ভালোবাসার টানে একসময় দেশ ছেড়েছিলেন সানিয়া মির্জা। শোয়েব মালিকের হাত ধরে বাসা বেঁধেছিলেন দুবাইয়ে। তবু আগলে রাখতে পারলেন না সংসার! শোনা যাচ্ছে, ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের সম্পর্কে ফাটল ধরেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডেইলি জাং’ এমনটাই দাবি করেছে।
২০১০ সালে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিয়ে হয়েছিল পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিকের। গণমাধ্যমের খবরে বলা হয়, সানিয়া ও শোয়েব একসঙ্গে থাকছেন না। তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে যদিও তারা একসঙ্গেই দেখাশোনা করছেন বলে জানা গেছে।
শোয়েবের অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শোনা যাচ্ছে। সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই গুঞ্জন আরও বেড়েছে সানিয়ার কিছু পোস্টের পর।
ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লেখেন, ভাঙা হৃদয় কোথায় যায়? ঈশ্বর খুঁজতে। ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে ইজহান তাকে চুমু খাচ্ছে।
সেই সঙ্গে সানিয়া লেখেন, যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়। যদিও সানিয়া বা শোয়েব তাদের সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু বলেননি। এ বছর ইউএস ওপেনে খেলে অবসর নেবেন বলে জানিয়েছিলেন সানিয়া। কিন্তু চোটের কারণে এবারের ইউএস ওপেনে খেলতেই পারবেন না সানিয়া মির্জা। তাতেই বদলে গেছে অবসরের ভাবনা।
ডাবলসে একাধিক গ্র্যান্ডস্ল্যামজয়ী ভারতীয় টেনিস তারকা ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে লেখেন, আমার কাছে একটা খারাপ খবর আছে। দুই সপ্তাহ আগে কানাডাতে খেলতে গিয়ে চোট পেয়েছিলাম। সেটি যে এতটা খারাপ হবে বুঝিনি।
বিজনেস বাংলাদেশ / হাবিব

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, আগামী ১১ নভেম্বরের পর দেশের রাজপথ থাকবে যুবলীগের দখলে। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এখন যত মিছিল সমাবেশ করার ইচ্ছে করে নেন। ১১ নভেম্বর যুবলীগ সুবর্ণজয়ন্তী উদযাপন করবে। সে দিনের পর দেশের রাজপথ যুবলীগের দখলে থাকবে। দেখা যাবে কত ধানে কত চাল।’
শনিবার রংপুর জিলা স্কুল মাঠে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। দীর্ঘ ২৬ বছর পর গতকাল অনুষ্ঠিত হয়েছে রংপুর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন। বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
পরশ বলেন, ‘বিএনপি ভন্ড ও প্রতারকদের রাজনৈতিক দল। এই দল সভা-সমাবেশের নামে এখন দেশ জুড়ে মিথ্যাচার করছে। মানুষকে মিথ্যা কথা বলে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। বিএনপির ভন্ডামির কোনো সীমা নেই। বিএনপি আজকে মানবাধিকারের কথা বলে। এদের আসলে কোনো লজ্জা নেই। আমি পাঁচ বছর বয়সে বাবা মাকে হারিয়ে ২১ বছর বিচার থেকে বঞ্চিত ছিলাম। তারা বিচার বন্ধ করে রেখেছিল। তারা শুরু থেকেই দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। এখন তারা আবারও মানুষের অধিকার হরণ করার জন্য মাঠে নেমেছে।’ তিনি যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে বিএনপি-জামায়াত চক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সম্মেলনের সম্মানিত অতিথি রংপুর-৪ আসনের এমপি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বিএনপি জামায়াতের বিরুদ্ধে আরো একবার যুদ্ধের প্রয়োজন আছে। এই পরাজিত শক্তিকে যুদ্ধ করে নিশ্চিহ্ন করে দিতে হবে।’ তিনি বিএনপিকে চ্যালেঞ্জ করে বলেন, ‘রংপুরে আমরাও বিভাগীয় মহাসমাবেশ করে দেখাব যেখানে তাদের থেকে ১০ গুণ বেশি মানুষের সমাগম ঘটবে।’ সম্মেলনের প্রধান বক্তা যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপির সমাবেশ হলে পরিবহন মালিক ও শ্রমিকরা বিএনপির হামলা-ভাঙচুর-আগুন সন্ত্রাসের ভয়ে পরিবহন ধর্মঘটের ডাক দেন। তিনি আরো বলেন, ‘বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে। বিএনপি চাঁদাবাজদের দল। এই দলের শীর্ষ নেতা থেকে তৃণমূলের নেতা পর্যন্ত চাঁদাবাজির সঙ্গে জড়িত।’
