ব্যক্তিগত বিমানে করে দুবাই থেকে ফিরছিলেন শাহরুখ খান। শনিবার মুম্বাই বিমানবন্দরে নামা মাত্রই অভিনেতাকে শুল্ক দফতরের কর্মকর্তারা আটক করে নিয়ে যান।
টাইম অব ইন্ডিয়ার সূত্রের বরাতে জানা গেছে, শাহরুখ খানের কাছে ১৮ লাখ টাকার ঘড়ির কভার ছিল। এটা জেনেই শুল্ক দফতরের কর্মকর্তারা আটক করে জেরা করেন কিংখান খানকে।
ভারতীয় একাধিক গণমাধ্যম জানায়, গতকাল সংযুক্ত আরব আমিরাতের শারজায় একটি অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়েছিলেন শাহরুখ খান। জানা গেছে, ফেরার সময় সঙ্গে ১৮ লাখ রুপি মূল্যের কয়েকটি ঘড়ির বক্স নিয়ে আসেন। এই ঘড়ির বক্স নিয়েই শুল্ক কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা ইউনিউটের একটি সূত্র জানিয়েছে, ঘড়ির বক্সের শুল্ক বাবদ ৬ লাখ ৮৩ হাজার রুপি জরিমানা দেওয়ার পর শাহরুখকে বাড়ি ফিরতে দেওয়া হয়, যা বাংলাদেশি মুদ্রায় সাত লাখ টাকা।
আটকের পর তবে শুল্ক দফতরের কর্মকর্তাদের সঙ্গে শাহরুখ সহযোগিতা করেছেন বলে জানা গেছে। নিয়ম মেনে যা যা করণীয় ছিল, তার সবটাই করেছেন শাহরুখ। ছাড়া পাওয়ার পর অবশ্য কালবিলম্ব না করেই বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা নিজের গাড়িতে উঠে যান তিনি।
পরীমনি ও বিদ্যা সিনহা মিম ইস্যুতে মুখ খুললেন নায়ক রাজ। আজ শনিবার সকালে এ বিষয়ে কথা বলেন রাজ। তিনি বলেন, ‘ব্যাপারগুলো যেহেতু পরী সামনে এনেছে, তারই পরিষ্কার করা ভালো। আমি শুধু বলব, পরীকে আমি ভালোবেসেছি, ভালোবাসি এবং ভালোবেসে যাব। আমরা ভালোবেসেই বিয়ে করেছি। সে আমার সন্তানের মা। আমি ওকে সম্মান করি, শ্রদ্ধা করি সব সময়। পরী যেসব কথা তুলেছে, কেন তুলেছে সে-ই ভালো বলতে পারবে। আমি শুধু বলতে পারি, আমাদের দুজনের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো কিছু ঘটেনি। আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমার পরিবার, কাজ, বন্ধুবান্ধবসহ সব ক্ষেত্রে সৎ থাকার চেষ্টা করেছি, সব সময় সে চেষ্টাই করে যাব।’
শরীফুল রাজ এ-ও বললেন, ‘আমি কোনো দিন আমার পারিবারিক বিষয়, ব্যক্তিগত জীবন সবার সামনে আনিনি। এসব নিয়ে কথা বলতেও চাই না। সবাই আমাকে কাজ দিয়ে চিনেছে, কাজ দিয়েই চিনতে থাকুক। আমার সঙ্গে ভক্তদের যোগাযোগ কাজ দিয়েই হয়েছে। সেটাই অব্যাহত থাকুক।’
দুদিন আগে চিত্রনায়িকা পরীমনি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর স্বামী শরীফুল রাজ এবং অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিমকে ট্যাগ করে একটি স্ট্যাটাস দেন। রাজ ও মিমকে নিয়ে আলাদা আলাদা মন্তব্য করেন পরীমনি। তাঁর এমন পোস্টের কয়েক ঘণ্টা পর মিমও তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। সেখানে তিনি কারও নাম উল্লেখ না করে লেখেন, একটা পক্ষ তাঁর সাফল্যে ঈর্ষান্বিত হয়ে, তাঁকে থামিয়ে দিতে, নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। এই সূত্রে পরীমনি আবার মিমের নাম উল্লেখ করে স্ট্যাটাস দেন। এই ইস্যুতে শরীফুল রাজ এত দিন মুখ খোলেননি।
‘গুণিন’ চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে শরীফুল রাজ ও পরীমনির প্রেমের সম্পর্কে জড়ান। এরপর ২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে শরীফুল রাজ ও পরীমনি বিয়ে করেন। প্রেম হওয়ার ঠিক সাত দিনের মাথায় এমন সিদ্ধান্ত নেন বলে এক সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন। চলতি বছরের ১০ আগস্ট তাঁরা পুত্রসন্তানের জনক-জননী হন। হঠাৎ করে পরীমনি তাঁর ফেসবুক পোস্টে শরীফুল রাজ ও মিমের সঙ্গে প্রেমের সম্পর্কে আভাস দেওয়াতে অনেকেই ভাবছেন, পরীমনি ও রাজের সংসার কি ভেঙে যাচ্ছে?
