বুধবার ,১০ জুন, ২০২৬
sbacbank
Home Blog Page 276

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনের জন্য শিক্ষার্থী ৬২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় শুরু হবে পরীক্ষা। চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।

‘ক’ ইউনিটে এক হাজার ৮৫১ আসনের বিপরীতে আবেদন করেছেন এক লাখ ১৫ হাজার ৭১২ জন। সেই হিসাবে প্রতি আসনের জন্য ভর্তিযুদ্ধে লড়বেন ৬২ শিক্ষার্থী, যেখানে পুরো বিশ্ববিদ্যালয়ে গড়ে প্রতি আসনের জন্য আবেদনকারীর সংখ্যা ছিল ৪৮।

এর আগে গত ৩ জুন ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ও ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন প্রায় দুই লাখ ৯০ হাজার ৩৪৮ শিক্ষার্থী। আবেদন ফি ছিল এক হাজার টাকা। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আসন সংখ্যা ছয় হাজার ৩৫। সেই হিসাবে প্রতি আসনের জন্য এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন।

বিশ্বসেরা ৮০০ তালিকায় নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কোয়াককোয়ারেল সাইমন্ডস (কিউএস) বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং ২০২৩ প্রকাশ করেছে। সংস্থাটির ওয়েবসাইটে গতকাল বুধবার বিশ্বসেরা এক হাজার ৪০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। এবারো প্রথম ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থান হয়নি।

গত বছরের মতো এই বছরের তালিকাতেও দেশের শীর্ষ দুটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮০১ থেকে ১০০০ এর মধ্যে রয়েছে। কিউএস তাদের তালিকায় ৫০০ এর পরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান সুনির্দিষ্ট করে উল্লেখ করেনি। একাডেমিক খ্যাতি, চাকরির বাজারে সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতি, আন্তর্জাতিক শিক্ষক অনুপাত ও আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতের ভিত্তিতে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং করে প্রতিষ্ঠানটি।

২০১২ সালে কিউএস’র তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৬০১ এর মধ্যে। ২০১৪ সালে তা পিছিয়ে ৭০১তম অবস্থানের পরে চলে যায়। ২০১৯ সালে তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও পেছনের দিকে চলে যায়। দেশের শীর্ষ দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ব্র্যাক ইউনিভার্সিটি কিউএস’র তালিকায় দ্বিতীয়বারের মতো ১০০১ থেকে ১২০০তম অবস্থানের মধ্যে রয়েছে। ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৩’-এ শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রতিবেশী দেশ ভারতের ৯টি ও পাকিস্তানের তিনটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

বিশ্বসেরার তালিকায় সেরা দশ যারা : এবার বিশ্বসেরা দশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে পাঁচটি। এ ছাড়া যুক্তারাজ্যের চারটি ছাড়াও এ তালিকায় রয়েছে সুইজারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়। তালিকার এক নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), গতবারও এটি তালিকার এক নম্বরে ছিল। এরপর রয়েছে যথাক্রমে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক), লন্ডনের ইম্পেরিয়াল কলেজ, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো ইউনিভার্সিটি।

করণের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জেনিফার

জেনিফার উইঙ্গেট ও করণ সিং গ্রোভার ভালোবেসে বিয়ে করেছিলেন। সারাজীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার করেছিলেন। তবে সম্পর্ক টেকেনি দুই বছরের বেশি।

তাদের প্রেমের শুরু ‘দিল মিল গয়া’র সেটে। বিয়ে করেন ২০১২ সালে। আর বিচ্ছেদ হয়ে যায় ২০১৪ সালে। তাদের এই সিদ্ধান্তে তোলপাড় সৃষ্টি হয়েছিল অনুরাগীদের মাঝে। চলেছিল অবিরত চর্চা-আলোচনা। ভেঙে পড়েন জেনিফার।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার আর করণের বিচ্ছেদটা সবার সামনে চলে এসেছিল। লোকজন আমাদের নামে উল্টোপাল্টা লিখছিল। আমি তখন সোশ্যাল মিডিয়াতেও ছিলাম না। সেই সময়টা খুব চাপের মধ্যে কেটেছিল। কী করা উচিত কিছুই বুঝতে পারছিলাম না।

কঠিন সময়ে কাজের মধ্যে ডুবেছিলেন জেনিফার। ব্যক্তিজীবনের সমস্যা ভুলে থাকতে আরও বেশি করে মন দিয়েছিলেন অভিনয়ে। ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিচ্ছিলেন অভিনেত্রী। তিনি বলেন, আমি খুশি যে এমন একটা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। বুঝতে পেরেছি যে আমি অনেক কিছু করতে পারি। মনে হয়, জীবনের সেরা সময় ছিল সেটি।

জেনিফারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০১৬ সালে বিপাশা বসুকে বিয়ে করেন করণ। কিন্তু জেনিফার এখনো একা।

মুম্বাইয়ে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন অভিনেত্রী। ‘সাকা লাকা বুমবুম’, ‘কুসুম’, ‘কসৌটি জিন্দেগি কে’ সেগুলোর মধ্যে অন্যতম।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

নতুন ধারাবাহিক ‘শারীরিক শিক্ষা’

প্রতি রোব, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘শারীরিক শিক্ষা’।

খায়রুল পাপনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, মারজুক রাসেল, নিশাত প্রিয়ম, নাদিয়া মীম, মুকিত জাকারিয়া, তানজিম অনিক, সহিদ-উন-নবী, সায়েম সালেক, অপু, আনোয়ার, হারুন রশীদ, আইরিন আফরোজ, সাদিয়া তানজিন, আফ্রি সেলিনা প্রমুখ।

এ ধারাবাহিকের গল্প ব্যায়ামাগারে শারীরিক অনুশীলন করতে আসা কিছু মানুষের, যাদের জীবনের অন্যতম অপরিহার্য বিষয় ‘শারীরিক শিক্ষা’। শরীর গঠন করা নিয়েই তাদের ধ্যান, জ্ঞান, মনন সবকিছু। যেমন- সাকিব জিমের সব চেয়ে পুরনো সদস্য।

সুদর্শন এবং ভদ্র কিন্তু বেকার। সারাদিন জিম করে আর বাবার টাকা উড়ায়। জিমের সব মেয়েরা তার ওপর ফিদা। এ নিয়ে খুব বিরক্ত জিমের ট্রেইনার শামস। তাকে সবাই ভাইয়া বলে। মেয়েরা ভাইয়া ডাকলেই যেন শামসের কলিজাটা পুড়ে যায়। শশী জিমে আসে শুধু সেলফি তোলার জন্য, আর টিকটক বানানোর জন্য। জিমে নতুন জয়েন করে রাইজিং স্টার সায়েম।

সামনেই তার নতুন ফিল্মের সাইনিং, জিমে সে খুব নায়ক হয়ে থাকার চেষ্টা করে তবে কেউ তাকে খুব একটা পাত্তা দেয় না। এই জিমের সব চেয়ে ইন্টারেস্টিং ক্যারেকটার এই জিমের পিয়ন সালাউদ্দিন,যার কাজ হলো জিমের সবার কথা সবার কাছে গিয়ে লাগানো। আর আছে এক দল সিনিয়র সিটিজেন, এরা বেশির ভাগই বার্ধক্যজনিত রোগে কাবু। জিম তাদের ওষুধ, তার চেয়ে বড় ওষুধ মারিয়া আপু।

চেক রিপাবলিককে হারিয়ে টানা দ্বিতীয় জয় পর্তুগালের

লিসবনে বৃহস্পতিবার রাতে নেশনস লিগে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ফার্নান্দো সান্তোসের দল। চেক রিপাবলিকের বিপক্ষে ঘরের মাঠে নিজেদের মেলে ধরে গ্রুপের শীর্ষে উঠে গেছে পর্তুগাল। জয়ের ধারা অব্যাহত রেখেছে পর্তুগাল। ড্র দিয়ে টুর্নামেন্ট শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল দলটি।

খেলার ৩৩ মিনিটে বেরনার্দো সিলভার থেকে বল পেয়ে পর্তুগালের প্রথম গোল করেন জোয়াও কানসেলো। এর ঠিক ৫ মিনিট পর একই রকমভাবে দ্বিতীয় গোলটি করেন গনসালো গুয়েদেস। ডি বক্সে সিলভার দারুণ পাস পেয়ে আড়াআড়ি শটে ঠিকানা খুঁজে নেন ভ্যালেন্সিয়ার এ ফরোয়ার্ড। পোস্টের ভেতরের দিকে লেগে বল জড়ায় জালে।

এই জয়ের ফলে তিন ম্যাচে দুটি জয়সহ ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রইল পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো গোল না পেলেও দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণ করেছিলেন। তবে তাকে কড়া নজরে রেখেছিল চেক রক্ষণ।

গ্রুপের অন‍্য ম্যাচে সুইজারল‍্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে স্পেন। ৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে চেক রিপাবলিক।