সম্মেলনে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহাজাহান খান, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ডিউক চৌধুরী এমপি, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শ্রী রমেশ চন্দ্র সেন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সাবেক সংসদ সদস্য ও কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুত্ফা ডালিয়া।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সংকট দূর করতে উৎপাদন বাড়াতে হবে। দেশে এখন উৎপাদন কম। ডলারের টানাটানি এখন কমে গেছে। আরও কমবে। এজন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে। শুধু ঘরে বসে খেলে হবে না। কাজ আর উৎপাদনের বিকল্প নেই। আমরা কাজে বিশ্বাসী।’
রোববার ৬ নভেম্বর সকালে শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুরে উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সরকারের উদ্দেশ্য ভালো। সরকার জনগণের ভালো চায়। মানুষের উন্নয়নের জন্য যা প্রয়োজন সব করছি আমরা। তবে দেশের সর্বত্র গ্রাউন্ডে অপচয় হচ্ছে এটা অস্বীকার করার কিছু নেই। সুদের ঋণ বাড়তেই আছে। আমাদের সাবধান হতে হবে ঋণের ক্ষেত্রে, অপচয়ের ক্ষেত্রেও।’
মন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ জনগণের সরকার। আওয়ামী লীগ অযথা কথাবার্তা বলে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করছে। দেশের সর্বত্রই উন্নয়নের যে জোয়ার উঠেছে, তা টিকিয়ে রাখতে হবে ৷ আমি বিশ্বাস করি দেশের মানুষ উন্নয়নের সঙ্গে, সরকারের সঙ্গে ছিল, আছে, আগামীতেও থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজি আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালাশাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, ইউআরসি ইনস্ট্রাক্টর আব্দুল মান্নান, শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার প্রমুখ।
বিজনেস বাংলাদেশ / হাবিব

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জার্মানির বার্লিন থেকে আজ (শনিবার) রাতে লন্ডনে পৌঁছেছেন। যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী জানান, রাষ্ট্রপতি বার্লিন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে সন্ধ্যা পৌনে ছয়টায় (স্থানীয় সময়) লন্ডনে এসে পৌঁছান।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও এ সময় সঙ্গে ছিলেন বলে জানান তিনি।
এর আগে রাষ্ট্রপ্রধান নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে ১৬ দিনের সফরে ২৯ অক্টোবর ভোররাতে ঢাকা ত্যাগ করেন।
৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের (সংসদ) স্পিকার থাকাকালীন লন্ডন ও জার্মানিতে তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন।
সেমিতে যেতে পাকিস্তানকে ১২৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ। লিটন দাস চলে গেলেন বেশি দূর না গিয়েই। এরপর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত জুটি বেধে ধরলেন হাল।
শাদাব খানের বলে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট দিলেন সৌম্য, পরের বলে সাকিব হলেন বিতর্কিত আউট। মোমেন্টাম হারিয়ে ফেলল বাংলাদেশ, করলো বাজে ব্যাটিং। সংগ্রহটাও তাই হলো না খুব একটা বড়।
রোববার ৬ নভেম্বর অ্যাডিলেইড ওভালে পাকিস্তানের সামনে ১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে এই সংগ্রহ দাঁড় করায় সাকিব আল হাসানের দল। এই ম্যাচে জয়ী দল সরাসরি সেমিফাইনালে খেলবে।
বিস্তারিত আসছে………….
বিজনেস বাংলাদেশ / হাবিব