এমন প্রশ্ন উড়িয়ে দিয়ে রাজ বললেন, ‘যে ধরনের কথা হচ্ছে, আমার পক্ষ থেকে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি যে হুট করে সংসার ভেঙে যাবে। আমরা ভালোবেসে বিয়ে করেছি। আমাদের সন্তানও আছে। তাই আমি বলব, পরী যদি নিজের অজান্তে কোনো ভুল বুঝে থাকে, তবে তার চিন্তাভাবনা দিয়ে সবকিছু স্বাভাবিক করবে, সামলে নেবে।’ চলচ্চিত্রের পর্দায় মিমের সঙ্গে শরীফুল রাজের প্রেমের সম্পর্ক সবাই দেখেছেন। ‘পরাণ’ ও ‘দামাল’-এ তাঁদের জুটি দর্শকেরা গ্রহণও করেছেন। পর্দায় এই জুটির সাফল্যের গল্প চলছিল যখন, ঠিক তখনই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে বলে চাউর হতে থাকে।
বাংলা সাহিত্যের কিংবদন্তী কথাসাহিত্যিক ও বাংলা চলচ্চিত্র, টেলিভিশন নাটকের নন্দিত নির্মাতা হুমায়ুন আহমেদের জন্মদিন ১৩ নভেম্বর। এ উপলক্ষে ১২ নভেম্বর দুপুর ১২টায় চ্যানেল আই স্টুডিওতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অংশ নেন ঐক্যডটকমডটবিবির সভাপতি শাহীন আক্তার রেনি, সাহিত্যিক আনিসুল হক, অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম। মেলার শুরু হবে সকাল ১১.০৫ মিনিটে। সংবাদ সম্মেলনে জানানো হয় ১৩ নভেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য মেলার উন্মুক্ত মঞ্চ থেকে পরিবেশিত হবে হুমায়ুন আহমেদের লেখা ও পছন্দের চলচ্চিত্রের গান, নাটক-এর গান। প্রবীন শিল্পীদের পরিবেশনের পাশাপাশি গানগুলো পরিবেশন করবেন চ্যানেল আই সেরাকণ্ঠ, ক্ষুদে গানরাজ এবং বাংলার গানের শিল্পীরা। আরো থাকবে চ্যানেল আই সেরা নাচিয়েদের নাচ। থাকবে কবিতা আবৃত্তি এবং স্মৃতিকথা। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, বাচসাস এর সভাপতি রাজু আলীম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই রজনীকান্তের হুমায়ূন আহমেদের একটি প্রিয় গান গেয়ে শোনান শিল্পী অনিমা রায়। এছাড়া ১৩ নভেম্বর সকাল ৭.৩০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি প্রচার হবে গান দিয়ে শুরু, তৃতীয় মাত্রার বিশেষ পর্ব, বিকেল ৩.০৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র চন্দ্রকথা এবং রাত ৭.৩০ মিনিটে প্রচার হবে নাটক হাবলঙ্গের বাজারে।