ঝুম বৃষ্টির দুপুরে বুঁদ ফুটবল রোমাঞ্চে

বৃষ্টি শুধু পানির ফোঁটা নয়, ধরিত্রীর প্রতি আকাশের ভালোবাসাও। কখনোই ওদের মিল হওয়ার নয়, তবুও আকাশ এভাবেই সিক্ত করে ভূমিকে। বৃষ্টির স্পর্শ যেন মাটির প্রতি আকাশের মমতা।

বহু আগে পড়া কোনো এক বৃষ্টিভেজা দিনে একটি ইংরেজি কবিতার প্রথম কটা লাইন কাল মনে পড়ে গেল। বৃহস্পতিবারের সকাল ঝুম বৃষ্টি স্বাগত জানাল এই নগরীকে। একটি পাঁচতারা হোটেলের শীতাতপ নিয়ন্ত্রণ ঘরে বৃষ্টির ছোঁয়া পাওয়ার কোনো সুযোগ নেই। তবু ১৮ ক্যারেটের ছয় কেজির কিছু বেশি ওজনের ঘূর্ণায়মান সোনালি ট্রফি দেখতে দেখতে দুপুরে কবিতার ওই লাইনটাই বেশি মনে পড়ল-কখনোই ওদের মিল হওয়ার নয়, তবু আকাশ এভাবেই সিক্ত করে ভূমিকে।

মিল হওয়ার নয় স্বপ্নের সঙ্গে বাস্তবের। তবু আবেগ চায় ভাষা। নয় বছর পর ফিফা বিশ্বকাপ ট্রফি-বরণ অলীক কল্পনার সুরভি ছড়িয়ে দেয়। সম্ভব নয়, তবু স্বপ্ন দেখায়। এই প্রজন্মের প্রযুক্তিপ্রেমী তরুণ-তরুণীরা অবশ্য অত কিছু ভাবতে নারাজ। তারা প্রীত সামাজিক যোগাযোগমাধ্যমে একটা জুতসই ছবি পোস্ট করার মওকা পেয়ে। ফুটবল নিয়ে তাদের আগ্রহ সামান্য।

তবে ছোট্ট জায়েদ বাবার সঙ্গে বিশ্বকাপ ট্রফি দেখতে এসেছে ফুটবলের মায়াবী টানেই। তার পৃথিবীতে সবে ভোর হয়েছে। সে জার্মানির সমর্থক। তার বড় ভাই আর্জেন্টিনার। দুজনেরই গাঢ় বিশ্বাস, এবার বিশ্বকাপ জিতবে তাদের প্রিয় দল।

আর ক্রিস্টিয়ান কারেম্বু? যিনি ট্রফি নিয়ে বিশ্ব পরিভ্রমণে বেরিয়েছেন ফিফার প্রতিনিধি হয়ে। ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্সের এই ফুটবলারের কাছে প্রশ্ন ছিল, ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন আপনার দেশ কি পারবে কাতারে ট্রফিটা ধরে রাখতে? সাবেক মিডফিল্ডার কারেম্বু উত্তরটা দিলেন একটু ঘুরিয়ে, ‘ফ্রান্স এবারও ফাইনালে খেলবে।’ আপনি কি নিশ্চিত? কারেম্বু আত্মবিশ্বাসী, অবশ্যই।

এই এক জায়গায় ছোট্ট জায়েদের সঙ্গে ৫১ বছরের কারেম্বুর মিল। জায়েদ মনে করে, চ্যাম্পিয়ন হবে জার্মানি। কারেম্বুর বিশ্বাস, ফ্রান্স। ভক্ত-সমর্থকদের এই প্রত্যাশা-প্রত্যয় আছে বলেই ফুটবল এত মোহনীয়, মাদকতাময়।

ফিরে আসার সময় টিপটিপ বৃষ্টির মধ্যে মনে পড়ল, তেমন কোনো সাবেক তারকা ফুটবলারকে দেখা গেল না ট্রফি-দর্শন করতে। স্বপ্নটা উসকে দিতে বাফুফে পারত বয়সভিত্তিক দলের ছেলেমেয়েদের এনে ট্রফিটা দেখাতে। আগের দিন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের মন্তব্য অন্তঃসারশূন্য মনে হলো, ‘আমরা তো আর ফুটবল খেলে দিতে পারি না। খেলবে ফুটবলাররা। এই ট্রফি তাদের উজ্জীবিত করবে।’

ট্রফি-দর্শন শেষে প্রশ্নটা উঁকি দিল, বাংলাদেশ কি কখনো বিশ্বকাপে খেলবে? প্রশ্নটা মনকে করলাম। মন বলে দিল, সরি বস!

উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা নেতাকে (মাঝি) কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।এসময় আরও দুইজনকে কুপিয়ে আহত করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের এসপি শিহাব কায়সার খান।

নিহত আজিম উদ্দিন ওই ক্যাম্পের প্রধান মাঝি।আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে, তাদের পুরো পরিচয় তৎক্ষণাৎ তুলে ধরতে পারেননি এসপি শিহাব।

তিনি বলেন, একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে রোহিঙ্গাদের হেড মাঝি আজিম উদ্দিনকে হত্যা করে। এসময় তাদের হামলায় আরও দুইজন গুরত্বর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, রোহিঙ্গাদের একটি সূত্র দাবি করেছে, নবী হোসেন ও মাস্টার মুন্না গ্রুপের সদস্যরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।

অপর আরেকটি সূত্র দাবি করেছে, আরএসও এবং ইসলামী মাহাস এর সন্ত্রাসী এ হামলার সঙ্গে জড়িত। এ ঘটার পরপরই ক্যাম্পে জুড়ে আতংক ছড়িয়ে পড়েছে।

তবে এখনো হামলাকারী রোহিঙ্গা সন্ত্রাসীদের চিহ্নিত করা যায়নি। কিন্তু দুর্বৃত্তদের সনাক্তে পুলিশ মাঠে কাজ করছে বলে উল্লেখ করেন এসপি শিহাব কায়সার খান।

স্কুলের খেলার মাঠ দখল করে ঘর নির্মাণ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খেলার মাঠ দখলের প্রতিবাদ ও বিক্ষোভ করে নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মাঠ দখলের প্রতিবাদ করায় মামলার শিকার হয়েছে নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অরুণজ্যোতি ভট্টাচার্য ও মাঠ রক্ষা আন্দোলন কর্মী আক্তার মিয়াসহ ১৫ জন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ১০০ বছর আগে পূর্ণচন্দ্র ভট্টাচার্যের মালিকানাধীন প্রায় তিন একর জায়গা গোচারণ ভূমি হিসেবে ব্যবহার করে আসছিলেন স্থানীয়রা। গত তিন দশক ধরে নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জায়গাটিকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছে। পূর্ণচন্দ্রের মৃত্যুর পর তার ছেলে প্রমোদ চন্দ্র ভট্টাচার্যের একই গ্রামের রঞ্জিত রায় চৌধুরী, প্রেমাংশু কুমার ও তপন রায় চৌধুরীর নামে বিএস খতিয়ানে নথিভুক্ত হয়। প্রেমাংশু ও রঞ্জিত জায়গাটির ২৪ শতক জায়গা স্থানীয় সৈয়দ নজরুল ইসলামের কাছে বিক্রি করে দেন। কিন্তু এলাকাবাসীর বাধার কারণে জায়গা দখল নিতে পারেননি তিনি। সম্প্রতি প্রেমাংশু কুমার ও রঞ্জিত ঠাকুর একই গ্রামের ইদন মিয়ার দুই মেয়ে ঝর্ণা আক্তার ও নুরুন্নাহারের কাছে ১৪ শতক জায়গা বিক্রি করেন। তার পর গত ৬ জুন থেকে ঘর নির্মাণ করে আসছেন তারা।

নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কৃপা দেবনাথ ঋতু বলেন, দখলদাররা আমাদের খেলার মাঠটি দখল করে ফেলেছে। প্রধানমন্ত্রী আপনি চাইলেই আমাদের খেলার মাঠটি ফিরে পেতে পারি। প্রধানমন্ত্রী আমরা আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি আমাদের খেলার মাঠটি বন্ধ হতে চলেছে। আপনি আমাদের পাশে দাঁড়ান।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিক্তা রানী বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে আমাদের বিদ্যালয়ের নামে এই মাঠ পরিচিত। প্রায় তিন যুগ ধরে আমাদের বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় ক্রীড়া অনুষ্ঠান ওই মাঠে করে আসছে। মাঠটি এলাকার কিছু প্রভাবশালী দখল করে বিক্রি করে দিয়েছে। এ মাঠ দখল হয়ে গেলে আমাদের শিক্ষার্থীদের খেলাধুলার আর কোনো জায়গা থাকবে না। আমাদের আকুল আবেদন— ছোট ছোট শিশুদের কথা চিন্তা করে প্রভাবশালীদের হাত থেকে মাঠটি মুক্ত করুন।

মামলার শিকার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অরুণ জ্যোতি ভট্টাচার্য বলেন, নাসিরপুর গ্রামের যুবসমাজ তথা বিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র বিনোদনের ভরসা এই খেলার মাঠটি। আমি মাঠের পক্ষে প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মাঠ দখলকারীরা ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা করেছে। আমি চাই মাঠটি দখল মুক্ত হোক।

