনটাই আমাকে জানায় ম্যাথু হেডেন।

সাইমন্ডস আরও বলেন, অর্থ মজার মজার সকল কাণ্ড ঘটায়। এটা অবশ্যই ভালো। তবে এটা বিষময়ও হয়ে উঠতে পারে। আমাদের দুজনের সম্পর্ক বিষিয়ে দেয় এই অর্থই। ওর প্রতি যথেষ্ট শ্রদ্ধা রয়েছে আমার। সেই কারণে বিস্তারিতভাবে জানাচ্ছি না। ওর সঙ্গে বর্তমানে কোনো সম্পর্ক নেই। এতে আমার কোনো সমস্যাও নেই। তবে আমি মোটেও কাদা ছোড়াছুড়ি করব না।

বার্সার হ্যাটট্রিক হারে চ্যাম্পিয়নের পথে রিয়াল

পুরনো সেই ফর্মেই যেন ফিরে গেল বার্সেলোনা। মাঝে জাভি হার্নান্দেজের জাদুতে কয়েকটি জয় পেয়েছিল বার্সা। দেখছিল ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। কিন্তু আবার ভেঙে পড়েছে দলটি। ক্যাম্প ন্যুতে টানা তৃতীয় ম্যাচ হেরেছে তারা। তাতে লিগ জয়ের কাছাকাছি পৌঁছে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

রোববার রাতে লা লিগার ম্যাচে ১-০ গোলে রায়ো ভায়োকানোর কাছে হেরেছে বার্সেলোনা। এ হারের পর শিরোপা জিততে আর এক পয়েন্ট দরকার রিয়াল মাদ্রিদের। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৩-২ ও লিগে কাদিসের বিপক্ষে ১-০ ব্যবধানে হারার পর ঘরের মাঠে টানা তৃতীয় ম্যাচ হারল দলটি। এর আগে ১৯৯৮ সালে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তারা।

ম্যাচের মাত্র ৭ মিনিটের মাথায় এগিয়ে যায় ভায়োকানো। ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দিয়ে গোল করেন আলভারো গার্সিয়া। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের সামনে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। এর পর ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

গোল খাওয়ার পর প্রতিপক্ষকে চেপে ধরার চেষ্টা করে বার্সা। গোল করতে আক্রমণ করলেও শটগুলো থাকছিল না লক্ষ্যে। খেলার ২৭তম মিনিটে ডি-বক্সে গাভি পড়ে গেলে পেনাল্টির আবেদন করেন বার্সেলোনার খেলোয়াড়রা। যদিও পরে অফসাইডের বাঁশি বাজান রেফারি। রেফারির সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে হলুদকার্ড দেখেন গাভি।

বিরতির ঠিক আগে এ গাভির শটই পোস্টে লাগে। পরে ফিরতি শটে গোল করেন ফেরান তোরেস। কিন্তু সেটা বাতিল হয়ে যায় অফসাইডে। ৬৯তম মিনিটে ডি-বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের পা ছুঁয়ে হাতে লাগলে পেনাল্টির আবেদন করে বার্সেলোনার খেলোয়াড়রা। তবে এবারও বার্সার পক্ষে বাঁশি বাজাননি রেফারি।

নির্ধারিত সময়ের ১ মিনিট বাকি থাকতে ফের পেনাল্টির আবেদন করে তারা। গাভিকে ডি-বক্সে ভায়োকানোর ডিফেন্ডার কাতেনা ধাক্কা দিয়ে ফেলে দিলে আবারও পেনাল্টির আবেদন করে স্বাগতিকরা। এবারও অফসাইডের বাঁশি বাজান রেফারি। ১১ মিনিট যোগ করা সময়েও বেশ কয়েকটি প্রচেষ্টা ছিল বার্সার। কিন্তু গোলের দেখা তারা পায়নি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সার।