এ বিষয়ে কথা বলতে গিয়ে মাঠে ঘর নির্মাণকারী ঝরনা ও নুরুন্নাহারকে বাড়িতে পাওয়া যায়নি। পরে তাদের ভাই কুরবান মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার বোনেরা প্রেমাংশু দত্ত ও রঞ্জিত ঠাকুরের কাছ থেকে ১৪ শতক জায়গা কিনেছে। আমরা কেনা জায়গায় ঘর তুলছি। কারও জায়গা দখল করছি না।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোনাব্বর হোসেন বলেন, আমি নতুন এসেছি। মাঠ নিয়ে কোনো সমস্যার কথা আমি জানি না। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তুমুল লড়াই চলছে সেভেরোদনেৎস্কে

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক প্রদেশের সেভেরোদনেৎস্ক শহর দখল ভয়ানক যুদ্ধে মেতেছে রুশ বাহিনী।

বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ইউক্রেনের সেনাদের সঙ্গে তাদের যুদ্ধ চলেছে বলে জানিয়েছেন ইউক্রেনের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি ড্যানিলভ। খবর রয়টার্সের।

তিনি বলেন, রুশ বাহিনী আমাদের লোকদের মারছে। তারা আমাদের সামরিক বাহিনীকে দিনরাত গোলাবর্ষণ করছে।

দেশটির পূর্ব লুহানস্ক অঞ্চলের সেনাবাহিনীর প্রধান সের্হি হেইডে বলেন, সার্বিকভাবে পরিস্থিতি কঠিন। আমাদের সেনারা সীমানা রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে সেভেরোদনেৎস্কে ভয়াবহ লড়াই চলছে।

সেভেরোদনেৎস্কের রক্ষার দায়িত্বে থাকা এই সেনাপ্রধান আরও বলেন, শহরের সাধারণ নাগরিকদের অবস্থা দুর্বিষহ। প্রধান সেতুতে আগুন লেগেছে। তাই বাইরে থেকে পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া এই শহরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। তবে ইউক্রেনীয় সেনারা এই শহরের একটি ছোট এলাকা দখল করে রেখেছে বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, বেশ কিছু দিন ধরেই এই শহর দখলের চেষ্টায় মরিয়া পুতিন বাহিনী। এমনকি এই শহর দখলের জন্য রাশিয়া মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে বলে জেলেনেস্কি সরকার অভিযোগ করেছেন।

রুশ বাহিনী আগেই দাবি করেছিল, সেভেরোদনেৎস্ক শহর ইতোমধ্যে তাদের দখলে চলে এসেছে। তবে ইউক্রেনের দাবি, দখল তো দূরের কথা রাশিয়া এই শহর থেকে বেশ কিছু সেনা ইতোমধ্যে প্রত্যাহার করে নিয়েছে। ইউক্রেনীয়দের জন্য সেভেরোদনেৎস্ক শহর নিজেদের দখলে রাখা খুবই গুরুত্বপূর্ণ। যদি রুশ সেনারা লিসিচানস্ক ও সেভেরোদোনেৎস্ক শহর দখলে নেয়, তা হলে সমগ্র লুহানস্ক অঞ্চল মস্কোর নিয়ন্ত্রণে আসতে পারে।

নুপুর শর্মার বিরুদ্ধে পুলিশের অভিযোগ দায়ের

ভারতের দিল্লি পুলিশ জানিয়েছে, তারা ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি সাধারণ মানুষকে বিভাজনের উস্কে দিয়েছেন।

নুপুর শর্মা মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন।

তার সেই মন্তব্যের জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের টানপোড়েন দেখা দেয়।

দিল্লি পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, তারা দুটি এফআইআর দায়ের করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যানালাইসিসের ওপর ভিত্তি করে, যারা সামাজিক শান্তি বিনষ্ট ও সাধারণ মানুষকে বিভাজনের দিকে নিয়ে গেছে।

ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, নুপুর শর্মা ছাড়াও বিজেপির বহিষ্কৃত দিল্লি মিডিয়া সেলের প্রধান নাভিন কুমার জিন্দালের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পুলিশ।

তাছাড়া সাংবাদিক সাবা নাকভি এবং হার্ড লাইন হিন্দু ধর্মগুরু ইয়াতি নরসিংআনন্দের বিরদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণা ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, সামাজিক স্থিতিশীলতা ও সহনশীলতা বিনষ্ট করে এমন কিছু কেউ যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করেন।

সূত্র: আল জাজিরা