মাকে হত্যার দায়ে বাবা জেলে, যা বলছেন মেডিকেলপড়ুয়া মেয়ে

আমার পুরো পৃথিবী ছিল আমার আম্মু। আম্মুর সঙ্গে আমি প্রতিদিন ফোনে কয়েকবার করে কথা বলতাম। আমার আব্বু ও আম্মুর মধ্যে অনেক সুসম্পর্ক ছিল। রান্না থেকে শুরু করে বাড়ির বিভিন্ন কাজে আব্বু আমার আম্মুকে সাহায্য করত। বরং আমার মামা-খালারা লোভী বলে তাদের সঙ্গে আম্মুর সম্পর্ক ভালো ছিল না।

আমার আব্বুকে যে অভিযোগে মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে, সে অভিযোগের কিঞ্চিত পরিমাণও যদি সত্যি হতো তা হলে আমি নিজেই আমার আব্বুর বিরুদ্ধে অবস্থান নিতাম।

কথাগুলো এভাবেই সাংবাদিকদের বলেন স্ত্রী আত্মহত্যা প্ররোচনার অভিযোগে কারাগারে আটক রাজবাড়ী সদর উপজেলার কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ বিশ্বাসের মেডিকেল কলেজপড়ুয়া মেয়ে মাইশা ফারজানা।

ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের ছাত্রী মাইশা ফারজানা অবনী বলেন, পারিবারিক কিছু বিষয় নিয়ে গত- ৮ এপ্রিল দিবাগত রাত ১০টার দিকে আমার আম্মু অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। তখন আমার আব্বু বাড়িতে ছিল না। আমার মামা ও খালারা আমার আব্বুর বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাকে জেলে পাঠিয়েছে।

মাইশা বলেন, আমি নিজে মেডিকেলের শিক্ষার্থী। পুলিশের উপস্থিতিতে আমি আমার আম্মুর সুরতহাল করেছি। আমার আম্মু আত্মহত্যা করেছে। আমার আম্মু পৃথিবী থেকে চলে যাওয়াতে আমার পৃথিবী অন্ধকার হয়ে গেছে।
তার ওপর আমার মামা ও খালারা আমার আব্বুকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে আমাকে ও আমার ছোটভাইকে আরও হয়রানি করছে। আমরা মিথ্যা মামলা থেকে আমাদের আব্বুর নিঃশর্ত মুক্তি চাই।

ফরহাদ বিশ্বাসের ছেলে অর্ণব বলেন, আমি ও বাবা বাড়িতে ইফতার করে বাইরে চলে যাই। রাতে আমার বোন আমাকে ফোন করে বলে যে আম্মু ওর ফোন ধরছে না। তখন আমি বাইরে থেকে বাড়ি এসে আম্মুর ঘরের দরজা বন্ধ দেখে আম্মুকে ডাকাডাকি করি। অনেক ডাকাডাকির পরও আম্মু দরজা না খোলায় আমি জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি আম্মু ফ্যানের সাথে ঝুলছে। সেই সময় আমাদের বাড়ির পাশের মসজিদে তারাবিহ নামাজ পড়ে মুসল্লিরা বাড়ি ফিরছিলেন। আমার চিৎকারে মুসল্লিরা ছুটে আসেন। তাদের সহায়তায় ফ্যান থেকে আম্মুর লাশ নিচে নামানো হয়। তার পর আব্বুকে ফোন করা হলে তিনি দ্রুত বাড়িতে চলে আসেন।

অর্ণব আরও বলেন, রাতে যখন আমাদের বাড়িতে পুলিশ আসে, তখন আমার খালা লিমা আমাকে ডাক দিয়ে ফাঁকে নিয়ে যায়। সেই সময় সে আমাকে বলে আমি যেন পুলিশের কাছে বলি যে, আমার আব্বু আমার আম্মুকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। তখন আমি আম্মুর জন্য অনেক কান্না করছিলাম। আমি খালাকে বলি যে ঠিক আছে আপনি যা বলেন আমি তাই বলব। পরে পুলিশ আমাকে জিজ্ঞাসা করলে আমি আমার খালার শিখিয়ে দেওয়া মিথ্যা কথা না বলে আমি যেভাবে আম্মুর লাশ ঝুলতে দেখেছি সেসব সত্যি কথা বলি। এর পর থেকেই আমার তিন খালা ও মামারা আমার ওপর ক্ষুব্ধ হয়। শুধু তাই নয়, তারা আমার আব্বুর সঙ্গে আমাকেও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করে।

ফরহাদ বিশ্বাসের প্রতিবেশী সিরাজুল ইসলাম বলেন, ফরহাদ বিশ্বাসকে আমি ছোটবেলা থেকে চিনি। তিনি খুব ভালো মানুষ। তিনি কোনো দিনও তার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেননি। বরং তার স্ত্রীর জিদ বেশি ছিল। স্বামী-স্ত্রী টুকিটাকি কোনো কথা কাটাকাটি লাগলেই তার স্ত্রী উত্তেজিত হয়ে যেত। ফরহাদ বিশ্বাস তার স্ত্রীকে হত্যা করবেন এটি আমরা এলাকাবাসী বিশ্বাস করি না। হয়তো সাধারণ কোনো কথা নিয়েই তার স্ত্রী জিদ করে আত্মহত্যা করতে পারেন বলে জানান।

কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল করিম সরদার বলেন, এ স্কুলটি ফরহাদ বিশ্বাসের বাবার প্রতিষ্ঠিত। ১৯৯৫ সালে এই স্কুলে ফরহাদ বিশ্বাসের চাকরি হয়। ২০১২ সালে তিনি প্রধান শিক্ষক হন। স্কুলে যোগদানের পর থেকেই তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে স্কুলটির উন্নয়নমূলক কাজ করে আসছেন। তার স্ত্রীও আমাদের পাশের স্কুলেরই শিক্ষক। তার স্ত্রীকেও আমরা চিনি। ফরহাদ বিশ্বাস ও তার স্ত্রী পূরবী ইসলামের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক আমরা দেখেছি। সবসময় তারা দুজন হাসিখুশি থাকতেন। পূরবী ইসলামের মৃত্যুর পর তার ভাইবোনেরা ফরহাদ বিশ্বাসের বিরুদ্ধে পরকীয়ার মিথ্যা অভিযোগ তুলেছে। আমরা খুব কাছ থেকে ফরহাদ বিশ্বাসকে চিনি। তিনি পরকীয়ায় লিপ্ত হওয়ার মতো মানুষ না। স্কুলের কোনো শিক্ষক-শিক্ষার্থী বা এলাকার একজন মানুষও ফরহাদ বিশ্বাসের চরিত্রের কোনো দোষ দিতে পারবেন না। তার মতো একজন আদর্শ শিক্ষককে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তার নিঃশর্ত মুক্তি চাই।

যে শিক্ষিকার সঙ্গে ফরহাদ বিশ্বাসের পরকীয়া সম্পর্কের অভিযোগ করা হয়েছে, সেই শিক্ষিকা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, হেড স্যার ও তার স্ত্রীর সাথে আমাদের সব শিক্ষকেরই সুসম্পর্ক রয়েছে। কিন্তু আমাকে ও হেড স্যারকে নিয়ে যে নোংরা গুজব রটানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমার স্বামী-সন্তান রয়েছে, সুন্দর সাজানো সংসার রয়েছে। আমি কেন পরকীয়া করব। আমি নামাজ-রোজা করি, দ্বীনের পথে চলি। কেন আমাকে জড়িয়ে এই মিথ্যা গুজব রটানো হচ্ছে আমি নিজেও জানি না। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে ঘৃণাভরে এই মিথ্যা গুজবের প্রতিবাদ জানাচ্ছি।

ফরহাদ বিশ্বাসের প্রতিবেশী মূলঘর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ওহিদুজ্জামান বলেন, ফরহাদ বিশ^াসের স্ত্রী পূরবী ইসলাম খুব জেদি প্রকৃতির মানুষ ছিল। কারণে অকারণে সে তার স্বামীকে সন্দেহ করতো। ফরহাদ বিশ্বাস প্রায়ই তার স্ত্রীর দ্বারা লাঞ্ছিত হতো। ফরহাদ বিশ্বাস সব কিছু আমার কাছে খুলে বলতো। এ নিয়ে আমি কয়েকবার তাদের মধ্যে সমঝেতা করে দিয়েছি। তবে সেগুলো কোন পরকীয়ার বিষয় ছিল না। তার স্ত্রীর মৃত্যুর পর পূরবীর বোনেরা ফরহাদ বিম্বসের সাথে অন্য শিক্ষিকার যে পরকীয়ার অভিযোগ উঠিয়েছেন সেটা অসম্ভব। এটা মিথ্যা।

এ বিষয়ে রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন যুগান্তরকে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এখনও আমরা হাতে পাইনি। রিপোর্ট হাতে পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত গত ৯ এপ্রিল ভোরে রাজবাড়ী সদর উপজেলার কোলা গ্রামে স্বামীর বাড়ি থেকে কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পূরবী ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যু নিয়ে উভয় পরিবারে ভিন্নমত দেখা দেয়। পূরবীর ছেলে ও মেয়েসহ স্বামীর পরিবারের লোকজন বলছেন, তিনি অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।

কিন্তু পূরবীর তিন বোনের দাবি— পরকীয়ায় বাধা দেওয়ায় তাদের বোনকে নির্যাতনের পর গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে বোনের স্বামী ফরহাদ বিশ্বাস ও ছেলে অর্ণব।

অন্যদিকে পূরবীর ভাই মেহেদী হাসান আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে বোনের স্বামী কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ বিশ্বাসকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলায় ফরহাদ বিশ্বাস পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।

হিলি স্থলবন্দর দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ঈদুল ফিতর ও শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে সচল থাকবে হিলি ইমিগ্রেশেন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। সেই সঙ্গে চাঁদ দেখা সাপেক্ষে ২ অথবা ৩ মে হতে পারে ঈদুল ফিতর। এ কারণে আগামী ১-৫ মে পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সব প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে সাপ্তাহিক ছুটি থাকায় ৬ মে শুক্রবার বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম এমনিতেই বন্ধ থাকবে। আগামী ৭ মে পুনরায় বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান জানান, সরকারি ছুটিতে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন টেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের সব পাসপোর্ট যাত্রী যাতায়াত করতে পারবেন।

হিলিস্থল শুল্ক স্টেশনের উপকমিশনার কামরুল হাসান জানান, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ঘোষণা করা ছুটি অনুযায়ী হিলি কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। বাকি দিন কাস্টমসের সব কার্যক্রম খোলা থাকবে। এ ছাড়া কাস্টমসের ব্যাগেজ কার্যক্রম প্রতিদিন খোলা থাকবে। তবে ব্যবসায়ীরা পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছেন, সে ক্ষেত্রে কাস্টমসের শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকবে।

নির্বাচিত হয়ে যা বললেন ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়ে ইমানুয়েল ম্যাক্রোঁ তার দেশের উদ্দেশে বার্তা দিয়েছেন। তিনি বলেন, আমি এখন দেশের সবার প্রেসিডেন্ট।

সোমবার নির্বাচনে জয়লাভের পর তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

৪৪ বছর বয়সি ম্যাক্রোঁ বলেন, দেশে অনেকেই আমাকে ভোট দেননি। কারণ তারা আমার ধারণাকে সমর্থন করে না। আমি তাদের ধন্যবাদ জানাতে চাই এবং জানাতে চাই— আমি আগামী বছরগুলোতে তাদের কাছেও ঋণী থাকব।

তিনি রাগ ও মতবিরোধ মোকাবিলা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার ফলে অনেক ফরাসি ভোটার চরম অধিকার বেছে নিয়েছিল। এ বিষয় তিনি বলেন, এটি আমার এবং আমার চারপাশের লোকদের দায়িত্ব হবে।

তিনি বলেন, ফ্রান্সে কাউকে পথের ধারে ছেড়ে দেওয়া হবে না। আমি সবার প্রেসিডেন্ট। প্রতিশ্রুতি দিয়ে অব্যাহত রাখব।

এবার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইটা ছিল উদারপন্থি বনাম কট্টর ডানপন্থির মধ্যে। সেই লড়াইয়ে জিতলেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, হারলেন কট্টর ডানপন্থি মেরিন লা পেন। গত ২০ বছরের মধ্যে ফ্রান্সে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রোঁ টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকছেন। খবর এএফপির।

ইউক্রেনকে আরও ৭০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে আরও ৭০০ মিলিয়ন মার্কিন ডলার সামরিক অর্থায়নের প্রতিশ্রুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভে এক বৈঠকে যুক্তরাষ্ট্র ইউক্রেনের যুদ্ধে সহায়তার জন্য ৭০০ মিলিয়ন (৫৮৯ মিলিয়ন পাউন্ড) মার্কিন ডলারের বেশি সামরিক অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে।

এতে বলা হয়, এর অর্ধেক অর্থ সরাসরি কিয়েভকে দেওয়া হবে। আর বাকি অর্থ বণ্টন করে দেওয়া হবে ন্যাটোর সদস্য ও আঞ্চলিক মিত্রদের মধ্যে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ১৬৫ মিলিয়ন ডলারের গোলাবারুদ বিক্রি করবে ইউক্রেনের কাছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই কর্মকর্তার কিয়েভ সফরের পর এ ঘোষণা দিল। নিরাপত্তার ঝুঁকির কারণে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সফর নিয়ে গোপনীয়তা বজায় রাখা হয়েছিল।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ প্রথম যুক্তরাষ্ট্রের এ শীর্ষ দুই কর্মকর্তা কিয়েভ সফর করলেন।

যুক্তরাষ্ট্রের এক জেষ্ঠ্য কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, এ সফরে ব্লিনকেন ও অস্টিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা, প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ ও স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

২১ দিনে ১২ হাজার কোটি টাকার বেশি পাঠিয়েছেন প্রবাসীরা

গত ২১ দিনে ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। এ হিসেবে রোজায় প্রতিদিন গড়ে ৬০০ কোটি টাকার মতো রেমিট্যান্স দেশে আসছে।

এ ধারা অব্যাহত থাকলে মাসের শেষে রেমিট্যান্সের পরিমাণ ২০০ কোটি ডলার বা ১৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য মিলেছে।

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের তথ্যানুযায়ী, চলতি মাস এপ্রিলের প্রথম ২১ দিনে দেশে ১৪০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৬ টাকা ২০ পয়সা) এর পরিমাণ ১২ হাজার ১২৮ কোটি টাকার বেশি।

রেমিট্যান্সের এমন উল্লম্ফনের কারণ আসন্ন পবিত্র ঈদুল ফিতর। ঈদে নিজ পরিবারের সদস্যদের নতুন পোশাক কেনাকাটা ও বাড়তি খরচের চাহিদা মেটাতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা বেশি অর্থ পাঠাচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানান, বিভিন্ন উৎসবকে ঘিরে সব সময় প্রবাসীরা দেশে পরিবারের জন্য বিপুল পরিমাণ অর্থ পাঠিয়ে থাকেন। সে ধারাবাহিকতায় আসন্ন রোজার ঈদকে সামনে রেখে তারা বেশি বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, গত ২১ দিনে রাষ্ট্র মালিকানাধীন পাঁচ ব্যাংকের মাধ্যমে এসেছে ২৬ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১১১ কোটি মার্কিন ডলার, বিদেশি ব্যাংকের মাধ্যমে ৪৭ লাখ মার্কিন ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স।

একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি ৩১ কোটি ৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপরে রয়েছে ডাচ বাংলা ব্যাংক, ১৯ কোটি ১ লাখ ডলার, অগ্রণী ব্যাংকে ৯ কোটি ৫২ লাখ, সোনালী ব্যাংকে ৮ কোটি ১৩ লাখ ডলার এবং ব্যাংক এশিয়ায় ৭ কোটি ১১ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

আলোচিত সময়ে সরকারি বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পু‌লি‌শের কমিউনিটি ব্যাংক, বিদেশি ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

এর আগে মার্চ মাসে প্রবাসীরা ১৮৬ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠান। যা আগের মাস ফেব্রুয়ারির চেয়ে ২৪ শতাংশ বা ৩৬ কোটি ৫৫ লাখ ডলার বেশি ছিল। ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৪৯ কোটি ডলার।